দুই ধরনের মানুষ

আল্লাহ রাব্বুল আলামীন এই আয়াতগুলোতে উম্মতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নসিহত পেশ করেছেন। উম্মতের মধ্যে কিছু লোক হকের অনুসারী হবে, দ্বীনের জন্য যাদের দিলে আল্লাহ তাআলা মহব্বত দান করেছেন; তারা দ্বীনকে জীবনের সবচেয়ে বড় নেয়ামত মনে করবে, আর কীভাবে দ্বীনদার হওয়া যায়, সেজন্য খুব চেষ্টা করবে, দ্বীনের জন্য সংগ্রাম করবে, কোশেশ করবে, সাধনা করবে। আর অন্য দিকে কিছু লোক দ্বীনের দুশমনি করবে। দুনিয়াতে কিছু আছে নেককার, কিছু আছে গুনাহগার। এই উভয় প্রকারের লোকদের কিছু গুণাগুণ, উভয় পক্ষের কিছু বর্ণনা আল্লাহ তাআলা এখানে পেশ করছেন, যাতে আমরা হকপন্থী হই, না-হক রাস্তা থেকে দূরে থাকি।

মিষ্টি কথা, বাঁকা অন্তর

وَمِنَ النَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللَّهَ عَلَىٰ مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ ۝ وَإِذَا تَوَلَّىٰ سَعَىٰ فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ ۝ وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ ۚ فَحَسْبُهُ جَهَنَّمُ ۚ وَلَبِئْسَ الْمِهَادُ

মানুষের মধ্যে কিছু লোক আছে, দুনিয়ার জীবন সম্পর্কে যাদের কথা আপনাকে খুবই খুশি করবে; আর তার অন্তরে যা আছে, সে ব্যাপারে সে আল্লাহকে সাক্ষী রাখে; অথচ সে সবচেয়ে ঝগড়াটে লোক। আর যখন সে মুখ ফিরিয়ে চলে যায়, তখন পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার জন্য এবং শস্যক্ষেত ও প্রাণীর বংশ ধ্বংস করার জন্য দৌড়ঝাঁপ করে; আর আল্লাহ ফাসাদ পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয়, আল্লাহকে ভয় করো, তখন অহংকার তাকে আরও গুনাহর দিকে টেনে নেয়। সুতরাং তার জন্য জাহান্নামই যথেষ্ট; আর তা কতই না নিকৃষ্ট বিছানা!

কিছু লোক আছে, যাদের কথা শুনলে খুব খুশি হয়ে যাবেন। দুনিয়ার জীবন সম্পর্কে, দুনিয়াবি ফায়দার বিষয়ে তাদের কাছে অনেক সুন্দর সুন্দর কথা আছে। আর তার অন্তরে যা আছে, সে ব্যাপারে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখেও কথা বলে; কসম করতে তার কোনো অসুবিধা হয় না। অথচ লোকটা বড় ঝগড়াটে কিসিমের। তার স্বভাবে, চরিত্রে আসলে বক্রতা আছে; সে ভালো মানুষ নয়; অন্তরে অনেক প্যাঁচ। কিন্তু মুখের কথা বড় সুন্দর; কথা দিয়ে আপনাকে একেবারে সুন্দর করে সবকিছু বুঝ দিয়ে দেবে, অথচ ভেতরে আসলে সব উল্টাপাল্টা করছে। এমন লোক কি দুনিয়াতে আছে? আছে, সুবহানাল্লাহ।

যখন আপনার কাছ থেকে অন্য দিকে মুখ ফেরায়, আপনার সামনে এসে সুন্দর সুন্দর কথা বলল, তারপর আপনার সামনে থেকে চলে গেল, এবার তার চেষ্টা শুরু হলো কীভাবে ফাসাদ জোগাড় করা যায়, কোন দিক দিয়ে ফিতনা-ফাসাদ লাগানো যায়; সারাদিন খুব দৌড়ঝাঁপ, ফাসাদ নিয়েই তৎপরতা। আপনার সামনে এলে, হুজুর, হুজুর, কী সুন্দর, মাশাআল্লাহ! আর তার কর্মকাণ্ডে কী আছে? ফাসাদ।

তার কাজকর্ম এই উদ্দেশ্যে যে দুনিয়ার মধ্যে “হারস” ও “নাসল” ধ্বংস হয়; হারস মানে খেত-খামার, চাষাবাদ; আর নাসল অর্থ বংশ, মানুষের বংশ, আবার জীবজন্তু, জানোয়ারের বংশও। দুনিয়ায় জানমালের নিরাপত্তা, বাড়িঘরের নিরাপত্তা, পশুর নিরাপত্তা, কারো কোনো নিরাপত্তা থাকে না। কোথাও আগুন লাগলে সবারই নিরাপত্তা চলে যায়; কোথাও যুদ্ধ শুরু হলে সবারই নিরাপত্তা চলে যায়। এমন যারা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে, হাঙ্গামা সৃষ্টি করে, তারা সামনে এসে খুব সুন্দর কথা বলে, আর পেছনে ফিতনা-ফাসাদ লাগিয়ে দেওয়ার জন্য এক পায়ে খাড়া। আল্লাহ তাআলা এসব ফাসাদ মোটেই পছন্দ করেন না।

তাকে যখন বলা হয়, আল্লাহকে ভয় করো, তুমি কেন এগুলো করো, তখন তার ইজ্জতে লেগে যায়; আর এই ইজ্জতের জন্য সে গুনাহ করতে আরও রাজি। গুনাহের কাজ ছেড়ে দিলে তার ইজ্জত কমে যাবে; গুনাহের কাজ কামিয়াবির সঙ্গে করতে পারলে তার ইজ্জত প্রতিষ্ঠিত হলো; এমনই তার মানসিকতা। তার ইজ্জত, তার অবস্থান, তার কথা, তার শান ঠিক রাখতে হবে; গুনাহ হোক বা নেকি, হক হোক বা বাতিল, তাতে কিছু আসে যায় না। এমন দুষ্ট প্রকৃতির লোকের জন্য জাহান্নামই যথেষ্ট; আর কোনো জায়গার দরকার আছে? জাহান্নামই যথেষ্ট; তাদের জন্য অত্যন্ত খারাপ ঠিকানা রয়েছে।

মুনাফিকি: আখনাস ও মদিনার মুনাফিকরা

দুনিয়াতে এমন অনেক ধরনের লোক আছে, যারা মুখে সুন্দর কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে অত্যন্ত খারাপ পরিকল্পনা নিয়ে থাকে; সারাদিন তাদের চিন্তা অসৎ পরিকল্পনা। কিন্তু মানুষের সামনে, কোনো বড় দায়িত্বশীলের সামনে, কোনো বড় আলেমের সামনে এসে বলে, হুজুর, শুধু আপনার দোয়ার জন্য এসেছি; আহারে, দোয়ার জন্য যেন জান যায়! আর সুযোগ পেলে হুজুরের বারোটা বাজায়। এমন দুষ্ট প্রকৃতির লোক এরা। এদের বলা হয় নিফাক, মুনাফিক।

আরব দেশে এমন অনেকেই ছিল। একজন ছিল আল-আখনাস ইবনে শারীক আস-সাকাফি, তায়েফের সাকীফ গোত্রের এক দুষ্ট প্রকৃতির লোক। নবীজির কাছে এসে কী সুন্দর করে নিজেকে উপস্থাপন করল, যেন আল্লাহর রাসূলের মহব্বতে একেবারে গদগদ হয়ে গেছে, তাঁর কাছে ইসলাম কবুল করেছে, কালেমা পড়ে সব প্রস্তুত; কিন্তু ভেতরে ভেতরে গিয়ে বড় ষড়যন্ত্র পাকিয়েছে।

