ওসিয়ত ফরজ করার আয়াত

এই আয়াতগুলোর বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয়: ওসিয়ত। মৃত্যুর আগে মানুষের কোন বিষয়ে ওসিয়ত করা দরকার, ওসিয়তের গুরুত্ব কতটুকু, এর পদ্ধতি ও নিয়ম-তরিকা কী, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন:

كُتِبَ عَلَيْكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ إِن تَرَكَ خَيْرًا الْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ بِالْمَعْرُوفِ ۖ حَقًّا عَلَى الْمُتَّقِينَ ۝ فَمَن بَدَّلَهُ بَعْدَمَا سَمِعَهُ فَإِنَّمَا إِثْمُهُ عَلَى الَّذِينَ يُبَدِّلُونَهُ ۚ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ ۝ فَمَنْ خَافَ مِن مُّوصٍ جَنَفًا أَوْ إِثْمًا فَأَصْلَحَ بَيْنَهُمْ فَلَا إِثْمَ عَلَيْهِ ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

তোমাদের জন্য ফরজ করা হয়েছে, যখন তোমাদের কারো মৃত্যু হাজির হয়, মউতের সময় এসে যায় এবং তোমরা তা টের পাও, সেই সময় ওসিয়ত করা। কার জন্য? যদি একটু ভালো মাল-দৌলত, সম্পদ রেখে যায়, তাহলে সে যেন মা-বাবার জন্য এবং আত্মীয়স্বজনের জন্য ওসিয়ত করে যায়, “বিল মারুফ”, মারুফের সাথে, ভালো তরিকায়। মুত্তাকীদের উপর এটা হক, ওয়াজিব দায়িত্ব যে তারা ওসিয়ত করে যাবে।

তাহলে ওসিয়ত করা ফরজ করে দেওয়া হয়েছে। প্রশ্ন জাগে: ওসিয়ত না করলে কি পিতা-মাতা পাবেন না? অবশ্যই পাবেন। তাহলে ওসিয়ত করার দরকার কী?

মিরাসের আয়াতের আগের সময়

এ বিষয়ে অনেক মুফাসসিরীন কেরাম, সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম মনে করেন, এই আয়াতগুলো মিরাসের আয়াত নাযিল হওয়ার আগে নাযিল হয়েছে। মিরাসের আয়াত আল্লাহ তাআলা সূরা নিসায় নাযিল করেছেন। মিরাস মানে উত্তরাধিকার; যারা ওয়ারিশ, পিতা-মাতা, স্বামী-স্ত্রী, ছেলেমেয়ে, ভাইবোন, কারো মৃত্যুর পর কে কতটুকু সম্পত্তি পাবে, আল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে আয়াত নাযিল করে তা সুনির্দিষ্ট করে দিয়েছেন।

এই নির্দিষ্ট করে দেওয়ার আগে কিছুদিন, যখন ওই আয়াত নাযিল হয়নি, তখন কোনো মুসলমান মারা গেলে তার সম্পত্তি কে কতটুকু পাবে তা মুসলমানদের জানা ছিল না। কেউ কাউকে বেশি দিয়ে যেত, কাউকে কম দিয়ে যেত, কিংবা মোটেই ওসিয়ত করে যেত না। আর একজন মানুষের মৃত্যু হলে তার সম্পত্তি কে কতটুকু পাবে, কোরআনের এমন কোনো আয়াত তখনও নাযিল হয়নি। এ নিয়ে তখন অনেক সমস্যা হয়েছে। সেজন্য আল্লাহ তাআলা তখন বলেছিলেন, তোমাদেরকে ওসিয়ত করে যেতে হবে।

আয়াতুল মাওয়ারীস, অর্থাৎ মিরাস-সংক্রান্ত আয়াত, সম্পদের উত্তরাধিকার, ওয়ারিশদের কে কতটুকু পাবে সেই আয়াত সূরা নিসায় নাযিল হওয়ার আগে এই আয়াতগুলো একটি সাময়িক সময়ের জন্য নাযিল হয়েছিল। পরবর্তী পর্যায়ে এই আয়াতের হুকুম মানসূখ হয়ে যায়, আর সূরা নিসার আয়াতগুলো হয় নাসেখ।

নাসেখ ও মানসূখ

কোরআন শরীফের কিছু আয়াত মানসূখ হয়ে গেছে। মানসূখ অর্থ হলো, এই আয়াতগুলোর হুকুম আর কার্যকর থাকেনি; অন্য আয়াত এসে এগুলোর হুকুম উঠিয়ে দিয়েছে। কিন্তু তেলাওয়াতের মধ্যে আয়াতগুলো এখনো আছে।

এর উদাহরণ আগে দেওয়া হয়েছে। মদ্যপান প্রথমদিকে হারাম হয়নি। সাহাবীদের অনেকেই মদ খেতেন। আল্লাহ তাআলা প্রথমে শুধু বললেন: তোমরা নামাজের আগে মদ খেয়ে নেশার হালতে নামাজে দাঁড়াও, আর সূরা-কেরাত সব উল্টাপাল্টা করে ফেলো। কাজেই নামাজের ঠিক আগে আগে, যখন নেশা থেকে যেতে পারে, মদ খেয়ো না; বেশ কিছুক্ষণ আগে খেয়ে নিয়ো। হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে যেমন বলে, ওষুধ খাওয়ার আধা ঘণ্টা আগে ধূমপান বন্ধ রাখবেন, এরকম কিছু একটা মনে পড়ে। আল্লাহ তাআলা তখন বলেছিলেন, এবং আয়াতটি কোরআন শরীফে আছে: যখন তোমাদের নেশা থাকে, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে এসো না, নামাজ পড়তে এসো না। এর অর্থ, মদ খাওয়ার কাজ বহু আগে সেরে নেবে।

এখন কেউ যদি মদ খায় আর বলে, আল্লাহ তাআলা তো বলেছেন নামাজের ঠিক আগে মদ খাওয়া ঠিক না, আমি তো তিন ঘণ্টা আগেই খেয়ে ফেলছি, নাউজুবিল্লাহ, এটা কি ঠিক হবে? না। এটা মানসূখ হয়ে গেছে। আয়াতটি আমরা ঠিকই তেলাওয়াত করব, অর্থও বুঝতে পারি, কিন্তু এর উপর আমল করা যাবে না। আমল রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, কিন্তু তেলাওয়াত বাকি আছে।

