আল্লাহর কিতাব গোপন করার অপরাধ

আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেছেন:

إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلَ اللَّهُ مِنَ الْكِتَابِ وَيَشْتَرُونَ بِهِ ثَمَنًا قَلِيلًا ۙ أُولَٰئِكَ مَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ إِلَّا النَّارَ وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ ۝ أُولَٰئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَىٰ وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ ۚ فَمَا أَصْبَرَهُمْ عَلَى النَّارِ ۝ ذَٰلِكَ بِأَنَّ اللَّهَ نَزَّلَ الْكِتَابَ بِالْحَقِّ ۗ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِي الْكِتَابِ لَفِي شِقَاقٍ بَعِيدٍ

নিশ্চয়ই যারা লুকিয়ে রাখে, গোপন করে রাখে ওই বিষয় যা আল্লাহ তাআলা কিতাবের মধ্যে নাযিল করেছেন, এবং এর বিনিময়ে দুনিয়ার অল্প কিছু স্বার্থ ক্রয় করে, এই লোকগুলো তাদের পেটের মধ্যে আগুন ছাড়া আর কিছুই ঢোকায় না। আল্লাহ তাআলা কেয়ামতের দিন রাগ ও গোস্বার কারণে তাদের সঙ্গে কথাও বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে কঠিন আজাব। এই লোকগুলো হচ্ছে তারা, যারা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে ক্রয় করেছে এবং ক্ষমা ও মাগফিরাতের পরিবর্তে আজাবকে ক্রয় করেছে। জাহান্নামের আগুনে জ্বলার জন্য তাদের কত ধৈর্য! এসব কিছু এজন্যই যে, আল্লাহ তাআলা কিতাবকে নাযিল করেছেন হক সহকারে। আর যারা এই কিতাবের ব্যাপারে অযথা ইখতেলাফ পোষণ করে, এর বিরুদ্ধাচরণ করে, তারা বড় ধরনের বিরোধিতায় লিপ্ত রয়েছে, বড় ধরনের দুশমনিতে পড়ে গিয়েছে।

ইবনে কাসীরসহ অন্যান্য প্রখ্যাত তাফসীরবিদগণ ব্যাখ্যা করেছেন যে, এই আয়াতটি মূলত আহলে কিতাবের—বিশেষ করে সেইসব ইহুদী পণ্ডিতদের সম্পর্কে অবতীর্ণ হয়েছিল, যারা তাদের ধর্মগ্রন্থে বর্ণিত শেষ নবী হযরত মুহাম্মদ ﷺ-এর বিবরণ গোপন করেছিলেন। তারা তওরাতে শেষ নবীর নিদর্শনগুলো চিনতে পেরেছিল, কিন্তু তাদের ধর্মীয় কর্তৃত্ব এবং এর সাথে প্রাপ্ত বস্তুগত সুবিধাগুলো (উপহার, সম্মান, নেতৃত্বের পদ) রক্ষা করার জন্য এই জ্ঞান লুকিয়ে রেখেছিল।

আরবের লোকেরা তাদের কাছে এসে জিজ্ঞেস করত, “আপনারা তো কিতাবওয়ালা জাতি, নবী মুসার উম্মত। আপনাদের কিতাবে তো এর খবর থাকার কথা। এই যে নতুন নবী এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যা দাবি করেন তা কি ঠিক? ইনি কি আখেরি নবী?” তারা জেনেশুনে এটাকে লুকিয়ে রাখত। বলত, “না, উনি নন। আখেরি নবী এখনো আসেননি।” জেনেশুনেই লুকিয়ে রাখত। এই প্রসঙ্গ সূরা বাকারার মধ্যে কয়েকবার এসেছে। সেখানে তারা সরাসরি এই কাজ করেছে।

তবে এর শিক্ষা কেবল ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই আয়াতে সাধারণ ভাষা ব্যবহার করা হয়েছে (ٱلَّذِينَ يَكْتُمُونَ বা “যারা গোপন করে”), যা পার্থিব লাভের জন্য দিব্য জ্ঞান বা সত্যকে লুকিয়ে রাখে এমন যে কারো জন্যই প্রযোজ্য—তা সে অর্থের বা মর্যাদার লোভে ইসলামী শিক্ষা বিকৃতকারী কোনো মুসলিম পণ্ডিত হোক, কিংবা যে কেউ যে নিজের জানা সত্যকে চেপে রাখে।

আল-বাকারা সূরায় এই আয়াতের স্থান মুসলিম উম্মাহর জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করে: পূর্ববর্তীদের সেই পথ অনুসরণ করো না। তোমাদের ওপর যে অহী ও সত্যের আমানত অর্পণ করা হয়েছে তা সংরক্ষণ করো, প্রচার করো এবং সমুন্নত রাখো, কারণ এটিই হলো সবচেয়ে বড় দায়িত্ব।

কেন তারা গোপন করত

প্রশ্ন হলো, তারা কেন লুকিয়েছে? উদ্দেশ্যটা কী ছিল? এর তাফসীর করেছেন ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি:

لِئَلَّا تَذْهَبَ رِيَاسَتُهُمْ، وَمَا كَانُوا يَأْخُذُونَهُ مِنَ الْعَرَبِ مِنَ الْهَدَايَا وَالتُّحَفِ عَلَى تَعْظِيمِهِمْ آبَاءَهُمْ

অর্থাৎ যাতে তাদের প্রভাব, নেতৃত্ব ও কর্তৃত্ব চলে না যায়। দ্বীনি ময়দানে তাদের যে একটা প্রভুত্ব ছিল, একটা ঊর্ধ্বতন অবস্থান ছিল, সম্মান ছিল, সেটা তারা হারিয়ে ফেলবে। তাদের পূর্বপুরুষদের শানে ও সম্মানে আরবের লোকেরা মাঝেমধ্যে তাদেরকে কিছু হাদিয়া, তোহফা ও উপহার দিত। আমাদের জমানাতেও যেমন পীর-বুজুর্গদেরকে মানুষ গরু, ছাগল, হাঁস, মুরগি অনেক কিছু উপহার দেয়, তেমনি এরকম উপহার ও হাদিয়া তাদের কাছে যেত। এখন তারা দেখল:

فَخَشُوا إِنْ أَظْهَرُوا ذَلِكَ أَنْ يَتَّبِعَهُ النَّاسُ وَيَتْرُكُوهُمْ

তারা আশঙ্কা করল, এটা প্রকাশ করে দিলে মানুষ তাঁকে অনুসরণ করবে আর তাদেরকে ছেড়ে চলে যাবে। তাদের এত সম্মান, হাদিয়া-তোহফা সব বন্ধ হয়ে যাবে। সব চলে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাঁর সঙ্গীদের কাছে। এই মজা ছাড়া যায় না। সেজন্য তারা গোপন করত, সত্য তথ্য দিত না। কারণ সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা শুরু করে দেবে, সম্মানের জায়গায় তাঁকে বসিয়ে দেবে, আর তারা যে আসনে আছে সব হারিয়ে ফেলবে।

দুনিয়ার যে একটু নগদ ফায়দা তারা পাবে বলে মনে করেছিল, সেটা হারিয়ে ফেলার ভয়েই তারা হককে গোপন করেছে, কিতাবের কথা লুকিয়ে রেখেছে, আর এর বিনিময়ে সামান্য কিছু পাওয়ার আশা করেছে। যদি পেয়েও থাকে, তবে সেই পাওয়ার বিনিময় সম্পর্কে আল্লাহ বলছেন:

أُولَٰئِكَ مَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ إِلَّا النَّارَ

তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই খায় না। কেউ যদি এরকম না-হক জিনিসের চর্চা করে হক বিক্রি করে দেয়, বাতিলকে ক্রয় করে নেয়, পয়সার বিনিময়ে হক কথা না বলে, মানুষকে দ্বীন জানতে না দেয়, তাহলে এরা যে পয়সা পায়, যা ভক্ষণ করে পেটে ঢোকায়, তা আসলে আগুন। একথা বলছেন স্বয়ং আল্লাহ তাআলা।

The precision here is remarkable—the fire doesn’t just await them; it’s what they’re consuming *now* through their forbidden earnings.

