বনী ইসরাঈলকে দেওয়া নিদর্শন

سَلْ بَنِي إِسْرَائِيلَ كَمْ آتَيْنَاهُم مِّنْ آيَةٍ بَيِّنَةٍ ۗ وَمَن يُبَدِّلْ نِعْمَةَ اللَّهِ مِن بَعْدِ مَا جَاءَتْهُ فَإِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

বনী ইসরাঈলকে জিজ্ঞেস করুন, আমি তাদের কত সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। আর আল্লাহর নেয়ামত আসার পর যে তা পরিবর্তন করে ফেলে, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর।

আল্লাহ রাব্বুল আলামীন বনী ইসরাঈলকে অনেকগুলো আয়াত দিয়েছেন। এই আয়াতের অর্থ কী? আয়াতের একটা অর্থ কিতাবের আয়াত: কোরআন শরীফের এত নম্বর আয়াত, এত নম্বর আয়াত। কিন্তু আয়াত শব্দের মূল অর্থ চিহ্ন, সাইন; আয়াতের শেষে একটা চিহ্ন থাকে; কত আয়াত পড়লেন। কোরআন শরীফের আয়াতের এই নামকরণ পরে হয়েছে; মূল আরবি ভাষায় আয়াতের অর্থ চিহ্ন, নমুনা, উদাহরণ।

আল্লাহ তাআলা বলেন, বনী ইসরাঈলকে জিজ্ঞেস করুন, তাদের আমি কী কী আয়াত দান করেছিলাম; আমার কত নিদর্শন, কত চিহ্ন দিয়েছিলাম; তাদের কত গায়েবি সাহায্য করেছিলাম; তাদের জীবনে কত মিরাকল, কত রকম মুজিযা ঘটেছে, আর বনী ইসরাঈল কী কী দেখেছে। নবী মূসা আলাইহিস সালামকে পাঠানোর পর আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে অনেকগুলো মুজিযা দেখিয়েছেন। ঈসা [উৎসে যেমন বলা] আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাঁর হাতের লাঠিটা বিশাল অজগর সাপ বানিয়ে দিলেন, আর তা জাদুকরদের সব সাপ খেয়ে ফেলল; একবার বিশাল একটি স্টেডিয়ামের মধ্যে এই প্রদর্শনী হয়েছিল; পরিষ্কার আয়াত। নবী মূসা আলাইহিস সালাম পকেটে হাত ঢুকিয়ে বের করলে হাতটা নূরানি হয়ে জ্বলজ্বল করত, আলো ঝলমল করত; আরেকটি চিহ্ন যে তিনি আল্লাহর নবী। এভাবে আরও অনেক সংকেত তাদের দিয়েছিলেন: অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তারপর বিভিন্ন রকম সংকেত এসেছে।

সবচেয়ে বড়টা হলো ফিরআউন, এত বড় মহাশক্তিশালী কিছু একটা হয়ে গিয়েছিল; সেই জমানায় যে ব্যক্তি দাবি করেছিল:

أَنَا رَبُّكُمُ الْأَعْلَىٰ

আমিই তোমাদের সবচেয়ে বড় রব।

এত তার দাপট; সেই ফিরআউনকে আল্লাহ তাআলা তাদের চোখের সামনে ডুবিয়ে মেরেছেন, আর সেই একই জায়গা দিয়ে মূসা আলাইহিস সালাম ও তাঁর উম্মতকে সুন্দরভাবে পার করে নিয়ে এসেছেন। সেই লোহিত সাগর পাড়ি দিয়ে তারা কী সুন্দর নিরাপদে পার হয়ে এলেন! আর এত বড় শক্তির অধিকারী ফিরআউন তার সৈন্যবাহিনীসহ তাদের সামনে হাবুডুবু খেয়ে মরল। এগুলো আল্লাহ তাআলার অনেক বড় বড় নেয়ামত, নিদর্শন, উদাহরণ, চিহ্ন ছিল।

বনী ইসরাঈল কি এগুলো দেখেছে? দেখে তো আল্লাহ তাআলার প্রতি তাদের কৃতজ্ঞতা, শুকর আদায় এবং ঈমান বৃদ্ধি পাওয়ার কথা ছিল। তাদের জিজ্ঞেস করুন, কী কী পরিষ্কার সুস্পষ্ট আয়াত তাদের দিয়েছিলাম। কিন্তু এগুলো পাওয়ার পর তারা কী করল?

তূর পাহাড়ের সত্তরজন

বারবারই তারা উল্টে যায়। এগুলো পাওয়ার কিছুদিন পর একটা বাছুরের পূজা শুরু করে দিল। মূসা আলাইহিস সালামকে বলতে শুরু করল: আচ্ছা, আপনি যে বলেন আল্লাহ তাআলা আপনার কাছে ওহী নাযিল করেন, আপনি শোনেন, আর আপনার আল্লাহ বলেন, আমরা তো কিছুই দেখলাম না; আপনার কাছে ওহী আসে, নাকি অন্য কিছু আসে, কীভাবে বিশ্বাস করি? এত কিছু দেখার পর, আল্লাহর এত রহমত ও কুদরত দেখার পর উম্মত এই কথা বলে!

এরপর আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমাদের লোক পাঠাও, তারা দেখবে। তূর পাহাড়ে গেল সত্তরজন, তাদের প্রতিনিধি, দেখার জন্য, সাক্ষী হওয়ার জন্য। আল্লাহ তাআলা তূর পাহাড়ে কথা বলছেন, মূসা আলাইহিস সালাম শুনতে পাচ্ছেন, আর তারাও দেখছে যে কথার আওয়াজ তাদের কানে আসছে; আল্লাহ তাআলা সরাসরি কথা বলছেন; মূসা কালীমুল্লাহ, আল্লাহ তাআলা তাঁর সঙ্গে সরাসরি কথাবার্তা বলছেন। এখন এই দুষ্টু সত্তরজন বলে: কথা তো শুনলাম, দেখলাম তো না; এখানে আল্লাহ বলছেন, নাকি অন্য কেউ বলছে, তা কীভাবে বুঝব; নাকি কোনো জিন-ভূত বলছে, তাও তো বুঝি না, নাউজুবিল্লাহ; আল্লাহ তাআলাকে খোলাখুলি দেখান; পরিষ্কারভাবে দেখা দিলে তবেই বিশ্বাস করব।

এ কথা শোনার পর আল্লাহ তাআলার আর সহ্য হলো না। আল্লাহ তাআলা পাহাড়ে একেবারে ভূমিকম্প এনে দিলেন, বজ্রপাতের মতো ঘটে গেল; তারা সবাই ওখানেই মরে পড়ে ধ্বংস হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বললেন: আল্লাহ, আপনি এদের সবাইকে মেরে ফেললেন; এখন আমি তাদের কাছে কী নিয়ে যাব? এরা সাক্ষী হতে এসে বেয়াদবি করে সবাই মরে গেল; এখন আমার উম্মত আমাকে বলবে, এদের নিয়ে ষড়যন্ত্র করে কোথায় কীভাবে মেরেছ, সেই কথা বলো। আল্লাহর নবী উম্মত নিয়ে কী বিপদে আছেন, দেখুন! তারপর আল্লাহর কাছে দরখাস্ত দিলেন: আল্লাহ, এদের বাঁচিয়ে দিন, অন্তত সাক্ষী হিসেবে নিয়ে যাই; আর এরা মরে আবার বাঁচলে বুঝবে, মরে বুঝেছি যে জিনিসটা আসলেই সত্য ছিল। আল্লাহ তাআলা তখন আবার তাদের জীবিত করে দিলেন।

এভাবে আল্লাহ তাআলা তাদের কত চিহ্ন, কত নমুনা, কত উপমা দেখালেন, এত নিদর্শন দেখালেন; দেখার পরও তাদের নাফরমানি যায় না। মূসা আলাইহিস সালাম নিজে আখেরি নবীর ব্যাপারে ওসিয়ত করে গেছেন, ঈসা আলাইহিস সালামও ওসিয়ত করে গেছেন: শোনো, আমার পরে অনেক বড় আখেরি নবী আসবেন, সবচেয়ে বড় নবী; এমন খবর পেলেই সবাই ঈমান এনে ফেলবে; খবরদার! সমস্ত নবীই আখেরি নবীর কথা ওসিয়ত করে গেছেন; উম্মত তা জানে, কিন্তু তারা তা গ্রহণ করল না।

নেয়ামতকে কুফরিতে রূপান্তর

সেই কথাই আল্লাহ তাআলা বলছেন: যারা আল্লাহ তাআলার নেয়ামত আসার পর তা পরিবর্তন করে ফেলে, নেয়ামতকে কুফরিতে রূপান্তরিত করে ফেলে। নেয়ামতের দাবি হলো আরও বেশি স্বীকৃতি দেওয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকর আদায় করা; তা না করে যারা কুফরির দিকে চলে যায়, তাদের জানা উচিত, নিশ্চয়ই আল্লাহ তাআলা অনেক কঠিন শাস্তি দিতে সক্ষম।