এই যে হুকুমটা রহিত হয়ে গেছে, উঠিয়ে নেওয়া হয়েছে, আরবিতে একে বলা হয় মানসূখ। আর যে আয়াত এসে সেই হুকুমটাকে তুলে দিয়েছে, সেই আয়াতকে বলে নাসেখ। এই দুটি পরিভাষা মনে রাখার মতো। যারা উলুমুল কোরআন বা উসূলুত তাফসীরে লেখাপড়া করেছেন, তারা এটা পেয়েছেন; এটা একটা আলাদা বিষয়, “আন-নাসেখ ওয়াল-মানসূখ”। যে আয়াতগুলোর হুকুম রহিত হয়ে গেছে, সেগুলো মানসূখ; আর যে আয়াতগুলোর মাধ্যমে চূড়ান্ত হুকুম এসে আগেরটাকে রদ করে দিয়েছে, উঠিয়ে দিয়েছে, সেগুলোকে বলে নাসেখ।

সূরা নিসার বণ্টন

এজন্য এই আয়াত অনুযায়ী কে কতটুকু সম্পত্তি পাবে, তা এখন আর লিখে দেওয়ার দরকার নেই, কারণ আল্লাহ তাআলা নিজেই তা লিখে দিয়েছেন। সূরা নিসায় তিনি লিখেছেন: কেউ যদি মারা যায় আর তার পিতা-মাতা বেঁচে থাকেন, তাহলে তার সম্পত্তির ছয় ভাগের এক ভাগ মা পাবেন, ছয় ভাগের এক ভাগ বাবা পাবেন। স্বামী মারা গেলে ছেলেমেয়ে থাকলে স্ত্রী পাবেন আট ভাগের এক ভাগ, আর ছেলেমেয়ে না থাকলে চার ভাগের এক ভাগ। স্ত্রী মারা গেলে ছেলেমেয়ে থাকলে স্বামী পাবেন স্ত্রীর সম্পত্তির চার ভাগের এক ভাগ, আর ছেলেমেয়ে না থাকলে পাবেন অর্ধেক। এরপর মা-বাবাকে দেওয়ার পর, স্বামী বা স্ত্রী থাকলে তারা নেওয়ার পর যা থাকবে, ছেলেমেয়েরা থাকলে তারা পাবে; প্রত্যেক পুরুষ সন্তান মেয়ে সন্তানের দ্বিগুণ পাবে। এভাবে আল্লাহ তাআলা সূরা নিসায় বিস্তারিত বর্ণনা দিয়েছেন; সেই সূরার আলোচনায় এর বিস্তারিত আসবে।

ওয়ারিশের জন্য ওসিয়ত নেই

এই আয়াতের উপর এখন আর এভাবে আমল করা লাগবে না। সূরা নিসার আয়াত নাযিল হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন:

إِنَّ اللَّهَ قَدْ أَعْطَى كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ فَلَا وَصِيَّةَ لِوَارِثٍ

আল্লাহ তাআলা প্রত্যেক হকদারকে তার হক দিয়ে দিয়েছেন; সুতরাং কোনো ওয়ারিশের জন্য ওসিয়ত নেই।

প্রত্যেক ওয়ারিশ কতটুকু পাবে, আল্লাহ তাআলা কোরআনে পাকের মিরাসের আয়াতে তা বরাদ্দ করে দিয়েছেন। এখন যারা ওয়ারিশ, তাদের জন্য আর কিছু ওসিয়ত লিখে যাওয়া লাগবে না। সূরা নিসায় আল্লাহ তাআলা বলেছেন:

لِّلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ مِمَّا قَلَّ مِنْهُ أَوْ كَثُرَ ۚ نَصِيبًا مَّفْرُوضًا

পুরুষদের জন্য অংশ রয়েছে তাদের পিতা-মাতা ও আত্মীয়স্বজন যা কিছু মাল-দৌলত রেখে যায় তা থেকে; আর মহিলাদের জন্যও অংশ রয়েছে তাদের পিতা-মাতা ও আত্মীয়স্বজন যা রেখে যায় তা থেকে, অল্প হোক বা বেশি হোক, নির্ধারিত অংশ। “নাসীবাম মাফরূদা”: আল্লাহর পক্ষ থেকে ফরজ হুকুম দিয়ে সেই অংশ নির্দিষ্ট করে রাখা হয়েছে।

তাহলে বোঝা গেল, ওয়ারিশের জন্য এখন আর ওসিয়ত করা লাগবে না। কারো মৃত্যু হয়ে গেলে কে কতটুকু পাবে, আল্লাহ তাআলা তা ঠিক করে দিয়েছেন; কিছু লিখে না গেলেও তারা সেভাবেই পাওয়ার কথা। ওয়ারিশদের সম্পত্তি পাওয়ার ব্যাপারে ওসিয়তের হুকুম মানসূখ হয়ে গেছে, একথা ঠিক।

যেখানে ওসিয়ত এখনো জরুরি

কিন্তু যদি দেনা-পাওনা থাকে, সেক্ষেত্রে ওসিয়ত লেখার হুকুম এখনো মানসূখ হয়নি। কেউ অনেক টাকা ঋণ করেছে, মানুষকে সে টাকা দিতে হবে। যদি সে এ বিষয়ে ওসিয়ত না করে যায়, একটা কাগজে লিখে না যায়, তাহলে সে মারা গেলে তার ছেলেমেয়ে যদি তা আদায় না করে, আল্লাহর কাছে আটকা পড়বে সে নিজেই, কারণ সে লিখে যায়নি, জানিয়ে যায়নি। তেমনি কেউ অনেককে অনেক টাকা ঋণ দিয়েছে; তার ছেলেমেয়েরা জানল না, ওয়ারিশরা জানতে পেল না, আর দেনাদাররাও দিল না; তাহলে তার ওয়ারিশরা বঞ্চিত হয়ে গেল। তার দায়িত্ব হলো এটাও জানিয়ে যাওয়া যে অমুক জায়গায় আমি এত টাকা পাব। দেনা-পাওনা থাকলে, অথবা অনেকের আমানত তার কাছে থাকলে, সেই আমানতের তালিকা সবসময় ওসিয়ত আকারে লিখে রাখতে হবে। এই ক্ষেত্রে ওসিয়তের কার্যকারিতা এখনো আছে, এটা রহিত হয়নি।