আবু হুরায়রা থেকে বর্ণিত একটি প্রকৃত হাদিস অনুযায়ী, নবী ﷺ বলেছেন: “যে কেউ কোনো প্রশ্নে সত্যটা জানলেও সেটা লুকিয়ে রাখবে, কিয়ামত দিবসে তার গলায় আগুনের লাগাম বাঁধা হবে।” (আবু দাউদ, হাসান সহীহ)

আলেমদের জন্য কঠিন পরীক্ষা

এটি শুধু মদিনার সেই সম্প্রদায়ের বিষয় নয়। যুগে যুগে দেখা গেছে, অনেক সময় মুসলমানদের মধ্যেও এরকম লোক পাওয়া যায়, যারা কিছু সুযোগ-সুবিধা কমে যাবে এই ভয়ে কোরআন-হাদিসের কথা বলে না। হাদিয়া-তোহফা কমে যাবে এই ভয়ে হক কথা বলে না, ম্যানেজ করে চলার চেষ্টা করে। এটা অনেক কঠিন পরীক্ষা। বিশেষ করে যারা আলেম-ওলামা, ইমাম, পীর-মাশায়েখ, ইসলামি স্কলার হয়েছেন, যারা কোরআন-হাদিস ও ইলমের দায়িত্ব নিয়েছেন, তাঁরা অনেক বড় পরীক্ষায় আছেন। আর সবাই এই পরীক্ষায় উত্তীর্ণ হন না।

তাহলে ওলামাদের জন্য এটা অনেক বড় পরীক্ষার বিষয়, বিশাল বিষয়। কেউ যদি আপস করে ফেলে, সুযোগ-সুবিধার ভয়ে হক কথাকে ঠিকমতো না বলে, আর সেই সুযোগ-সুবিধা থেকে কিছু পায়, তাহলে তিনি আগুন খাচ্ছেন। জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢোকাচ্ছেন, এবং জাহান্নামের আগুন তার পেটে ঢুকবেই। সেই খবর আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন।

আল্লাহ কথা বলবেন না, পবিত্র করবেন না

এরপর আল্লাহ তাআলা জানাচ্ছেন যে, এই কারণে তাদের প্রতি তাঁর এত রাগ, এত বেশি গোস্বা যে:

وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ

কেয়ামতের দিন রাগ-গোস্বার কারণে আল্লাহ তাআলা তাদের সঙ্গে কোনো কথাই বলবেন না। মানুষ যখন খুব বেশি রেগে যায়, তখন কথাই বলে না। গোস্বা বেশি হয়ে গেলে বকাবকি করার মতো, রাগ প্রকাশ করার মতো ভাষাও আর থাকে না; এত বেশি রাগ করেছে যে কোনো কথাই বলবে না। কেউ ওজর পেশ করতে চাইলেও তা শোনার মানসিকতা আর থাকে না। আল্লাহ রাব্বুল আলামীন তাদের প্রতি এমনই নারাজ হয়ে যাবেন।

وَلَا يُزَكِّيهِمْ

এরকম হকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কারণে, হকের পতাকা তুলে না ধরার কারণে, দুনিয়ার স্বার্থে বাতিলের সঙ্গে আপস করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে তাযকিয়া দেবেন না। এর মানে তাদের নফস অপবিত্র থাকবে। এই পবিত্রতাকেই আমরা বলি তাযকিয়াতুন নফস, অর্থাৎ নিজের মধ্যে আত্মশুদ্ধি, তাকওয়া ও পরহেজগারি সৃষ্টি হওয়া। আল্লাহ তাআলা তাদেরকে এ থেকে মাহরুম করে দেবেন। এই গোমরাহি ও বিশ্বাসঘাতকতার কারণে তারা তাকওয়া অর্জন করতে পারবে না।

وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ

আর তাদের জন্য রয়েছে কঠিন আজাব।

হেদায়েতের বদলে গোমরাহি, মাগফিরাতের বদলে আজাব

আল্লাহ তাআলা কেন তাদেরকে কঠিন আজাব দেবেন, কেন তাদেরকে পবিত্র করবেন না, কেন তাদের সঙ্গে কথা বলবেন না, তার কারণ পরের আয়াতে:

أُولَٰئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَىٰ وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ

তারা হেদায়েতকে বিক্রি করে গোমরাহিকে ক্রয় করেছে। তারা ইলমওয়ালা লোক ছিল। মদিনার আহলে কিতাবের সেই আলেমদের কাছে কিতাবের যথেষ্ট ইলম ছিল। যে ইলম দিয়ে মানুষ হেদায়েত পাবে, সেটাকে তারা গোমরাহির বিনিময়ে বিক্রি করেছে। হেদায়েতের পথ থেকে সরে এসেছে, গোমরাহির পথে নিজেরা চলেছে, অন্যদেরকেও চালিয়েছে। আর তারা মাগফিরাত বিক্রি করে আজাব ক্রয় করেছে।

আমরা সবাই আল্লাহ তাআলার মাগফিরাত চাই। কোনো কিছুর বিনিময়ে কেউ যদি বলে, “আমার আল্লাহর মাগফিরাতের দরকার নেই, আমার শুধু এই জিনিসটার স্বার্থ হাসিল হয়ে যাক”, তাহলে তার আর কোনো উপায় থাকে না। মানুষ যখন এত বেপরোয়া হয়ে যায় যে আল্লাহ তাআলার মাগফিরাতের কোনো দরকারই তার নেই, এত দুঃসাহসের পরিচয় দেয়, তখন সে আসলে আজাবকে ক্রয় করে ফেলে।

জাহান্নামের উপর এত ধৈর্য!

কিছু মানুষের সাহস দেখে আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে যান যে, সে কত বেপরোয়া, কত লাগামহীন; জাহান্নামে সে কী পোড়া পুড়বে, কী জ্বালা জ্বলবে, তার কোনো খবরই নেই। আল্লাহ তাআলা বিস্ময় প্রকাশ করে বলেন:

فَمَا أَصْبَرَهُمْ عَلَى النَّارِ

জাহান্নামে জ্বলার ব্যাপারে এই লোকগুলোর এত সবর!

দুনিয়াতে আমরা সবাই গুনাহ করি, গুনাহর মধ্যে ডুবে আছি। আল্লাহ মাফ না করলে আমাদের কোনো উপায় নেই। কিন্তু আমরা ভয়ে থাকি। আল্লাহ তাআলা একটু একটু ভয় দেন: হায়রে! গুনাহ যে করছি, কীভাবে আল্লাহর সঙ্গে দেখা হবে? কিন্তু দুনিয়ায় কিছু লোকের দিলে আল্লাহ তাআলার এই ভয়টুকুও নেই। তারা বেপরোয়া হয়ে আল্লাহর দ্বীনের সঙ্গে এমন দুশমনি করতে পারে, কোনো ভয় নেই। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করে। ইন্না লিল্লাহ।

সম্প্রতি কয়েক বছর ধরে কীভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে, আক্রমণ করে এত মারাত্মক কথা বলা হয়েছে। এদের ব্যাপারেই আল্লাহ তাআলা বলেছেন, “ফামা আসবারাহুম আলান নার।” মনে হয় যেন কোরআন একেবারে আজই তরতাজা নাযিল হয়েছে: জাহান্নামে জ্বলার জন্য তাদের এত সবর কেমন করে হলো?