কিন্তু অনেকেই নেয়ামত পেয়ে শুকর আদায় করে না। নেয়ামত পেলে অনেককে দেখা যায় শুকরগুজার না হয়ে উল্টে যায়, বরং স্পর্ধা বেড়ে যায়; যত পায়, তত স্পর্ধা বাড়ে; তাকাব্বুর, অহংকার, দাপট বেড়ে যায়; জুলুম-নির্যাতন বেড়ে যায়; আল্লাহ তাআলার প্রতি কোনো কৃতজ্ঞতাই প্রকাশ করে না; সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদকে নিজের বাহাদুরি মনে করে। এজন্য মানুষ কোনো নেয়ামত পেলে, নেয়ামত পাওয়ার আগে কোন অবস্থায় ছিল, তা স্বীকার করা উচিত।

নারিকেলের মালা

একটা গল্প আবার মনে করিয়ে দিই; আমাদের সবার জন্য এতে শিক্ষা আছে। বাংলাদেশে একজন বড় শিল্পপতি ছিলেন, রাহিমাহুল্লাহ; ইন্তেকাল করেছেন অনেক আগে, পাঁচ-সাত-দশ-পনেরো বছর আগে। বিশাল শিল্পপতি; নাম বললে অনেকেই চিনবেন, আমি নাম বলব না। আল্লাহ তাআলা তাঁকে খুব ছোট অবস্থা থেকে অনেক অনেক বড় করেছিলেন।

আমার এক ঘনিষ্ঠ আত্মীয়, অত্যন্ত শ্রদ্ধেয় মুরুব্বি, ওই শিল্পপতির সঙ্গে তাঁর খুব সম্পর্ক ছিল। সেই মুরুব্বি তাঁর বাড়িতে গেলেন; ঢাকার অভিজাত এলাকায় বিশাল দামি বাড়ি। সেই বাড়ির এক কোণে একটা নারিকেলের মালা ঝুলানো আছে। তিনি বললেন, এই মালাটা কী? এটা ঝুলিয়ে রেখেছেন কেন? শিল্পপতি বললেন, এর একটা ইতিহাস আছে। কী ইতিহাস? আমার বাবা ছিলেন ফকির; এই মালাটা দিয়ে ভিক্ষা নিতেন। সেখান থেকে আল্লাহ তাআলা আজ আমাকে কোথায় এনেছেন, আপনি দেখতে পাচ্ছেন। আমার ভেতরে যেন কখনো তাকাব্বুর না আসে, আমার ছেলেমেয়েদের মধ্যেও যেন না আসে; তাদের শিক্ষা নেওয়ার জন্য মালাটা বারবার দেখাই, নিজেও দেখি, যেন আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আসে। সুবহানাল্লাহ!

লোকটা কত বুদ্ধিমান! আল্লাহ তাআলার নেয়ামতকে তিনি স্বীকার করেছেন; এমন লোক নেককার লোক। আমাদের অনেকের জীবনেও আল্লাহ তাআলার কুদরতে অনেক কিছু অর্জিত হয়েছে। শুধু নিজের কৃতিত্বের দিকে তাকালে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কিছুই থাকবে না; আসলে সমস্ত কৃতিত্ব আল্লাহ তাআলার; তিনিই আমাদের দান করেছেন। অন্যদেরও আমাদের মতোই বুদ্ধি আছে, আকল আছে, অথচ অনেকেই আজ কষ্ট ভোগ করছে; আর আল্লাহ তাআলা আমাদের অনেক কিছু দান করেছেন।

কুফর শব্দের অর্থ

যে ব্যক্তি আল্লাহ তাআলার নেয়ামতকে কুফরির দিকে নিয়ে যায়, অস্বীকার করে; কুফর শব্দের আসলে দুটি-তিনটি অর্থ। এক অর্থ চাষ করা; এজন্য আরবিতে কৃষককে বলে কাফির। কৃষক যখন তার ফসল দেখে, ফসল ফুলে-ফলে শোভিত হয়ে উঠলে খুব খুশি হয়ে যায়। কৃষককে কাফির বলে কেন? কারণ সে লুকিয়ে ফেলে; কুফর মানে আসলে ঢেকে ফেলা। কী লুকায়? বীজকে মাটির নিচে লুকিয়ে রাখে; বপন করলে তা মাটির নিচে লুকিয়ে যায়; এজন্য কাফির মানে কৃষক।

আর দ্বীনের ক্ষেত্রে কাফির হলো যে দ্বীনকে মানে না; যে রবকে তার মানার কথা, তাঁকে সে অস্বীকার করে, স্বীকার করে না; সে সত্যকে ঢেকে ফেলল, ঈমান আনে না। আর আরেকটা অর্থ অস্বীকারকারী; কুফরি করা মানে অস্বীকার করা। দ্বীনের দৃষ্টিতে যে কাফির দ্বীনকে মানে না, সে আল্লাহকে মানতে অস্বীকার করে; আর কোনো নেয়ামত স্বীকার না করলেও সে নেয়ামতের কুফরি করে।

এজন্য অন্য আয়াতে এসেছে, “লাইন শাকারতুম লাআযীদান্নাকুম”: তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, স্বীকৃতি দাও, আল্লাহ তাআলার নেয়ামতের স্বীকৃতি দিলে আল্লাহ আরও বাড়িয়ে দেবেন; আর অস্বীকার করলে আমার আজাব কঠিন। এখানে দুই অস্বীকারই হতে পারে: নেয়ামতের অস্বীকার, আর ঈমান আনতে অস্বীকার।

এখানে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি নেয়ামত পাওয়ার পর আল্লাহর নেয়ামত পরিবর্তন করে ফেলে, মানে শুকরিয়া করে না, উল্টো অকৃতজ্ঞতা প্রকাশ করে, স্পর্ধা দেখায়, তাকাব্বুর ও অহংকার প্রকাশ করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দেবেন। এজন্য মনে রাখতে হবে, যারা আল্লাহর পক্ষ থেকে অনেক নেয়ামত পেয়েছে, ধন-মাল-সম্পদ, বিদ্যা-বুদ্ধি, সামাজিক প্রতিপত্তি, ক্ষমতা, তারা যদি স্পর্ধা দেখায়, তাকাব্বুর করে, আল্লাহর শুকর আদায় না করে, তাহলে অচিরেই তারা আল্লাহর কাছে ধরা পড়বে। এই কাজ বনী ইসরাঈল করেছিল; এই উম্মত যেন এই কাজ না করে, সেজন্য আল্লাহ তাআলা বনী ইসরাঈলের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন: তাদের অস্বীকৃতি থেকে তোমরা শিক্ষা নাও, তাদের মতো নাফরমান হয়ো না।

দুনিয়ার আকর্ষণ ও মুমিনদের উপহাস

এরপর আল্লাহ রাব্বুল আলামীন আরও স্মরণ করিয়ে দিচ্ছেন, যারা অকৃতজ্ঞতা প্রকাশ করে, দুনিয়াদার হয়ে আল্লাহর নেয়ামত আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদের কথা। আল্লাহ তাআলা সম্পদ দান করলে তা আল্লাহর রাস্তায় খরচ করাও কৃতজ্ঞতার অন্যতম বাস্তব তরিকা; আল্লাহ তাআলা ক্ষমতা দিলে মানুষের উপকার করা, ইনসাফ কায়েম করা, জুলুম দূর করা দায়িত্ব হয়ে পড়ে; তা না করলে অকৃতজ্ঞতা প্রকাশ পায়।

زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا الْحَيَاةُ الدُّنْيَا وَيَسْخَرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا ۘ وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ ۗ وَاللَّهُ يَرْزُقُ مَن يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ

যারা কুফরি করেছে, তাদের কাছে দুনিয়ার জীবন সুশোভিত করে দেখানো হয়েছে, আর তারা ঈমানদারদের নিয়ে উপহাস করে। অথচ যারা তাকওয়া অবলম্বন করেছে, কেয়ামতের দিন তারা তাদের উপরে থাকবে। আর আল্লাহ যাকে চান, অপরিমিত রিজিক দান করেন।

যারা এগুলো করে না, বরং দুনিয়ার এসব পেয়ে আরও লোভী হয়ে যায়, তাদের মধ্যে আরও লোভ, আরও কৃপণতা আসে। যারা কুফরি করেছে, দুনিয়ার জীবন তাদের সামনে বড় আকর্ষণীয় করে উপস্থাপিত হয়েছে; তাদের কাছে দুনিয়াটা এত মজার; দুনিয়ার কিছু ত্যাগ করা যায় না, কুরবান করা যায় না, দান-খয়রাত করা যায় না, কারণ দুনিয়া এত আকর্ষণীয়, এত লোভনীয়; দিলেই তো একটু কমে যাবে। শুধু পুঞ্জীভূত করে ধরে রাখতে, জমা করে রাখতে, সম্পদের পাহাড় গড়তে চায়; এর কোনো সীমা থাকে না; লোভ যত বাড়ে, আরও বাড়ে, একটুও কমে না; দুনিয়ার সম্পদের মধ্যে এমন আকর্ষণ আছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন:

زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ

মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির আকর্ষণ: নারী, সন্তান, আর সোনা-রুপার স্তূপীকৃত ভাণ্ডার।

আর যারা ঈমানদার, তাদের সঙ্গে তারা কী করে? উপহাস করে। ঈমানদাররা আল্লাহর রাস্তায় দান-খয়রাত করে; এরা বলে, বোকা নাকি, এত পয়সা দিয়ে দেয়? এই পয়সাগুলো তার কাছ থেকে চলে গেল; বুদ্ধিমান হলে কি পয়সা দেয়? তারা মনে করে, যে কাজে পয়সা দিলে পয়সা আসবে, সেখানেই বিনিয়োগ করবে; দিলেই যেখান থেকে এখন নগদ ফেরত আসছে না, সেখানে বিনিয়োগ করবে না।

আমাদের মসজিদের স্লোগান: “Invest for your আখেরাত”, আখেরাতের জন্য পুঁজি বিনিয়োগ করুন। এখানে নগদ, এক টাকা দিলে কালকে দুই টাকা আসছে না; কিন্তু আল্লাহ তাআলা আখেরাতে অনেক বেশি করে দেবেন।

করযে হাসানা

مَّن ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرَةً

কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, তাহলে তিনি তার জন্য তা বহুগুণ বাড়িয়ে দেবেন?

আল্লাহ তাআলা তাকে আখেরাতে অনেক বেশি, দ্বিগুণ-দ্বিগুণ করে পরিশোধ করবেন। এখানে কোরআন শরীফে যে করযে হাসানার কথা বলা হয়েছে, তা দুনিয়ার ঋণ নয়। দুনিয়ায় যে ঋণ দিই, তাকেও আমরা করযে হাসানা বলি; কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফে এখানে করযে হাসানা বলতে দান বুঝিয়েছেন; এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। অনেকে মনে করে, এই আয়াতে দুনিয়ার করযে হাসানার অনেক ফজিলত বলা হয়েছে; আসলে এই আয়াতে তা বলা হয়নি।

অবশ্য সাধারণভাবে আমরা যে করযে হাসানা দিই, মসজিদকে দিই, ঠেকে যাওয়া অসহায় মানুষকে দিই, এরও অনেক ফজিলত হাদিসে এসেছে, একথা ঠিক; কারণ অসহায় মানুষকে করযে হাসানা না দিলে সে বড় বিপদে পড়ে যাবে, বাধ্য হয়ে সুদের দিকে যাবে, অথবা খুব অসহায় অবস্থায় পড়ে যাবে। এজন্য একে অপরকে করযে হাসানা দেওয়া, প্রয়োজন বুঝে মসজিদ-মাদ্রাসাকে করযে হাসানা দেওয়া খুব ফজিলতের; অনেক সময় দান করার চেয়েও করযে হাসানার ফজিলত বেশি হয়ে যায়, কারণ লোকটি বেশি ঠেকে গেছে।

কিন্তু আল্লাহ তাআলা দানকে করযে হাসানা কেন বলেছেন? আল্লাহ তাআলা বলছেন: তোমরা মনে করো দান করলে তো দিয়েই দিলাম, আর আমার কাছে ফেরত আসবে না। কাউকে দান করলে কি তা ফেরত নেওয়ার আশা করতে পারেন? আমাকে তিন বছর পর ফেরত দিয়েন, তাহলে তো দান হলো না। আল্লাহ তাআলা বলেন: আমার রাস্তায় যখন দান করো, মনে করো আমাকে করযে হাসানা দিয়েছ; দান করে দিয়ে শেষ করে ফেলেছ, এমন বুঝো না; আমি তোমাকে সব পরিশোধ করব। কেমন পরিশোধ করব? অনেক বেশি বেশি করে, দ্বিগুণ-দ্বিগুণ, কত গুণ যে গুণ করে দেব! দান-খয়রাত করলে আসলে আমাদের কাছ থেকে তা শেষ হয়ে যায় না; আখেরাতে আমরা নিজেরা সব ফেরত পাব, অনেক বেশি পরিমাণে; এ কথা বোঝানোর জন্য আল্লাহ তাআলা দানকে করযে হাসানা বলেছেন।

মদিনার মুনাফিক ও দানের সমালোচক

মুমিনরা যখন দান-খয়রাত করে, তখন মদিনার মুনাফিকরা এবং এখনো পৃথিবীতে যারা অবিশ্বাসী আছে, তারা বলে, এত টাকা কেন দেয়? তারা নিজেদের অতি বুদ্ধিমান মনে করে; শুধু ব্যবসায় বিনিয়োগ করবে, দান করবে না; কোথায় দিলে বেশি লাভ হবে, শুধু এই চিন্তা; বলে, পাগল নাকি, এত পয়সা দিয়ে দেয়? বিনিয়োগ করলে তো দ্বিগুণ-দ্বিগুণ আসত! ঈমানদারদের নিয়ে তারা উপহাস করে, মশকরা করে, ঠাট্টা করে।

মদিনার মুসলমানরা কীভাবে দান করতেন? মুনাফিকরা মাঝেমধ্যে শুধু পরিচয় প্রকাশ হয়ে না পড়ার জন্য কিছু দিতে বাধ্য হতো; কিন্তু যখন দেখত মুসলমানরা সব দিয়ে দেয়, এত বিরাট পরিমাণ দিয়ে দেয়, গরিব মানুষও দিয়ে দিচ্ছে, তখন তা নিয়ে উপহাস করত: নিজের তিন পয়সা নেই, দিতে চায় ছয় পয়সা! যেমন তাবুকের যুদ্ধের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু যা ছিল সব নিয়ে এসেছেন; উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক নিয়ে এসেছেন; সাহাবীরা এভাবে দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বাহিনীর সাজসরঞ্জাম, খাবার-দাবার কয়েকশ উটের বোঝা ভর্তি করে দিলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: উসমান যা করলেন, যা দিলেন, আজ থেকে তাঁর আর কোনো চিন্তা নেই, তিনি কী আমল করলেন, তাঁর নাজাত পাওয়ার আর কোনো চিন্তা নেই; আল্লাহ তাআলা তাঁর দান এভাবে কবুল করেছেন। মুসলমানরা এভাবে দেয় দেখে মুনাফিকরা বলত: আরে, নিজের নেই, তবুও দেয়; ফুটানি করে দেখাতে চায়, নাম কুড়াতে চায়; এভাবে সমালোচনা করত।

আমাদের সমাজেও কিছু লোক আছে, নিজেরা দান করে না, আর কেউ দিতে চাইলে তার সমালোচনা করে, তার মনে ওয়াসওয়াসা সৃষ্টি করে, বিভিন্নভাবে উল্টাপাল্টা মন্তব্য করে। মসজিদে মাঝেমধ্যে আল্লাহর ঘরের জন্য চাইতে হয়, যেমন সাতাশের রাতে চাওয়া হয়। কিছু লোক আছে, মাশাআল্লাহ দেন; কিছু লোক দেবেন কি দেবেন না, চিন্তা-ভাবনা করেন; আর কিছু লোক আগে থেকেই চিন্তা করে আসেন যে দেবেনই না। যারা দেবে না, তারা অন্যদের খোঁচা দেয়: দেখেন, খালি পয়সা চায়, এত পয়সা দিয়ে কী করে আল্লাহই জানেন! এই নেতিবাচক মন্তব্য করে মানুষের মন খারাপ করে দেয়; যে বেচারা দিতে চাচ্ছিল, তার মনে ওয়াসওয়াসা সৃষ্টি করে দিল; আর বলে, যারা দেয় তারা বোকা, বোঝে না পয়সা দিয়ে কী করা হয়। এমন কাজ যারা করে, তারা কত অন্যায় কাজ করে! এটা আসলে মুনাফিকদের কাজ হয়ে যায়।

আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানদার, তাদের নিয়ে তারা ঠাট্টা-মশকরা করে; তারা যে আল্লাহর রাস্তায় দান-খয়রাত করে, তা এরা বোঝে না; আসলে এরা মুমিনদের উপহাস করে: এমনিতেই অবস্থা ভালো না, ঠিকমতো নিজে খেতেই পায় না, তার মধ্যে আবার দান করার ফুটানি দেখায়!