মদিনায় এমন অনেক লোক ছিল; মুনাফিকদের অনেকেই মদিনায় এমন করেছে। নবীজির কাছে খবর আসত, কোনো সাহাবী বলতেন: ইয়া রাসূলাল্লাহ, অমুক লোক আপনার কাছে এসে কালেমা পড়েছে, বলে সে মুসলমান; আর আমি শুনলাম, সে ওখানে বসে কিছু লোককে আপনার বিরুদ্ধে উসকে দিচ্ছে। রাইসুল মুনাফিকীন আব্দুল্লাহ ইবনে উবাই মদিনায় এমনই ছিল, আরও কত ছিল। ডেকে জিজ্ঞেস করা হলে বলত: আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ! কখন এগুলো বললাম? এ তো মিথ্যা কথা! দেখুন, আমি আপনাকে এত মহব্বত করি! এভাবে সামনে, আর পেছনে এত শয়তানি।

এমন প্রকৃতির লোকের মুনাফিকি হলো ভেতরে ভেতরে কুফরিতে ভর্তি, ইসলামের বিরুদ্ধে দুশমনি; কিন্তু মুখে সুন্দর মিষ্টি কথা, আর ইসলামের প্রকাশ। এটা দ্বীন সম্পর্কে এক ধরনের মুনাফিকি।

সুবিধাবাদী দ্বিমুখী নীতি

আবার দ্বীন ছাড়াও আরও মুনাফিকি আছে। কারো সঙ্গে দ্বীন নিয়ে কোনো দুই কথা নেই, কিন্তু অন্যান্য সামাজিক কাজকারবারে তার দ্বিমুখী নীতি থাকতে পারে। আপনার কাছে এসে আপনার খুব প্রশংসা করে, কিছু তেল মেরে যায়; আর পেছনে গিয়ে বলে: আর বলো না, এই লোকটা কত খারাপ, আল্লাহ আমাদের সমাজে এমন লোক দিয়েছেন! এভাবে আপনার ব্যাপারে উল্টো কথা ছড়িয়ে দেবে। যারা এমন দ্বিমুখী আচরণ করে, তারা প্রায় সবাই সুবিধাবাদী। কেন এগুলো করে? সুবিধাবাদী বলে; এখানেও ভালো থাকতে চায়, ওখানেও; এখানেও সুবিধা পেতে চায়, ওখানেও। আর তারা মনে করে, তারাই সবচেয়ে বেশি চালাক, সবচেয়ে বেশি বুদ্ধিমান, সবার সঙ্গে চলতে পারে।

বিশেষ করে মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন ইসলামের মোটামুটি একটা ভিত্তি হয়ে গেল, একটা ইসলামি রাষ্ট্রের গোড়াপত্তন হলো, আর মক্কার কাফেরদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হলো, তখন যারা আসলে অন্তর দিয়ে ইসলাম কবুল করেনি, তারা দেখল: মদিনায় একটা রাষ্ট্র হয়েছে, মক্কায় তো আগে থেকেই কুরাইশদের একটা শক্তি আছে; এই দুইয়ের মধ্যে যুদ্ধ হবে; যে পক্ষই বিজয়ী হবে, আমরা বিজয়ী পক্ষের দিকে থাকব; তাই দুই দিকেই লাইন রাখি। তারা দুই দিকেই লাইন রাখত: মক্কার লোকদের তাল দিত, তথ্য পাচার করত; আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলত, আমরা আপনার সঙ্গেই আছি। আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন:

مُّذَبْذَبِينَ بَيْنَ ذَٰلِكَ لَا إِلَىٰ هَٰؤُلَاءِ وَلَا إِلَىٰ هَٰؤُلَاءِ

তারা এর মাঝখানে দোদুল্যমান; না এদের দিকে, না ওদের দিকে।

তারা আসলে অন্তর দিয়ে এদিকেও থাকতে পারে না, ওদিকেও না; শুধু সুবিধাবাদ জিন্দাবাদ; এই দুইয়ের মাঝখানে আছে।

ইসলাহকারী ও ফাসাদকারী মধ্যস্থতাকারী

এমন কিছু সুবিধাবাদী লোক সব সমাজেই আছে। কোনো সমাজে দ্বন্দ্ব-কলহ, ফিতনা-ফাসাদ শুরু হয়ে গেছে; অনেক সময় দেখা যায় কিছু লোক মধ্যস্থতা করে, আর তাদের নিয়ত ভালো; তারা উভয়কে বুঝিয়ে-শুনিয়ে ফিতনা-ফাসাদ থামিয়ে দিতে চায়। আবার কিছু লোক মধ্যস্থতা করে উভয়কে উসকে দিতে চায়; এই দুই রকম মধ্যস্থতাকারী আছে। যদি ফাসাদ না করে ইসলাহের মধ্যস্থতাকারী হন, তাহলে আপনার শান অনেক উঁচু; মানুষের মধ্যে যারা ইসলাহ করে, আল্লাহ তাদের অত্যন্ত মহব্বত করেন। “আল-ইসলাহু বাইনান নাস”, মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া বিরাট নেকির কাজ; আর মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেওয়া বিরাট অপরাধ, সমাজে অনেক বড় গুনাহের কাজ।

যারা উভয়ের কথা শুনে উভয়কে উসকে দেয়, একটা বড় ফিতনা-ফাসাদ লাগিয়ে দিয়ে তামাশা দেখে, আরেকটু বাতাস দেয়, আরেকটু মসলা লাগিয়ে দেয়, এমন কিছু লোক পারিবারিকভাবেও পাওয়া যাবে: বিভিন্ন পারিবারিক ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে, বিয়েশাদির ক্ষেত্রে কিছু লোক উসকে দেয়, যাতে বিয়েটা ভেঙে যায়, আত্মীয়তা নষ্ট হয়ে যায়, তালাক হয়ে যায়; এই পক্ষকেও উসকানি দেয়, ওই পক্ষকেও, যাতে তারা সম্পর্ক ছিন্ন করে তালাকের দিকে চলে যায়। আবার কিছু লোক মাঝখানে থেকে উভয়ের মধ্যে ইসলাহ করে দেওয়ার চেষ্টা করে:

وَالصُّلْحُ خَيْرٌ

আর মীমাংসাই উত্তম।

সমাজে এই দুই কিসিমের লোকের পরিচয় আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন: যারা মুখে সুন্দর কথা বলে, কিন্তু অন্তরে বড় ধরনের প্যাঁচ। অনেক লোকের ভেতরে যে কত প্যাঁচ আছে, আল্লাহ তাআলাই ভালো জানেন; প্যাঁচে ভর্তি। মানুষ যত সহজ-সরল হবে, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা তত বেড়ে যাবে। ভালো মুমিনের পরিচয় হলো, সে সহজ-সরল মানুষ; যত সহজ-সরল, তত ভালো মুমিন। প্যাঁচ যত গভীর, তার ঈমানের ব্যাপারটা তত জটিল; এমন লোকের খাঁটি হওয়া মুশকিল; প্যাঁচের কারণে ঈমান এত মজবুত হতে পারে না।

বিশ্বাসযোগ্য প্রতারক

এমন লোকেরা আবার কী করে? এমন কিছু লোক আছে, তাদের কথা শুনলে, বক্তৃতা শুনলে বিশ্বাস না করে পারবেন না। আমি এমন কিছু লোককে দেখেছি, পরে প্রমাণ হয়েছে আস্ত দুই নম্বর; কিন্তু সামনে এসে এত সুন্দর করে নিজের ঘটনা উপস্থাপন করল যে আপনি তাকে পুরোপুরি বিশ্বাস করে ফেললেন; নিজের মতলব হাসিল করার জন্য কিছু একটা সাজিয়ে বলল, আর আপনি শতভাগ বিশ্বাস করলেন।

কিছু লোক আছে আপনার কাছ থেকে পয়সা আদায় করবে; এত সুন্দর গল্প ফাঁদে যে না দিয়ে কোনো উপায় নেই; আপনার কাছ থেকে চট করে কিছু পটিয়ে নিয়ে গেল; পরে দেখলেন, সে আসলে এভাবে প্রতারণার আশ্রয় নেয়। অনেকের কাছ থেকে এভাবে পয়সা নিয়েছে: ভাই, আমি ঠেকে গেছি, আমার বিপদ হয়ে গেছে, আজকেই আমার পাঁচশ দরকার, যেভাবেই হোক দিয়ে দিন, কাল দিয়ে দেব, তিন দিন পরে দিয়ে দেব। আমাদের সমাজে এমন কিছু লোক পরিচিত আছে, অনেকেই চেনে। দেখা গেল একজন থেকে নিয়েছে, দুইজন থেকে, পাঁচজন থেকে, দশজন থেকে; ইয়া আল্লাহ! তারপর সে উধাও; এখন খবর, হায় হায়, দশ-বারোজন, বিশজন থেকে নিয়ে গেছে। এমন লোক থেকেও নিয়েছে যার কাছে মোটেই পয়সা নেই; তাকে এমনভাবে পটিয়েছে: ভাই, আপনার ব্যাংকের কার্ড আছে, একটু ব্যাংক থেকে তুলে দিন; বেচারা ব্যাংক থেকে তুলেও তাকে পয়সা দিয়েছে। চিন্তা করুন, কেমন পটাতে সক্ষম হয়েছে!