আল্লাহ তাআলা নিজে তাদের সবর দেখে আশ্চর্য হচ্ছেন। এর মানে, তারা জাহান্নামে জ্বলাটাকে পাকাপোক্ত করতে চায়, যাওয়াটাকে নিশ্চিত করতে চায়। বেপরোয়া; জাহান্নামে গেলাম না কোথায় গেলাম, তার কোনো পরোয়া নেই, এমনই তাদের ভাব। এই ধরনের লোক মদিনায় সেই সমাজে ছিল, পরবর্তী পর্যায়ে প্রত্যেক যুগেই কিছু পাওয়া যায়, এমনকি মুসলিম পরিচয়ধারী মানুষের মধ্যেও পাওয়া যায়। জাহান্নামের ব্যাপারে তাদের এত সবর!

কিতাব হক সহকারে নাযিল হয়েছে

আল্লাহ কেন তাদেরকে জাহান্নামে এমন জ্বালা জ্বালাবেন?

ذَٰلِكَ بِأَنَّ اللَّهَ نَزَّلَ الْكِتَابَ بِالْحَقِّ

এজন্যই যে আল্লাহ তাআলা কিতাবকে নাযিল করেছেন হক সহকারে। আজ কোরআনকে অনেকে দুশমন বানিয়ে নিয়েছে, আর তা বহু আগে থেকেই। কোরআনের ব্যাপারে অনেক আপত্তিকর কথা বলা হয়, অনেক আইন পাস করার চেষ্টা হয়। বলা হয়, কোরআন মহিলাদের প্রতি ইনসাফ করেনি, নাউজুবিল্লাহ, কারণ পিতার মৃত্যুর পর কন্যাকে অর্ধেক সম্পদ দিতে বলেছে আর ছেলেদেরকে দ্বিগুণ দিতে হবে; কাজেই কোরআন ইনসাফ করেনি। কোরআন তাদের কাছে কষ্টের কারণ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তিনি এই কিতাবকে হক সহকারে নাযিল করেছেন। অবশ্যই করেছেন। এর প্রত্যেকটি কথা হক।

وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِي الْكِتَابِ لَفِي شِقَاقٍ بَعِيدٍ

এই কিতাবের ব্যাপারে যারা বিরুদ্ধাচরণ করে, ইখতেলাফ করে, কিতাবকে মানে না, তারা অনেক বড় দুশমনি, বড় ধরনের আদাওয়াতে লিপ্ত।

নেকি কেবল পূর্ব-পশ্চিমে মুখ ফেরানো নয়

এসব কথা বলার পর আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন:

لَّيْسَ الْبِرَّ أَن تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَٰكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَىٰ حُبِّهِ ذَوِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا ۖ وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ ۗ أُولَٰئِكَ الَّذِينَ صَدَقُوا ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ

নেকি তো শুধু এই নয় যে, তোমরা চেহারা পূর্ব দিকে ফেরালে না পশ্চিম দিকে ফেরালে। আসল নেকি হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আখেরাতের প্রতি ঈমান আনে, ফেরেশতা, কিতাব ও নবীদের প্রতি ঈমান আনে; আর নিজের প্রয়োজন, চাহিদা ও মহব্বত থাকা সত্ত্বেও মাল খরচ করে আত্মীয়স্বজন, এতিম, মিসকিন, মুসাফির ও হাত পাতা ভিক্ষুকদের জন্য, এবং সেই ক্রীতদাসদের জন্য যারা নিজের গর্দান মুক্ত করতে চায়; আর নামাজ কায়েম করে, যাকাত দেয়; আর যখন ওয়াদা করে, চুক্তি করে, তা রক্ষা করে; আর দুঃখ-কষ্ট, মুসিবতের সময় এবং যুদ্ধ-জিহাদের সময় সবর করে। এরাই সত্যিকার সত্যবাদী, এরাই মুত্তাকী।

এই বিশাল আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের জীবনের অত্যন্ত জরুরি গুণাবলিকে খুব গুরুত্ব সহকারে তুলে ধরেছেন। এতে ঈমান-আকিদার মৌলিক বিষয়গুলো এসেছে, ইসলামি শরীয়তের অনেকগুলো জরুরি আহকাম এসেছে, এবং এমন কিছু কাজের কথা এসেছে যেগুলো মানুষের অন্তরে তাকওয়া ও পরহেজগারি সৃষ্টি করে। খুবই ব্যাপক একটি আয়াত। ইমাম আল-কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই একটি আয়াতে আল্লাহ তাআলা ষোলোটি জিনিসের কথা বলেছেন।

কেবলা পরিবর্তন ও আনুগত্যের পরীক্ষা

আয়াতের শুরু হয়েছে এই কথা দিয়ে যে, পশ্চিম ও পূর্ব দিকে চেহারা ফেরালেই তাকওয়া, পরহেজগারি ও দ্বীনদারি হয়ে যায় না। মদিনার ইহুদিরা কেবলার এই পরিবর্তন মেনে নেয়নি; একবার বাইতুল মাকদিস, আবার মক্কা, এ নিয়ে তারা প্রতিবাদ করেছে। তারা বলেছে, এ কেমন ইসলাম, একবার কেবলা এদিকে, আবার আরেক দিকে নেয়! এটা কি ছেলেখেলা নাকি? দ্বীন ইসলাম যদি আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়ে থাকে, তবে তা আবার পরিবর্তন হয় কেন?

আল্লাহ তাআলা তার জবাবে বললেন: কোনো দিকে ফিরলেই শুধু সেটাই বড় দ্বীনদারি হয়ে গেল, আর আল্লাহর হুকুমে আরেক দিকে ফেরালে সেটা উল্টা হয়ে গেল, তোমাদের এই ধারণা ঠিক নয়।

ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন:

আল্লাহ তাআলা যখন মুমিনদেরকে বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়তে নির্দেশ দিয়েছেন, এরপর ষোলো বা সতেরো মাস পর আবার কাবামুখী হয়ে নামাজ পড়তে বলেছেন, তখন এ বিষয়টি আহলে কিতাব ইহুদি-নাসারা এবং কিছু দুর্বলমনা মুসলমানকেও প্রভাবিত করল। আল্লাহ তাআলা তখন এর কারণ বলে দিলেন: আসল কথা হলো, আল্লাহ তাআলা দেখতে চান তোমরা তাঁর হুকুম মানো কি না। এটাই ছিল পরীক্ষা। আমি বলেছি বাইতুল মাকদিসের দিকে পড়ো, তোমরা পড়লে কি না? আবার বললাম এখন থেকে মক্কার দিকে পড়ো, তোমরা তা মানলে কি না? এরই নাম ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ, অর্থাৎ আল্লাহর হুকুমকে মেনে নেওয়া।

আল্লাহ তাআলা আমাদেরকে আসর চার রাকাত পড়তে বলেছেন, এশাও চার রাকাত ফরজ, আর মাঝখানে মাগরিব তিন রাকাত। এর রহস্য কী? মাগরিব চার রাকাত পড়লে অসুবিধা কী? তিন রাকাত যখন পড়তে পারছি, চার রাকাত পড়লে সমস্যা কোথায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এটাই দেখতে চান যে আমরা তাঁর হুকুম মানি কি না। এটা হালাল কেন, ওটা হারাম কেন, এর পেছনে কী কারণ আছে বা নেই, অনেক সময় আমাদের বুঝে আসে, অনেক সময় বুঝে আসে না। কিন্তু আমরা আল্লাহ তাআলার হুকুম মেনে নেব। এটাই দ্বীনের মূল ও আসল জিনিস, আর আল্লাহ তাআলা পরীক্ষা করে তা দেখছেন।

তারপর কথা হলো, শুধু কেবলা নয়, শরীয়তের যেকোনো হুকুম, প্রত্যেকটি হুকুমকে মানতে হবে। যারা তা মানবে, ইবনে কাসিরের ভাষায়, সেটাই হচ্ছে “আল-বিররু ওয়াত-তাকওয়া ওয়াল-ঈমানুল কামিল”। এটাই আসল নেকি, আসল তাকওয়া ও পরহেজগারি, এটাই ঈমানের পূর্ণাঙ্গতা। আমরা আল্লাহর হুকুম কতদূর মানি, সেটাই আমাদের আসল ঈমান।