কেয়ামতের দিন মুত্তাকীদের মর্যাদা

আল্লাহ তাআলা মুমিনদের সান্ত্বনা দিয়ে বলেন: আজ যাদের তারা উপহাস করে, ঠাট্টা-মশকরা করে, কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামীন সেই মুত্তাকীদের তাদের উপরে কেমন অবস্থান দেবেন, তারা কি জানে? আল্লাহ তাআলা তাদের কী শান দান করবেন? আজ যাদের তারা উপহাস করছে, বিদ্রূপ করছে, আল্লাহ তাআলা তাদের বড় শানদার অবস্থানে রাখবেন।

“ওয়াল্লাহু ইয়ারযুকু মাই ইয়াশাউ বিগাইরি হিসাব”: আল্লাহ রাব্বুল আলামীন যাকে চান, অপরিমিত রিজিক দান করেন। আল্লাহ তাআলা রিজিকের মালিক; রিজিক আল্লাহ তাআলাই দান করেন। আল্লাহ তাআলা রিজিক দিয়ে আমাদের পরীক্ষা করেন: শুধু নিজের জন্য জোগাই, নিজের জন্য জমা করি, শুধু ভবিষ্যতের কথাই চিন্তা করি, নাকি আল্লাহর রাস্তায় দান করি, আল্লাহ তাআলা তা পরীক্ষা করে দেখেন। আমাদের মধ্যে কিছু ভাই আছেন, এই পরীক্ষায় পাস করে ফেলেছেন, মাশাআল্লাহ নিয়মিত দান করেন, মাসে, সপ্তাহে; আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন। আর কিছু লোকের হাত থেকে ছয় মাস, নয় মাসেও সহজে বের হয় না; পরীক্ষা হচ্ছে। আল্লাহ তাআলা যাদের দান কবুল করেন, তাদের যে কী পুরস্কার দেবেন, কী রিজিক দান করবেন, তার কোনো শেষ নেই।

দান কমায় না

একটি হাদিসে এসেছে:

أَنْفِقْ يَا ابْنَ آدَمَ أُنْفِقْ عَلَيْكَ

হে আদম সন্তান, তুমি খরচ করো, তোমার জন্যও খরচ করা হবে।

অর্থাৎ এই খরচের বদলা তোমাকে আখেরাতে প্রচুর পরিমাণে দেওয়া হবে; তুমি খরচ করো, এটা বেকার যাচ্ছে না, তোমার কাছেই ফিরে আসবে।

আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:

أَنْفِقْ، وَلَا تَخْشَ مِنْ ذِي الْعَرْشِ إِقْلَالًا

খরচ করো, আর আরশের অধিপতির কাছ থেকে কমে যাওয়ার ভয় করো না।

তুমি খরচ করতে থাকো; আর যিনি আরশের অধিপতি, আরশের মালিক, তুমি দিতে গেলে তাঁর কাছ থেকে কমে যাবে, এমন চিন্তা করো না।

আরেকটি হাদিসে তিনি বলেছেন:

مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ

সদকা কখনো সম্পদ কমায় না।

আল্লাহর কসম করে বলি, সদকা, দান-খয়রাত করলে তোমার সম্পদ কোনোদিন কমে যাবে না।

আরেকটি হাদিসে এসেছে, প্রতিদিন সকালে আল্লাহ রাব্বুল আলামীন দুইজন ফেরেশতা পৃথিবীতে নাযিল করেন; তারা এসে পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলেন। আমরা তাদের ডাক শুনি না, কিন্তু হাদিসে এই খবর দেওয়া হয়েছে, আর আমরা তা ইয়াকীন করি:

اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الْآخَرُ: اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا

একজন বলেন: হে আল্লাহ, ব্যয়কারীকে তার বিনিময় দান করুন। আরেকজন বলেন: হে আল্লাহ, কৃপণের সম্পদ ধ্বংস করে দিন।

এক ফেরেশতা দোয়া করেন: আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে, তাকে আপনি বেশি বেশি দিতে থাকুন। আরেক ফেরেশতা দোয়া করেন: আল্লাহ, যে ধরে রাখে, দেয় না, একেবারে কৃপণতা করে, তার মাল থেকে আপনি বরকত উঠিয়ে নিন। ফেরেশতাদের দোয়া কি আল্লাহ কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন।

আল্লাহ রাব্বুল আলামীন নিজে কোরআনে পাকের অন্য আয়াতে ইরশাদ করেছেন:

وَمَا أَنفَقْتُم مِّن شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ

তোমরা যা কিছু ব্যয় করো, তিনি তার বিনিময় দেন।

দুনিয়া তার ঘর, যার কোনো ঘর নেই

অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:

الدُّنْيَا دَارُ مَنْ لَا دَارَ لَهُ، وَمَالُ مَنْ لَا مَالَ لَهُ، وَلَهَا يَجْمَعُ مَنْ لَا عَقْلَ لَهُ

দুনিয়া তার ঘর, যার কোনো ঘর নেই; তার সম্পদ, যার কোনো সম্পদ নেই; আর দুনিয়ার জন্য সে-ই জমা করে, যার আকল নেই।

যে ব্যক্তি শুধু দুনিয়ার ঘর বানায়, আখেরাতের ঘর বানায় না, তার আসলে ঘর নেই; সে আসলে ঘর বানাচ্ছে না; এই দুনিয়ার ঘর কয়দিন থাকবে, আমিই বা কয়দিন থাকব? কিন্তু যদি জান্নাতে ঘর বানায়! আর যে ব্যক্তি শুধু দুনিয়ার মাল-সম্পদ জোগাড় করে, আখেরাতের সম্পদ জোগাড় করে না, সে বড় ফতুর হয়ে গেল; দুনিয়ার সম্পদ কয়দিন থাকবে, সে জানে না; দুনিয়ার সম্পদ পড়ে থাকবে, সে নিজে কয়দিন টিকে থাকবে, তাও জানে না। আর যে ব্যক্তি আখেরাতের সম্পদ জোগাড় করে ফেলল, সে-ই আসলে সম্পদের মালিক হয়ে গেল। কম আকলওয়ালা লোক শুধু দুনিয়ার জন্য সম্পদ জোগাড় করে; আর যার বেশি আকল আছে, সে আখেরাতের জন্য জোগাড় করতে বেশি সময় দেয়।

পৃথিবীর মানুষের ধারণা তো উল্টো: যে ব্যক্তি দুনিয়াতে বিভিন্নভাবে সময় দিয়ে বেশি পয়সা বানিয়েছে, সবাই বলে, এই লোকের সাংঘাতিক বুদ্ধি আছে, পয়সা দিয়ে কীভাবে পয়সা বের করতে হয়, এমন বুদ্ধি আছে; তার বুদ্ধির স্বীকৃতি সে নিজেও দেয়, মানুষও দেয়। কিন্তু নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকার বুদ্ধিমান সেই ব্যক্তি, যে নফসকে নিয়ন্ত্রণ করল আর আখেরাতের জন্য বেশি মেহনত করল, মৃত্যুর পরের জন্য বেশি আমল করল; মানুষ এর উল্টোটা বোঝে।

দুই জীবনদর্শন

এখানে মানুষের মধ্যে মুমিনদের একটি দল আর তার বিপরীত আরেক দলের মনোভাবের কথা এলো: দুনিয়ার প্রতি মুমিনের দৃষ্টিভঙ্গি, তার জীবনের দর্শন; আর আখেরাতমুখী ঈমানদারের জীবনের দর্শন এত আলাদা কেন? মানুষ এত আলাদা হয়ে গেল কীভাবে? এই সব মানুষকে তো আল্লাহ একই আকল দিয়ে সৃষ্টি করেছেন; মানুষের বুদ্ধির তীক্ষ্ণতা হয়তো কিছু কম-বেশি হতে পারে, কিন্তু সাধারণ বুদ্ধিমান মানুষদের মধ্যে ভালো-মন্দ বোঝার ক্ষমতা তো সংখ্যাগরিষ্ঠের আছে: কোথায় হাত দিলে হাত আগুনে পুড়বে, কোথায় পা দিলে পা ফসকে যাবে, রাস্তায় কীভাবে গাড়ি চালালে দুর্ঘটনা হবে, কীভাবে চালালে হবে না, এতটুকু বোঝার মতো বুদ্ধি আল্লাহ তাআলা সবাইকে দান করেছেন; তবে যারা মানসিকভাবে প্রতিবন্ধী, আল্লাহ তাআলা তাদের বিশেষভাবে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু একই বুদ্ধিমান মানুষ কীভাবে দুই রকম দৃষ্টিভঙ্গির হয়ে গেল? কেউ কেন নাফরমান হয়ে গেল, কেউ কেন আল্লাহ তাআলার প্রতি ঈমানদার হয়ে গেল? পরের আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে এ বিষয়ে একটু স্মরণ করিয়ে দিচ্ছেন।

মানুষ ছিল এক উম্মত

كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيمَا اخْتَلَفُوا فِيهِ ۚ وَمَا اخْتَلَفَ فِيهِ إِلَّا الَّذِينَ أُوتُوهُ مِن بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ بَغْيًا بَيْنَهُمْ ۖ فَهَدَى اللَّهُ الَّذِينَ آمَنُوا لِمَا اخْتَلَفُوا فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِهِ ۗ وَاللَّهُ يَهْدِي مَن يَشَاءُ إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ

মানুষ ছিল এক উম্মত। তারপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে নবীদের পাঠালেন, আর তাদের সঙ্গে হক সহকারে কিতাব নাযিল করলেন, যাতে মানুষ যে বিষয়ে মতভেদ করেছিল, তাতে তা ফয়সালা করে দেয়। আর যাদের কিতাব দেওয়া হয়েছিল, সুস্পষ্ট প্রমাণ আসার পরও তারাই পরস্পরের প্রতি বিদ্বেষবশত তাতে মতভেদ করল। তখন যারা ঈমান এনেছিল, আল্লাহ নিজ অনুমতিতে তাদেরকে সেই সত্যের দিকে পথ দেখালেন, যে বিষয়ে তারা মতভেদ করেছিল। আর আল্লাহ যাকে চান, সরল পথের দিকে পরিচালিত করেন।

পৃথিবীর মানুষ, সমস্ত মানবজাতি ছিল “উম্মাতান ওয়াহিদাহ”, এক জাতি। এখন কি মানুষ আর এক জাতি আছে? কত জাতিতে বিভক্ত হয়ে গেছে! মানুষ কোন সময় এক জাতি ছিল? আদম আলাইহিস সালামের সময়। তারপর কতদিন চলেছে? ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি একটা পরিসর বের করেছেন, কতদিন পর্যন্ত মানুষের মধ্যে ঐক্য ছিল, সবাই এক উম্মত ছিল, এত উম্মতে বিভক্ত হয়নি: “বাইনা নূহিন ওয়া আদাম”, নূহ আলাইহিস সালাম আসার আগে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দশ প্রজন্ম। তারা মোটামুটিভাবে তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল; শিরক, মূর্তিপূজা, অন্য কোনো ধর্ম আবিষ্কারের দিকে মানুষ যায়নি; যদিও মানুষের মধ্যে গুনাহগার ছিল, নেককার ছিল। যেমন আদম আলাইহিস সালামের নিজের ছেলে হাবিল-কাবিলের মধ্যে নেককার আর গুনাহগার, দুই দলই পাওয়া গেছে; কিন্তু কাফির-মুশরিক কাউকে পাওয়া যায়নি, অন্য কোনো ধর্মের অস্তিত্ব আসেনি। আদম আলাইহিস সালামের পর দশ প্রজন্ম তারা ছিল উম্মাতান ওয়াহিদাহ: এক জাতি, এক মিল্লাত, এক দ্বীনের অনুসারী।

পরে এই দশ প্রজন্মের পর আস্তে আস্তে শিরকের সূত্রপাত হলো, মূর্তিপূজা এলো, বিভিন্ন ধর্মের উৎপত্তি শুরু হয়ে গেল; আর এই ইতিহাস মানুষের মধ্যে চলতে থাকল; বারবার বিভিন্ন ধর্ম, বিভিন্ন শিরক, বিভিন্ন কুফরি মতবাদ আসতে শুরু করল। তখন মানুষকে তাওহীদের দিকে আনার জন্য আল্লাহ তাআলা কী করলেন? আল্লাহ রাব্বুল আলামীন যুগে যুগে নবীদের পাঠালেন, পয়গম্বর পাঠালেন, “মুবাশ্শিরীনা ওয়া মুনযিরীন”, সুসংবাদ দেওয়ার এবং সতর্ক করার দায়িত্ব দিয়ে। আর তাঁদের সঙ্গে কিতাব পাঠালেন; শুধু নবী নয়, কিতাবসহ পাঠালেন। তাওরাত, যাবুর, ইঞ্জিলের আগেও বিভিন্ন নবীর কাছে অনেক কিতাব এসেছে, ছোট ছোট সহীফা এসেছে, ইবরাহীম ও মূসার সহীফার মতো অনেক সহীফা। ওহীসহ, কিতাবসহ নবী-রাসূলদের আল্লাহ তাআলা পাঠালেন “বিল হাক্ক”, হক কথাগুলো, হক দ্বীনকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার মতো শরীয়ত দিয়ে, যাতে নবী-রাসূলগণ এই কিতাব অনুযায়ী মানুষ যেসব বিষয়ে মতভেদ করেছে, তাতে সুন্দর, ইনসাফপূর্ণ, হক ফয়সালা করে দিতে পারেন।

এজন্য আদম আলাইহিস সালামের পর আল্লাহ রাব্বুল আলামীন নবী-রাসূলদের পাঠালেন; তারপর নূহ আলাইহিস সালামকে পাঠালেন; কিন্তু তাঁর সময়ে যথেষ্ট কাফির-মুশরিকের অস্তিত্ব ছিল; শেষ পর্যন্ত তাদের অনেকেই ঈমান আনেনি, দুশমনি করেছে; আর মহাপ্লাবনে তাদের কী পরিণতি হয়েছে, তা আমরা জানি। যখনই মানুষ মতভেদ করেছে, বিভিন্ন ধর্মের দিকে ছুটে গেছে, তখনই আল্লাহ তাআলা হেদায়েতের জন্য পরবর্তী পর্যায়ে আরেক নবী-রাসূল পাঠিয়েছেন। কিন্তু যখনই নবী-রাসূল এসেছেন, হক ফয়সালা আসার পরও মানুষ তাঁদের সঙ্গে দুশমনি করেছে, বিরোধিতা করেছে, দ্বিমত পোষণ করেছে, নাফরমানি করেছে, যুদ্ধ করেছে।

জেনে-বুঝে মতভেদ

যারা মতভেদ করেছে, তারা যে বিভ্রান্ত ছিল, হক বুঝতে পারেনি, তা নয়; বরং হক বোঝার পরও জেনে-বুঝেই অধিকাংশ সময় মানুষ দ্বীনের দুশমনি করে। হতে পারে কিছু লোক আসলে বোঝে না, তারা বিভ্রান্ত; কিন্তু পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোক বোঝে হক কোনটা আর না-হক কোনটা।

যেমন মক্কার কাফেররা: নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার পর, দাওয়াত শোনার পর, কোরআন তেলাওয়াত শুনে তাদের অনেকেই, সংখ্যাগরিষ্ঠই বুঝতে পেরেছিল যে এই নবী হকের উপর আছেন। আবু জাহলকে তার এক বন্ধু একান্তে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করল: আচ্ছা, তোমার এই আত্মীয়, তিনি কি সত্য নবী নন? তুমি কি আসলেই নিশ্চিত? সে বলল: কথা তো ঠিক; কিন্তু মুশকিল হয়ে গেল, দেখো, আমি হলাম বনু উমাইয়া অথবা বনু আবদে শামস [উৎসে যেমন বলা], আর তারা বনু হাশিম; বনু হাশিমের সঙ্গে আমাদের নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা বরাবর চলে আসছে; তার দাদা আব্দুল মুত্তালিব নেতৃত্ব পেল, আমার দাদা পেল না, আমার গোষ্ঠীতে হলো না; আবার বনু হাশিমের আবু তালিব, তার চাচা নেতা হয়ে গেল, সেটাও আমরা হারালাম; আবু তালিবের মৃত্যুর পর এখন আমরা মোটামুটি নেতৃত্বের অবস্থানে আছি বলা যায়; এখন দেখা যায়, বনু হাশিমের মধ্যে নবুয়তের খবর এলো; বনু হাশিম বলবে, নবুয়ত তো আমাদের মধ্যে; তারা যদি নবী পেয়ে যায়, তাহলে তো আমাদের নেতৃত্ব আর থাকে না। তাহলে মক্কার কাফেররা জেনে-শুনে দুশমনি করেছে।

মদিনায় কী হলো? সেখানকার ইহুদিরা সারা বছর বলত: দেখো, আখেরি নবী আসার আলামত আমরা দেখতে পাচ্ছি, শিগগিরই আখেরি নবী আসছেন; তোমরা যারা মুশরিক আছ, নবী তো আল্লাহর কাছ থেকে আসবেন, আমরা তো নবীর পক্ষের লোক হয়ে যাব; আমাদের সুদিন বেশি দূরে নেই, সুদিন আবার ফিরে আসবে। যখন আখেরি নবী এলেন, তারা দেখল, নবী তো ঠিক; কিন্তু আমরা তো মনে করেছিলাম বনী ইসরাঈল থেকে, ইসহাকের বংশ থেকে আসবেন; ইসমাঈলের বংশ থেকে তো হতে পারে না। এজন্য তাদের মধ্যে যারা বিভ্রান্ত ছিল, তারা তাদের পণ্ডিতদের জিজ্ঞেস করত: এই যে বিরোধিতা করছেন, ইনি কি আসলেই আখেরি নবী নন? আলামত তো আপনাদের কিতাবে লেখা আছে, আর তা তো মিলে যায়। তারা বলত: কিন্তু মুশকিল হয়ে গেল, আমাদের গোষ্ঠীতে আসেননি; আমাদের হাত থেকে সব চলে যাবে, তা হতে পারে না। তাহলে মানুষ জেনে-শুনে এগুলো করেছে।