এমন এক ধরনের লোক আছে; অন্তরে যা আছে, আল্লাহর কসম করে আপনাকে বলে দেবে, যাতে তার কথায় আপনি কোনো সংশয় না করেন, তাকে বিশ্বাস করেন। কিছু লোক প্রতারণা করতে, মিথ্যা তথ্য দিয়ে আপনাকে বিভ্রান্ত করতে, পক্ষপাতদুষ্ট করতে, কারো ব্যাপারে আপনাকে দুশমন বানাতে এত দক্ষ, এত পটু যে আপনার কাছে তার বিরুদ্ধে এমন কথা বলে ফেলবে। তার অন্তরে যা আছে, আল্লাহ তাআলা তা দেখেন; এটা একটা তাফসীর। আরেকটা তাফসীর হলো, সে আল্লাহর কসম করে বলবে, আমি আপনাকে যা বললাম একেবারে খাঁটি কথা, একটা কথাও মিথ্যা নেই; কসম করতেও তার দ্বিধা হয় না। আল্লাহ তাআলা বলেন, অথচ এই লোকটা বড় ধূর্ত, বড় প্রতারক।

“আলাদ্দুল খিসাম”: তর্কের ওস্তাদ

কথা দিয়ে মানুষকে এমন করে, অথবা ঝগড়া-ফাসাদে, তর্ক-বিতর্কে ফেলে মানুষকে বেকায়দায় ফেলে দেয়, এমন লোক আছে। এখানে আরেকটা অসৎ গুণের কথা এসেছে: তর্ক-বিতর্কে খুব পটু হওয়া। কোনো বিষয় নিয়ে তর্ক লেগেছে, সে নিজের পক্ষ এত ভালোভাবে উপস্থাপন করল যে তার পক্ষ জিতে গেল; আর যে ভালো করে বলতে পারল না, সে ঠকে গেল; অথচ ঠকল হকওয়ালাই।

কোর্টে মামলা যায়: অমুক জায়গা, অমুক বাড়ি আমার; আরেকজন মামলা করল, না, এটা আমার। কত জায়গা নিয়ে, কত বাড়ি নিয়ে মামলা চলছে। যার কাগজপত্র মজবুত, ভালো, যার মালিকানা আসল, সে-ই তো পাওয়ার কথা; অনেক সময় সে পায়ও। কিন্তু কখনো কখনো দেখা যায়, কাগজওয়ালা, দলিলওয়ালা আসল মালিক পায় না, আরেকজন পায়। কীভাবে পায়? এমন এক ব্যারিস্টার বা উকিল ধরেছে, যিনি এত পটু যে হককে একেবারে না-হক বানিয়ে ফেলেছেন, আর না-হককে হক প্রমাণ করে ফেলেছেন; এটা একটা অর্থ।

আরেকটা অর্থ হলো, যখন ঝগড়া লাগে, কিছু লোকের জবান এত খারাপ: এত কটাক্ষ করে, এত আক্রমণ করে, এত গালিগালাজ করে কথা বলে। কিছু লোক আছে একটু ভদ্র, বেশি গালিগালাজ করতে পারে না; আল্লাহ তাআলা তাদের মুখ সুন্দর করেছেন, পারে না। কিন্তু কিছু লোক আছে, তাদের সঙ্গে কথা বললে কানে ধরবেন, নাউজুবিল্লাহ, জীবনে আর তার সঙ্গে কথা বলার দরকার নেই; তার সঙ্গে তর্কে জড়ালে আপনার উপায় নেই, মান-ইজ্জত কিছুই থাকবে না। এটাও “আলাদ্দুল খিসাম”-এর আরেকটা লক্ষণ। এই যে উদাহরণগুলো দেওয়া হলো, এগুলো আমাদের সমাজে আছে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বললেন: দেখো, তোমাদের অনেকে আমার কাছে মামলা নিয়ে আসো; আমি তোমাদের বর্ণনা ও যুক্তি-প্রমাণ অনুযায়ী অনেক সময় যুক্তির পক্ষে রায় দিয়ে দিই। আর যে লোকটা রায় পেয়ে গেল, হতে পারে সে খুব দক্ষতার সঙ্গে চমৎকারভাবে উপস্থাপন করেছে, তাই মামলা পেয়ে গেল। কিন্তু যদি এমন হয় যে হকটা তার নয়, আরেকজনের হক কৌশলে উপস্থাপন করে সে রায় পেয়ে গেছে, তাহলে মনে করো না এটা তার জন্য হালাল হয়েছে; সে আমার কাছ থেকে আগুন নিয়ে গেল, জাহান্নামের আগুন তার পেটে ঢুকিয়ে ফেলল। খবরদার, আরেকজনের সম্পত্তি দখলের জন্য মামলা করো না; কাগজ বানানো যায়, এই তরিকায় পাওয়া যায়, তাই পেয়েছ; এমন করো না। খবরদার, আইনগতভাবে তুমি পেয়ে গেলে, কোর্ট তোমাকে দিয়ে দিল, কিন্তু আল্লাহর কাছে তোমার কোনো উপায় থাকবে না।

ফিতনা জাগিয়ে তোলা

এই লোকগুলো যখন আপনার সামনে থেকে চলে যায়, তখন ফাসাদের কাজ শুরু করে; এমন দৌড়াদৌড়ি শুরু করে: কীভাবে ফাসাদ সৃষ্টি করা যায়, দুনিয়ায় অশান্তি, হানাহানি, মারামারি, রক্তারক্তি নিয়ে আসা যায়। খেত, চাষবাস, বাড়িঘর, মানুষ, জীবজন্তু, কোনো কিছুই তাদের আক্রমণ থেকে নিরাপদ নয়; তারা এভাবে রক্তপাত ঘটিয়ে ফেলে, এত বড় ধ্বংসাত্মক কিছু করে ফেলতে পারে; তারা এত বিপজ্জনক। মুখে সুন্দর কথা, অন্তরে এমন বক্রতা; সুযোগ পেলে দফারফা করে দিতে চায়। আল্লাহ তাআলা এই ফাসাদকারীদের মোটেই পছন্দ করেন না; আল্লাহ তাআলা কখনো ফাসাদ পছন্দ করেন না।

তাহলে সমাজে আমরা যেখানেই থাকি, মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যেন কোনো ফাসাদের জন্য আমাদের ব্যবহার না করেন; সবসময় যেন ফাসাদ মেটানোর কাজে আল্লাহ তাআলা আমাদের ব্যবহার করেন। যে ব্যক্তি ফাসাদ উসকে দেয়, সে লানতের শিকার হয়ে যায়: যে ফিতনা ঘুমিয়ে আছে, যে তাকে জাগিয়ে তুলল, একেবারে ফিতনার সূত্রপাত ঘটিয়ে দিল, আল্লাহ তাআলা তাকে লানত করেন।