ঈমানের রুকনসমূহ

এরপর আল্লাহ তাআলা বলছেন, আসল নেকি, আসল দ্বীনদারি কোথায়:

وَلَٰكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ

যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ঈমান আনে।

এক নম্বর, আল্লাহর প্রতি ঈমান।

দুই নম্বর, “ওয়াল ইয়াওমিল আখির”, আখেরাতের প্রতি ইয়াকিন।

তিন নম্বর, “ওয়াল মালাইকা”, ফেরেশতাদের প্রতি।

চার নম্বর, “ওয়াল কিতাব”, কিতাবসমূহ; যেমন কোরআন, তাওরাত, যাবুর, ইঞ্জিল, আল্লাহ তাআলা যত কিতাব নাযিল করেছেন, সমস্ত কুতুবে মুনাযযালার উপর।

পাঁচ নম্বর, “ওয়ান নাবিয়্যীন”, সমস্ত নবীর প্রতি ঈমান আনা।

এখানে ঈমানের পাঁচটি বিষয় উল্লেখ করা হয়েছে। এগুলো আরকানুল ঈমান, ঈমানের রুকন, ঈমানের ভিত্তি ও বুনিয়াদ। আরেকটি রয়ে গেছে, সেটি হলো আল-কাদর, তাকদির। তাকদিরের প্রতি ঈমান এখানে আসেনি; এটা কোরআনে পাকের অন্য জায়গায় এসেছে। যেমন সূরা আল-বাকারার শেষে এসেছে:

كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ

প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি এবং তাঁর রাসূলদের প্রতি; আমরা তাঁর রাসূলদের কারো মধ্যে পার্থক্য করি না।

সেখানে এভাবে এসে শেষ হয়েছে। অন্য জায়গায় এসেছে:

وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ

আর আখেরাতের প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখে।

আর কদরের কথা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন:

إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ

নিশ্চয়ই আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছি একটি নির্ধারিত পরিমাপে।

তাকদিরের ব্যাপারে অন্য জায়গায় অনেক কথা এসেছে। সেজন্য ঈমানের রুকন হলো ছয়টি। আমাদের দেশে বলা হয়, ঈমানের বুনিয়াদ সাতটি; আরেকটি যোগ করা হয়েছে, “ওয়াল বা’সি বা’দাল মাউত”, মৃত্যুর পর পুনরুত্থান। কিন্তু আসলে সেটা “আল-ইয়াওমিল আখির”-এর মধ্যেই ঢুকে গেছে, আলাদা করে লাগে না। এজন্য কোরআন ও হাদিসে সরাসরি ছয়টি বুনিয়াদের কথা এসেছে: এখানে পাঁচটি, অন্য আয়াতে আরেকটি, সব মিলে ছয়টি।

তাহলে ঈমানের বুনিয়াদগুলোর পাঁচটি এখানে এলো, ঈমান-সংক্রান্ত আলোচনা হলো। ঈমান-আকিদা মজবুত হওয়ার উপরেই সমস্ত আমল, তাকওয়া, পরহেজগারি ও দ্বীনদারি নির্ভর করে। ঈমান-আকিদা মজবুত না হলে কোনো আমলই কবুল হবে না। এজন্য আল্লাহ তাআলা প্রথমে ঈমানের কথা বললেন।

ভালোবাসার জিনিস থেকে দান

এরপর বলছেন:

وَآتَى الْمَالَ عَلَىٰ حُبِّهِ

এবার মাল আল্লাহর রাস্তায় খরচ করা, গরিব-মিসকিনকে সাহায্য করা, ইনফাক ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করার কথা এলো। ঈমানের পরে আমলের দিকে আসা হচ্ছে, আর আমলের মধ্যে এক নম্বরে এসেছে আল্লাহর রাস্তায় দান করা। দানের কয়েকটি খাত এখানে এসেছে: আত্মীয়স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, আর যারা কিছু চায়। কিন্তু প্রথমেই বলা হয়েছে “আলা হুব্বিহি”, এই জিনিসের প্রতি মহব্বত থাকা সত্ত্বেও। এর মানে, যে দানটা করা হচ্ছে, সেটা অতিরিক্ত, ফেলে দেওয়ার মতো জিনিস নয়; জিনিসটা দাতার কাছে দামি।

অনেক সময় আমরা গরিব লোকদেরকে পুরনো কাপড় দিয়ে দিই। ওটার জন্য খুব একটা মহব্বত লাগে না। কিন্তু একদম নতুন কেনা জিনিস দিতে কেমন লাগবে? সেটা দিতে গেলে খবর আছে। খাওয়া-দাওয়া বেশি হয়ে গেছে, ফেলে দেব, এমন জিনিস দিতে ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু বাংলাদেশে গেলে বোঝা যায়, কেবল খেতে বসেছি, এমন সময় ফকির বাসায় এসে ভাতের গন্ধ পেয়ে চাইতে শুরু করেছে, অথচ দেওয়ার মতো এত বেশি নেই; তখন দিতে কষ্ট হয়। ওই সময় দেওয়া, কিংবা যে টাকা-পয়সা আমাদের খুব দরকার, তা দিতে অনেক কষ্ট আছে। কিন্তু যা আমার দরকার, তা দেওয়ার মধ্যে এত ফজিলত, যা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন:

لَن تَنَالُوا الْبِرَّ حَتَّىٰ تُنفِقُوا مِمَّا تُحِبُّونَ

তোমরা আসল নেকি, দ্বীনদারি ও পরহেজগারি অর্জন করতে পারবে না, যতক্ষণ না যে জিনিস তোমার বেশি দরকার, বেশি মহব্বতের, তা খরচ করো।

এই জিনিসটাকেই বেশি করে চর্চা করতে হবে। খুব ক্ষুধা লেগেছে, অল্প খাবার নিয়ে বসেছি, দুজন-তিনজনের সঙ্গে ভাগ করার মতো নয়; কিন্তু এই সময় যদি ভাগ করার দরকার পড়ে, তখন ত্যাগ স্বীকার করে ভাগ করা, দিয়ে দেওয়া। অন্য সময় দশজনের খাবার দিয়ে দেওয়ার মধ্যে ফজিলত এর তুলনায় কম। “আলা হুব্বিহি” যে দেয়, ওই সময় তার নিজের খুব আকর্ষণ, খুব দরকার; দরকার সত্ত্বেও সে দিয়ে দেয়।

ইবনে উমর ও আঙুরের ছড়া

আগে যে উদাহরণটি দিয়েছিলাম, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। তিনি অসুস্থ হয়ে পড়লেন, খাওয়া-দাওয়ায় মুখে রুচি নেই। স্ত্রী জিজ্ঞেস করলেন, কী খেতে মন চায়? আমরাও অসুখ হলে এভাবে জিজ্ঞেস করি। তিনি বললেন, একটু আঙুর খেতে মন চায়। তখনকার জমানায় অভাব-অনটন অনেক ছিল। কষ্ট করে অল্প কিছু আঙুর আনা হলো; খাদেম ছেলেটিকে পাঠানো হয়েছিল, সে হাতে করে আঙুরের একটা ছড়া নিয়ে আসছে।

এক লোক এটা দেখল। সে বহুদিন আঙুর খায়নি। আঙুর দেখে তার জিহ্বায় পানি এসে গেল। সে পেছনে পেছনে বাড়ি পর্যন্ত চলে এলো। এসে ডাক দিয়ে বলল, “আহারে আঙুর! কতদিন যে আঙুর খাইনি! মন এমনভাবে একটু আঙুর খেতে চাইছে। একটু আঙুর দেবেন কি?”