নিজের সম্পত্তিতে যারা অংশীদার হবে, তারা কতটুকু পাবে, আল্লাহ তাআলা পরের আয়াতে তার ফয়সালা করে দিয়েছেন; আলাদা করে তা লেখার আর দরকার নেই। কিন্তু দেনা-পাওনা, মানুষের আমানতের হক ইত্যাদি যদি কিছু বাকি থাকে, তাহলে সেটার গুরুত্ব এখনো আছে; ওটা রহিত হয়নি।

দুই রাত ওসিয়ত ছাড়া নয়

একথাকে আরও নিশ্চিত করছে আরেকটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:

مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ لَهُ شَيْءٌ يُوصِي فِيهِ يَبِيتُ لَيْلَتَيْنِ إِلَّا وَوَصِيَّتُهُ مَكْتُوبَةٌ عِنْدَهُ

একজন মুসলমানের দায়িত্ব, অবশ্য কর্তব্য হলো, তার যদি ওসিয়ত করার মতো কিছু থাকে, তাহলে সে অবশ্যই ওসিয়ত করবে; দুটি রাতও যেন ওসিয়ত ছাড়া পার না হয়, ওসিয়তটি তার কাছে লেখা থাকবে।

তার মৃত্যুর পর তার ওয়ারিশরা তা দেখবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবে, দেনা-পাওনার ক্ষেত্রে এবং আমানতের ক্ষেত্রে। সেজন্য অনেক সাহাবী এটাকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন, যদি এরকম কিছু করার থাকে।

ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস শোনার পর বললেন, আমি যেন ওসিয়ত ছাড়া দুই রাত পার না করি। এই হাদিস শোনার পর থেকে আমি আর কখনো গাফলতি করিনি, দুটি রাত পার হতে দিইনি; আমার ওসিয়ত আমি সবসময় প্রস্তুত রেখেছি। বিশেষ করে যাদের অনেকের সঙ্গে অর্থনৈতিক লেনদেন রয়েছে, তাদের ক্ষেত্রে এটা জরুরি।

এতিম নাতি-নাতনি ও অসহায় আত্মীয়

আরও কিছু বিষয় আছে যেখানে ওসিয়ত করা লাগে। যেমন, ধরা যাক কারো তিন ছেলে, পাঁচ মেয়ে আছে। তার জীবিত অবস্থায় একটি ছেলে বা মেয়ে মারা গেল, আর তার ঘরে নাতি-নাতনি আছে। এরা সরাসরি দাদা-দাদি বা নানা-নানির সম্পত্তি থেকে কিছু পাবে না; যেহেতু তাদের বাবা দাদার মৃত্যুর আগেই মারা গেছে, তারা আর অংশীদার হলো না। কিন্তু শরীয়ত উৎসাহিত করেছে যে এই এতিমদের জন্য কিছু ওসিয়ত করে লিখে দিয়ে যাওয়া হোক। এই এতিমদের সাহায্য করার সুযোগ আছে, এটা জায়েজ; আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। এই ক্ষেত্রে ওসিয়ত করে লিখে যাওয়াকে কেউ কেউ বলেছেন মুস্তাহাব, কেউ কেউ বলেছেন ওয়াজিব। তাদের জন্য একটা অংশ লিখে যাওয়া উচিত। এজন্য দেনা-পাওনার ক্ষেত্রে এবং এ ধরনের ক্ষেত্রে ওসিয়ত করা এখনো অত্যন্ত জরুরি।

এরকম ওসিয়ত ওয়ারিশদের বাইরে করা জায়েজ আছে, কিন্তু কোনো ওয়ারিশকে ওসিয়ত করা যাবে না। ছেলে, মেয়ে, মা, বাবা, যারা পাবে এবং কোরআন শরীফে যাদের অংশ নির্দিষ্ট করে দেওয়া আছে, তাদের জন্য বাড়তি ওসিয়ত করা ঠিক নয়; এটা হাদিসের খেলাফ। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ওয়ারিশ হয়ে গেছে, এমনিতেই পাবে, তার জন্য আবার আলাদা করে ওসিয়ত করে বাড়তি কিছু দিয়ে যাওয়া ঠিক নয়, জায়েজ নয়।

কাউকে যদি কিছু ওসিয়ত করতেই হয়, যেমন এমন কোনো আত্মীয় আছে, যে ছেলেও নয়, মেয়েও নয়, ওয়ারিশও নয়, কিন্তু ঘনিষ্ঠ আত্মীয়, খুব অসহায়, গরিব, মিসকিন, এতিম; যেমন একটা ভাতিজা আছে, অথবা ওই যে নাতির কথা বলা হলো যার বাবা মারা গেছে, কিংবা যেকোনো ঘনিষ্ঠ আত্মীয়। কেউ চিন্তা করল, আমার তো অঢেল সম্পত্তি আছে, এই বেচারা তো কিছুই পাবে না, আমি তাকে কিছু দিয়ে যাই। একটা গরিব ভাতিজা আছে, একটা গরিব ভাগ্নে আছে, তাকে কিছু ওসিয়ত করা যায়। সুযোগ আছে; আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন।

এক-তৃতীয়াংশের সীমা

কিন্তু এই ওসিয়ত মারুফের সাথে হতে হবে। এত বেশি দেওয়া যাবে না যে ওয়ারিশদের চেয়েও বেশি দিয়ে ফেলা হলো; তাহলে তা সীমালঙ্ঘন হয়ে গেল, মারুফের সাথে হলো না। মারুফ মানে উত্তম তরিকা। উত্তম তরিকায় কতটুকু ওসিয়ত করা যায়? সম্পত্তির সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ থেকে ওসিয়ত করা যাবে, এর বেশি নয়।