খবরদার! দুটি পরিবারের মধ্যে শান্তি আছে; অনেক মানুষের এত হিংসা: দুইজনের মধ্যে এত শান্তি কেন, একটু লাগিয়ে দিই না! কোনো কোনো শাশুড়িও দেখেন, তাঁর ছেলে আর ছেলের বউয়ের মধ্যে এত মহব্বত সহ্য হয় না: এ তো সব আমার বিরুদ্ধে চলে যাবে; চট করে লাগিয়ে দেন। স্বামী-স্ত্রীর মধ্যে, ছেলে আর ছেলের বউয়ের মধ্যে বেশি মহব্বত দেখলে তা ফাঁক করার, কমানোর চেষ্টা শুরু করে দেন। অনেক আত্মীয়তার মধ্যে দেখা যায় এভাবে অনেক কষ্ট দিচ্ছে। এটা আল্লাহর কাছে অত্যন্ত খারাপ জিনিস; আল্লাহ তাআলা কখনো এগুলো পছন্দ করেন না; পছন্দ করেন না মানে অসম্ভব ঘৃণা করেন; তারা লানতের শিকার হয়ে যায়। ফিতনা-ফাসাদকে আল্লাহ রাব্বুল আলামীন খুবই অপছন্দ করেন: পরিবারের লোকদের মধ্যে সম্পর্ক খারাপ করা, স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করা। কিছু লোক এত হিংসুক যে স্বামী-স্ত্রীর ভালোবাসা দেখতে পারে না, এর মধ্যে তফাত সৃষ্টি করে দেয়; আপনজনদের মধ্যে, দূরের লোকদের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে; আর প্রয়োজনে এমনিতে কাজ না হলে জাদুটোনা করে হলেও কিছু লাগাতে হবে; এসব দিয়ে অনেক পরিবারকে ছারখার করে দিয়েছে। আল্লাহ তাআলা ফাসাদ কখনো পছন্দ করেন না।

উপদেশে আরও উগ্র

এমন অপরাধীদের যখন বলা হয়: শোনো, আল্লাহকে ভয় করো, এগুলো থামাও; কী করছ তুমি? এই সীমালঙ্ঘন কেন করছ? আল্লাহর বিরুদ্ধে আগ্রাসন, দ্বীনের বিরুদ্ধে দুশমনি কেন? শান্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছ কেন? ফিতনা-ফাসাদ কেন চালাও? রক্তপাত কেন ঘটাও? এগুলো বলা হলে তার আরও গায়ে লাগে, তার ক্রোধ আরও বেড়ে যায়, জিদ আরও বেড়ে যায়; তখন তার ইজ্জত, প্রেস্টিজ নিয়ে সে আরও উদ্বিগ্ন হয়ে ওঠে; আরও বেশি গুনাহ করার জন্য উদগ্রীব হয়ে ওঠে; তাকে কিছু বললে আরও মারমুখী হয়ে ওঠে। তার জন্য জাহান্নামই যথেষ্ট; আল্লাহ রাব্বুল আলামীন তার জন্য কত খারাপ ঠিকানা তৈরি করে রেখেছেন!

এমন লোকদের ওয়াজ করা মুশকিল। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বলেন, এমন ফাজের, ফাসেক অপরাধীকে যখন ওয়াজ করবেন, একটু বোঝাতে যাবেন, যদি বলেন, “ইত্তাকিল্লাহ”, আল্লাহকে ভয় করো, তোমার অন্যায় কথা ও কর্ম থেকে সরে আসো, হকের দিকে আসো, তখন সে অস্বীকার করে, আরও বেয়াদবি করে, ঘাড় মোটা করে; রাগ-ক্রোধে আরও মারমুখী হয়ে উঠে আরও গুনাহের দিকে এগিয়ে যায়। এমন লোকদের আল্লাহ রাব্বুল আলামীন অত্যন্ত ঘৃণা করেন। এই হলো দুষ্কৃতকারী লোকেরা: সমাজে যারা অশান্তি সৃষ্টি করে, যারা আল্লাহর দ্বীনের দুশমনি করে, যাদের অন্তরে মুনাফিকি রয়েছে; এই তাদের অবস্থা।

নিজেকে আল্লাহর কাছে বিক্রি করা

তাদের মোকাবেলায় যারা ঈমানদার, মুমিন, মুত্তাকী, আল্লাহ তাআলা পরের আয়াতে তাদের প্রশংসা করছেন:

وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ ۗ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ

আর মানুষের মধ্যে কেউ কেউ আছে, যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজেকে বিক্রি করে দেয়; আর আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল।

মানুষের মধ্যে এমন লোকও আছে, যারা আল্লাহর সন্তুষ্টি কেনার জন্য নিজের নফসকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। তার উদ্দেশ্য একটাই: আমার আল্লাহ কোন তরিকায় আমার উপর সন্তুষ্ট হবেন? সেই আল্লাহর সন্তুষ্টির জন্য সে নিজের রাগ, গোস্বা, জিদ সবকিছু কুরবান করতে রাজি; তার মনের ইচ্ছা, শাহওয়াত, নফসের খাহেশাত, তার চাহিদা, তার খুশি, সবগুলো কুরবান করে দেয়; কোন রাস্তায় আল্লাহ তাআলা খুশি হবেন, সেটাই দেখে। সে তার টাকা-পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করে, তার ক্ষমতা আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়। এমন ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামীন অত্যন্ত পছন্দ করেন; জীবনের অনেক কিছু কুরবান করতে সে রাজি; শুধু আল্লাহর সন্তুষ্টিই তার উদ্দেশ্য।

সুহাইব আর-রূমী রাদিয়াল্লাহু আনহু

এর উদাহরণ এসেছে: সুহাইব আর-রূমী রাদিয়াল্লাহু আনহু। রোম দেশ, মানে তুরস্ক অঞ্চল থেকে কিনে আনা একজন ক্রীতদাস, মক্কা শরীফে ছিলেন; মূলত তুর্কি বংশোদ্ভূত। মক্কায় এসে পরে নিজেই ব্যবসা-বাণিজ্য করে আজাদ হয়ে যান, পরবর্তীতে ভালো ব্যবসা-বাণিজ্য করে মক্কার অন্যতম বড় পয়সাওয়ালা হয়ে যান। এরপর তিনি ইসলাম কবুল করেন। ইসলাম কবুলের পর তো অত্যাচার-নির্যাতন চলছিল; আর আল্লাহ তাআলা হুকুম দিলেন, যারা ইসলামকে গ্রহণ করেছ, তোমাদের হিজরত করতে হবে। অনেকেই হিজরত করে মদিনার দিকে চলে গেছেন; তিনিও হিজরতের জন্য রওনা হলেন। তাঁর তো অনেক মাল, টাকা-পয়সা; সেগুলো থেকে কিছু গাঁটরি-বোঁচকা বেঁধে নিয়ে গেলেন, আল্লাহর দ্বীনের কাজে লাগবে, খরচ করবেন।

তিনি নিজেই বলছেন: আমি টাকা-পয়সা নিয়ে হিজরতের জন্য রওনা দিয়েছি; কুরাইশরা এসে বলল, হে সুহাইব, তুমি যখন আমাদের দেশে এসেছিলে, তখন তোমার এমন কোনো টাকা-পয়সা ছিল না; আর আমাদের এখানে এত টাকা-পয়সা বানালে, এত ব্যবসা-বাণিজ্য করে সব মাল নিয়ে আমাদের সামনে দিয়ে মদিনায় চলে যাবে? কোনোভাবেই না। তারা বলল, আল্লাহর কসম, এসব টাকা-পয়সা নিয়ে তোমাকে যেতে দেওয়া হবে না। আচ্ছা, ঠিক আছে; তোমাদের নজর তো আমার মালের দিকে; আমার মাল, টাকা-পয়সা দিয়ে দিলে আমাকে হিজরত করতে দেবে তো? তারা বলল, তা দেওয়া যেতে পারে। আমার এই অঢেল সম্পদ তাদের দিয়ে দিলাম; তারা আমাকে ছেড়ে দিল; খালি হাতে মদিনায় চলে এলাম।