একথা শোনার পর ইবনে উমর বললেন, “এটা তাকে দিয়ে দাও। তার ঘরের লোকেরা তাকে কিছু খাওয়াতে পারে না। তাকে দিয়ে দাও। তার এত মন চাইছে, আমার চেয়েও বেশি মন চাইছে।” পুরোটাই দিয়ে দিলেন। আল্লাহু আকবার! আল্লাহ তাঁদেরকে কী দিল দিয়েছিলেন! কী ঈমান দিয়েছিলেন! আল্লাহ তাআলার কথাগুলোকে তাঁরা কীভাবে ইয়াকিন করেছিলেন! জান্নাতে যাওয়ার জন্য তাঁদের কী দৃঢ় সিদ্ধান্ত ছিল! আর তাঁরা তা পেরেছেন।

সুস্থ অবস্থার দান ও ইখলাস

এরকম নিজের দরকারি জিনিস অন্যকে দেওয়ার মধ্যে বিশাল ফজিলত। একথা হাদিসে এসেছে – সেই সদকা উত্তম, সেই দান-খয়রাত উত্তম, যা তুমি করো যখন তোমার শরীর-স্বাস্থ্য ভালো, যৌবন আছে, অসুখ-বিসুখে মরার কোনো লক্ষণ এখনো ফুটে ওঠেনি। এমন অবস্থায় যত দান করতে পারো, তার সওয়াব বেশি। আর যখন হাসপাতালে গিয়ে একেবারে শয্যাশায়ী হয়ে গেছ, ডাক্তারও বলছে সময় বোধহয় আর বেশি নেই, এই খবর পাওয়ার পর বলছ, এখন বেশি করে দান-খয়রাত করে দিই; তখনকার দানের তুলনায় সুস্থ অবস্থায়, যখন সম্পদের খুব দরকার মনে হয়, সেই সময় দান-খয়রাত করার ফজিলত অনেক বেশি।

অন্য হাদিসে এসেছে – তুমি এমন অবস্থায় দিচ্ছ যে তোমার বাঁচার অনেক আশা আছে, আর দিলে তোমার কমে যাবে, তোমার এত বেশি নেইও; তারপরও সেখান থেকে বের করে দিয়ে দেওয়া, এর মধ্যে অনেক বেশি ফজিলত।

অন্য আয়াতে আল্লাহ তাআলা এই কথাকে সুন্দর করে বলেছেন। জান্নাতিদের উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, তারা মিসকিন, এতিম ও যুদ্ধবন্দিদেরকে খাবার-দাবার খাওয়ায়, দান-খয়রাত করে, আর খাওয়ানোর সময় বলে:

إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا

আমরা তোমাদেরকে আল্লাহর ওয়াস্তে খাওয়াই; তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও না।

ফী সাবিলিল্লাহ; অন্য কোনো মতলব নেই, নিয়ত নেই, শুধু লিওয়াজহিল্লাহ। আমরা মাঝেমধ্যে দান-খয়রাত করি, কিন্তু আমাদের মধ্যে লিওয়াজহিল্লাহর ইখলাস কতটুকু থাকে? কিছু নামডাক কুড়ানোর ইচ্ছা থাকে। দেশে গিয়ে কেউ মসজিদ করে, কেউ রাস্তা করে, কেউ পুল বানিয়ে দেয়; সবাই চায় যে আমার খুব নামডাক হোক। অনেক ক্ষেত্রে আমরা এমনটা চেয়ে বসি। কিন্তু প্রকৃতপক্ষে যে ব্যক্তি আসল পুরস্কার আল্লাহ তাআলার কাছে চান, তিনি নামডাক কিছুই চাইবেন না। তিনি বলবেন, একদম সম্পূর্ণ লিওয়াজহিল্লাহ, শুধু আল্লাহর উদ্দেশ্যে দিয়েছি। যাদেরকে দিলাম তারা আমাদের অনেক প্রতিদান দেবে, শুকরিয়া জানাবে, স্বীকৃতি দেবে, গেলে খুব সম্মান করে লম্বা করে সালাম দেবে, এসব কিছুই চাই না।

অনেকেই আমরা দেশে কিছু কিছু দান করি। আর আশা করি, দেশে গেলে, মসজিদের জন্য এত টাকা দিয়েছি, আমাকে নিয়ে একটা অনুষ্ঠান করবে; কলেজে এত দিয়েছি, মাদ্রাসায় এত দিয়েছি, মসজিদে দিয়েছি, তারা আমার জন্য একটা কিছু করবে। এমন অনেক আশা-ভরসা থাকে। এগুলো থাকা ভালো নয়। আপনি চান না, অথচ জোর করে টেনে নিয়ে গেল, সেটা ভিন্ন কথা; হয়তো অপছন্দ করেন, আর তারা কিছু করে ফেললে আপনার গুনাহ হবে না। কিন্তু যদি খুব তামান্না থাকে, চান যে তারা এসব বেশি করে করুক, এর জন্য খোঁজখবরও নেন, তাহলে যে দান করেছিলেন তার সওয়াব অনেক কমে যাবে। কোনো কোনো সময় রিয়া চলে আসবে; দানের সওয়াব তো পাওয়াই যাবে না, উল্টো রিয়ার শাস্তি পাওয়া যাবে। নাউজুবিল্লাহ।

আত্মীয়স্বজন

এরপর আয়াতে বলা হচ্ছে, তারা প্রথমে কাদেরকে দেয়: “যাবিল কুরবা”, আত্মীয়স্বজনকে। আত্মীয়স্বজন গরিব থাকলে তাদেরকে একটু দান করতে হবে, সুখে-দুঃখে, বিপদে-আপদে, অসুখ-বিসুখে একটু সাহায্য করতে হবে। এখানে আত্মীয়ের হকের কথাও চলে এসেছে। শুধু টাকা-পয়সা দিয়েই নয়, অন্য যেকোনো ধরনের সাহায্য করারও দরকার আছে। আত্মীয়স্বজনের সঙ্গে ভালো সম্পর্কের ইঙ্গিত এখানে রয়েছে।

আত্মীয়স্বজনকে দান-খয়রাত করা, বিশেষ করে যারা অভাবী, এটা একটা বিশাল নেক গুণ, বিশাল নেকির কাজ। এ ব্যাপারে গুরুত্ব দিয়ে হাদিসে এসেছে:

الصَّدَقَةُ عَلَى الْمَسَاكِينِ صَدَقَةٌ، وَعَلَى ذِي الرَّحِمِ ثِنْتَانِ: صَدَقَةٌ وَصِلَةٌ

মিসকিনদেরকে দান করা একটি সদকা, আর আত্মীয়কে দান করা দুটি: সদকা এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা।

অন্য জায়গায় দান-খয়রাত করলে শুধু দান-খয়রাতের সওয়াব হয়। আর আত্মীয়স্বজনকে কিছু দান করলে দুই রকম সওয়াব হয়: একটা হলো দান-খয়রাত, আরেকটা হলো সিলাহ। সিলাহ মানে আত্মীয়স্বজনের সঙ্গে সুসম্পর্ক, তাদের হক আদায় হওয়া। তাহলে দ্বিগুণ সওয়াব হয়ে যাবে।

فَهُمْ أَوْلَى النَّاسِ بِكَ وَبِبِرِّكَ وَإِعْطَائِكَ

হাদিসে তিনি বললেন, তোমার সম্পদে, তোমার দান-খয়রাতে তাদের অংশ বেশি। অবশ্য যদি তারা গরিব হয়। কেউ কেউ গরিব নয়, অথচ পাশের গরিব লোককে দিতে দেয় না, সবকিছু নিজেরাই নিয়ে যায়; তাদের জন্য এত ফজিলতের কথা বলা হয়নি। যে আত্মীয়স্বজন সত্যিই গরিব, তাদেরকে দেওয়ার হকের কথাই এখানে বলা হয়েছে। তবে গরিব না হলেও, আত্মীয়স্বজন ধনী হলেও, তাদেরকে হাদিয়া-তোহফা দেওয়ার অনেক ফজিলত আছে।