একটি হাদিসে এসেছে, সাহাবী সা’দ রাদিয়াল্লাহু আনহু বললেন, “ইয়া রাসূলাল্লাহ, আমার যথেষ্ট সম্পত্তি আছে, কিন্তু ওয়ারিশ আমার একটিমাত্র মেয়ে। তার এত সম্পত্তি লাগবে না। আমি একটু বেশি পরিমাণ দিয়ে যেতে চাই। কতটুকু পরিমাণ আমার জন্য জায়েজ আছে, কতটুকু দেওয়া ঠিক হবে?” তিনি বললেন, “আমি চাই তিন ভাগের দুই ভাগ ওসিয়ত করে গরিব, আত্মীয়স্বজন ও বিভিন্ন খাতে দিয়ে যাই; আর তিন ভাগের এক ভাগ আমার মেয়ের জন্য যথেষ্ট হবে।” নবীজি বললেন, “না, এটা ঠিক হবে না। তুমি ওয়ারিশকে ঠকাবে। ওয়ারিশের হক নষ্ট করে এত বেশি দেওয়া ঠিক হবে না।” তিনি বললেন, “তাহলে কি অর্ধেক দিতে পারব? অর্ধেক হলেও আমার মেয়ের জন্য অনেক হয়ে যাবে।” নবীজি বললেন, “সেটাও তোমার জন্য ঠিক হবে না।” “তাহলে কি তিন ভাগের এক ভাগ ওসিয়ত করতে পারব?” নবীজি বললেন, “সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ। তবে তিন ভাগের এক ভাগও একটু বেশিই হয়ে যায়। এর বেশি তুমি দিতে পারবে না।” অর্থাৎ সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ, সেটাও বেশি; তবুও আল্লাহ তাআলা হয়তো তিন ভাগের এক ভাগ পর্যন্ত অনুমতি দেবেন।

তারপর তিনি হাদিসে আরও বললেন, তুমি তোমার ওয়ারিশদেরকে একটু স্বাচ্ছন্দ্যের হালতে, সচ্ছল অবস্থায়, সম্বলসহ রেখে যাবে। অর্থনৈতিকভাবে বিত্তশালী রেখে যাওয়া অনেক ভালো। বেশি করে দান-খয়রাত করে দিয়ে তাদেরকে গরিব বানিয়ে গেলে, আর দরকার হলে তারা মানুষের কাছে হাত পাতা শুরু করল, এই অবস্থার তুলনায় নিজের ছেলেমেয়েকে কিছু সম্পদের অধিকারী করে রেখে যাওয়া আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয় কাজ।

ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার পর বলতেন, ওয়ারিশদের বাইরে যদি ওসিয়ত করতেই হয়, তবে লোকেরা তিন ভাগের এক ভাগ না করে সর্বোচ্চ চার ভাগের এক ভাগ করলেই আমার কাছে ভালো লাগে। কারণ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ভাগের এক ভাগ অনুমতি দিলেও মন্তব্য করেছেন যে তিন ভাগের এক ভাগ বেশ বেশি হয়ে গেল। সেই কথা থেকে বোঝা যায়, একটু কম করলে তিনি বোধহয় খুশি হতেন; চার ভাগের এক ভাগ পর্যন্তই করা উচিত। যাই হোক, হাদিসে যেহেতু তিন ভাগের এক ভাগের অনুমতি দেওয়া হয়েছে, কোনো অবস্থাতেই যেন এর চেয়ে বেশি না হয়।

অন্যায় ওসিয়তের পরিণতি

এভাবে ওসিয়তের অনুমতি পাওয়া গেল। কিন্তু ওসিয়তের ক্ষেত্রে কেউ যেন কখনো সীমালঙ্ঘন না করে। অনেক সময় ওসিয়তে সীমালঙ্ঘন করা হয়, আর এটা অনেক বড় ধরনের গুনাহ। নিজের মৃত্যুর পর সম্পত্তি কে কতটুকু পাবে, তা বরাদ্দ ও বণ্টন করতে গিয়ে যদি কোনো ধরনের হেরফের করা হয়, তবে যিনি মৃত্যুবরণ করছেন, তার জন্য তা বিরাট গুনাহ।

হাদিসে এসেছে, দেখা যায় কোনো মানুষ সারাজীবন অনেক নেক কাজ করে, সত্তর বছর পর্যন্ত নেক আমল করে গেল, আল্লাহ তাআলার ইবাদত করে গেল। আর মৃত্যুর আগে ওসিয়ত লিখে গেল, কিন্তু সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে উল্টাপাল্টা করে ওসিয়তে সীমালঙ্ঘন করল, কোরআন-হাদিসের বাইরে কিছু করে বসল; অমুককে বেশি দিল, অমুককে কমিয়ে দিল। তখন এই শেষ আমলের কারণে, এই উল্টাপাল্টা ওসিয়তের কারণে, তার আমলনামায় বদ আমল হিসেবে, গুনাহর আমল হিসেবে সিল মারা হয়ে যায়, আর এই সিলের কারণে সে জাহান্নামে চলে যায়। এত বছরের ইবাদত সব বেকার হয়ে গেল। আবার কোনো লোক দেখা যায় সারাটা জীবন, সত্তর বছর পর্যন্ত উল্টাপাল্টা করেছে, ঠিকমতো ইবাদত করেনি, গুনাহর মধ্যে লিপ্ত ছিল। কিন্তু মৃত্যুর আগে যখন দেখল তার সম্পত্তি নিয়ে উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা আছে, তখন তা ঠিক করার জন্য কোরআনের তরিকা অনুযায়ী উইল করে গেল, ওসিয়ত করে গেল। ঠিকমতো বণ্টন করে দেওয়ার কারণে তার আমলের সিল মারা হয় নেক আমল হিসেবে, আর এ কারণে সে জান্নাতে চলে যায়।

একটি রাতের দরবার

আমাদের সমাজে অনেক মানুষের ক্ষেত্রে এ নিয়ে অনেক সমস্যা দেখা যায়। আমার মসজিদের কাছেই একবার অনেক রাতে একটা দরবার মীমাংসা করতে আমাকে যেতে হয়েছিল, কিন্তু সমাধান করতে পারিনি। এক ছেলে বা এক মেয়ে দাবি করছে, বাবা বা মা তাকে সম্পত্তি দিয়ে গেছে। বাকিদেরকে বঞ্চিত করে সে পুরোটা ভোগ করছে, আর তার দাবি অনুযায়ী মা নাকি বাকি ছেলেমেয়েদের বঞ্চিত করে তাকে দিয়ে গেছেন। একথা যদি সত্য হয়, তাহলে মায়ের এখন কোথায় থাকার কথা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই সন্তান মায়ের সম্পত্তি ভোগ করে মাকে জাহান্নামে জ্বালানোর জন্য একেবারে এক পায়ে খাড়া। এই বুঝটুকু নেই যে, আহারে, আমার মা ভুল করে গেছেন; আমি সম্পত্তিটা ভাইবোনের মধ্যে ভাগ করে দিই।