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেল যে সুহাইব নিঃস্ব অবস্থায় চলে এসেছেন; ঈমান বাঁচানোর তাগিদে হিজরত করতে এসে সমস্ত মাল আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছেন। তিনি সুহাইবকে স্বাগত জানিয়ে বললেন: “রাবিহা সুহাইব, রাবিহা সুহাইব”, সুহাইব অত্যন্ত লাভবান হয়েছে, সুহাইব লাভবান হয়েছে। আহা! আমাদের কাছে তো মনে হবে সুহাইব ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই হলো ঈমান; ঈমানের জন্য মানুষকে বড় কুরবানি করতে হয়।

অথচ এখন এমন ঈমান হয়ে গেছে যে কোন দিক দিয়ে হারাম ব্যবসা করলে একটু লাভ বেশি হবে, তা ছাড়তে পারি না; মিথ্যা কথা বলে একটু লাভ বেশি হবে, তা ছাড়তে পারি না। মুসলমানদের মধ্যে একটু বেশি পয়সা পাওয়ার জন্য, দুনিয়ার একটু সুবিধার জন্য কত রকমের প্রতারণা ও শঠতা আছে; আরেকজনের সম্পত্তি দখল করবে একটু সুবিধার জন্য। আর সুহাইব আর-রূমী কী করেছেন? আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য সব কুরবান করেছেন, হালালটাও কুরবান করে দিয়েছেন। আর এখন আমরা হারামটা কীভাবে জোগাড় করব, সেই চিন্তায় আছি; মুসলিম সমাজে পুরোটা উল্টে গেছে। এই উম্মতকে আল্লাহ কীভাবে সাহায্য করবেন, যখন উম্মতের এই অবস্থা হয়ে গেছে?

আল্লাহ রাব্বুল আলামীন সেই ঈমানদারদের পছন্দ করলেন, যারা এভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের বিক্রি করে দিয়েছে। অন্য আয়াতে সে কথা এসেছে:

إِنَّ اللَّهَ اشْتَرَىٰ مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُم بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ

নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল কিনে নিয়েছেন, এর বিনিময়ে যে তাদের জন্য জান্নাত রয়েছে।

আল্লাহ তাআলা মুসলমানদের সবকিছু কিনে নিয়েছেন; এই যে কেনাবেচার সম্পর্ক হয়ে গেছে, সেই সম্পর্ক থেকে আমরা কোথায় আছি, এটা আমাদের চিন্তার বিষয়। একজন মুসলমান যখন রাতদিন আল্লাহ তাআলার সন্তুষ্টির চিন্তা-ভাবনা করবে, এটাই তার পেরেশানি হবে, তার মাথায় সবচেয়ে বড় আকারে এটাই ঘুরবে, সে আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে। আর যার মাথায় শুধু আছে, কীভাবে আরও পয়সা জোগাড় করা যায়, হালাল হোক বা হারাম, এটা তার কাছে কোনো প্রশ্নই নয়, তার জন্য অত্যন্ত ক্ষতির খবর রয়েছে।

ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো

এরপর আল্লাহ রাব্বুল আলামীন মুসলিম উম্মাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ ۝ فَإِن زَلَلْتُم مِّن بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

হে ঈমানদার লোকেরা, ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো; আর শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না; নিশ্চয়ই সে তোমাদের সুস্পষ্ট দুশমন। তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আসার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে জেনে রাখো, আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।

এত গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমরা কতবার চিন্তা করেছি, কীভাবে বোঝার চেষ্টা করেছি, কতটুকু গুরুত্ব দিয়েছি? এক নম্বর কথা: ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। ইসলামে কীভাবে প্রবেশ করতে হবে? ইসলাম পূর্ণাঙ্গ দ্বীন। ইসলামকে কি অর্ধেক ভাগ করা যায়? না; ইসলাম নিতে হলে পুরোটা নিতে হয়; অল্প একটু নেওয়া যায় না, ভাগ করে কিছুটা নেওয়া যায় না। আল্লাহ তাআলা ইসলামকে মুকাম্মাল করেছেন; অন্য আয়াতে বলেছেন:

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামত পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে মনোনীত করলাম।

এই পূর্ণাঙ্গ দ্বীনের মধ্যে কী আছে? একজন মুসলমানকে তার জীবনের সকল কাজ এই দ্বীন অনুযায়ী করতে হবে; কোনো কাজ দ্বীনের বাইরে সে করতে পারবে না।

দুনিয়াবি জ্ঞান ও দ্বীনের মূলনীতি

কোনো কাজ দ্বীনের বাইরে করতে পারবে না, এর মানে কী? কিছু কাজ তো আছে, যা কোরআন-হাদিসে লেখা নেই। যেমন তরকারি রান্না: কোন মাছের সঙ্গে কোন তরকারি খাটে, আমাদের মা-বোনেরা যেভাবে বোঝেন; কচুর লতির সঙ্গে কোন মাছটা ভালো মানাবে, লাউয়ের সঙ্গে কোনটা; এটাও কি কোরআনে লেখা আছে? না, এটা তো নেই। অথচ আল্লাহ তাআলা বলেছেন, এই কিতাবে আমি জরুরি কোনো কথা বাদ রাখিনি। তাহলে যেগুলো মূলনীতি, তার একটাও আল্লাহ তাআলা কোরআন-হাদিসে বাদ দেননি; কিন্তু যেগুলো মূলনীতি নয়, নিছক দুনিয়াবি, যেখানে দ্বীনের কোনো হস্তক্ষেপ নেই, এমন কিছু জিনিস আছে; তরকারি কীভাবে রান্না করবেন, তা এমনই।

যেমন কৃষিকাজ: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর দেখলেন, মদিনায় কৃষিকাজ বেশি, খেজুর গাছ বেশি; মক্কায় এত বেশি নেই। মদিনার লোকেরা বছরের শুরুতে খেজুর গাছের নর-মাদা মেলানোর একটা পদ্ধতি প্রয়োগ করতেন, এতে ফলন ভালো হতো। তারা যখন এমন করছিলেন, তাঁর কাছে জিনিসটা একটু উল্টো উল্টো লাগল; তিনি বললেন, এভাবে না করে ওভাবে করো না কেন, দেখো কেমন হয়। তারা মনে করলেন, আল্লাহর নবী বলেছেন এভাবে না করে ওভাবে করতে, নিশ্চয়ই এতে ফায়দা বেশি হবে; তাঁর কথা অনুসরণ করে সেভাবেই কৃষিকাজ করলেন। দেখা গেল, এবার ফলন খুব খারাপ হয়েছে। সবাই হতাশ: ইয়া রাসূলাল্লাহ, এবার আমাদের ফসল ভালো হলো না কেন? আমরা এমন করতাম, আপনি এভাবে বললেন, এখন এবার খারাপ হয়ে গেল। তিনি হেসে বললেন:

أَنْتُمْ أَعْلَمُ بِأَمْرِ دُنْيَاكُمْ

তোমাদের দুনিয়ার বিষয়ে তোমরাই বেশি জানো।

দেখো, তোমাদের দুনিয়াদারির কাজকারবারের ব্যাপারে আমার চেয়ে তোমাদের জ্ঞান বেশি; এগুলো আমার কাছ থেকে নিয়ো না, তোমরাই ঠিক করো। কৃষিকাজ কোন তরিকায় করতে হবে, হাল তিন চাষ দিলে ফসল ভালো হবে, না ছয় চাষ, না আট চাষ, এগুলো কৃষকই ভালো জানে; এজন্য গ্রামের ইমাম সাহেবের কাছে ফতোয়া নেওয়ার দরকার নেই। কিন্তু তালাক হলো কি হলো না, তা মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া নিতে হবে; এই ব্যবসা-বাণিজ্য হালাল, নাকি হারামের মধ্যে পড়ে যায়, এটা সুদ হবে কি না, তা জানতে হবে।