এতিম

এরপর “ওয়াল ইয়াতামা”, এতিম। এতিম কারা? ইবনে কাসির বলেন:

هُمُ الَّذِينَ لَا كَاسِبَ لَهُمْ، وَقَدْ مَاتَ آبَاؤُهُمْ وَهُمْ ضُعَفَاءُ صِغَارٌ دُونَ الْبُلُوغِ

সেইসব ছোট শিশু, যাদের উপার্জনকারী কেউ নেই, যাদের পিতা মারা গেছেন, আর তারা দুর্বল, ছোট, বালেগ হওয়ার বয়সে পৌঁছায়নি।

মা মারা গেলেও এতিম হয়, কিন্তু পূর্ণাঙ্গ এতিম হয় না; বাবা মারা গেলেই আসল এতিম হয়। কারণ, দুনিয়ার সমাজে সন্তানদের ভরণপোষণ মায়ের উপর নয়, বাবার উপর নির্ভর করে। কাজেই বাবা মারা গেলে তাদের অর্থনৈতিক খরচ ও ভরণপোষণের সমস্যা হয়ে যায়। এই কারণে বাবা-মা দুজন মারা গেলে যেমন এতিম, বাবা মারা গেলেও পূর্ণাঙ্গ এতিম হয়ে যায়; মা মারা গেলেও কোনো কোনো ক্ষেত্রে এতিম হয়, কিন্তু বাবা মারা গেলে এতিম হওয়ার মাত্রা পরিপূর্ণ হয়ে যায়। তাদেরকে সাহায্য করতে হবে।

কতদিন পর্যন্ত এতিম থাকে? একটি হাদিসে এসেছে:

لَا يُتْمَ بَعْدَ احْتِلَامٍ

বালেগ হওয়ার পর আর এতিমত্ব থাকে না।

যখন একেবারে বালেগ হয়ে যায়, পরিপূর্ণ নওজোয়ান হয়ে যায়, তখন আর এতিম থাকে না। এতিমের একটা বয়স আছে। সেই হিসেবে তো আমরা অনেকেই এতিম হয়ে গেছি; বাবা-মা দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে তো এতিমত্বের শেষ নেই। কিন্তু এতিমের একটা সীমা আছে: যতক্ষণ নিজের পায়ে দাঁড়ানোর মতো বয়স হয়নি, ততটুকু বয়স পর্যন্ত তার এতিমের হক, আর এই দায়িত্ব পালন করা অন্যদের কাজ।

আল্লাহ তাআলা এতিমের দায়িত্ব পালন করাকে এত পছন্দ করেন যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا

অথবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনটি বলেছেন: আমি এবং এতিমের তত্ত্বাবধানকারী জান্নাতে এভাবে পাশাপাশি থাকব।

আল্লাহ তাআলার কাছে এতিমের এত মর্যাদা। একটি হাদিসে এসেছে, পিতার আদর থেকে বঞ্চিত এতিমের মাথায় কেউ যদি আদর করে একবার হাত বুলিয়ে দেয়, তাহলে হাতের নিচে যতগুলো চুল পড়ল, সেই পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেবেন।

কিন্তু সুযোগ পেলে এতিমের সম্পত্তি আত্মসাৎ করা ভালোই চলে। অনেকেই এমন সুযোগের অপেক্ষায় থাকে। “আহারে! ভাই মারা গেছে”, কয়দিন কান্নাকাটি করে, তারপর এতিমের সম্পত্তি আত্মসাৎ করে বসে থাকে। এমন ঘটনাও আছে; আত্মীয়স্বজন, ঘনিষ্ঠ লোকজনই এই কাজ করে। এটা কত বড় অপরাধ! আরেকজনের জায়গা-সম্পত্তি আত্মসাৎ করা আর এতিমের সম্পত্তি, যে সবচেয়ে দুর্বল অবস্থানে আছে, তার সম্পত্তি আত্মসাৎ করার গুনাহ সমান হবে না। এতিমেরটা আত্মসাৎ করলে গুনাহর পরিমাণ বহুগুণ বেড়ে যাবে।

মিসকিন

এতিমের পর বলা হয়েছে “আল-মাসাকীন”। মিসকিন কারা?

وَهُمُ الَّذِينَ لَا يَجِدُونَ مَا يَكْفِيهِمْ فِي قُوتِهِمْ وَكِسْوَتِهِمْ وَسُكْنَاهُمْ، فَيُعْطَوْنَ مَا تُسَدُّ بِهِ حَاجَتُهُمْ وَخَلَّتُهُمْ

যাদের খাওয়া-দাওয়া, পরিধানের কাপড় আর থাকার মতো ঘরবাড়ির ন্যূনতম ব্যবস্থাও নেই; তাদেরকে এমন পরিমাণ দেওয়া হবে, যাতে তাদের প্রয়োজন ও অভাব পূরণ হয়।

এরাই মিসকিন। তাদেরকে দেওয়া আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। তারা মানুষের কাছে হাত পাতে না, কিন্তু ভেতরে ভেতরে অনেক কষ্টে থাকে। এদেরকে দেওয়ার মধ্যে বাড়তি সওয়াব আছে। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:

لَيْسَ الْمِسْكِينُ بِهَذَا الطَّوَّافِ الَّذِي يَطُوفُ عَلَى النَّاسِ تَرُدُّهُ اللُّقْمَةُ وَاللُّقْمَتَانِ وَالتَّمْرَةُ وَالتَّمْرَتَانِ، وَلَكِنِ الْمِسْكِينُ الَّذِي لَا يَجِدُ غِنًى يُغْنِيهِ، وَلَا يُفْطَنُ بِهِ فَيُتَصَدَّقَ عَلَيْهِ

সেই লোক আসল মিসকিন নয়, যে ঘুরে বেড়ায়, একটা-দুটো খেজুরের জন্য, এক-দুই লোকমা খাবারের জন্য সবার কাছে যায়, হাত পাতে। আসল মিসকিন হলো সে, যার প্রয়োজন মেটানোর মতো সচ্ছলতা নেই, আর তার অবস্থা কেউ টেরও পায় না যে তাকে সদকা দেবে।

মিসকিন হলো সেই সম্ভ্রান্ত, মান-ইজ্জতের অধিকারী লোকটি, যে খেয়ে না খেয়ে অনেক কষ্ট করছে, কিন্তু মানুষকে টের পেতে দেয় না যে সে উপোস আছে। মানুষের কাছে কখনো হাত পাতে না, কিন্তু ভেতরে বেশ কষ্টে আছে: দেনায় জর্জরিত, চিকিৎসার টাকা জোগাড় করতে পারছে না, ছেলেমেয়ের কাপড়চোপড় ঠিকমতো কিনে দিতে পারছে না। এমন লোককে বেছে বেছে দেওয়ার মধ্যেও আল্লাহ তাআলার কাছে বাড়তি ফজিলত আছে।

মুসাফির

ইবনুস সাবীল হচ্ছে সেই মুসাফির, যিনি হয়তো মূলত গরিব নন, কিন্তু কোনো কারণে কোথাও সফরে গিয়েছেন, আর তার টাকা-পয়সা পকেটমার নিয়ে গেছে, হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে। বেকায়দায় পড়ে হঠাৎ করে বড়লোকও কোনো জায়গায় গিয়ে কপর্দকহীন হয়ে গেছে। আজকাল অবশ্য এমন সাধারণত হয় না, কারণ ব্যাংক, ইন্টারনেটে সব হয়ে যায়। কিন্তু বিশ-পঞ্চাশ বছর আগের কথা ভাবা যাক। একা একজন লোক এক দেশ থেকে আরেক দেশে গেছে; আমেরিকায় গেলেও তখন চিঠি লিখে ব্যাংক ড্রাফট করে টাকা পাঠাতে দুই সপ্তাহ লেগে যেতে পারত।