এই দেশে সম্পত্তি ও উইল

বিশেষ করে যারা একটা ঘর কেনেন, কখনো দুটো ঘরও কেনেন, আর ছেলেমেয়ে আছে তিনজন, চারজন, পাঁচজন। এক ঘরে নিজে থাকেন, সেই ঘরে এক ছেলে বা মেয়েও থাকে, আর ওই অবস্থায় ইন্তেকাল করেন। যে থাকে সে এর মালিকানা কতটুকু পাবে, যারা থাকে না তারা কতটুকু পাবে, এগুলোর কিছুই ফয়সালা করে যান না। এমন কেস অনেক আছে; আমি একাধিক কেস পেয়েছি। পরবর্তী পর্যায়ে এগুলো ভাইবোনের মধ্যে বড় ধরনের সমস্যা সৃষ্টি করে।

বাংলাদেশে বা মুসলিম দেশগুলোতে একটা সুবিধা আছে: আদালতে মুসলিম পারিবারিক আইন কার্যকর আছে। মুসলিম দেশগুলোতে কয়েকটি জায়গায় এখনো ইসলামি আইন অনুসরণ করা হয়: এক নম্বর বিবাহের ক্ষেত্রে, দুই নম্বর তালাকের ক্ষেত্রে, তিন নম্বর সম্পদের ক্ষেত্রে, ওয়ারিশরা কে কতটুকু পাবে। এসব ক্ষেত্রে এখনো ইংরেজি আইন নয়, বাংলা আইনও নয়, ইসলামি আইন আছে, আর সেই আইন অনুযায়ী কোর্ট ফয়সালা দেয়। কিন্তু এই দেশে কোর্ট-কাছারিতে গেলে ইসলামি শরীয়ত মতো ফয়সালা দেবে না। এই দেশে আবার উইলের অনেক রকম আইন আছে।

সেজন্য যারা বাড়িঘর কিনেছেন, বিশেষ করে এই দেশে একটা বা দুটো বাড়ি কিনেছেন, তারা যদি সবাইকে ঠিকভাবে ভাগ করে দিয়ে না যান, তাহলে মৃত্যুর পর এই বাড়ি নিয়ে ছেলেমেয়েদের মধ্যে সমস্যা সৃষ্টি হবে, এটা খেয়াল রাখা দরকার। এর সমাধান কী? সমাধান হলো ইসলামি তরিকায় উইল করা।

নিজেও উল্টাপাল্টা ওসিয়ত করা যাবে না, একজনকে সব দিয়ে যাওয়া যাবে না, একজনকে মালিক বানিয়ে যাওয়া যাবে না। ওসিয়ত মানে শুধু মুখে বলে যাওয়া নয়; কার্যত কাকে মালিক বানিয়ে যাচ্ছেন, মৃত্যুর পর কে পাবে, সেটাই আসল। শরীয়ত মতো ফর্মুলা রেখে না গেলে আসলে ভুল ওসিয়ত করে যাওয়া হলো, আর সত্তর বছর ইবাদত করেও জান্নাতে যাওয়া গেল না। তাহলে এই দেশের আইনের সঙ্গে মিলিয়ে কোন তরিকায় কোরআন-হাদিসের ফর্মুলা অনুযায়ী ব্যবস্থা করা যায়, এ ব্যাপারে অভিজ্ঞ সলিসিটরদের সাহায্য নিয়ে, যারা এদেশে সম্পত্তি করেছেন, ঘরবাড়ি কিনেছেন, তারা এই ব্যবস্থা করে যাবেন। এ বিষয়ে বিশেষজ্ঞ আইনজীবী আছেন। তারা জানেন, এদেশের আইনের সঙ্গে কোন তরিকায় উইল করলে উইলটি শরীয়তের বণ্টনকে কভার করবে; এর একটা তরিকা আছে, আলহামদুলিল্লাহ।

তাহলে নিশ্চিন্তে দুনিয়া থেকে যাওয়া যাবে। এক নম্বর, সন্তানসন্ততিরা এ নিয়ে লড়াই করল না, তাদের সম্পর্কের অবনতি ঘটল না। দুই নম্বর, বেইনসাফি কায়েম করে গুনাহগার হয়ে আল্লাহ তাআলার কাছে যেতে হলো না।

সন্তানদের মধ্যে ইনসাফ

অনেকেই সন্তানদের মধ্যে এরকম বেইনসাফি করে ওসিয়ত করে। অনেকে ছোট ছেলেকে খুব মহব্বত করে তাকে সব দিয়ে যায়; কিংবা বড়টাকে বেশি মহব্বত করে তাকে সব দিয়ে যায়; কিংবা মাঝখানেরটাকে বেশি মহব্বত করে তাকে বেশি দিয়ে যায়। এটা করা ঠিক নয়।

এক সাহাবী তাঁর এক সন্তানকে নিয়ে এলেন: “ইয়া রাসূলাল্লাহ, আমার এই ছেলেটাকে আমি খুব মহব্বত করি। আমার একটা ক্রীতদাস আছে, গোলাম আছে। আমি চাই, আমি মরে গেলে এটা তাকে দিয়ে যাব।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তোমার প্রত্যেক ছেলেমেয়েকে কি এরকম একটা করে ক্রীতদাস দিয়ে যাচ্ছ?” তিনি বললেন, “তা না, আমার তো এতগুলো নেই; শুধু একেই দিচ্ছি।” তখন তিনি বললেন, “এমন একটা অন্যায় কাজের সাক্ষী বানাতে এসেছ আমাকে? খবরদার! তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো।”

আমাদের অনেক পরিবারেও সন্তানের প্রতি বেইনসাফি করা হয়। এক্ষেত্রে কেউ কেউ বলবেন: ইনসাফ করব কেমন করে? একটা ছেলে বা মেয়ে আমাদের এত খেদমত করল, টাকা-পয়সা দিয়ে সাহায্য-সহযোগিতা করল; আরেকটা বড় দুষ্ট, আমাদের জন্য কিছুই করল না, আলাদা থাকল, সবকিছু নিজের জন্য করল, আমাদের বিপদ-আপদে এগিয়ে এলো না; তাকে সমান অধিকার দিই কেমন করে? এরকম অভিযোগ কেউ কেউ করতে পারেন, আর এমন ঘটনা কিছু ঘটেও। তাহলে এর সমাধান কী? আপাতদৃষ্টিতে সমান দেওয়াকে তো এক রকম বেইনসাফি মনে হয়।