তাহলে দ্বীনের সবকিছু বলতে মৌলিক নীতিগুলো; এ সবকিছু ইসলামি তরিকায় চালাতে হবে। ব্যবসা-বাণিজ্যে অনেক লেনদেন আছে, যেগুলো ইসলামি তরিকায় ঠিক করতে হবে: কোন দিক দিয়ে সুদ চলে আসে, কোন দিক দিয়ে ধোঁকা-প্রতারণা চলে আসে, কোন দিক দিয়ে ঘুষ চলে আসে; এসবের পরিষ্কার নীতি আছে, এগুলো থেকে সরে আসতে হবে।

الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا أُمُورٌ مُشْتَبِهَاتٌ

হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, আর এ দুইয়ের মাঝে কিছু সন্দেহজনক বিষয় আছে।

সুস্পষ্ট হারাম-হালালের কথা আছে; আর যেগুলো খুব কঠিন, জটিল বিষয়, সংশয়পূর্ণ, সেগুলো গবেষণা করে করে বের করতে হবে।

জীবনের প্রতিটি কাজে ইসলাম

জীবনের প্রত্যেকটি কাজ ইসলামের তরিকায় চালাতে হবে। আমরা কীভাবে ঘুমাব, ইসলামে কি এসব কিছু বলা আছে? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের কিছু আদব বলেছেন: ওযু করে ঘুমাও; পারলে বিতর নামাজটা ঘুমানোর আগে পড়ো, দেরিতে; নইলে দুই রাকাত নামাজ পড়ে শোয়া ভালো; ডান দিকে কাত হয়ে ডান হাত গালের নিচে দিয়ে ঘুমাও; কত সুন্দর সুন্দর সূরা ও দোয়া পড়ে ঘুমাও। ঘুম থেকে ওঠার সময়ের জন্যও কিছু বলেছেন: ঘুম থেকে উঠেই দোয়া পড়ো। টয়লেটে যাওয়ার আগে দোয়া আছে; সেখানে কীভাবে পানি ব্যবহার করতে হবে, কোন হাত দিয়ে কী করতে হবে, সব বলে দেওয়া আছে; বের হওয়ার পর কী করতে হবে, কোন পা দিয়ে বের হতে হবে, কী দোয়া পড়তে হবে, তাও বলে দেওয়া আছে। তখন কিছু লোক বলল, দেখো, তোমাদের নবী কেমন নবী, এত কথা বলতে হয়, কীভাবে টয়লেটে যাবে তাও বলে!

আল্লাহ রাব্বুল আলামীন এই উম্মতকে ঘুমানো, খাওয়া, টয়লেট, ব্যবসা-বাণিজ্য, সবকিছুর জন্য সব বলে দিলেন। তারপর মানুষের মধ্যে সম্পর্ক কীভাবে হবে, বিয়েশাদি কীভাবে হবে, ব্যবসা-বাণিজ্য কীভাবে করবে, অর্থনৈতিক ব্যবস্থা কী হবে, রাজনৈতিক কর্মসূচি কী হবে, বিচারব্যবস্থা কেমন হবে, চোর ধরলে কী শাস্তি হবে, কেউ খুন করলে কী শাস্তি হবে, এ সবকিছুই আল্লাহ রাব্বুল আলামীন ইসলামে বলে দিয়েছেন।

এখন অনেক মুসলমান পাওয়া যায়, যারা মনে করে, ইসলাম তো হলো নামাজ পড়ার জিনিস; মাথায় টুপি দিয়ে নামাজটা পড়ে নেবে। সমাজ কীভাবে চলবে, রাজনৈতিক কর্মসূচি কী হবে, দেশের আইনকানুন কোন তরিকায় চলবে, কোর্ট-কাচারি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কোন তরিকায় চলবে, এগুলো বললে তারা বলে, এগুলো তো রাজনীতি; রাজনীতি তো ইসলামে নেই, রাজনীতি তো হারাম। তাহলে “উদখুলূ ফিস সিলমি কাফফাহ” কী হলো? সুবহানাল্লাহ! এটা কোন ইসলাম পাওয়া গেল?

যারা এভাবে করে, আল্লাহ তাদের আরও সাবধান করেছেন:

أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ

তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান আনো আর কিছু অংশ অস্বীকার করো?

যে, ওটা নেই, ওটা নেওয়া যাবে না, এগুলো বলবেন না; বলে, যার ধর্ম তার কাছে, রাষ্ট্রের কী করার আছে? অথচ আল্লাহর নবীকে মদিনা তাইয়্যিবায় রাষ্ট্রপ্রধান বানিয়ে, রাষ্ট্রের মাধ্যমেই আল্লাহ তাআলা সমস্ত শরীয়ত কার্যকর করলেন; আর মুসলমানদের নির্দেশ দেওয়া হয়েছে, “উদখুলূ ফিস সিলমি কাফফাহ”।

ইউরোপের অভিজ্ঞতা ও ধর্মনিরপেক্ষতা

ইউরোপে একটা মতবাদের জন্ম হয়েছিল। ইউরোপে যখন চার্চগুলো প্রচণ্ডভাবে শোষণ করছিল, জমিদার ও শাসকদের সঙ্গে চুক্তি করে শাসকগোষ্ঠী মানুষের উপর বড় বড় কর বসিয়ে একটা অংশ নিত, আর আরেকটা অংশ নিত চার্চ, এই দুইয়ের শোষণে ইউরোপের মানুষ অস্থির হয়ে গেল। রাজা-বাদশাহরা এই শোষণগুলো চার্চের ফতোয়া নিয়ে বৈধ করে দিত; বলা হতো, প্রজারা বিদ্রোহ করলে কবিরা গুনাহ হয়ে যাবে; রাজা-বাদশাহ যে আইন করে, যতটুকু করে, তা মেনে নিতে হবে। এভাবে ধর্মকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এর বিরুদ্ধে ইউরোপে বিপ্লব হলো, যার নাম ফরাসি বিপ্লব।

সেখান থেকে সারা ইউরোপে একটা নতুন মতবাদ এলো: সেক্যুলারিজম, ধর্মনিরপেক্ষতা। এটা ইউরোপের জিনিস। সেখান থেকে বিপ্লব করে তারা বলে দিল, মানুষের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ধর্মের কোনো হস্তক্ষেপ থাকবে না; চার্চ শুধু চার্চের ভেতরে থাকবে: কীভাবে ইবাদত করতে হবে, রবিবারে গিয়ে চার্চে একটু হাজিরা দিতে হবে, মরে গেলে কী করতে হবে, জন্মের পর ব্যাপটাইজ করে কীভাবে খ্রিস্টান বানাবে, এমন কয়েকটা বিষয়ে সীমাবদ্ধ; বাকি কোনো সামাজিক কর্মকাণ্ড বা রাষ্ট্রীয় কাজে চার্চের কোনো হস্তক্ষেপ থাকবে না। এই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। এরপর ধীরে ধীরে তা মুসলিম দেশগুলোর দিকেও আমদানি করা শুরু হলো।

ইসলামের দৃষ্টিতে সমস্যা হলো, এখানে আল্লাহর দ্বীনকে জনজীবন থেকে বাদ দেওয়া হয়; আর এটা এই আয়াতের পরিপন্থী। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো; পূর্ণাঙ্গভাবে প্রবেশ না করে কিছু কিছু জায়গায় শয়তানের ফর্মুলা অনুযায়ী চলো না।

শয়তানের পদক্ষেপ

“ওয়ালা তাত্তাবিঊ খুতুওয়াতিশ শাইতান”: খবরদার, শয়তান তোমাদের সামনে অনেক রকম পদক্ষেপ, বিভিন্ন ফর্মুলা নিয়ে আসবে; ওগুলো অনুসরণ করো না। এজন্য আল্লাহর নির্দেশনা থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ জীবনব্যবস্থার যত ফর্মুলা বানিয়েছে, তাকে তিনি “খুতুওয়াতুশ শাইতান”-এর অন্তর্ভুক্ত মনে করেন: শয়তান একেক জায়গায় একেক ফর্মুলা দিয়ে মানুষকে গবেষণায় বসিয়ে তাদের মাথা থেকে এগুলো বের করে এনেছে, আর মানুষ মনে করে এগুলো উন্নত গবেষণার ফসল।