এখনো যারা ইসলামের বিরোধিতা করে, মিডিয়াসহ অনেক কিছুতে, তাদের অনেকেই কি জানে না ইসলাম কী জিনিস? অনেকেই জানে, ইসলাম কতটা হক, কতটা আদর্শিক, এর কী শক্তি আছে, এর কত বিশ্বাসযোগ্য বার্তা আছে। পুঁজিবাদ ব্যর্থ, সমাজতন্ত্র ব্যর্থ; আর কোনটা কাজ করবে, তা নিজেরাও জানে না; দুনিয়ার অর্থনীতি কোনো দিক দিয়েই ঠিক করা যাচ্ছে না। তবুও কি মানুষ ইসলামের দিকে আসবে না? এত বদনাম সত্ত্বেও, এত কোণঠাসা করা সত্ত্বেও, মুসলমানদের এত দুর্বলতা সত্ত্বেও এখনো মানুষ ইসলাম কবুল করছে, কালেমা শাহাদাত পড়ছে।

সে কথাই আল্লাহ তাআলা বলছেন: দলিল-প্রমাণ, “বাইয়্যিনাত” পাওয়ার পরও তৎকালীন আহলে কিতাব, ঈসা আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত, দলিল-প্রমাণ পাওয়ার পরও অযথা মতভেদ করেছে, দুশমনি করেছে; “বাগইয়াম বাইনাহুম”, সীমালঙ্ঘন করে তারা এই কাজ করেছে। কাজেই যারা আজ ইসলামকে দুশমনির লক্ষ্যবস্তু বানিয়েছে, মিডিয়ায় ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে, তারা সীমালঙ্ঘন করছে। কখনো কোনো নামকরা রাজনীতিবিদ বলে বসেন, আসলে ইসলামের মধ্যেই সমস্যা আছে, এ কথা খোলাখুলি আলোচনা হওয়া দরকার, লুকোচুরির দরকার কী; কিছুদিন পর আবার বলেন, কোরআন শরীফের মধ্যেই সমস্যা আছে। বিভিন্ন সময়ে এগুলো আসছে; এতে বোঝা যায়, তারা সীমালঙ্ঘন করে এসব বলে। তারা দেখতে পাচ্ছে, ইসলামকে কোনোভাবেই থামানো যাচ্ছে না; এত অত্যাচার-নির্যাতনের পরও ইসলামের আলো সুযোগ পেলেই জ্বলজ্বল করে জ্বলতে থাকে।

“বিইযনিহী”: হেদায়েত আল্লাহর দান

আল্লাহ রাব্বুল আলামীন মানবজাতিকে বার্তা দিচ্ছেন: যে বিষয় নিয়ে মানুষ বিভ্রান্তি ও মতভেদ তৈরি করল, আল্লাহ তাআলা ঈমানদারদের সে বিষয়ে হেদায়েত দিয়ে দিলেন, মুমিনদের হেদায়েতের রাস্তায় নিয়ে এলেন, “বিইযনিহী”, হকের উপর নিয়ে এলেন; আল্লাহর হুকুমে তা সম্ভব হয়েছে।

আপনি যে ইসলামে আছেন, তা আপনার কুদরতে সম্ভব হয়েছে, নাকি আল্লাহর হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর এই হুকুম তো আমাদের প্রতি আল্লাহ তাআলার অনেক বড় এহসান। কীভাবে হয়েছে? আমাদের কি কষ্ট করতে হয়েছে? আল্লাহ তাআলা মুসলমানদের পরিবারে জন্ম দিয়ে, সুবহানাল্লাহ, এমন হুকুম করে দিলেন যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়ে আমাদের মুসলমান বানিয়ে দিলেন। আল্লাহর হুকুম ছাড়া এটা সম্ভব হতো না; আল্লাহ তাআলা কী মেহেরবানি করেছেন! এর শুকর কয়দিন আদায় করেছি? জন্ম যদি অন্য ধর্মের ঘরে হতো, কে গ্যারান্টি দিয়েছে যে লেখাপড়া করে মুসলমান হতেন? বইপুস্তক পড়ে কয়জন মুসলমান হয়?

এটা আমাদের কথা। আর যারা নতুন মুসলিম, লেখাপড়া করে যে কয়জন এসেছেন, সেখানেও তাদের জন্য আল্লাহ তাআলার “বিইযনিহী”, আল্লাহর হুকুমের দরকার ছিল; আল্লাহর পক্ষ থেকে তার জন্য অনুমোদন দেওয়া আছে। মাঝেমধ্যে যখন কেউ ইসলাম কবুল করতে আসে, অনেক সময় তরুণরা, বিশ-পঁচিশ-ত্রিশ বছরের, আমি তাদের বলি: দেখো, তোমার কপাল কত ভালো! তুমি এখনো তরুণ। তোমার বাবা আছেন, মা আছেন, তাঁরা এখনো ইসলাম নিয়ে চিন্তাও করেন না; তোমার ভাই আছে, চাচা আছে, কেউ চিন্তা করল না; আল্লাহ তাআলা তোমাকে এভাবে বাছাই করে নিয়ে এলেন, তোমার দিলকে ইসলামের জন্য খুলে দিলেন; তুমি কি চিন্তা করেছ তুমি কত বড় সৌভাগ্যের অধিকারী? আজ তুমি কালেমা পড়তে যাচ্ছ।

আল্লাহ রাব্বুল আলামীনই হেদায়েত দান করেন: “ফাহাদাল্লাহুল্লাযীনা আমানূ লিমাখতালাফূ ফীহি মিনাল হাক্কি বিইযনিহী”; যে বিষয় নিয়ে মানুষ অনেক মতভেদ করেছে, বিভিন্ন মতবাদ সৃষ্টি করেছে, বিভিন্ন ধর্মের ব্যাখ্যা-অপব্যাখ্যা করেছে, বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করেছে, মিডিয়া-প্রোপাগান্ডার ধূম্রজাল সৃষ্টি করেছে, আল্লাহর হুকুমে তা থেকে বেরিয়ে আসা সম্ভব হয়েছে। এজন্য মুসলমানদের আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ।

জান্নাতের সেই বাক্য এখনই

الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَٰذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ

সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের এর পথ দেখিয়েছেন; আল্লাহ যদি আমাদের পথ না দেখাতেন, আমরা কখনো পথ পেতাম না।

এ কথা বারবার বলতে হবে; কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, মুমিনরা জান্নাতে এ কথা বলবে: সেই আল্লাহর শুকর, যিনি আমাদের এই রাস্তায় হেদায়েত দিয়েছেন, যে রাস্তা আমাদের জান্নাতে নিয়ে এসেছে; আল্লাহ তাআলা হেদায়েত না দিলে আমরা কখনোই হেদায়েতের সন্ধান পেতাম না।

কেউ মজা করে বলতে পারে, এটা তো আমরা জান্নাতে পড়ব ইনশাআল্লাহ, জান্নাতের জন্যই রেখে দিই, এখানে পড়ার দরকার কী? আল্লাহ তাআলা যে জান্নাতে পড়ার কথা মনে করিয়ে দিলেন, তার মানে কি এখানে পড়ার দরকার নেই? এখানে পড়ার দরকার আছে; আয়াতটা মুখস্থ করে ফেলা দরকার। আজ এখানে পড়লে আমলনামায় যোগ হবে; আর জান্নাতে গেলে ইনশাআল্লাহ পড়বই, কিন্তু তখন তা আমলনামায় যোগ হবে না; তখন ইবাদতের জমানা পার হয়ে গেছে, তখন শুধু উপভোগের সময়। আজ পড়লে ইবাদত হয়ে যাবে; আজ শুকর আদায় করলে, “লাইন শাকারতুম লাআযীদান্নাকুম”।

আজ এই কথার স্বীকৃতি দিয়ে আল্লাহ তাআলার শুকর আদায় করতে গিয়ে যদি কখনো চোখে পানি আসে: আল্লাহ, তুমি আমাকে মুসলমান বানিয়ে আমার প্রতি কী এহসান করেছ! এ কথা যদি জীবনে একবার অন্তর দিয়ে মনে পড়ে, আর এই কথার কারণে চোখ দিয়ে দুই ফোঁটা পানি পড়ে, তাহলে আপনি কামিয়াব হয়ে গেছেন। যে ব্যক্তি আল্লাহর এহসান স্মরণ করে দুই ফোঁটা চোখের পানি ফেলেছে, সে আল্লাহ তাআলার কাছে নাজাত পেয়ে গেল; এই স্বীকৃতি এত বড় দামি জিনিস। আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, এ কথা আমাদের বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে, উচ্চারণ করতে হবে; মন থেকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে; মুখে যেমন, তেমনি আমলে, কাজে, মনে, মনোভাবে তা চর্চা করতে থাকলে ঈমান তাজা হতে থাকবে, বাড়তে থাকবে; আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন।

আল্লাহর মাশিয়্যাত

“ওয়াল্লাহু ইয়াহদী মাই ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকীম”: আল্লাহ তাআলা যাকে চান, সিরাতুল মুস্তাকীমের দিকে হেদায়েত দান করেন; আর আল্লাহ তাআলা না চাইলে কাউকে হেদায়েত দান করেন না। কেউ বলবেন, তাহলে যে হেদায়েত পেল না, তার দোষ কী? আল্লাহ তাআলা চাননি, সে পাবে কীভাবে?

“মাই ইয়াশাউ”, তিনি যাকে চান; আরবিতে একে বলে মাশিয়্যাহ। আল্লাহ তাআলার মাশিয়্যাহ দুই প্রকার: একটা মাশিয়্যাহ দ্বীনিয়্যাহ, আরেকটা মাশিয়্যাহ কাওনিয়্যাহ। আল্লাহ তাআলা দ্বীনিভাবে সবার কাছ থেকেই চান যে সমস্ত মানুষ হেদায়েতের দিকে আসুক; কিন্তু আল্লাহ রাব্বুল আলামীন যাদের হেদায়েত পাওয়ার উপযুক্ত মনে করেন, তাদের সিরাতুল মুস্তাকীমের দিকে হেদায়েত দিয়ে দেন; বাকিরা তা হারায়।

আগের উম্মতগুলো কোথায় মতভেদ করল

আহলে কিতাবের লোকেরা, আগের জমানার লোকেরা কীভাবে হক থেকে মতভেদ করে সরে গেছে, তার কিছু উদাহরণ ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এনেছেন।

প্রথমত, জুমার দিন: সকল উম্মতের জন্য সপ্তাহের সবচেয়ে মোবারক দিন জুমার দিন, ইবাদতের দিন, আমলের দিন। যায়েদ ইবনে আসলাম রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরে বলেন: ইহুদিরা কী করল? শুক্রবার থেকে আস্তে করে সরে শনিবারে চলে গেল; নাসারা, খ্রিস্টানরা রবিবারে চলে গেল; আর উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা জুমার দিনেরই হেদায়েত দিয়েছেন; জুমার দিনেই তারা আল্লাহর ইবাদত করে। এজন্য সেদিন বন্ধ থাকা ভালো জিনিস। এখন মুসলমানদের দেশেও যদি শনিবারে বা রবিবারে সাপ্তাহিক ছুটি নেওয়া হয়, তাহলে যদিও তারা জুমার নামাজ শনিবারে বা রবিবারে পড়ল না, কিন্তু স্পিরিটে কমতি হয়ে গেল কি না? কমতি হয়ে গেল। এজন্য মুসলিম রাষ্ট্রগুলোতে শুক্রবারে ছুটি থাকা অত্যন্ত দরকার; নইলে বিকৃতির সূচনা হয়ে যায়।

এরপর কেবলা: পৃথিবীতে সর্বপ্রথম কেবলা কোনটা? সর্বপ্রথম বাইতুল মাকদিস নয়; সর্বপ্রথম হলো কাবা, বাইতুল্লাহ; কারণ মানুষের ইবাদতের জন্য কেবলা হিসেবে, আল্লাহর ঘর হিসেবে, তাওয়াফের ও ইবাদতের জায়গা হিসেবে সর্বপ্রথম যা বানানো হয়েছে, তা মক্কা শহরে অবস্থিত। সেখান থেকে বাইতুল মাকদিস কীভাবে এলো? অন্যান্য জাতি বাইতুল মাকদিসের দিকে গেল; আবার নাসারারা পূর্ব দিককে কেবলা বানাল। কিন্তু এই উম্মতকে আল্লাহ তাআলা ঠিকই বাইতুল্লাহর দিকে রেখেছেন; এদের কেবলা হারায়নি, আলহামদুলিল্লাহ। যদিও মদিনা শরীফে ষোলো মাস আল্লাহ তাআলা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুদিন বাইতুল মাকদিসমুখী নামাজ পড়িয়েছেন, কিন্তু ষোলো মাস পরেই এই উম্মতকে আবার আসল কেবলার দিকে ফিরিয়ে এনেছেন।

এরপর নামাজের তরিকা: এই উম্মত যেভাবে নামাজ পড়ে, রুকু-সিজদাসহ, আল্লাহ তাআলা সব উম্মতকে এভাবেই নামাজের তরিকা দিয়েছিলেন; শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন নামাজ দিয়েছেন, রুকু-সিজদা, দাঁড়ানো-বসা, তা নয়; সব নবীকে একই তরিকার নামাজ দিয়েছেন। আগের নবীদের উম্মত দাবিদাররা কি এই তরিকার নামাজ পড়ে? তাদের কেউ কেউ রুকু করে, কিন্তু সিজদা করে না; কেউ সিজদা করে, কিন্তু রুকু করে না।

একদিন একটা শপিং মলের মাল্টি-ফেইথ প্রেয়ার রুমে, চ্যাপেলে গেছি, যেখানে সবাই প্রার্থনা করে। দেখি এক লোক হাত-পা সব মেলে লম্বা হয়ে উপুড় হয়ে শুয়ে আছে, অনেকক্ষণ এভাবে থেকে নিঃশ্বাস নিচ্ছে, প্রার্থনা করছে; অনেকক্ষণ উপুড় হয়ে থাকার পর তার প্রার্থনা শেষ হলো, তারপর চলে গেল। এর বিপরীতে আল্লাহ তাআলা আমাদের যে নামাজ দিয়েছেন, তার কী সুন্দর তরিকা: দাঁড়ানো আছে; সুন্দর তরিকায় রুকু, বলা হয়েছে রুকু যেন বাঁকা-ত্যাড়া না হয়, পিঠ একদম সমান থাকে; কী কায়দায় সিজদা; প্রতিটিতে ইস্তেকামত।

ইমাম ইবনে কাসির উল্লেখ করেন, আগের উম্মতের কেউ কেউ নামাজ পড়ে, আবার নামাজের মধ্যে কথাও বলতে পারে; আর কারো কারো প্রার্থনা বসে বসে বই নিয়ে পড়া, গান করা, বাদ্যযন্ত্র বাজানো। অথচ প্রার্থনা হলো আল্লাহর কাছে দরখাস্ত করা, চোখের পানি ফেলা, মনের কথা বলা। এই উম্মত কি নামাজের মধ্যে কারো সঙ্গে কথা বলে? না; এমন মনোযোগ দিয়ে নামাজ পড়ে।

এরপর রোজা: এই উম্মতকে আল্লাহ তাআলা রোজার দিকে হেদায়েত দিয়েছেন। আমরা যে তরিকায় রোজা রাখি, আগের উম্মতদেরও এই তরিকায় রোজা রাখার হুকুম ছিল। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেভাবে আগের উম্মতদের উপর ফরজ করা হয়েছিল; তাদের রোজা আর আমাদের রোজা একই রকম: সেহরি খেতে হবে, বা রাতের শেষ অংশে খাওয়া বন্ধ করতে হবে, সূর্য ডোবা পর্যন্ত আর কিছুই খাওয়া যাবে না। আল্লাহর ফজলে এই রোজা আমরা এখনো চালিয়ে যাচ্ছি। এখন তাদের মধ্যে কেউ কেউ দিনের কিছু অংশ রোজা রাখে, পুরো দিন নয়; আধা দিন রোজা রেখে ভেঙে ফেলে, রোজা হয়ে গেল; অথবা দিনের এক-তৃতীয়াংশ, দুই-তৃতীয়াংশ, ব্যস, রোজা শেষ। আর আমাদের রোজা পুরো দিন জুড়ে। আবার কারো কারো রোজায় মনে করা হয় শক্ত খাবার খাওয়া যায় না, কিন্তু চা-পানি খাওয়া যায়; ভাত খায় না, রুটি খায় না, মূল খাবার খায় না।

মাঝেমধ্যে অমুসলিম বা নতুন মুসলিমরা জিজ্ঞেস করে: আপনারা তিরিশ দিন সারাদিন কিছুই খান না? চাও না? পানিও না? যখন বলি, চাও খাই না, পানিও খাই না, তারা বলে, এটা কীভাবে সম্ভব? আল্লাহ তাআলা তো আমাদের জন্য সম্ভব করে দিয়েছেন, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। লম্বা দিন আসছে, বিশ-বাইশ ঘণ্টা রোজা রাখতে হলেও আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ প্রস্তুত। আল্লাহ তাআলা এই উম্মতকে এভাবে হেদায়েতের উপর রেখেছেন।

এরপর ইবরাহীম আলাইহিস সালাম: অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইবরাহীম আলাইহিস সালাম এবং আগের নবীরা সবাই একই তরিকার উপর ছিলেন। কিন্তু নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ইহুদিরা দাবি করল, ইবরাহীম ছিলেন ইহুদি; আর খ্রিস্টানরা দাবি করল, না, ইবরাহীম ছিলেন খ্রিস্টান; কোরআন শরীফে তাদের এই দাবির কথা এসেছে। আল্লাহ তাআলা বলেন:

مَا كَانَ إِبْرَاهِيمُ يَهُودِيًّا وَلَا نَصْرَانِيًّا وَلَٰكِن كَانَ حَنِيفًا مُّسْلِمًا

ইবরাহীম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না; বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম।

তাহলে তাঁর তরিকার উপর এখন কারা আছে? যারা এই ইসলামের তরিকার উপর আছে, “আলা মিল্লাতি ইবরাহীম”। আমরা মিল্লাতে ইবরাহীমের উপর আছি; মিল্লাতে ইবরাহীমের সঙ্গে মিল্লাতে মুহাম্মদের কোনো পার্থক্য নেই।

সিরাতুল মুস্তাকীমে অটল থাকার দোয়া

এজন্য আমরা যারা মুসলমান আছি, আল্লাহ তাআলা যে আমাদের সিরাতুল মুস্তাকীমের উপর রেখেছেন, এর জন্য যেমন শুকরিয়া আদায় করা দরকার, তেমনি সিরাতুল মুস্তাকীমে টিকে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেওয়াও দরকার। দিনে কয়বার দরখাস্ত দিতে বলেছেন আল্লাহ তাআলা? শুধু পাঁচবার নয়; প্রত্যেক রাকাতে দরখাস্ত দিতে বলেছেন: “ইহদিনাস সিরাতাল মুস্তাকীম”। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিতে হবে; নইলে সমস্যা আছে: মানুষ সিরাতুল মুস্তাকীম থেকে সরে পড়তে পারে, বিভ্রান্ত হয়ে যেতে পারে, পথ হারাতে পারে; ইসলামের কাজ করতে এসে অন-ইসলামি দিকে চলে যেতে পারে।

এজন্য কত রকমের দোয়া আছে। সূরা ফাতিহার দোয়া, “ইহদিনাস সিরাতাল মুস্তাকীম”। আরও আছে:

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ

হে আমাদের রব, আমাদের হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে বাঁকা করে দিয়ো না, আর তোমার পক্ষ থেকে আমাদের রহমত দান করো; নিশ্চয়ই তুমি মহাদাতা।

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قُلُوبَنَا عَلَىٰ دِينِكَ

হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমাদের অন্তরকে তোমার দ্বীনের উপর অটল রাখো।

এভাবে আল্লাহ তাআলার কাছে দ্বীনের উপর মজবুত থাকার দোয়া। আরেকটা দোয়া নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন তাহাজ্জুদ পড়তে উঠতেন, তখন পড়তেন; তাহাজ্জুদের আগেও পড়া যায়, তাহাজ্জুদের ভেতরেও; খুব সুন্দর দোয়া:

اللَّهُمَّ رَبَّ جِبْرَائِيلَ وَمِيكَائِيلَ وَإِسْرَافِيلَ، فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ، اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ، إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ

হে আল্লাহ, জিবরাঈল, মিকাঈল ও ইসরাফীলের রব, আসমান-জমিনের স্রষ্টা, অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী, তুমি তোমার বান্দাদের মধ্যে সেসব বিষয়ে ফয়সালা করো, যেগুলোতে তারা মতভেদ করত; যে বিষয়ে মতভেদ করা হয়েছে, তোমার অনুমতিতে সে বিষয়ের হকের দিকে আমাকে পথ দেখাও; নিশ্চয়ই তুমি যাকে চাও, সরল পথের দিকে পরিচালিত করো।

আল্লাহ, আপনি বান্দাদের মধ্যে সেসব বিষয়ে ফয়সালা করেন, যা নিয়ে তারা মতভেদ করে; এই ফয়সালা তো আপনার হাতে। কিন্তু আল্লাহ, এই যে মতভেদ সৃষ্টি হয়ে যায়, দ্বীনের মধ্যে মতভেদ চলে, বিভিন্ন বিষয়ে বিভিন্ন ফতোয়া নিয়ে মাঝেমধ্যে অনেক মতবিরোধ সৃষ্টি হয়, এই ফতোয়াগুলোর মধ্যে যেটা হক ফতোয়া, আপনি আমাকে সেদিকে হেদায়েত দিয়ে দিন, “বিইযনিকা”, আপনার হুকুমে। কারণ আপনার অনুমতি ছাড়া, যখন একটা দ্বীনি বিষয়ে দুই রকম, তিন রকম ফতোয়া আসছে, একটা-দুটো ফতোয়া ভুল হলে যেটা সঠিক, হক ফতোয়া, সিরাতুল মুস্তাকীমের ফতোয়া, আল্লাহ, আপনি আমাকে সেদিকে ধাবিত করুন; আপনি যাকে চান সিরাতুল মুস্তাকীমের দিকে হেদায়েত দান করেন, আল্লাহ, আমাকে সিরাতুল মুস্তাকীমের দিকে হেদায়েত দিন।

ফতোয়ার বাজার ও মজবুত দলিল

এই সুন্দর দোয়া পড়তে থাকা দরকার। ইদানীং আধুনিক কালে বহু ইসলামি বিষয়ে অনেক রকম ফতোয়া চলছে: গান-বাজনা থেকে শুরু করে কত রকম ফতোয়া! যুগ যুগ ধরে কোরআন-হাদিসভিত্তিক যেসব ফতোয়া আছে, সুদের ব্যাপারে, মর্টগেজের ব্যাপারে, সেখানেও কত রকম ফতোয়া আসছে; বাজারে দু-তিন রকম ফতোয়া পাওয়া যায়, আর যেটা সুবিধার, সেটা নিয়ে নিলাম। এমন না করে হক তালাশ করতে হবে: কোনটার দলিল কোরআন-হাদিসে মজবুত আছে। লোকেরা স্কলারদের মত দেখায়, অমুক স্কলার ফতোয়া দিয়েছেন, ব্যস, কাজ হয়ে গেল। আল্লাহ তাআলা কোন স্কলারকে অনুসরণ করতে বলেছেন, আল্লাহর নবী কাকে অনুসরণ করতে বলেছেন? “কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহী”, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ। এক্ষেত্রে এই মজবুতি থাকতে হবে, কোনটার দলিল বেশি মজবুত; শুধু কোনটা বেশি সহজ, তা নয়।

কেউ বলবে, একটা হাদিস তো আছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুটি বিষয়ের মধ্যে এখতিয়ার দেওয়া হতো, তিনি সহজটা গ্রহণ করতেন; তাহলে দুটো ফতোয়ার মধ্যে যেটা সহজ, সেটা নিলে কেমন হয়? হাদিস মতোই তো হলো! এটা হলো উল্টো ব্যাখ্যা; এভাবে হয় না। দলিলের দিক থেকে দুটোই যদি জায়েজ হয়, তাহলে যেটা সহজ, সেটা নিতে পারবেন; কিন্তু দলিলের দিক থেকে যদি একটা দুর্বল আর একটা শক্তিশালী হয়, তাহলে কোনটা নিতে হবে? শক্তিশালীটা। কারণ সেই হাদিসেই বলা আছে, কোনো কাজ যদি নিষেধ, হারাম বা গুনাহর হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজ থেকে সবচেয়ে দূরে থাকতেন; হাদিসের সেই অংশটা নেওয়া হয় না কেন? যেটা দুর্বল হতে পারে, যেটা শক্তিশালী মত নয়, তা থেকে দূরে থাকা উচিত।

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক দোয়া করেছেন। আরেকটা দোয়া হলো: আল্লাহ, এমন যেন না হয় যে আমি বিভ্রান্ত হয়ে যাই, হক আর বাতিল বুঝতে পারলাম না, দুই মতের মধ্যে গোলমালে পড়ে গেলাম, তারপর বিপথে চলে গেলাম; আল্লাহ, এমন যেন না হয়। আর আল্লাহ, আমাদের মুত্তাকীদের ইমাম বানিয়ে দিন; ইমাম মানে যিনি সামনে থাকেন; আল্লাহ, আমাদের মুত্তাকীদের সামনের কাতারে রাখুন। ভালো মুত্তাকী হলে পেছনের কাতারে থাকতে হয়, নাকি সামনের কাতারে? ভালো মুত্তাকী হওয়ার জন্য সামনের কাতারে থাকতে হয়: দ্বীনের কাজে, ইবাদতের কাজে, শুকরগুজারির কাজে, কোরআন তেলাওয়াতের কাজে, দ্বীনি দাওয়াতের কাজে, সব জায়গায়; নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছেন।

তাহলে আমাদের দায়িত্ব দুটি: আল্লাহ তাআলা যে আমাদের হেদায়েত দান করেছেন, তার শুকর আদায় করা; আর যখনই দুই-তিনটা মত-মতবাদ বা ফতোয়া থাকে, তখন যে ফতোয়াটা নিরাপদ, যে ফতোয়াটা শক্তিশালী, যে ফতোয়া আমাকে আশঙ্কার মধ্যে রাখবে না, এমন মজবুত মত ধরে রাখা।