সেবা ও বিনিয়োগের হিসাব

এক্ষেত্রে নিয়ম হলো: কাউকে ভালো লাগে, সে একটু বেশি মহব্বত করে, এ কারণে তাকে বাড়তি দেওয়া যাবে না। কোনো ছেলে বা মেয়ে শারীরিকভাবে খেদমত করেছে, অন্তর দিয়ে মহব্বত করেছে, খোঁজখবর নিয়েছে, এর বিনিময়ে দোয়া ছাড়া আর কিছু বাড়তি দেওয়ার সুযোগ নেই।

কিন্তু যদি এমন হয় যে কোনো ছেলে এই বাড়ি কিনতে দশ হাজার পাউন্ড বা বিশ হাজার পাউন্ড দিয়েছে, আর আরেক ছেলে এক পয়সাও দেয়নি, তাহলে কি সমান অধিকার হবে? না। তখন কী করতে হবে? যে দশ হাজার বা বিশ হাজার দিয়েছে, তার অংশটা সমন্বয় করে নিতে হবে। সে যে দশ হাজার বা বিশ হাজার দিয়েছিল, তা একটা বিনিয়োগ হয়েছে; মৃত্যুর পর সম্পত্তিটির দাম এত টাকা হতে পারে, তাহলে তার বিনিয়োগের একটা আলাদা হিস্যা সে পাবে, তার নিজের অংশের অতিরিক্ত হিসেবে। এর একটা অর্থনৈতিক ফর্মুলা বের করা যায়, আর এটা জায়েজ। সে যে বাড়তি দিয়েছে, বাড়তি বিনিয়োগ করেছে, তার জন্য তাকে বাড়তি দেওয়া যাবে, তবে সেই হিসাব অনুযায়ী, এর চেয়ে বেশি নয়। ওই বাড়তি দেওয়ার কারণে যতটুকু পেতে পারে, ততটুকুই সে তার নিজের অংশের বাইরে অতিরিক্ত পাবে। এর একটা ফর্মুলা সুন্দরভাবে বের করা সম্ভব, কারণ ইসলাম ইনসাফ চায়; কোনো কিছুই বেইনসাফির ভিত্তিতে হোক, ইসলাম তা চায় না।

এজন্য যা হয়: কেউ বললেন, অমুক ছেলে আমাকে বিশ হাজার পাউন্ড দিয়েছে; আরেক ছেলে বলে, এক পয়সাও দেয়নি, অযথা বলা হচ্ছে। এর প্রমাণ কী? তাই এগুলো সব লিখিত হওয়া দরকার, প্রমাণ থাকা দরকার, সাক্ষী ও স্বাক্ষর থাকা দরকার। লিখে যেতে হবে: আমার অমুক ছেলে এই সম্পত্তি কেনার কাজে আমার জন্য বিশ হাজার পাউন্ড দিয়েছে, আরেকজন দিয়েছে দশ হাজার পাউন্ড; আমি চাই আমার মৃত্যুর পর এই সম্পত্তিতে তাদের এই অবদানকে বিনিয়োগ হিসেবে ধরে তা পরিশোধ করা হোক, তারপর বাকিটা সবার মধ্যে বণ্টন করা হোক। দরকার হলে সাক্ষী-প্রমাণসহ প্রয়োজনবোধে উইলের মধ্যেই এটাকে অন্তর্ভুক্ত করে দিয়ে যেতে হবে।

অনেক ঘরবাড়ি নিয়েই মৃত্যুর পর এরকম সমস্যা হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। এগুলো আগেই মীমাংসা করে নেওয়া দরকার। এ ধরনের ক্ষেত্রে উইল করা, ওসিয়ত করা এখনো ফরজ। আর যারা এরকম জায়গাজমি বা বাড়িঘর কেনেননি, যাদের এমন সমস্যা নেই, তাদের জন্য তা ফরজ নয়; তাদের দায়িত্ব হালকা হয়ে গেছে। যারা বাড়িঘর কিনেছেন, তাদের দায়িত্ব একটু বেশি ভারী হয়ে গেছে, আর এই দায়িত্ব পালন করে যেতেই হবে।

যে আয়াতটি মানসূখ হয়ে গেছে, যার হুকুম চলে গেছে, সেখানে বলা হয়েছিল “হাক্কান আলাল মুত্তাকীন”, এটা মুত্তাকীদের উপর দায়িত্ব। ওয়ারিশদের অংশের বাইরে যদি এ জাতীয় লেনদেনের সমস্যা থাকে, তাহলে এটা মুত্তাকীদের উপর হক।

ওসিয়ত পরিবর্তনকারী ও সংশোধনকারী

ওসিয়ত করে একজনকে দায়িত্ব দিয়ে যাওয়া হয়: আমি ওসিয়ত করে গেলাম, ওসিয়তনামাটি একজনের হাতে দিয়ে বলে গেলাম, তুমি এই ওসিয়ত কার্যকর করবে, আমার মৃত্যুর পর তুমি এভাবে জিনিসগুলো বণ্টন করে দেবে। যার কাছে দায়িত্ব দিয়ে যাওয়া হলো, তার দায়িত্ব হলো সেই ফর্মুলা অনুযায়ী সবকিছু কার্যকর করা।

এখন একজন লোক ওসিয়ত করে গেছে, আমানতের দায়িত্ব একজনকে দিয়ে গেছে। কিন্তু সেই লোক ওসিয়তের মধ্যে হেরফের করে ফেলল। বলা ছিল একজন মিসকিনকে, একজন এতিমকে এতটুকু দিতে; সে তা কমিয়ে দিল অথবা বাড়িয়ে দিল। ওসিয়তটি তার কাছে গোপন ছিল, মৃত্যুর পর বের করা হয়েছে; সাধারণত মৃত্যুর পরেই ওসিয়ত বের করা হয়। তখন দেখা গেল, এই লোক কলম চালিয়ে সংখ্যা বাড়িয়েছে বা কমিয়েছে। ওয়ারিশরা দেখল, কী ব্যাপার, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, অমুককে এত বেশি দেওয়া হয়ে গেছে। এরকম উল্টাপাল্টা কেউ করলে, যে বেচারা সহিহ তরিকায় ওসিয়ত করে গেছে, সে গুনাহগার হবে না; যে ব্যক্তি এই পরিবর্তন ঘটাল, সে-ই গুনাহগার হবে। আল্লাহ তাআলা সব শোনেন ও জানেন: যিনি ওসিয়ত লিখে গেছেন তিনি কী করেছিলেন, কী বলেছিলেন, সব শোনেন ও জানেন; কে পরিবর্তন করল, কী করল, সেটাও আল্লাহ তাআলা শোনেন ও জানেন।