এমন পরিস্থিতিতে ধনী লোকের হাতেও যদি টাকা না থাকে, তার মিলিয়ন বা কোটি টাকা আছে কিন্তু হাতের কাছে নেই, এখন না খেয়ে মরার অবস্থা, তাহলে সে সাময়িকভাবে ইবনুস সাবীল হয়ে গেছে। ইবনুস সাবীলের বাংলা তর্জমা করলে দাঁড়ায় “রাস্তার সন্তান”। প্রবাসে, বিদেশে হঠাৎ করে পথের ভিখারি হয়ে গেছে, দেশ থেকে টাকা আনতে পারছে না। তার জন্যও নেওয়া জায়েজ আছে, আর এমন লোককে দেখে দেওয়ার মধ্যেও যথেষ্ট ফজিলত আছে।

যারা হাত পাতে

সবশেষে বলা হয়েছে “ওয়াস সাইলীন”, যারা চেয়ে বেড়ায়। আমাদের দেশে তাদেরকে বলি ফকির, ভিক্ষুক। যারা হাত পাতে, তাদেরকেও আল্লাহ তাআলা দিতে বলেছেন। যারা হাত পাতে, তাদেরকে তো আমরা এমনিতেই দিই; এজন্য তাদের কথা আল্লাহ তাআলা সবার শেষে উল্লেখ করেছেন। এর মানে এই নয় যে আগেরগুলোর ফজিলত বলা হলো বলে, হাত পাতে দেখে তাকে দেবে না। তা নয়; তাকেও দাও। তাকে দিতে বলা হয়েছে, আর কেউ চাইলে না বলাই ভালো।

কোরআন শরীফে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন: কেউ যদি খয়রাত চাইতে আসে, ভিক্ষা চাইতে আসে, ভিক্ষুককে ধমক দিয়ে থামিয়ে দিয়ো না; কিছু দিয়ে দাও। আরেকটি হাদিসে এসেছে: ভিখারি তোমার কাছে ভিক্ষা চাইতে এলে তার একটা হক আছে, দিয়ে দাও। এমনকি যদি মনে করো সে বোধহয় বেশি গরিব নয়, তাকে না দিলেও চলবে, তবুও দাও, যখন সে হাত পেতেছে। এমনকি ঘোড়ায় চড়ে এলেও সেই ফকিরকে খয়রাত দাও; ঘোড়ায় চড়ে চাইতে এলেও তাকে কিছু দিয়ে দাও।

কেউ যখন আল্লাহ তাআলার কাছে হাত পাতে, তখন খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ তাআলার লজ্জা লাগে; এই হাদিস প্রসিদ্ধ। ঠিক তেমনি আল্লাহও চান, বান্দার কাছে কেউ হাত পাতলে বান্দা যেন না না করে। এজন্য নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কিছু চাইলে তিনি সহজে না বলতে পারতেন না।

নামাজ কায়েম

দান-খয়রাত, আত্মীয়স্বজনের হক আদায়, ফকির, মিসকিন ও প্রার্থীদের কথা বলার পর আল্লাহ তাআলা একই আয়াতের ভেতরে নতুন অধ্যায়ের দিকে আসছেন। সেটা হলো ইসলামের জরুরি ফরজ কাজ ও ইবাদতগুলো আঞ্জাম দেওয়া। আসল নেকির অন্যতম হলো নামাজ কায়েম করা ও যাকাত আদায় করা।

وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ

নামাজের কথা বারবার এসেছে কায়েম করার শব্দে; নামাজ “পড়ার” কথা বলা হয়নি। আমরা বাংলায় নামাজ পড়ার কথা বলি, কিন্তু পড়ার অর্থ সীমিত। নামাজ কায়েম, ইকামাতুস সালাহ। এজন্য নামাজের ইকামত দেওয়া হয়, “কাদ কামাতিস সালাহ” বলা হয়। এই ইকামত অনেক বিরাট জিনিস। জামাতের সঙ্গে নামাজের পাবন্দি করা নামাজ কায়েমের অংশ। ঘরে একা পড়লে নামাজ আদায় হয়ে যায়, কিন্তু কায়েম হয় না। জামাতে এবং যথাযথ ব্যবস্থাপনার সঙ্গে পড়তে হবে। নামাজের আরকান-আহকাম, সমস্ত হুকুম, মাসআলাগুলো সহিহ তরিকায় জেনে জেনে ভালোভাবে আমল করা অত্যন্ত জরুরি। এটাই “আকামাস সালাহ”-এর অর্থ।

যাকাত: ফরজের সঙ্গে আপস নেই

এরপর “ওয়া আতাজ যাকাহ”, যাকাত দেওয়ার কথা এসেছে। এতক্ষণ দান-খয়রাতের কথা এসেছিল: ফকির, মিসকিন, আত্মীয়স্বজন, অনেক কথা। এখন আবার যাকাতের কথা এলো। এতক্ষণ ছিল নফল দান-খয়রাতের কথা; এবার আসছে ফরজ। এই যাকাত আদায় করতেই হবে, কোনো আপস নেই। ফরজের সঙ্গে আপস করে ফেললে নেকি ও দ্বীনদারির আর কোনো পরিচয় থাকে না। যে ব্যক্তি যাকাত দেবে না, ফরজ নামাজ আদায় করবে না, তার ইসলামের দাবি কীভাবে টিকে থাকে?

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আরব দেশে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাদের বিরুদ্ধে কীভাবে জিহাদ করবেন? এরা তো মুসলমান; নামাজও পড়ে, সবই করে, শুধু যাকাত দিতে অস্বীকার করেছে। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক বক্তব্য দিয়ে, কোরআন-হাদিসের দলিল দিয়ে যখন বুঝিয়ে দিলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে, হ্যাঁ, যাকাত আদায় না করার কারণে তাদের বিরুদ্ধে লড়াই করা যায়।

আমাদের মুসলিম সমাজে অনেক বড়লোক আছেন। সবাই কি ঠিকমতো যাকাত দেন? বহু লোক যাকাত দেয় না। নামাজ কি ঠিকমতো পড়েন? নামাজ না পড়েও, যাকাত না দিয়েও নিজেকে মুসলমান মনে করেন। মুসলমানি যাবে কীভাবে? ছোটকালে তো মুসলমানি করানো হয়েছে, ওতেই কাজ হয়ে গেল! আর গরুর গোশত খায়। মুসলমানি কি শুধু এটুকু? না। নামাজ না পড়লে, যাকাত না দিলে মুসলমানিত্বের আসল দাবিই তো অবশিষ্ট থাকে না। এজন্য কোনো ফরজ ইবাদত ছাড়া যাবে না; এগুলো অবশ্যই পালন করতে হবে, যদি কেউ প্রকৃত দ্বীনদারি, তাকওয়া ও পরহেজগারির আশা করে। এই জরুরি ইবাদতগুলোর কথাই এখানে এসেছে।

অঙ্গীকার রক্ষা

وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا

আর যখন তারা কোনো চুক্তি, প্রতিজ্ঞা, ওয়াদা বা অঙ্গীকার করে, তা রক্ষা করে। কথা দিয়ে কথা ঠিক রাখা একজন মুমিনের অত্যন্ত জরুরি আমল। কথা দিয়ে কথা উল্টে ফেলা, এটাও আমাদের সমাজে বহু আছে। কথার কোনো মূল্য তারা বোঝে না। কথা দিয়ে কথা না রাখা, চুক্তি করে চুক্তি ভঙ্গ করা মুনাফিকের আলামত, এ কথা হাদিসে এসেছে। তিনটি বা চারটি কাজ করলে মুনাফিকির পরিপূর্ণতা লাভ হয়; আর যে একটি-দুটি করে, সে অনুযায়ী তার মধ্যে মুনাফিকি থাকে।