একজন মুসলমানের মৌলিক পরিচয় একটাই; সে কী? মুসলিম।

هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ

তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম।

মুসলমানের মূল পরিচয় মুসলিম; তার দ্বীন ও আদর্শ একমাত্র ইসলাম। এখন মানুষ কি আল্লাহর এই কথাগুলো শোনে? শোনে না; শোনে শয়তানের কথা। আর সেই শয়তান তার দুশমন; আল্লাহ বলে দিলেন, “ইন্নাহু লাকুম আদুওউম মুবীন”, সে তোমাদের সুস্পষ্ট দুশমন। দুশমনটা অস্পষ্ট নয়; অস্পষ্ট থাকলে চেনা যায় না, বিভ্রান্তি হয়। আল্লাহ তাআলা বলছেন, সে এমন নয় যে তুমি তাকে চিনবে না; তোমার তাকে চেনার কথা; সে একেবারে সুস্পষ্ট; তোমার সঙ্গে দুশমনি করতে তার কোনো রাখঢাক নেই। যে লোক দুশমনের কথা শোনে, সে নিজের ধ্বংস ডেকে আনে; দুশমনের বুদ্ধি নিয়ে যে চলে, দুশমন কি তাকে ভালো বুদ্ধি দেবে? যে মুসলমান এই দুশমন শয়তানের কথা মেনে চলে, তার উপায় কী?

فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا

সে সুস্পষ্ট ক্ষতিতে পড়ে গেল।

শয়তান কী করে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন:

إِنَّمَا يَأْمُرُكُم بِالسُّوءِ وَالْفَحْشَاءِ وَأَن تَقُولُوا عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ

সে তো তোমাদের মন্দ ও অশ্লীল কাজের নির্দেশ দেয়, আর এই নির্দেশ দেয় যে তোমরা আল্লাহর ব্যাপারে এমন কথা বলো, যা তোমরা জানো না।

শয়তানের বুদ্ধি শুনলে সে মানুষকে শুধু কু-পরামর্শ দেয়। যে আধুনিক সমাজ শয়তানের কথা শুনেছে, সেখানে বিয়েশাদির প্রথা দুর্বল হয়ে গেছে; এখন অনেকে বিয়ে ছাড়াই একসঙ্গে থাকে, পার্টনারশিপ, আন্ডারস্ট্যান্ডিং; বিয়েশাদি তেমন নেই, করলেও কয়েকদিন টেকে, আর টেকে না। এখন এটা আমাদের দেশেও আমদানি হয়ে গেছে; সমাজের উঁচু স্তরে বিয়েশাদি ছাড়া এমন সহবাস প্রকাশ্যে চলছে। শয়তান এক অপকর্মে উৎসাহ দিল, তারপর আরও নিচে নিয়ে যাচ্ছে: যিনা-ব্যভিচার, বেহায়াপনা যথেষ্ট নয়, আরও নিচে নামো; এখন সমলিঙ্গের সম্পর্ক, যা ইসলামে নিষিদ্ধ ফাহেশা, তাও আইনগত স্বীকৃতি পেয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই বুদ্ধি কে দিয়েছে? শয়তান। শয়তান এই বুদ্ধি দিয়ে মানুষকে কোথায় নিয়ে গেছে! “ওয়াল ফাহশা”, অশ্লীল কাজ; “ওয়া আন তাকূলূ আলাল্লাহি মা লা তা’লামূন”, আল্লাহর ব্যাপারে না জেনে আন্দাজে আজগুবি কথা বলা শুরু করবে। এমনকি কিছুদিন আগে ঈসা আলাইহিস সালামকে নিয়ে একটা ফিল্ম বের করা হয়েছে, তাতে তাঁর ব্যাপারে আপত্তিকর কথা বলা হয়েছে [এখানে ট্রান্সক্রিপ্ট অসম্পূর্ণ; তিনি ঠিক কী উল্লেখ করেছেন তা উদ্ধার করা যায় না]। শয়তান মানুষকে কোন দুনিয়ার দিকে ঠেলে দিচ্ছে!

আল্লাহর দল ও শয়তানের দল

আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করেন:

إِنَّمَا يَدْعُو حِزْبَهُ لِيَكُونُوا مِنْ أَصْحَابِ السَّعِيرِ

সে তো তার দলকে ডাকে, যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয়।

শয়তান তার দলকে ডাকে, যাতে সবাই মিলে জাহান্নামী হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআন শরীফে দুটি দলের কথা বলেছেন: একটাকে বলেছেন হিযবুল্লাহ, আল্লাহর দল; আরেকটাকে হিযবুশ শাইতান, শয়তানের দল। মূল্যায়নের মানদণ্ড এই দুটিই: কে আল্লাহর পথে আছে, আর কে শয়তানের পথে।

আল্লাহ মুসলমানকে বলেছেন, আল্লাহর সৈনিক হয়ে যাও, হিযবুল্লাহ হয়ে যাও। কোনো মাখলুকের জন্য এমন আনুগত্য দেওয়া, যা কেবল আল্লাহর প্রাপ্য, তা মুমিনের কাজ নয়; কারণ কোনো মাখলুকই জানে না তার নিজের পরিণতি কী হবে।

মৃত্যুর পরও মানুষের আমলের ধারা বন্ধ হয় না। আপনার ছেলেমেয়ে, পরিবার-পরিজন আপনার মৃত্যুর পর যদি আপনার শিখিয়ে দেওয়া তরিকায় নামাজ পড়ে, দ্বীনদারি করে, তাহলে তারা যত দ্বীনদারি করবে, আপনার কবরে নেক আমল পৌঁছতে থাকবে। আর আপনি যদি তাদের উল্টোটা শিখিয়ে যান, তাহলে তারা আপনার শেখানো জিনিস যত চালাতে থাকবে, বাজাতে থাকবে, আপনার কবরে সেই জিনিসই পৌঁছতে থাকবে। মানুষ যে দুনিয়ার জন্য এভাবে নিজেকে, মৃত্যুর পরও নিজের পিতা-মাতাকে আরও রসাতলে নিয়ে যাচ্ছে, তা কি সে বোঝে? শয়তান মানুষকে এমন অন্ধ করে ফেলে।

শয়তান কী চায়? চায় তার দলের অন্তর্ভুক্ত সবাই যেন জাহান্নামের অধিবাসী হয়ে যায়। দুনিয়ায় শয়তানের এখন একটাই স্বপ্ন: আপনার-আমার পেছনে দুশমনি করা। আপনাকে-আমাকে নিয়ে তার স্বপ্ন কী? জাহান্নামী বানাবে; তার মাথায় আর কোনো চিন্তা নেই, শুধু আমাদের জাহান্নামী বানাবে। যত মুসলমানকে, যত বনী আদমকে জাহান্নামী বানানো যায়, তত তার লাভ। কারণ আদম আলাইহিস সালামকে জান্নাত দেওয়া হয়েছিল, সে তাঁকে বের করে দিয়েছে; আদমের সন্তানেরা যদি এখানে ভালো করে দ্বীনদারি করে আবার জান্নাতে যায়, তা সে সহ্য করতে পারবে না। যত বেশি জাহান্নামী নিতে পারে, তত তার লাভ; যেমন যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের যত সৈন্য মারা যায়, তত লাভ মনে করা হয়। তেমনি শয়তান আমাদের দুশমন; আদমের বংশধরদের যত বেশি জাহান্নামী বানানো যায়, যত পাকাপোক্ত, মারাত্মক পর্যায়ের জাহান্নামী বানানো যায়, সাধারণ নয়, তার চেয়েও বড় পর্যায়ের, তত তার চেষ্টা, রাতদিন।