আবার কেউ ওসিয়ত করে চলে গেছে, আর যার কাছে ওসিয়ত রেখে গেছে সে দেখল, হায়রে! বেচারা তো হাদিসের বাইরে কাজ করে গেছে; যাকে দেওয়ার কথা ছিল না, তাকে বেশি দিয়ে গেছে। তখন সে কী করবে? আত্মীয়স্বজনকে ডেকে বলবে: দেখো, তোমাদের আব্বা বা আম্মা ওসিয়তে ভুল করে গেছেন, শরীয়তের ফর্মুলার বাইরে কাজ করেছেন। তাঁকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এসো, আমরা তাঁর ওসিয়তটি বদলে শরীয়তের ফর্মুলা অনুযায়ী বণ্টন করি। এভাবে বণ্টন করতে গিয়ে ওসিয়ত বদলানো হলে, সেই ব্যক্তির কোনো গুনাহ হবে না। “ইন্নাল্লাহা গাফূরুর রাহীম”, আল্লাহ তাআলা অনেক কিছু মাফ করেন, তিনি বড় দয়ালু।

ওসিয়তের এই গুরুত্ব আমাদের বোঝার চেষ্টা করা দরকার, যেন কেউ ওসিয়তে উল্টাপাল্টা করে গুনাহগার না হয়। আমাদের সমাজে অনেকেই এই কাজ করেন; তাদের কাছে এই ইলম পৌঁছে দেওয়া দরকার। অনেকে জীবনেও এই কথাগুলো শোনেননি, জানেননি যে ওসিয়তে উল্টাপাল্টা করে গেলে সত্তর বছরের দ্বীনদারির জিন্দেগি বেকার হয়ে যায়, জাহান্নাম নিশ্চিত হয়ে যায়। এটা জানার পর কয়জনের দুঃসাহস হবে ওসিয়তে উল্টাপাল্টা করার? কিন্তু না জানলে করে ফেলবে: অমুক ছেলেকে বেশি পছন্দ করি, তাকে বেশি দিয়ে যাই; অমুক মেয়েকে বেশি পছন্দ করি; অমুককে অপছন্দ করি। অপছন্দ করলেই এভাবে বঞ্চিত করা ঠিক নয়।

ত্যাজ্যপুত্রের ধারণা

অনেকে আবার ত্যাজ্যপুত্র করেন। ত্যাজ্যপুত্রের কোনো ধারণা ইসলামি শরীয়তে নেই; এটা কোথা থেকে কীভাবে চালু হলো? ইসলামি শরীয়তে পুত্রকে ত্যাজ্য করার কোনো নিয়ম নেই। যতক্ষণ পর্যন্ত সে ইসলাম থেকে খারিজ না হয়ে যায়, ততক্ষণ সে সম্পত্তির ওয়ারিশ হবে। সে গুনাহ করেছে, বেয়াদবি করেছে, অন্যায় করেছে; এর জন্য আল্লাহ তাআলার কাছে তার যথেষ্ট শাস্তি রয়েছে। কিন্তু দুনিয়াতে তাকে বঞ্চিত করে দেওয়া চলবে না। কোরআনে যে আইন আছে, আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করছেন: তোমাদের সম্পত্তিতে ছেলেরা পাবে মেয়েদের দ্বিগুণ। এটা কোরআনের কথা। ত্যাজ্যপুত্র করে তাকে বঞ্চিত করলে কোরআনের কথা রাখা হলো না, বরং উল্টে দেওয়া হলো। কাজেই এটা বড় কবিরা গুনাহ; এটা জায়েজ নয়।

তবে যদি সে দ্বীন ছেড়ে দেয়, বেদ্বীন হয়ে যায়, আল্লাহ মাফ করুন, যদি সে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ বা অন্য কোনো ধর্মে চলে যায়, তাহলে সে আর সম্পত্তি থেকে পাবে না। আরেকটি হাদিসে আছে, যদি কোনো সন্তান তার পিতাকে খুন করে, তাহলে সেই ঘাতক সন্তান পিতা-মাতার সম্পত্তির ওয়ারিশ হবে না। হাদিস এই দুটি ক্ষেত্রকে খারিজ করে দিয়েছে। এছাড়া আর কোনো কারণে ত্যাজ্যপুত্র করে খারিজ করে দেওয়ার কোনো বিধান ইসলামি শরীয়তে নেই।

পালক সন্তান

এরপর, পালকপুত্রকে এনে সন্তানের মতো ওয়ারিশ বানানো কি জায়েজ? নয়। সে ওয়ারিশ হবে না, তাকে সমান ভাগ দেওয়া যাবে না। তবে কেউ যদি কোনো এতিম সন্তানকে নিজের ছেলে বা মেয়ের মতো লালনপালন করে, আর তাকে কিছু দিতে চায়, যে বেচারা তো অসহায় হয়ে যাবে, তাকে কিছু দিয়ে দিই, তখন তিন ভাগের এক ভাগ থেকে তাকে ওসিয়ত করা যাবে; তাও ছেলেমেয়েদের সঙ্গে একটু সলাপরামর্শ করে, যাতে ব্যাপারটি ফিতনার কারণ না হয়ে যায়।

অনেক সময় মানুষ পালকপুত্র বা পালক সন্তান বানায়। এই পালক সন্তান কারো ঘরে পালিত হওয়ার কারণে সরাসরি তার ওয়ারিশ হয় না। সে ওয়ারিশ হয় তার জন্মদাতা মা-বাবার। যে মা-বাবা তাকে জন্ম দিয়েছে, অন্যের ঘরে পালিত হলেও শরীয়তে তাদের সম্পত্তিতে তার অংশ বরাদ্দ করা আছে; সে সেখানে পাবে, সেখানে পাওয়া উচিত। সেই মা-বাবার তাকে বঞ্চিত করা জায়েজ নয়।

পালক সন্তান যদি নিজের সন্তানের মতোই লালিত-পালিত হয়ে বড় হয়, তাহলে ছেলেমেয়েদের বুঝিয়ে তাকে কিছু দেওয়া জায়েজ আছে, সর্বোচ্চ এক-তৃতীয়াংশ। এমনকি সন্তানরা রাজি না হলেও সর্বোচ্চ এক-তৃতীয়াংশ দেওয়া যাবে, এর বেশি নয়।

ইলম অর্জনের দায়িত্ব

এই মাসআলাগুলো কি আমাদের সমাজে জানা আছে? জানা নেই। তাহলে ইসলামের কতটুকু আমরা শিখলাম, আর কতটুকু বাকি আছে, একটু বসে বসে হিসাব করা দরকার। হিসাব করলে দেখা যাবে, অনেক বাকি রয়ে গেছে। আমরা মনে করি অনেক শিখে ফেলেছি: দাড়ি সাদা হয়ে গেছে, অনেকদিন নামাজ পড়েছি, অনেকদিন কোরআন তেলাওয়াত করেছি। কিন্তু ইলমের অনেক জরুরি জিনিস বাকি রয়ে গেছে। এজন্য কোরআন-হাদিস পড়ে পড়ে, শুনে শুনে, ফিকহের মাসআলাগুলো শিখে শিখে ইলম শেখার যাত্রা অব্যাহত রাখতে হবে। নামাজ কীভাবে পড়তে হয়, পাক-পবিত্র কীভাবে হতে হয়, এরকম কিছু মাসআলা শিখে ফেলেছি; কিন্তু এর মধ্যেই ফরজ ইলম শেষ হয়ে যায় না।

এরকম ক্ষেত্রে ইলম না থাকার কারণে যদি উল্টাপাল্টা করে ফেলি, তাহলে আল্লাহর কাছে মাফ পাওয়ার উপায় নেই। যদি বলি, আল্লাহ, আমি তো করেছি, নিয়ত তো খারাপ ছিল না, মাসআলা তো জানতাম না, মাফ করে দিন; একথা বললে কি মাফ পাওয়া যাবে? দুনিয়ায় যখন আমরা গাড়ি চালাই, কোথাও ভুল জায়গায় গাড়ি পার্ক করলে টিকিট লাগিয়ে দেয়। যদি বলি, আমি তো খেয়াল করিনি যে ওখানে সাইনবোর্ড ছিল, তাহলে কি মাফ করে? করে না।

এজন্যই তো আগেই বলে দেওয়া হয়েছে:

طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ

ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। [উৎসে এটি “আল্লাহ তাআলা বলে দিয়েছেন” বলে উল্লেখিত।]

ইলম না শিখলে কোনো ফরজ আদায় হবে না, তাই সেই ইলম শেখাও ফরজ:

مَا لَا يَتِمُّ الْوَاجِبُ إِلَّا بِهِ فَهُوَ وَاجِبٌ

যা ছাড়া কোনো ওয়াজিব পূর্ণ হয় না, তাও ওয়াজিব। যে ইলম না শিখলে একটা ফরজ দায়িত্ব আদায় করা যায় না, সেই ইলম শেখাও ফরজ। এখান থেকে আমরা শিখলাম, পালকপুত্র বা পালক সন্তানের ব্যাপারে আমাদের কীভাবে ভুল বোঝাবুঝি হয়ে যায়।

অভাবী সন্তানকে বেশি দেওয়া

এখন ধরা যাক, ছেলেমেয়েদের মধ্যে এক-দুজন খুব ভালো অবস্থানে আছে, আর এক-দুজন খুব গরিব। মৃত্যুর সময় কেউ চাইলেন: আমার দু-চারজন ছেলেমেয়ে তো ধনী, বেশ ভালো আছে, অনেক টাকা-পয়সা আছে, মাশাআল্লাহ; একটা-দুটো ছেলে খুব অসহায় আছে; তাদেরকে একটু বেশি দিতে পারি কি না?

এক্ষেত্রে কোরআনের আয়াত বলছে:

لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ

পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান।

ছেলেমেয়েদের ক্ষেত্রে আল্লাহ একটা নিয়ম বরাদ্দ করে দিয়েছেন, সেখানে সমানভাবে বরাদ্দ করে দিয়েছেন: ছেলে পাবে মেয়ের দ্বিগুণ; প্রত্যেক ছেলে সেই অনুযায়ী পাবে, মেয়েরা সেই তরিকায় পাবে। আবার হাদিস আছে, “লা ওয়াসিয়্যাতা লি ওয়ারিস”, ওয়ারিশকে ওসিয়ত করে বাড়তি দেওয়া জায়েজ নয়। একটি কোরআনের আয়াত, আরেকটি হাদিস, এই দুটি টেক্সটের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ ওলামা বলেছেন এটা জায়েজ নয়।

কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দয়ার্দ্র মত দিয়েছেন। তিনি বলেছেন, যদি ওয়ারিশদের সঙ্গে পরামর্শ করে তাদের রাজি করানো যায়, যেমন বলা হলো: দেখো বাবারা, তোমরা তো মাশাআল্লাহ কেউ লন্ডন গিয়েছ, কেউ আমেরিকা গিয়েছ। আমার এই ছেলেটা দেশে আছে, আমার দেখাশোনা করেছে। তোমরা টাকা-পয়সা দিয়ে ঠিকই সাহায্য করেছ, কিন্তু এভাবে আমার দেখাশোনা করতে পারোনি; সে সবসময় আমার দেখাশোনা করেছে, বাড়িঘর দেখাশোনা করেছে। সে একটু কষ্টে আছে, আমি তাকে একটু বেশি দিই; বাবা-মা, তোমরা আমাকে একটু অনুমতি দাও। এভাবে বুঝিয়ে-শুনিয়ে দিয়ে গেলে তাকে কিছু বাড়তি দেওয়া জায়েজ আছে। তবে খেয়াল রাখতে হবে, তা যেন আবার জুলুমের পর্যায়ে না যায়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এই ফতোয়া দিয়েছেন, আর আশা করা যায় এতে গুনাহ হবে না, ইনশাআল্লাহ।