إِذَا خَاصَمَ فَجَرَ … وَإِذَا حَدَّثَ كَذَبَ

যখন ঝগড়া-ফাসাদ করে, গালিগালাজ করে; যখন কথা বলে, মিথ্যা বলে। এভাবে ওয়াদা ভঙ্গ করাও মুনাফিকের লক্ষণ।

বিপদে, দুঃখে ও যুদ্ধে সবর

এরপর এসেছে:

وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ

যারা সবর করে, যাদের সবর রয়েছে। সবর আরেকটি বিশাল নেকির গুণ। দ্বীনদারি, পরহেজগারি ও তাকওয়ার অন্যতম গুণ হলো বেশি করে সবর করতে পারা, ধৈর্যশীল হওয়া। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন:

وَبَشِّرِ الصَّابِرِينَ

ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন।

কোন সময়ে সবর করা? “আল-বা’সা” হলো কঠিন অবস্থা, বিশেষ করে যখন অর্থনৈতিক অভাব-অনটন বেশি হয়, অর্থাৎ আল-ফাকর। আর “আদ-দাররা” হলো অসুস্থতা, কষ্ট, বালা-মুসিবত। তাহলে আমাদের জীবনে অসুখ-বিসুখ আসুক, অর্থনৈতিক দুরবস্থা আসুক, কোনো দুঃসংবাদ আসুক, সবর করতে হবে। “ওয়া হীনাল বা’স”, এমনকি যুদ্ধ-কিতালের সময়ও; যখন মুসলমানদেরকে বদর, উহুদ, খন্দকে জিহাদে যেতে হয়েছিল, সেই সময় যারা সবর করেছেন। দুশমনের মোকাবেলায় জিহাদ করা কম সবরের কথা নয়। তরবারির মোকাবেলায় নিজের বুক পেতে দেওয়া, গুলির মোকাবেলায়, বোমার মোকাবেলায় নিজে এগিয়ে যাওয়া, আল্লাহর দুশমনের সঙ্গে মোকাবেলা করা, এটা কম পরীক্ষার বিষয় নয়। যারা এমন সকল পরিস্থিতিতে সবর করে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে অনেক বড় পুরস্কার আছে।

তারাই সত্যবাদী, তারাই মুত্তাকী

أُولَٰئِكَ الَّذِينَ صَدَقُوا ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ

ঈমান থেকে শুরু করে, এরপর দান-খয়রাত থেকে শুরু করে নামাজ আদায় করা, ইকামাতে দ্বীন, ইকামাতে সালাত, যাকাত দেওয়া, কথা ও ওয়াদা রক্ষা করা, বিপদ-আপদে, মুসিবতে, যুদ্ধে-জিহাদে সবর করা, এই গুণগুলো যারা নিয়মিত অর্জন করতে পারে, তারাই আসল সালেহীন, আসল নেককার, আসল দ্বীনদার। “উলাইকাল্লাযীনা সাদাকু”, এই লোকগুলো তাদের ঈমানের দাবিতে সত্য; তাদের ঈমানের দাবি ঠিক। এই গুণগুলো যাদের নেই, তাদের ঈমানের দাবি ঠিক নয়; তারা ঈমানের দাবিতে সত্যবাদী নয়। কিন্তু যাদের এই গুণগুলো আছে, তারা ঈমানের দাবিতে সত্যবাদী।

“ওয়া উলাইকা হুমুল মুত্তাকূন”, এরাই সত্যিকার মুত্তাকী; তাকওয়া ও পরহেজগারির অধিকার এদেরই। কারণ ইবনে কাসিরের ভাষায়:

الَّذِينَ اتَّصَفُوا بِهَذِهِ الصِّفَاتِ … لِأَنَّهُمُ اتَّقَوُا الْمَحَارِمَ وَفَعَلُوا الطَّاعَاتِ

যারা এই সব সিফাত ও গুণাবলিতে গুণান্বিত হয়েছে, ঈমানের দিক থেকে তাদের মজবুতি এবং ইবাদত-আমল যা কিছু বলা হয়েছে, তাকওয়া ও পরহেজগারির সমস্ত গুণ তারা অর্জন করেছে। তারা আসলেই মুত্তাকী, কারণ তারা হারামকে বর্জন করেছে, আর আল্লাহ তাআলার সমস্ত নির্দেশ মান্য ও পালন করেছে। এরাই আসল মুত্তাকী।

আংশিক দ্বীনদারির বিভ্রান্তি

এখানে আমরা দেখি, দ্বীনের দু-একটা জিনিসের উপর আমল করলেই মুত্তাকী হওয়া যায় না। কোন দিকে কেবলা করে নামাজ পড়লাম, সেটাই সব নয়; শুধু নামাজ পড়লেও মুত্তাকী হওয়া যায় না; দ্বীনের কয়েকটি আনুষ্ঠানিক কাজ করলেই মুত্তাকী, পরহেজগার হওয়া যায় না। ঈমান, আমল ও তাকওয়ার সার্বিক সবকিছুকে যদি আমরা নিজেদের ভেতরে চর্চা করতে পারি, এটাই হচ্ছে মুকাম্মাল ঈমানের সুরত।

কিছু লোকের তরিকা হলো আংশিক ঈমানদার, আংশিক মুত্তাকী হওয়া। দেখা গেল, নামাজ-কালামে মোটামুটি, নফল নামাজেও অগ্রসর আছেন, কিন্তু হালাল-হারামের তেমন একটা ধার ধারেন না। ঘুষ খেতেও ইতস্তত করেন না। রোজার দিনে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়েন, আবার অফিসে বসে ঘুষ না পেলে ফাইলে সই করেন না; ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না, যেন ফাইলটার হাত-পা কিছুই নেই। আর টাকা দিলে, ঘুষ দিলে ফাইল খুব চলে। এই লোকেরা সারাদিন সওয়াবের নিয়তে রোজা রাখে, কারণ রোজা রাখলে “লাআল্লাকুম তাত্তাকূন”, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাকওয়া অর্জিত হবে। কিন্তু যখন ঘুষ খায়, তখন তাকওয়া কোথায় যায়? তাহলে আমাদের মুসলিম সমাজে ইসলামের একটা সাংঘাতিক ভুল ধারণা বিদ্যমান।

এজন্য ইবাদতের কথা, জান্নাতে যাওয়ার কথা সবাই চিন্তা করে, কিন্তু ইসলাম সম্পর্কে জ্ঞানের কমতির কারণে ঈমান-আকিদার মধ্যে অনেক ত্রুটি আছে, আমলের মধ্যে অনেক ত্রুটি আছে। আমাদের সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত ও পারিবারিক অনেক অশান্তির কারণ হলো, আমরা ইসলাম থেকে দূরে, ইসলামের জ্ঞানচর্চা কম করেছি। শান্তির জন্য, নিরাপত্তার জন্য, শৃঙ্খলার জন্য আমাদেরকে অবশ্যই বেশি করে ইসলামের দিকে আসতে হবে।

আর ইসলামের বিরুদ্ধে যেভাবে দুশমনি শুরু হয়েছে, দাওয়াত ও সংশোধনের মাধ্যমে এগুলোকে থামাতে না পারলে আমাদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন দিন। আল্লাহ যদি নাখোশ হয়ে যান, আল্লাহর গজব যদি চলে আসে, তাহলে আর উপায় থাকবে না। কোনো জায়গায় মুনকার যখন বেশি ছড়িয়ে পড়ে, আর সেখানকার লোকেরা মুনকার থেকে থামানোর জন্য, মানুষকে আল্লাহর দ্বীনের দিকে নিয়ে আসার জন্য বেশি করে কাজ না করে, তখন সেখানেই আল্লাহর আজাব চলে আসে। এজন্য দ্বীনের কাজ বেশি করে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব।