আল্লাহর পথে ব্যয়
وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
তোমরা আল্লাহর পথে ব্যয় করো, আর নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিয়ো না; আর নেক কাজ করো, নিশ্চয়ই আল্লাহ নেককারদের ভালোবাসেন।
আল্লাহর রাস্তার অনেকগুলো খাত আছে: জিহাদের খাত আছে, দাওয়াতের খাত আছে, মসজিদ-মাদ্রাসা, দ্বীনি যত রকমের ক্ষেত্র আছে, সবই “ফী সাবীলিল্লাহ”। আল্লাহ তাআলা চান দুনিয়াতে দ্বীনের কাজ অনেক তরিকায় হবে। দাওয়াতের কাজে, মসজিদ-মাদ্রাসা ও তালিমের সকল কাজে যে খরচ হয়, ইসলামি সংগঠন পরিচালনার কাজে, এমনকি একটা ইসলামি মাহফিল আয়োজন করতে গেলেও অনেক খরচপাতি আছে; এসব কাজে মানুষ যেন বেশি করে খরচ করে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর রাস্তায় বেশি করে খরচ করো, আর নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিয়ো না।
ধ্বংসের মুখে ঠেলে দেওয়া: প্রথম ব্যাখ্যা
ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অর্থ কী? এর দুই ধরনের তাফসীর হতে পারে। এক ধরনের তাফসীর হলো: আল্লাহর রাস্তায় খরচ করতে গিয়ে আবার এমন করো না যে সব দিয়ে ফেলেছ, এখন তোমার আর কিছু নেই, ছেলেমেয়ে নিয়ে উপোস থাকছ; তাহলে তা হলো নিজের হাতে নিজেকে ধ্বংস করে ফেলা। এজন্য দান-খয়রাতের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামীন ছেলেমেয়েদের হকের দিকে খেয়াল রাখতে বলেছেন।
যেমন এক সাহাবী এসে বললেন: ইয়া রাসূলাল্লাহ, আমি মৃত্যুর আগে আমার পুরো সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। তিনি বললেন: না, তা করো না; তোমার ছেলেমেয়েদের অনেক হক আছে; পুরোটা দিয়ে যেয়ো না। তাহলে ইয়া রাসূলাল্লাহ, অর্ধেক দিতে পারি? না, অর্ধেকও না। তিন ভাগের এক ভাগ দান করে যেতে পারি? তিন ভাগের এক ভাগ পারো, কিন্তু সেটাও অনেক। এখানে সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ করা যায়। এজন্য বলা আছে, মৃত্যুর আগে কেউ সম্পত্তির ওসিয়ত করতে চাইলে তিন ভাগের এক ভাগ, এর বেশি করবে না; নইলে সে তার ওয়ারিশদের কপালে কুঠারাঘাত করল, তাদের কাছ থেকে সম্পত্তি ছিনিয়ে নিয়ে দান করে ফেলল; এটা ওয়ারিশদের হক।
এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন: তিন ভাগের এক ভাগ দেওয়া যায়, তবে এর চেয়ে আরেকটু কমানো ভালো; চার ভাগের এক ভাগ দেওয়াই ভালো, এর বেশি নয়। কারণ নবীজি হাদিসে যখন বললেন তিন ভাগের এক ভাগ দিতে পারো তবে সেটাও অনেক বেশি, যেহেতু বেশি বলেছেন, বোঝা যায় তিনি যেন তা খুব পছন্দ করেননি; একটু কমিয়ে চার ভাগের এক ভাগ দিলে ভালো হবে।
তারপর তিনি হাদিসে বললেন: তোমার ছেলেমেয়ে ও পরিবারকে পথের ভিখারি বানিয়ে, লোকের কাছে হাত পাতার অবস্থায় না রেখে, বরং নিজেরা একটু খেয়ে-পরে চলতে পারে এমন সচ্ছল অবস্থায় রেখে যাওয়াই ভালো; দান-খয়রাত করে সব আল্লাহর রাস্তায় দিয়ে তাদের পথের ভিখারি বানিয়ো না। তাহলে এখানে “তাহলুকা” বা ধ্বংস বলতে বোঝানো হয়েছে: এমন করো না যে একেবারে সব দিয়ে ফেললে। এটা একটা তাফসীর হতে পারে।
দ্বিতীয় ব্যাখ্যা: কৃপণতাই ধ্বংস
কিন্তু অনেক মুফাসসির বলেছেন, এর তুলনায় অন্য তাফসীরটা বেশি উপযুক্ত: তোমরা আল্লাহর রাস্তায় দান-খয়রাত করো; যদি না করো, তাহলে কৃপণতার কারণে তোমরা ধ্বংস হয়ে যাবে। সম্পত্তির লোভ যদি তোমাদের এমন কৃপণ বানিয়ে ফেলে যে প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও তোমরা আল্লাহর রাস্তায় দিতে চাও না, দিতে পারো না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হলে, ধ্বংসের মধ্যে পড়ে গেলে। যাদের অনেক সম্পদ আছে, তারা যদি আল্লাহর রাস্তায় দান-খয়রাত না করে, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা না করে, তাহলে তারা কি নিজেদের ধ্বংস করে ফেলল না?
এজন্য সাহাবায়ে কেরাম অনেক দান-খয়রাত করেছেন, সালফে সালেহীন অনেক দান-খয়রাত করতেন। সম্পত্তির লোভ বেশি তৈরি হওয়া, আর শুধু জমা করে, সঞ্চয় করে পাহাড় গড়তে থাকা ধ্বংসের লক্ষণ; এটা কোনো ভালো লক্ষণ নয়। অনেক মুফাসসিরীনে কেরাম এই তাফসীরকেই বেশি গ্রহণ করেছেন: “হুয়াল বুখল”, এটা হলো কৃপণতা। যার ভেতরে কৃপণতা আছে, সে ধ্বংস হয়ে যাচ্ছে; আর যে দান করছে, মাশাআল্লাহ, সে নিজেকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচিয়ে নিচ্ছে।
আগের তাফসীরও হতে পারে। কিন্তু আমাদের সমাজে বেশি লোক দান-খয়রাত করে ধ্বংস হয়ে গেছে, নাকি বেশি লোক কৃপণতা করে ধ্বংস হয়েছে? কৃপণতা করে। তাহলে বোঝা গেল, ওই কথাটারই বেশি দরকার। কৃপণতা মানুষকে সম্পদ পুঞ্জীভূত করার, পাহাড় গড়ার দিকে ধাবিত করে; কৃপণতা মানুষের জন্য বিপদের কারণ হয়ে যায়। আর “ওয়া আহসিনূ”, তোমরা কী করবে? নেক কাজ করো।
নিজের ক্ষতি নিজে না করা
এখানে খরচ ছাড়াও শরীয়তের অনেক মূলনীতি পাওয়া গেছে। “ওয়ালা তুলকূ বিআইদীকুম ইলাত তাহলুকা”; এর একটি অর্থ দাঁড়ায়: তুমি কখনো নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ো না। আগের কথায় যেহেতু আছে “ওয়া আনফিকূ ফী সাবীলিল্লাহ”, আল্লাহর রাস্তায় খরচ করো, সেই অর্থ যেমন ঠিক আছে, তেমনি ধনসম্পদ ছাড়াও নিজের হাতে এমন কোনো কাজ করা, যাতে নিজের ক্ষতি হয়, সেটাও এই আয়াতের কারণে নিষেধ হয়ে গেছে।
যেমন সেল্ফ হার্মিং: অনেকে নিজের হাতে নিজের অনেক ক্ষতি করে। রাগ হয়ে গেলে কেউ কেউ এমন কিছু করে বসে; এত রাগ হয়ে গেছে যে সামাল দিতে পারছে না, দেয়ালে মাথা ঠুকতে থাকে, হয়তো সেখানে আঘাত পেয়ে যায়; অথবা রাগ-গোস্বার বশে এমন কিছু করে ফেলে যাতে নিজের বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এদেশে সেল্ফ হার্ম একটা বড় সমস্যা; অনেকে রাগ-গোস্বার কারণে নিজের শরীরে আঘাত করে, নিজেকে আহত করে। এ নিয়ে অনেক ধরনের গবেষণা হচ্ছে; এটা কিছুটা মনস্তাত্ত্বিক সমস্যার মধ্যে পড়ে।
অপচয় ও স্বাস্থ্যের অবহেলা
এমনকি নিজের সম্পদ যদি নিজের হাতে অতিরিক্ত খরচ করা শুরু করেন, দান-খরচ শুধু নয়, অপব্যয় শুরু করেন, অপ্রয়োজনীয় খাতে খরচ করতে থাকেন, সম্পদের রক্ষণাবেক্ষণ করে একটু পরিকল্পনা করে না চলেন, তাহলে নিজেই নিজের দারিদ্র্য ডেকে আনলেন, নিজের সম্পদ খুইয়ে ফেললেন। অনেক লোক এমন হয়েছে যে জীবনের এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদের কিছু টাকা-পয়সা দিয়েছিলেন; টাকা পাওয়ার পর কোন খাতে খরচ করবে, তার কোনো দিশা ঠিক নেই; উল্টাপাল্টা খরচ করে, ফুর্তি-আনন্দ, পার্টি করে অল্পদিনে সব পয়সা উড়িয়ে দিল, তাড়াতাড়ি ফতুর হয়ে গেল। এমন ঘটনা মাঝেমধ্যে পাওয়া যায়। এই লোকটা নিজের ক্ষতি নিজে ডেকে এনেছে। এভাবে অপব্যয় করে নিজেকে ক্ষতিগ্রস্ত করা, নিজের ধ্বংস ডেকে আনাও হারাম হয়ে গেল; আল্লাহ তাআলা এখানে তা নিষেধ করে দিয়েছেন।
খাওয়া-দাওয়া ও চলাফেরার অনেক ক্ষেত্রেও তাই। কেউ যদি এমন উল্টাপাল্টা খাওয়া-দাওয়া করতে থাকে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, খুব বেশি এমন কিছু খায়, আর তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে: জোয়ান বয়সে ডায়াবেটিস হয়ে গেল, ব্লাড প্রেশার হাই হয়ে গেল, কোলেস্টেরল হাই হয়ে গেল; একটুও ব্যায়াম করলাম না; খাই আর গভীর রাতে একেবারে বিছানায় গড়িয়ে পড়ে শুয়ে থাকি, খাবারগুলো ঠিকমতো বার্ন করার কোনো ব্যবস্থা হলো না; সব উল্টাপাল্টা চলাফেরা, আর তাড়াতাড়ি নিজের ক্ষতি নিজে ডেকে আনি; এটাও শরীয়তে নিষেধ। নিজের ক্ষতি নিজে করা যাবে না।
لَا ضَرَرَ وَلَا ضِرَارَ
না নিজের ক্ষতি করা যাবে, না অন্যের ক্ষতি করা যাবে।
যে কাজে নিজের ক্ষতি হয়, বা আমার দ্বারা অন্য কারো ক্ষতি হয়, এমন কোনো কাজ করা হাদিসে নিষেধ। এই আয়াতকে অনেক কারণে দলিল হিসেবে ব্যবহার করা যায়। কাজেই স্বাস্থ্যের বিষয়ে সচেতন হওয়া, যাতে নিজের স্বাস্থ্য নষ্ট হয় এমন কোনো কাজ কেউ না করে, এটাও এর দলিল।
ধূমপান
বিড়ি-সিগারেট, ধূমপান স্বাস্থ্যের জন্য কল্যাণের কারণ, না ক্ষতির কারণ? ক্ষতির কারণ। ধূমপানের মতো বদ অভ্যাস যখন হয়ে যায়, আর আজকাল মেডিকেল গবেষণা বলছে, বিড়ি-সিগারেটের কারণে অনেক রোগ হয়, বিশেষ করে ক্যান্সারের প্রচুর সম্ভাবনা রয়েছে; ডায়াবেটিস, ব্লাড প্রেশার এসব রোগ একবার ধরা পড়লে ধূমপান করলে বিপদের পরিমাণ বেড়ে যায়। এজন্য আধুনিক গবেষণাগুলো হওয়ার পর ওলামায়ে কেরাম ধূমপানকে হারাম ঘোষণার জন্য এই আয়াতকে দলিল হিসেবে ব্যবহার করেছেন: তুমি ধূমপান করে নিজের ক্ষতি করছ, বড় রোগ ডেকে আনছ। এভাবে শরীয়তে অনেকগুলো মৌলিক নীতি নেওয়া হয়েছে: যে কাজ আমার জন্য নিশ্চিত ক্ষতির কারণ হয়ে যায়, তা করা আমার জন্য ঠিক নয়।
খাওয়ার নিয়ন্ত্রণ
অনেকের খাওয়া-দাওয়ার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ নেই। ডাক্তার বলে দিয়েছে, খবরদার, চর্বি থেকে সাবধান, ফ্যাটযুক্ত খাবার থেকে সাবধান, পরিমাণ কম করে খাবেন, গোশত কমিয়ে খাবেন, বেশি করে সবজি খাবেন; কিন্তু গোশত দেখলে, মাশাআল্লাহ, কিছু বয়স্ক মানুষকেও দেখা যায় একেবারে হুমড়ি খেয়ে পড়ে। মাঝেমধ্যে খেতে বসলে কিছু লোককে দেখি এত পরিমাণ গোশত খায়, সুবহানাল্লাহ; খেয়ে নিজেকে ক্ষতিগ্রস্ত করে ফেলে, নিজের ক্ষতি ডেকে আনে।
এক লোক দুনিয়া থেকে চলে গেছেন। তিনি বেশ কয়েকটি রোগের শিকার ছিলেন; মনে হচ্ছিল তাঁর আয়ু ফুরিয়ে এসেছে। একবার তাঁর সঙ্গে খেতে বসলাম। দেখি, মাশাআল্লাহ, গোশত খুব বড় পরিমাণে খেলেন। আমি বললাম, আপনাকে ডাক্তার একটু নিয়ন্ত্রণ রেখে খেতে বলেনি? বললেন: হায়াত যে কয়দিন আছে, তা তো থাকবেই, বাড়বেও না, কমবেও না; আর না খেয়ে কষ্ট পেয়ে বেঁচে লাভ কী? অর্থাৎ খেয়ে নাও; না খেয়ে বেঁচে থাকার চেয়ে খেয়ে মরে যাওয়াও ভালো। এমন একটা দর্শন অনেকের মাথায় আছে। না, এটা ঠিক নয়।
এমনিতেই খাওয়া-দাওয়ার ব্যাপারে ইসলামি শরীয়তে যে নিয়ন্ত্রণগুলো আছে, পৃথিবীর কোন বিজ্ঞানে এমন নিয়ন্ত্রণ আছে? এখন বিজ্ঞান গবেষণা করে করে চিকিৎসাবিজ্ঞানের ডাক্তাররা অনেক কিছু আমাদের বলছে; এত গবেষণা ছাড়াই আমাদের শরীয়ত আগেই বলে দিয়েছে। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা বলে দিয়েছেন:
كُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا
খাও, পান করো, কিন্তু অপচয় করো না।
খবরদার, অপব্যয় করো না, অতিরিক্ত করো না, সীমালঙ্ঘন করো না।
তিন ভাগের নীতি ও একটি কৌতুক
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তোমরা যখন খাবার খাবে, পেটের কতটুকু মূল খাবার দিয়ে ভর্তি করবে? তিন ভাগের এক ভাগ, “সুলুস”। আর আরেক ভাগ পানি দিয়ে ভর্তি করো; তিন ভাগের দুই ভাগ গেল। আর এক ভাগ বাকি রাখো; নিঃশ্বাস, হাওয়া-বাতাসের সুবিধা হবে। এই কথার মধ্যে বিশাল বিজ্ঞান লুকিয়ে আছে: এই এক ভাগ খালি রেখে উঠে গেলে তোমার স্বাস্থ্য অনেক ভালো থাকবে। আমাদের কি সে কথা মনে থাকে?
এক লোককে ভালো করে চিনি, নাম বলব না; মাশাআল্লাহ, খুব খেতে পারেন। খেতে বসেছি, তাঁদের সঙ্গে আরও লোকজন আছে। তাঁর খাওয়া দেখে একজন বললেন, খাচ্ছেন যে, হাদিসের কথা মনে আছে? তিন ভাগের এক ভাগ। তিনি বললেন: ভাই, কার তিন ভাগের এক ভাগের পরিমাণ কতটুকু, তুমি কি তা জানো? তুমি তোমারটা জানো, আমারটা জানো কীভাবে? তারপর বললেন: শোনো, খাওয়া, পানি বা পানীয়, আর বাতাস, নিঃশ্বাস, এই তিনটার কথা এসেছে তো; আমি চিন্তা করে দেখেছি, খাবার দিয়ে উদর ভর্তি হয়ে গেলেও উপর দিয়ে পানি ঢাললে তা নিচের দিকেই যাবে, উপরে আসবে না; খাবারের ফাঁকফোকর দিয়ে পানি নিজের পথ বের করে নেবে; আর বাতাস তো এমনিতেই পানিকে অনুসরণ করবে; কোনো অসুবিধার কারণ নেই।
এই লোকটি শেষ পর্যন্ত গত দু-তিন বছরে খাবার একেবারে নামিয়ে এনেছেন, বলতে গেলে শূন্য নয়, তবে এত অল্পে এসেছেন; ডাক্তার বলে দিয়েছে, এর চেয়ে বেশি খেলে তোমার নির্ঘাত মৃত্যু হবে। এখন গিয়ে বুঝেছেন, বেচারা এখন চেষ্টা করছেন। কিন্তু আমরা অনেক আগেই চেষ্টা করতে পারি। একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আমরা এমন এক জাতি, ক্ষুধা লাগার আগে খাই না, আর একেবারে উদর পূর্ণ হওয়া পর্যন্ত খেতে থাকি না, তার আগেই ছেড়ে দিই।
মেহমানদারি ও অপচয়
আমাদের মেহমানদারি এক বড় মুসিবতের ব্যাপার হয়ে গেছে। মেহমানদারিতে অনেক রকমের আইটেম করতে হয়; স্বাভাবিকভাবেই মেহমানকে সম্মান করতে হয়; তখন পাঁচ আইটেম, সাত আইটেম, দশ আইটেম, কখনো পনেরো-বিশ আইটেমও হয়ে যায়। হায়রে আল্লাহ! সবগুলো আবার একটা একটা করে টেস্ট করতে গেলেও অনেক হয়ে যায়। দু-এক জায়গায় যখন বলে, সবগুলো একটু টেস্ট করুন, আমি বলি, সবগুলো টেস্ট করতে গেলে টেস্টই করা হবে, খাওয়া-দাওয়া আর হবে না; সবগুলো টেস্ট করতে করতে পেট ভরে যাবে, আর যেটা মজা লাগল সেটাই খাওয়া হলো না। এজন্য আমরা সবাই একটু চেষ্টা করি, কীভাবে আইটেম কিছু কমানো যায়। আর মেহমানদারির উপলক্ষে আইটেম বাড়ালে মহিলাদের কী পরিমাণ কষ্ট হয়! সুবহানাল্লাহ। এটা হলো আমাদের সমস্যা।
কোথাও কোথাও আবার আইটেম না বাড়ালেও পরিমাণ এত বাড়ানো হয় যে উদর ভর্তি করে খাওয়ার পরও এত বেশি থেকে যায় যে অনেকগুলোই ডাস্টবিনে ফেলে দিতে হয়। যে উম্মতকে এত সুন্দর সুন্দর জিনিস শিখিয়ে দেওয়া হলো, সেই উম্মতের খাওয়া-দাওয়ার এই দুরবস্থা!
আমাদের কিছু ভালো গুণও আছে: আমরা মেহমানের মেহমানদারি করি, কৃপণতা করি না। খুব হিসাব করা শুরু করে দিলে, স্বাস্থ্যবিজ্ঞান বোঝাতে শুরু করলে মেহমান বলবে, আচ্ছা, না খাওয়ানোর জন্য এত স্বাস্থ্যবিজ্ঞানের কথা চলছে; সেটাও মুশকিল। তাই এমনভাবে করতে হবে যাতে মেহমান বোঝে।
বাজার করতে গেলেও আমাদের কমিউনিটিতে সবসময় পাইকারি হিসাবে, বেশি করে কেনার একটা প্রবণতা আছে। আমাদের তুলনায় এদেশের লোকদের বাজার করা দেখলে কেমন মনে হয়? তিনটা পেঁয়াজ কেনে, পাঁচটা আলু কেনে, এক-দুই-তিন পিস করে কেনে; দেখলে আমাদের হাসি পায়। সেখানে হয়তো কিছুটা হিসাবি মনোভাব আছে, কিন্তু কম কেনার মধ্যে আসলে জিনিস নষ্ট করার, অপচয়ের সুযোগ আর থাকে না। বেশি কেনার মধ্যে দেখা যায়, অনেকগুলো খাওয়া হলো, অনেকগুলো নষ্ট হয়ে গেল, অনেকগুলো ফেলে দিতে হলো; এই মুসিবত আছে। এখন এমন কী বুদ্ধি বের করা যায় যে কৃপণতাও করব না, আবার অপব্যয়ও করব না? সবকিছুর মধ্যে কীভাবে ভারসাম্য রাখা যায়, তা একটু চিন্তা-ভাবনা করা দরকার।
যদি আমরা তা না করি, আর এভাবে খাবারের অপব্যয় করি, তাহলে আমরা আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে, তাঁর জিন্দেগি থেকে অনেক দূরে চলে গেলাম; এটা আমাদের জন্য চিন্তার বিষয়। যাই হোক, এখানে আমরা একটা মূলনীতি পেলাম: নিজের হাতে এমন কোনো কাজ করা ঠিক নয়, যা নিজের ক্ষতি ডেকে আনে; এটা হারাম, নিষেধ। আর তোমরা নেক কাজ করতে থাকো; নেক কাজের অনেক তরিকা আছে; আল্লাহ তাআলা নেককারদের, নেক কাজকারীদের পছন্দ করেন। এভাবেই জিহাদের অধ্যায় শেষ হলো, আর পরবর্তী পর্যায়ে নতুন একটি অধ্যায় শুরু হয়েছে: হজ্জ ও উমরা।
হজ্জ ও উমরা পূর্ণ করো
আল্লাহ তাআলা ইরশাদ করছেন:
وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ ۚ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ۖ وَلَا تَحْلِقُوا رُءُوسَكُمْ حَتَّىٰ يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ بِهِ أَذًى مِّن رَّأْسِهِ فَفِدْيَةٌ مِّن صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ ۚ فَإِذَا أَمِنتُمْ فَمَن تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ۚ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ ۗ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ۗ ذَٰلِكَ لِمَن لَّمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ্জ ও উমরা পূর্ণ করো। যদি তোমরা বাধাপ্রাপ্ত হও, তাহলে যে কুরবানির পশু সহজলভ্য, তা দাও; আর কুরবানির পশু তার স্থানে না পৌঁছা পর্যন্ত মাথা মুণ্ডন করো না। তোমাদের মধ্যে যে অসুস্থ, বা যার মাথায় কোনো কষ্ট আছে, সে রোজা বা সদকা বা কুরবানির মাধ্যমে ফিদইয়া দেবে। আর যখন তোমরা নিরাপদ হও, তখন যে ব্যক্তি উমরাকে হজ্জের সঙ্গে মিলিয়ে উপকৃত হয়, সে সহজলভ্য কুরবানি দেবে; আর যে তা পাবে না, সে হজ্জের সময় তিন দিন এবং তোমরা ফিরে এলে সাত দিন রোজা রাখবে; এই হলো পূর্ণ দশ দিন। এই বিধান তার জন্য, যার পরিবার মসজিদুল হারামের নিকটবাসী নয়। আর আল্লাহকে ভয় করো, এবং জেনে রাখো, আল্লাহ শাস্তিদানে কঠোর।
এখানে হুকুম দেওয়া হয়েছে, আর এ কারণে হজ্জ ফরজ; হজ্জ ফরজ হওয়ার এটা একটা অন্যতম দলিল। আরেকটা দলিল হলো:
وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ
আর মানুষের মধ্যে হজ্জের ঘোষণা দিন।
লোকদের মধ্যে হজ্জ করার জন্য ঘোষণা দিন; সেটা আরেকটি আয়াত, সেটাও দলিল যে হজ্জ করা ফরজ। হজ্জের ব্যাপারে, তা ফরজ হওয়ায় কোনো সন্দেহ নেই।
উমরা কি ফরজ
কিন্তু হজ্জের পাশাপাশি উমরার কথা এসেছে: আল্লাহর উদ্দেশ্যে হজ্জ ও উমরা পূর্ণ করো। তাহলে উমরা করাও কি ফরজ? এ নিয়ে মুফাসসিরীনে কেরাম ও ফুকাহাদের মধ্যে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা কোনো কিছুর আদেশ দিলে, “আল-আমরু লিল উজূব”, সেই আদেশ ফরজিয়্যাত সাব্যস্ত করে। আল্লাহ তাআলা বলেছেন, “সাল্লূ”, “আকীমুস সালাতা ওয়া আতুয যাকাহ”, নামাজ কায়েম করো, যাকাত দাও; আল্লাহর হুকুম; এর দ্বারা বোঝা গেছে নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ। হজ্জ করার কথা বলেছেন, তাহলে হজ্জ করাও ফরজ। এখন হজ্জের পাশে একই হুকুম দিয়েছেন, তাহলে উমরা ফরজ হবে না কেন?
এজন্য অনেক ওলামায়ে কেরাম বলেছেন, যেভাবে হজ্জ করা ফরজ, তেমনি জীবনে একবার উমরা করাও ফরজ। কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, না, শুধু হজ্জ ফরজ, উমরা ফরজ নয়; এটা অনেক বড় সওয়াবের কাজ, অনেক সওয়াব আছে, একথা ঠিক, কিন্তু ফরজ নয়। তাহলে এখানে যে আল্লাহ হুকুম দিয়েছেন, তার জবাব কী? ইমাম আবু হানিফার কাছেও আল্লাহ হুকুম দিলে তো ফরজ। তিনি উত্তর দিয়েছেন: “ওয়া আতিম্মূ” মানে পূর্ণ করো; অর্থাৎ তুমি যদি উমরার নিয়ত করে ফেলো, তাহলে তা পূর্ণ করা তোমার উপর ওয়াজিব হয়ে পড়ে; এটাই বোঝানো হয়েছে। কিন্তু কেউ নিয়ত না করলে ফরজ-ওয়াজিব কিছু সাব্যস্ত হবে না। এই ব্যাখ্যা তিনি দিয়েছেন। এজন্য কেউ যদি হজ্জ বা উমরার ইহরাম বেঁধে ফেলে, নেমে পড়ে, তাহলে তা পূর্ণ করা তার জন্য জরুরি হয়ে পড়ে।
বাধাপ্রাপ্ত হলে
“ফাইন উহসিরতুম ফামাস তাইসারা মিনাল হাদই”: হজ্জ বা উমরার নিয়তে আমরা কেউ যদি ইহরাম বেঁধে ফেলি, মীকাতে ঢুকে পড়ি, ইহরামের নিয়ত করে ফেলি, আর এমন অবস্থায় বাধাপ্রাপ্ত হই, তাহলে উমরা আর করা গেল না। কী কারণে বাধা আসতে পারে? যেমন দুশমন বাধা দিল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ থেকে উমরার নিয়তে হুদাইবিয়ার সময় উমরা করতে গেলেন, তাঁকে উমরা করতে দেওয়া হয়নি; বাধা দিয়েছিল কাফের শক্তি। এর নাম “ইহসার”, “উহসিরতুম”, বাধাপ্রাপ্ত হওয়া।
এমন বাধা হতে পারে যে কোনো শক্তি বা কোনো সরকার বাধা দিল। ঢাকা থেকে এখন অনেকে ইহরাম বেঁধে বা নিয়ত করে বের হয়ে আসেন; এরপর যদি তাকে আটকে দেওয়া হয়, তাহলে সে বাধাপ্রাপ্ত হয়ে গেল; তাকে সফর করতে দিচ্ছে না। এমন কোনো কারণে যদি হয়, তাহলে সে কী করবে? ইহরাম থেকে বের হয়ে গেল, পূর্ণ করতে পারল না; এর জন্য একটা কাফফারা দিতে হবে। সেই কাফফারা হলো মক্কা শরীফে বা হারাম এলাকায় অন্তত একটা ছাগল অথবা ভেড়া জবাই করে দেওয়া। তাহলে তিনি যে উমরা বা হজ্জ করতে পারলেন না, ইহরাম খুলে ফেললেন, তার কাফফারা আদায় হয়ে গেল।
হুদাইবিয়াতে তাই হয়েছিল। তাঁরা যখন গেলেন, কাফেররা এসে বলল, না, তোমরা উমরা করতে পারবে না; উমরা করার জন্য আরও অগ্রসর হলে আমরা যুদ্ধ করে তোমাদের থামিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন; যুদ্ধ করলেন না, সন্ধি করলেন। তারা বলল, উমরা করতে দেব, আগামী বছর আপনারা আসবেন, এ বছর নয়। তখন তাঁরা কী করলেন? যার যার সঙ্গে কিছু জানোয়ার ছিল, উট ইত্যাদি, অনেকে সেগুলো জবাই করে দিলেন, তারপর হালাল হয়ে গেলেন, ইহরাম খুলে ফেললেন।
কোথায় জবাই
হুদাইবিয়া কিন্তু হারামের ভেতরে নয়। এজন্য কেউ কেউ সেখান থেকে দলিল নিয়েছেন যে মীকাতের ভেতরে থাকলে সেখানে জবাই করলেও হবে; মসজিদুল হারাম বা কাবা শরীফের পাশে মক্কা শহরে করা জরুরি নয়। কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, অসম্ভব না হলে সেখানেই করতে হবে; সাহাবায়ে কেরাম সেখানে পৌঁছাতে পারেননি বলে সেখানে করেছেন; যাদের হাদই সেখানে পৌঁছানো সম্ভব, তাদের তা সেখানে পৌঁছাতে হবে।
ধরা যাক কেউ হজ্জের নিয়ত করে বের হয়ে গেছে, কিন্তু হিথ্রো এয়ারপোর্ট থেকে ফিরে আসতে হলো; ইমিগ্রেশন কর্তৃপক্ষ বা নিরাপত্তার কারণে বলল, আপনার সফরের অনুমতি নেই; তাহলে হজ্জের সফর বাতিল। অথবা জেদ্দা এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিল; তার আগেই তিনি ইহরাম বেঁধে ফেলেছিলেন; সৌদি সরকার বলল, না, তোমার তালিকায় সমস্যা আছে, অমুক দেশ তোমাকে ফেরত পাঠাতে বলেছে, কোনো দেশের সরকারের সঙ্গে তোমার সমস্যা আছে; কোনো কোনো ক্ষেত্রে এমন হতে পারে; তাকে ফেরত পাঠিয়ে দিল। তাহলে যে ইহরাম বেঁধেছিলেন, তার কী হবে? ইহরাম খুলে ফেলতে পারবেন; আর কাউকে অনুরোধ করে টাকা-পয়সা দিয়ে মক্কা শরীফে একটা ছাগল বা ভেড়া জবাই করিয়ে দিলেই চলবে।
“ফামাস তাইসারা মিনাল হাদই”, যা তোমার জন্য সহজ হয়। কেউ চাইলে অনেক টাকা খরচ করে উটও জবাই করাতে পারে, কেউ চাইলে হারাম শরীফে গরু জবাই করাতে পারে; আর কেউ যদি মনে করে, এত টাকা আমার নেই, সহজ একটা নিই, ছাগল বা ভেড়া, যাতে অনেক কম খরচ, তা দিলেও হয়ে যাবে।
“ওয়ালা তাহলিকূ রুঊসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদইউ মাহিল্লাহ”: তোমরা ইহরাম খোলো না, চুল কেটো না, যতক্ষণ না সেই পশু তার জবাইয়ের স্থানে পৌঁছে জবাই হয়। এখান থেকে কেউ কেউ নিয়েছেন, জবাই করার আগে ইহরাম খোলা যাবে না। কোনো কোনো ইমাম যারা ঘটনাস্থলে জবাইয়ের মাসআলা নিয়েছেন, যেখানে বাধা দেয় সেখানেই জবাই করে গরিব-মিসকিনকে খেতে দেবে, তাহলে তো সেখানে জবাইয়ের পরেই তিনি ইহরাম খুলবেন। কিন্তু মক্কা শরীফে পাঠালে কখন পাঠালেন, কখন জবাই হলো, সে খবর পাবে কীভাবে? ইদানীং তো টেলিফোন আছে, আগে তো টেলিফোনও ছিল না। এজন্য মাসআলা হলো, জবাইয়ের পরেই খুলতে হবে, এমন অপরিহার্য নয়; তার আগেও ইহরাম খুলতে পারবে; তবে পাঠানোর সিদ্ধান্ত নিতে হবে, নিয়ত করে ফেলতে হবে যে আমি পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিচ্ছি।
অসুস্থতা বা দুর্ঘটনার বাধা
এই বাধা এলো কী কারণে? সরকার বা কোনো দুশমন, কোনো কাফের শক্তি বাধা দিয়েছে। কিন্তু মানুষের জীবনে অন্য বাধাও আসতে পারে। যেমন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, অসুস্থতার কারণে সফর করতে পারছে না; অথবা দুর্ঘটনা ঘটে গেল, আর সফর করতে পারছে না। এমন বিভিন্ন দুর্ঘটনা যদি ঘটে যায়, তাহলে তিনি চাইলে ইহরাম খুলে ফেলতে পারবেন, আর এভাবে একটা দম দিয়ে দেবেন, পাঠিয়ে জবাই করানোর ব্যবস্থা করে দেবেন, আর ইহরাম থেকে বের হয়ে আসবেন। ফরজ হজ্জ বাকি থাকলে আগামী বছর ফরজ হজ্জ করে নেবেন।
এ নিয়ে ইখতেলাফ আছে যে উমরা হলে, উমরা যদি সম্পন্ন করা না যায়, তাহলে কী করতে হবে। কোনো কোনো ইমাম বলেছেন, যেহেতু নিয়ত করে ফেলেছেন, পরে কাযা করতে হবে; আর অনেকে বলেছেন, বাধা হলে আর কাযা করা লাগবে না। তবে কাযা করে নেওয়ার পক্ষের মতই শক্তিশালী।
শর্তযুক্ত ইহরাম
এখন কেউ যদি আশঙ্কা করেন যে কোনো বাধা আসতে পারে, তাহলে আগেই সতর্কতামূলক কিছু যোগ করা যায় কি না? এ ক্ষেত্রে একটি হাদিস আছে। দুবাআ বিনতে যুবাইর রাদিয়াল্লাহু আনহা নামে এক সাহাবিয়া ছিলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ আত্মীয়া। তিনি অসুস্থতা অনুভব করছিলেন, আর হজ্জের নিয়তে বের হচ্ছিলেন; চিন্তায় পড়ে গেলেন: আমার শরীরে যেভাবে অসুস্থতা দেখা দিচ্ছে, হজ্জে যাওয়ার ঝুঁকি নেব কি না? আসলে কি হজ্জ করতে পারব? তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন: আমার এই অবস্থা, হজ্জের তো নিয়ত করে ফেলেছি, কী করা যায়? তিনি বললেন: তুমি হজ্জের নিয়ত করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো; আর নিয়তের সময় একটা শর্ত জুড়ে দাও যে, যদি এমন কোনো ওজর চলে আসে যার কারণে আমি হজ্জ করতে অসমর্থ হই, তাহলে সেখানেই আমি হালাল হয়ে যাব, ইহরাম খুলে ফেলব। তাহলে তোমার আর কোনো কাফফারা দিতে হবে না।
উমরার ক্ষেত্রেও এমন হতে পারে। কোনো কোনো ইমাম এটা মেনে নিয়েছেন, অনেক ইমাম মেনে নেননি; যারা মেনে নিয়েছেন, তাদের পক্ষে হাদিসে মজবুত দলিল আছে। যেমন অনেকে পরিবার নিয়ে দেশে যাওয়ার সময় সৌদি এয়ারলাইন্সে টিকিট করে উমরা করে যান, অথবা আসার পথে করেন; এই সুযোগ আছে। পরিবারে স্ত্রী আছেন, মেয়েরা বড় হয়েছে; দেখা গেল মাত্র তিন দিন বা এক সপ্তাহের সুযোগ নিচ্ছেন। এখন অনেক সময় মহিলাদের মাসিকের বিষয় আছে; ওই সময়ে দেখা গেল সেটা এসে গেল; যিনি ইহরাম বেঁধে সঙ্গে আছেন, স্ত্রী বা অন্য কোনো আত্মীয়া, তার এই সমস্যা সৃষ্টি হলো; আর টিকিট এমনভাবে করা যে দেরি করার উপায় নেই, ফ্লাইট ধরতে হবে।
এই ক্ষেত্রে কোনো কোনো ইমামের আপত্তি থাকলেও যেহেতু হাদিস আছে, মহিলা নিজে নিয়ত করবেন, তাকে শিখিয়ে দেওয়া হবে: যদি আমার মাসিকের অসুস্থতা চলে আসে এবং ফ্লাইট চলে যাওয়ার আগে আমি পবিত্র না হই, তাহলে আমি ইহরাম খুলে ফেলব, উমরা ছাড়াই চলে যাব। তাহলে আর কোনো দুশ্চিন্তা থাকল না; এই হাদিসের কারণে সহজ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কোনো কোনো ইমাম ইখতেলাফ করেছেন, কিন্তু যেহেতু বুখারী ও মুসলিমের এই হাদিস অত্যন্ত শক্তিশালীভাবে প্রমাণিত, তা গ্রহণ করতে চাইলে করার সুযোগ রয়েছে।
মাথার কষ্ট ও উকুনের ঘটনা
এরপর আল্লাহ তাআলা ইহরামের হালতে হজ্জ ও উমরার আরও কিছু মাসআলা দিচ্ছেন। ইহরামের হালতে কারো যদি এমন অসুস্থতা আসে যে ইহরামের সব নিয়মকানুন মানা যাচ্ছে না, কিছু সমস্যা সৃষ্টি হয়ে গেল: তোমাদের কেউ যদি অসুস্থ হয়ে পড়ো, অথবা কারো মাথায় কোনো কষ্ট দেখা দেয়, তাহলে সে রোজা, সদকা বা একটা দম দিয়ে সেই কষ্ট দূর করতে পারে। কোন প্রসঙ্গে এ কথা বলা হচ্ছে?
এক সাহাবী ছিলেন [এখানে তিনি সাহাবীর নাম বলেছেন; ট্রান্সক্রিপ্টে নামটি বাদ পড়েছে]। তিনি বলেন: প্রচণ্ড গরমের মধ্যে আমি ইহরামের হালতে ইহরামের পোশাক পরেছি; মাথা খালি, টুপি নেই; আর প্রচণ্ড গরম চলছে। মরুভূমিতে তাঁরা হেঁটে যাচ্ছেন, অথবা উটে বা গাধায় চড়ে যাচ্ছেন; এই কাফেলা। কী রকম গরম! এত গরম মনে হচ্ছিল যেন আমি উনুনের উপর, চুলার উপর আছি। গরমের কারণে এমন অবস্থা: চুল কাটতে দেরি হয়ে গিয়েছিল, আর আমার চুলে তখন উকুন হয়ে গিয়েছিল।
মাথার চুলে উকুন হয়। মহিলাদের বেশি হয়, না পুরুষদের? মহিলাদের; কারণ চুল লম্বা বেশি থাকে। সাহাবীর হয়তো চুল কাটতে দেরি হয়ে লম্বা হয়ে গিয়েছিল। অনেক সময় মহিলাদের মাথা থেকে উকুন হেঁটে হেঁটে পুরুষের মাথায়ও চলে যায়; এমন কিছু হয়ে থাকবে।
বেচারা বলেন: গরমের চোটে এমন অবস্থা যে উকুনগুলো মাথায় আর থাকতে পারছে না, নামতে শুরু করেছে; আমার চেহারার উপর উকুন হাঁটতে শুরু করেছে; কোনো রেওয়ায়েতে আছে, চোখের উপরে ভ্রুর উপর উকুন হাঁটছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেন, আমার কপালের উপর উকুন হাঁটছে; গরমের চোটে আর থাকতে পারছে না। আর মাথায় যে কত উকুন আছে, মুখের উপর উকুন হাঁটা থেকেই তা প্রমাণ হয়ে গেল। এই উকুনগুলো আমাকে ভীষণ কষ্ট দিচ্ছিল।
নবীজি তা টের পেলেন: তোমার মাথার পোকাগুলো, উকুনগুলো কি তোমাকে অনেক কষ্ট দিচ্ছে? তোমার অবস্থা কি খুব খারাপ যাচ্ছে? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের খোঁজখবর কীভাবে নিতেন: এই বেচারার কষ্ট হচ্ছে কি না। দু-চারটা উকুন হলে একটু চুলকাল, ঠিক আছে; কিন্তু যদি মাত্রাতিরিক্ত হয়ে যায়, তাহলে বেচারা ঘুমাতেও পারবে না; ইহরামের হালতে তার কত কষ্ট হবে! আর তখন তো সোজা ফ্লাইটে করে কয়েক ঘণ্টায় পৌঁছে যাওয়া যেত না। এখন ফ্লাইট থেকে শুরু করে উমরা করা পর্যন্ত দশ-বারো ঘণ্টার মধ্যে প্রায় শেষ করা যায়; তখন কি এভাবে পারা যেত? এক সপ্তাহের যাত্রা।
তিনি বললেন: ইয়া রাসূলাল্লাহ, জি হ্যাঁ, আল্লাহর নবী ঠিকই বলেছেন, আমার খুব কষ্ট হচ্ছে, মাথার অবস্থা কাহিল। এখন এর ওষুধ কী? তখনকার জমানায় এমন ওষুধও ছিল না যে ওষুধ দিয়ে মাথা ধুয়ে ফেলবে। উকুন দূর করার ওষুধ কী হতে পারে? মুণ্ডন করে নেওয়া। নবীজি বললেন: তোমার কষ্ট বেশি হচ্ছে? জি, অনেক কষ্ট হচ্ছে। তিনি বললেন: মাথার চুল কামিয়ে ফেলো; উকুনের হাত থেকে চৌদ্দগুষ্ঠিসহ উদ্ধার হয়ে যাবে; তুমি একেবারে শান্তিমতো হজ্জটা করতে পারবে। সুবহানাল্লাহ! তিনি এই লোকটার প্রতি কী অনুগ্রহ করলেন!
ফিদইয়ার তিন বিকল্প
এখন তিনি যে চুল কেটে ফেললেন, ইহরামের সময় চুল কাটা কি ঠিক? না; এটা উল্টো কাজ হয়ে গেল। এর জন্য কী করতে হবে? কাফফারা দিতে হবে। কাফফারাটা কী হবে? হয়তো কাফফারা দেওয়ার মতো এই সাহাবীর অবস্থা ছিল না। তখন তিনি বললেন: ইহরামে যে কাজ নিষেধ, চুল কেটে ফেলার সেই কাজ করার কারণে তোমাকে ক্ষতিপূরণ, কাফফারা দিতে হবে, আর তা তিনটার একটা: তিন দিন রোজা রাখো, অথবা ছয়জন মিসকিনকে খাওয়াও, অথবা কোরবানির মতো একটা দম দাও।
ছয়জন মিসকিনকে দুই বেলা খাওয়াতে হবে; ছয়জন মিসকিনকে দুই বেলা খাওয়াতে হলে প্রত্যেককে এক ফিতরা পরিমাণ, অথবা এখনকার জমানায় দুই বেলা খাবারের মূল্য, আমাদের বিলেতের হিসাবে পাঁচ পাউন্ড। সৌদি আরবে সাধারণভাবে এক বেলা খেতে কত খরচ হয়? দশ-বারো রিয়াল হয়ে যায়, কখনো বারো রিয়ালে হয়, আর উঁচু উঁচু বিল্ডিংয়ে গেলে ত্রিশ রিয়ালও লেগে যায়। যাই হোক, ধরা যাক পনেরো রিয়াল, বা কমটাই যদি ধরেন, বিশ রিয়াল। তাহলে দুইজন মিসকিনকে বিশ দুগুণে চল্লিশ, এক বেলায়; দুই বেলায় আশি [উৎসে যেমন বলা]। এমন দিয়ে দিলে ইহরাম নষ্ট হওয়ার মতো যে কাজ হয়ে গেছে, তার কাফফারা আদায় হয়ে গেল। অথবা একটা ছাগল বা ভেড়া জবাই করে দেওয়া। এই তিনটার একটা করলে কাফফারা আদায় হয়ে যাবে: তিনটা রোজা, অথবা ছয়জন মিসকিনকে খাওয়ানো, অথবা একটা দম দেওয়া।
কোনটা দিতে হবে? কেউ কেউ বলেছেন, সামর্থ্য থাকলে দম দেওয়া, যাতে খরচ বেশি, সেটাই করতে হবে; ছয়জন মিসকিনকে খাওয়ালে খরচ কম, সেদিকে যাবে না। আর যার জবাই করার পয়সা নেই, তিনশ-সাড়ে তিনশ, চারশ-পাঁচশ রিয়ালের মতো লাগতে পারে, তা নেই, একটু কম আছে, সে ছয়জন মিসকিনকে খাওয়াক। আর যার ছয়জন মিসকিনকে খাওয়ানোর মতোও পয়সা নেই, শারীরিকভাবে শুধু রোজা রাখার সামর্থ্য আছে, সে রোজা রাখুক। আর আইয়ূব নামে একজন রহমাতুল্লাহি আলাইহি, এবং কেউ কেউ বলেছেন, যেটাই করবে সেটাই আদায় হয়ে যাবে; কেউ পয়সা বাঁচানোর জন্য রোজা রাখা শুরু করলেও ঠিক আছে; হাদিসে এত সুস্পষ্ট করে ক্রম বলা হয়নি। এভাবে মাথার চুল কেটে ফেলার, যে কাজ নিষেধ, তার একটা সমাধান পাওয়া গেল।
অন্যান্য নিষিদ্ধ কাজে কিয়াস
ইহরামের সময় এমন আরও কিছু কাজ নিষেধ আছে, আর এখান থেকে কিয়াস করে সেগুলোর হুকুম পাওয়া গেল। ইহরামের সময় পুরুষরা দুই টুকরা কাপড় পরে, এক টুকরা নিচে, আরেক টুকরা উপরে; মাঝখানে আন্ডারওয়্যার জাতীয় কিছু বা ট্রাউজার পরা হয় না। এখন কারো যদি এমন কোনো অসুস্থতা দেখা দেয় যে তার প্রস্রাবের ফোঁটা পড়ে, আল্লাহ মাফ করুন; কিছুক্ষণ পর এক ফোঁটা এলো, দুই ফোঁটা এলো; প্রস্রাব করে আসার পরও আরও এক-দুই ঘণ্টা এমন হতে থাকে। এই অবস্থায় কী করা যাবে? ফোঁটা পড়া অবস্থায় যদি চলতে থাকে, তাওয়াফ করতে থাকে, তাহলে তার ইহরামের কাপড়টাই নষ্ট হয়ে গেল; এমনকি হতে পারে, অসাবধানতাবশত ফোঁটা মসজিদুল হারামের ভেতরে ফ্লোরে পড়ে গেল; এটা তো বড় বিপদের কথা। তাহলে কি এই লোককে হারাম শরীফে ঢুকতেই দেওয়া ঠিক নয়, তার কি উমরা করা লাগবে না?
তাহলে তার কী করা দরকার? প্রয়োজনবোধে সে আন্ডারওয়্যার ব্যবহার করবে, ভেতরে টিস্যু দিয়ে ফোঁটাগুলো নিয়ন্ত্রণ করবে, যাতে তা নিচে না পড়ে, ইহরামের কাপড়ে না লাগে। কিন্তু আন্ডারওয়্যার জাতীয় কিছু পরে ফেলায় ইহরামের বিপরীত কাজ হয়ে গেল। এখন কী করতে হবে? তাকে দম দিতে হবে, অথবা তিনটা রোজা, অথবা ছয়জন মিসকিনকে খাওয়ানো। তবে আমরা উত্তমটাই নিই; এই তিনটার মধ্যে উত্তম হলো দম দিয়ে দেওয়া, খরচ একটু বেশি হলেও। এখান থেকে আরেকটা মাসআলা শিখলাম: যে কাজগুলো করলে ইহরাম ক্ষতিগ্রস্ত হয়, সেগুলোর জন্য দম দিতে হবে।
তবে এক্ষেত্রে আরেকটা কাজ আছে, যা একটু পরে আসবে: স্বামী-স্ত্রীর মিলন জাতীয় কাজ ইহরামের হালতে নিষেধ; কেউ এই কাজ করে ফেললে দম দিলেও হবে না, তার পুরো হজ্জ বাতিল হয়ে গেছে, আগামী বছর আবার হজ্জ আদায় করতে হবে; এটা অনেক বড় অপরাধ। যেমন নামাজে কিছু জিনিস আছে, যা ছুটে গেলে সাহু সেজদা করলে নামাজ হয়ে যায়: দুই রাকাতের পর আত্তাহিয়্যাতু পর্যন্ত বসার কথা, না বসে দাঁড়িয়ে গেছেন, এই বসা ছুটে গেছে; তিন বা চার রাকাতের পর শেষ বৈঠকে বসলেন; আগেরটা ছুটে যাওয়ার কারণে সেজদা করলে নামাজ হয়ে যাবে। কিন্তু কেউ রুকু করেনি, ভুলে গেছে, নামাজ শেষ করার পর মনে পড়ল রুকু তো করিনি; এখন সেজদা করলে কি নামাজ হবে? না; তার জন্য বড় মাশুল দিতে হবে, আবার নামাজ পড়তে হবে। হজ্জের ক্ষেত্রেও বড় ত্রুটি করে ফেললে কাফফারায় হবে না; ছোটখাটো ত্রুটির জন্য এই কাফফারার ব্যবস্থা।
তামাত্তু, কিরান ও ইফরাদ
“ফাইযা আমিনতুম”: যখন বাধা-বিপত্তি থাকে না, যখন তোমরা নিরাপত্তা অনুভব করো, তখন যদি উমরা ও হজ্জ একসঙ্গে মিলিয়ে তামাত্তু করো, তাহলে তামাত্তুর কারণে একটা কোরবানি দিতে হবে। তামাত্তু করলে কোরবানি করবে। কিরান করলে কী করবে? কিরান করলেও কোরবানি করতে হয়; শুধু ইফরাদ করলে কোরবানি করতে হয় না। এখানে তো শুধু তামাত্তুর কথা এসেছে, কিরানের কথা আসেনি; এর ব্যাখ্যা হাদিসে এসেছে।
তামাত্তু শব্দের দুটি অর্থ আছে। একটি বড় অর্থ হলো হজ্জ ও উমরা, দুটি ইবাদত করার নিয়ত করা; দুটোকে আলাদা আলাদা করবেন, নাকি এক ইহরামে একসঙ্গে করবেন, তারপর তা আবার দুই ভাগ হয়: কিরান একটা, তামাত্তু আরেকটা। দুটোই একসঙ্গে হজ্জ-উমরা, আর বড় অর্থে এটাও তামাত্তু। কাজেই কিরানের কোরবানি ও তামাত্তুর কোরবানি, দুটোই এখানে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে কিরান বা তামাত্তু করলে কোরবানি করা ওয়াজিব হয়ে যায়, আর ইফরাদ করলে কোরবানি করতে হয় না; এটা আমরা হজ্জের তালিমে শিখি।
যারা হজ্জে যাননি, হজ্জের তালিমে বসেননি, তাদের জন্য তামাত্তু, কিরান ও ইফরাদ ভালো করে বুঝিয়ে বলা যাক। যে হজ্জে শুধু হজ্জ করে, উমরার কাজ করে না, তার নাম ইফরাদ; সেটা একটু সংক্ষিপ্ত, সেখানে কোরবানি দিতে হয় না। আর যার দুটি ইবাদত, একটা উমরা, একটা হজ্জ, দুটোই করার নিয়ত আছে, তার নাম কিরান অথবা তামাত্তু: দুটো এক ইহরামে করলে তার নাম কিরান; আলাদা আলাদা ইহরাম বাঁধলে, মাঝখানে ইহরাম খুলে ফেললে তার নাম তামাত্তু।
এই দুই ধরনের হজ্জ করলে যতটুকু তৌফিক হয়, কোরবানি দেবে, যার জন্য যতটুকু সহজ হয়। যার জন্য উট বা গরু, বড় জানোয়ার কোরবানি করা সম্ভব, ভালো; আর যে এত বড় পারবে না, ছোট জানোয়ার, ছাগল বা ভেড়া দেবে, তাতেও কোরবানি আদায় হয়ে যাবে।
কোরবানির সামর্থ্য না থাকলে
আর যার কোরবানি করার সামর্থ্য নেই, টাকা-পয়সা তেমন নেই, কোনোরকমে হজ্জ আদায় করছে, সে বেচারা তামাত্তু বা কিরানের নিয়ত করেছে; এখন কী করবে? কোরবানি করার তো পয়সা নেই। এখনকার জমানায় কেউ বলবে, হজ্জে এত টাকা খরচ করে যেতে পারে, আর কোরবানিতে মাত্র কয় পয়সা লাগে, এটাই তার জোগাড় হলো না? কিন্তু আগের জমানায় মানুষের অভাব-অনটন অনেক বেশি ছিল; বহু কষ্ট করে হজ্জ করতেন; কোরবানির পয়সা জোগাড় করা অনেকের জন্যই কঠিন ছিল। তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন: যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে না, অথচ তামাত্তু বা কিরান করেছে, তার সমাধান হলো দশটি রোজা রাখা; তাহলে কোরবানির পরিবর্তে তামাত্তু ও কিরানের সেই হুকুম আদায় হয়ে গেল।
হজ্জের সময় দশটি রোজা রাখা তো কঠিন কাজ; হজ্জের যাত্রায় অনেক কষ্ট আছে। তাই আল্লাহ তাআলা বলে দিলেন: তিনটা হজ্জের সময় সেখানে রাখো, আর বাকি সাতটা ঘরে ফিরে এলে, বাড়িতে এসে বিশ্রাম নিয়ে তারপর রাখলে কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা বান্দার প্রতি কত সহজ করে দেন!
এখন এই তিনটা কখন রাখবে, কোন কোন তারিখে? হজ্জের মূল কাজ, সবচেয়ে বড় কাজ আরাফার দিনে; আরাফার দিন হাজীদের রোজা না রাখাই উচিত, কারণ অনেক কষ্ট আছে। আর দশ তারিখ তো ঈদের দিন; সেদিন রোজা রাখা ঠিক নয়। এগারো, বারো, তেরো আইয়ামে তাশরীক; সেদিনগুলোতেও ঠিক নয়। তাহলে ওই তিনটা আরাফার দিনের আগে বেছে নিতে হবে; যিলহজ্জ মাসের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত উত্তম সময়; আট তারিখেও কেউ রাখলে বিবেচনা করা যায়; নয়, দশ এবং এগারো, বারো, তেরোতে না রাখা উচিত। তেরোর পর আর হজ্জের দিন নেই, হজ্জের দিন শেষ; তখন রাখা ঠিক হবে না; এই তিনটা এর আগেই রেখে ফেলতে হবে। আর বাকি সাতটা কেউ চাইলে সেখানে তেরো তারিখের পর আদায় করতে পারে, তাও জায়েজ; আর কেউ চাইলে বাড়িতে, দেশে এসে আরামে রাখবে, তাও জায়েজ। এভাবে তিন আর সাত মিলিয়ে মোট দশটা রাখলে চলবে।
মসজিদুল হারামের বাসিন্দা কারা
একসঙ্গে উমরা ও হজ্জ দুটোর নিয়ত করে কিরান বা তামাত্তু করার এই কাজ কাদের জন্য? যারা মসজিদুল হারামের আশেপাশে বসবাস করে না, তাদের জন্য। আর যারা মসজিদুল হারামের পাশে বসবাস করে, তাদের জন্য তামাত্তু বা কিরান করা ঠিক নয়। তারা কোন হজ্জ করবে? ইফরাদ; সংখ্যাগরিষ্ঠ ওলামার এটাই ফতোয়া। যেহেতু আমরা যারা দূর থেকে যাই, এত ঘন ঘন জিয়ারত করতে পারি না, তাই আল্লাহ তাআলা আমাদের একসঙ্গে দুই ইবাদত, হজ্জ ও উমরা করার অনুমতি দিয়েছেন। আর যারা মক্কার স্থায়ী বাসিন্দা, মুকীম হয়ে গেছে, সেখানে মোটামুটি বসবাস করছে, তাদের তো উমরা করার সুযোগ আছেই; তারা হজ্জের মধ্যে গিয়ে উমরার জন্য এত পীড়াপীড়ি করবে কেন? তারা একটা করলেই চলবে। তাই আল্লাহ তাআলা বলে দিলেন, যারা মসজিদুল হারামের আশেপাশে বসবাস করে না, তাদের জন্য এই হুকুম: তোমরা তামাত্তু বা কিরান করো। তাহলে বোঝা গেল মক্কাবাসীর জন্য শুধু ইফরাদ হজ্জ।
এখন মক্কাবাসী বলতে কতদূর বোঝায়? অনেক ওলামা মনে করেছেন, হারাম এলাকার ভেতরে বসবাসকারীরা; সংখ্যাগরিষ্ঠ ওলামা এটাই নিয়েছেন।
হারামের সীমা
হারাম এলাকা কোথা থেকে শুরু হয়? জেদ্দা থেকে মক্কার দিকে রওনা হলে রাস্তার উপর কোরআন শরীফের রেহালের মতো একটা কিছু বানিয়ে বসানো আছে; এর পরেই একটা চিহ্ন আছে, সম্ভবত ডান পাশে একটা ছোট্ট গেটের মতো, আর লেখা আছে “বিদায়াতুল হারাম”, হারামের শুরু। সেখান থেকেই হারামের মর্যাদা: মক্কা শহরের যেমন মর্যাদা, সেই জায়গারও একই মর্যাদা। সেখানে গাছপালা কাটা, পাখপাখালি তাড়িয়ে দেওয়া, হাঁকিয়ে দেওয়া ঠিক নয়; কোনো খুনখারাবি, মারামারি সেখানে অন্য জায়গার তুলনায় বড় অপরাধ। হারামের এই সীমা সেখান থেকেই শুরু হয়।
এতে বোঝা গেল, কেয়ামতের আগ পর্যন্ত হারাম শরীফ যদি বাড়তে থাকে, তাহলে বাড়তে বাড়তে ওই হারামের সীমা পর্যন্ত আসতে পারবে, এর বেশি যেন না যায়। হারাম শরীফ তো এখন বাড়ছে; কিন্তু মূল হারাম সেই সীমা পর্যন্ত।
কোনো কোনো ইমাম মনে করেন, হারামের এত ফজিলত, এক রাকাত নামাজে এক লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, তা শুধু মসজিদুল হারামে নয়; হারাম এলাকার ভেতরের যেকোনো মসজিদে পড়লেও সেই সওয়াব পাওয়া যাবে, সুবহানাল্লাহ। যদিও অনেক ইমাম মনে করেন, না, তা মসজিদুল হারামেই সীমাবদ্ধ।
হারামের ভেতরে যারা আছে, তাদের ইফরাদ করতে হবে, তারা কিরান বা তামাত্তু করতে পারবে না; আর এর বাইরে যারা বসবাস করে, তারা কিরান বা তামাত্তু করতে পারবে। জেদ্দা শহর, যা মক্কার সবচেয়ে কাছে, তা কি হারামের ভেতরে না বাইরে? বাইরে। মীকাতের ভেতরে না বাইরে? এখানে অনেকে গণ্ডগোল করে ফেলেন: জেদ্দা হারামের বাইরে, কিন্তু মীকাতের ভেতরে। এজন্য প্লেন জেদ্দায় অবতরণের বেশ আগেই আমাদের ইহরামের নিয়ত করে ফেলতে হয়।
এখন জেদ্দাবাসীরা হজ্জ করতে চাইলে কিরান বা তামাত্তু করতে পারবে, নাকি তাদেরও ইফরাদ করতে হবে, এ নিয়ে কিছু ওলামা বলেছেন, তারাও মসজিদুল হারাম থেকে বেশি দূরে নয়, মীকাতের ভেতরে থাকলে তাদেরও ইফরাদ করতে হবে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ আইম্মায়ে কেরাম বলেছেন, না; মীকাতের ভেতরে হলেও তারা যেহেতু হারাম এলাকার বাইরে, হারামের সীমানার বাইরে, তাদেরকে “হাদিরিল মাসজিদিল হারাম”, মসজিদুল হারামের পাশের বাসিন্দা বলে বোঝানো হয় না; জেদ্দাবাসী বা এমন এলাকার বাসিন্দাদের জন্য কিরান ও তামাত্তু করা জায়েজ হতে পারে।
আল্লাহকে ভয় করো
এরপর আল্লাহ তাআলা বলছেন, “ওয়াত্তাকুল্লাহা ওয়া’লামূ আন্নাল্লাহা শাদীদুল ইকাব”: আল্লাহকে ভয় করো, আর জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামীন অনেক বড় শক্তি, অনেক কঠিন শাস্তি দিতে পারেন। এখানে হজ্জের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামীন বলছেন, আল্লাহকে ভয় করো; হজ্জ তো ইবাদতের বিষয়, তাহলে আল্লাহকে ভয় করা এবং খবরদার, মনে রেখো আল্লাহ কঠিন শাস্তি দেন, এ কথাগুলো বলার কারণ কী?
কারণ হলো, হজ্জের যে নিয়মকানুন ও মাসায়েল আল্লাহ তাআলা ভেঙে ভেঙে পরিষ্কার করে বলছেন, সেগুলো ভালো করে জানা ও ভালো করে আমল করাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে; শরীয়তের আমলগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হবে। কেউ যদি এগুলো ভালো করে না জানে, না মানে, শুধু ইহরাম গায়ে দিল আর চলে গেল, উল্টাপাল্টা করা শুরু করল, সে কি আল্লাহকে ভয় করল? না।
হজ্জের মর্যাদা ও ইলমের প্রয়োজন
এভাবে আল্লাহর ঘরের হজ্জের এত গুরুত্বপূর্ণ ইবাদতকে আল্লাহ তাআলা সাংঘাতিক গুরুত্ব দান করেছেন। এর কত ফজিলত! যে ব্যক্তি হজ্জ করতে এলো এবং কিছু নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকল, আল্লাহ তাআলা তাকে সমস্ত গুনাহ মাফ করে এমনভাবে তার দেশে, বাড়িতে ফিরিয়ে নেবেন, যেমন তার মা যেদিন তাকে প্রসব করেছিল, সেদিন সে কোনো গুনাহ ছাড়া দুনিয়ায় এসেছিল। সুবহানাল্লাহ! এত বড় মর্যাদা পাওয়ার জন্য ইবাদতটাকে কতটা যত্নের সঙ্গে আদায় করতে হবে!
আফসোসের বিষয় হলো, মক্কা শরীফে গেলে দেখা যায়, হজ্জের সময় এমন কিছু লোক হজ্জ করতে আসে, যারা জীবনেও হজ্জের গুরুত্ব বোঝেনি; তারা যেন উল্টাপাল্টা করে মানুষকে কষ্ট দেওয়ার জন্যই সেখানে যায়। তাদের কয়জনের গুনাহ মাফ হয়, নাকি মানুষকে কষ্ট দিয়ে অতিরিক্ত গুনাহ কাঁধে করে ফিরে আসে, আল্লাহই ভালো জানেন।
একটা উদাহরণ: তাওয়াফের মধ্যে মানুষের ভিড়; হায়রে আল্লাহ, তাওয়াফ করা কত কষ্ট! আর সেই জায়গায় কয়েকজন মিলে ঘিরে কর্ডন করে রেখেছে; দুই-তিনজন সেখানে কী করবে? মাকামে ইবরাহীমে নামাজ পড়বে। আর এত মানুষের তাওয়াফের স্রোত সেখানে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে; গায়ের উপর গায়ে পড়ে মানুষ হুমড়ি খাচ্ছে। সেখানে নামাজ পড়ার জন্য মানুষকে এত কষ্ট দিচ্ছে; সে কি আল্লাহকে ভয় করল? সে কি নামাজ পড়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাচ্ছে, নাকি আল্লাহর গোস্বা ডেকে আনছে? সে বোঝে না।
এজন্য ইবাদত করার জন্য ইলম দরকার; ইলম শেখা এজন্যই ফরজ। যেকোনো ইবাদত করতে হলে সেই ইবাদতের তরিকা শিখতে হবে। এজন্য হজ্জের তালিমে থাকা, ভালো করে শিখে হজ্জ-উমরার ইবাদতে যাওয়া অত্যন্ত জরুরি। খবরদার, উল্টাপাল্টা করো না; “ওয়াত্তাকুল্লাহ”, আল্লাহকে ভয় করো; “ওয়া’লামূ আন্নাল্লাহা শাদীদুল ইকাব”। কেউ যদি উল্টাপাল্টা করে, কোনো গুরুত্ব না দেয়, ভালো করে না শিখে খামখেয়ালি করে এগুলো করে, তাহলে আল্লাহ তাআলা অনেক পুরস্কারের বদলে তাকে কঠিন শাস্তি দেবেন। ঠিক তেমনি নামাজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, প্রত্যেকটি ইবাদত আদায় করার জন্য মাসায়েল শেখা দরকার।