এ কথা আমাদের বানানো নয়; এই চ্যালেঞ্জ সে দিয়েছে, কোরআনে পাকে তা এসেছে। আল্লাহর কাছে সে কী চ্যালেঞ্জ দিল? আল্লাহ, আপনি তো আমাকে লানতের শিকার বানিয়ে ফেললেন, রহমত থেকে বঞ্চিত করে দিলেন; আমি চেষ্টা করব তাদের কাছে ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, পেছন দিক থেকে আসব, সামনে থেকে আসব, যাতে কিছুতেই তারা ঈমানদার না হয়; সবাইকে হক রাস্তা থেকে সরিয়ে নিতে জান দিয়ে চেষ্টা করব; শুধু একটাই দরখাস্ত, আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিন। আল্লাহ তাআলা তার হায়াতের দরখাস্ত মঞ্জুর করেছেন, আর বলেছেন: তবে শোন, আমার কাছ থেকে যে হেদায়েত আসবে, যারা তা ধরে রাখবে, তাদের তুই কিছু করতে পারবি না। আলহামদুলিল্লাহ! আল্লাহ তাআলা আমাদের জন্য সুসংবাদ রেখেছেন, যদি আমরা আল্লাহর রশি মজবুত করে ধরতে পারি, হিযবুর রহমান হতে পারি, আল্লাহর দলে আসতে পারি, আর শয়তানের দল থেকে দূরে সরতে পারি।

কাজেই হে মুসলমান, যে দেশে যেখানেই থাকি, যদি কোনো কারণে আল্লাহর দলে না থেকে শয়তানের দলে পড়ে যাই, সর্বনাশ হয়ে যাবে। কার সৈনিক হবেন, চিন্তা করে দেখুন; স্লোগান দিতে সাবধান; আল্লাহর সৈনিক হোন।

সুস্পষ্ট প্রমাণের পর পদস্খলন

এরপর আল্লাহ তাআলা সাবধান করছেন: এত কথা বলে দিলাম; হে মুসলমানরা, আমার কথাগুলো পরিষ্কার করে বলে দেওয়ার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে! আল্লাহ তাআলা এতক্ষণ যে কথা বললেন, তা কি পরিষ্কার হয়নি? “আল-বাইয়্যিনাত”, আল্লাহর কথাগুলো পরিষ্কার, কোনো ফাঁকফোকর নেই; সুস্পষ্ট কথা, কোনো গোঁজামিল নেই। এগুলো জানার পরও, ইলমের এই কথাগুলো শোনার পরও, কোরআন-হাদিসের সুস্পষ্ট কথা আসার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তোমরা উল্টাপাল্টা রাস্তায় যাও, তাহলে জেনে রাখো, আল্লাহ তাআলা অনেক শক্তিশালী, তিনি অনেক প্রজ্ঞাময়।

এর অর্থ কী? দুনিয়াতে দেখা যায়, আল্লাহওয়ালাদের শক্তি অনেক দুর্বল; কেউ কেউ মনে করে, এরা তো কিছুই না, সহজেই কাবু করে দেওয়া যায়। আল্লাহ তাআলা বলেন: দেখো, তোমরা কার সঙ্গে লড়াই করছ? মনে করছ আমার বান্দাদের সঙ্গে একা লড়াই করছ; মনে রেখো, আমার সত্যিকার নেক বান্দাদের সঙ্গে লড়াই করা মানে আমার সঙ্গে লড়াই করা। আমি কে? আযীযুন হাকীম; আমি অত্যন্ত শক্তিশালী; তোমরা আমার শক্তি দেখোনি। আল্লাহ তাআলা যখন ধরেন, আর ছাড়েন না, তখন বোঝা যায়। ফিরআউনকে ধরেছেন, আর ছাড়েননি; সাগরের মধ্যে কেমন লাফালাফি করেছে, ঈমান আনতে চেয়েছে। আখেরি জমানায় এমন বহু উদাহরণ মানুষ নিজের জীবনেও দেখেছে, আল্লাহ বাঁচিয়ে রাখলে আরও দেখবে। আল্লাহ তাআলা হয়তো অনেক দুশমনকে দশ বছর, পনেরো, বিশ, ত্রিশ, পঞ্চাশ বছর সময় দিতে পারেন; কিন্তু আল্লাহ তাআলা আযীযুন হাকীম; সত্যি কথা, আযীয, তিনি অত্যন্ত শক্তিশালী।

আর হাকীম শব্দের অর্থ প্রজ্ঞাময়, জ্ঞানী। এখানে জ্ঞানের কথা কেন বলা হলো? যারা আল্লাহর রাস্তায় চলবে না, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবে, সীমালঙ্ঘন করবে, তাদের দমন করার, ধরার শক্তি আল্লাহর আছে, তা তো বোঝা গেল; হাকীম কেন? কারণ আল্লাহ তাআলা সবকিছু জানেন, বোঝেন। ইসলামের দুশমনরা ইসলামের বিরুদ্ধে আস্ফালন করে, মিডিয়ায় বারবার মিথ্যা কথা বলে, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালায়; কখনো কোনো রাজনীতিবিদও হঠাৎ বলে বসেন, আসলে ইসলামের মধ্যেই সমস্যা আছে। এমন অন্যায় কথা অমুসলিম দেশে যেমন বলা হয়, অনেক মুসলিম দেশেও তেমন পরিবেশ আছে, কোথাও কোথাও আরও বেশি।

তখন মুসলমানদের মনে মাঝেমধ্যে প্রশ্ন আসে: আল্লাহ কী করছেন? কেন আল্লাহ এগুলো হতে দেন? কেন আল্লাহ তাআলা এখনই জালিমদের ধরলেন না, এক রাতেই সাফ করে দিলেন না? আল্লাহ তাআলা বলেন: হে বান্দারা, হাকীম আল্লাহ যেকোনো কাজ করেন, তার মধ্যে অনেক হিকমত আছে; তোমরা সবর করো, অস্থির হয়ো না, যারা দ্বীনের জন্য কষ্ট করছ। আর যারা দুশমনি করছে, তাদের কখন ধরতে হবে, কীভাবে ধরতে হবে, কতদিন সময় দিতে হবে, এতদিন কেন দেন, আমরা তো চাই আর একদিনও না দেওয়া হোক; কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা কতদিন, তা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা যদি আরও লম্বা সময় রেখে পরীক্ষা করেন, তবু আল্লাহ তাআলার পরিকল্পনার বাইরে কিছু ঘটবে না; সেটাও আল্লাহর পরিকল্পনার মধ্যে আছে, তাতেও হিকমত আছে, মাসলাহাত আছে, যাতে মুসলমানের আল্লাহ তাআলার প্রতি ঈমানে কোনো দুর্বলতা সৃষ্টি না হয়।

তারা কিসের অপেক্ষায়

هَلْ يَنظُرُونَ إِلَّا أَن يَأْتِيَهُمُ اللَّهُ فِي ظُلَلٍ مِّنَ الْغَمَامِ وَالْمَلَائِكَةُ وَقُضِيَ الْأَمْرُ ۚ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ

তারা কি এই অপেক্ষায় আছে যে আল্লাহ মেঘের ছায়ায় এবং ফেরেশতারা তাদের কাছে চলে আসবেন, আর সব বিষয়ের ফয়সালা হয়ে যাবে? আর সব বিষয় আল্লাহর কাছেই ফিরিয়ে নেওয়া হবে।

যারা সীমালঙ্ঘনকারী, বাতিল শক্তি, খোদাদ্রোহী শক্তি, দ্বীনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তারা কিসের অপেক্ষা করছে? এখনো কি তাদের বোধোদয় হচ্ছে না? আল্লাহকে এখনো তারা মানছে না? নাকি তারা দেখতে চায়, যেদিন আল্লাহ ও ফেরেশতারা তাদের কাছে চলে আসবেন, মেঘে আচ্ছাদিত হয়ে চলে আসবেন, আর হাশরের ময়দানে সমস্ত ফয়সালা করে দেওয়া হবে, সবকিছু আল্লাহর কাছে ফিরে যাবে? তারা শুধু সেই দিনের অপেক্ষায়; সেদিনই শিক্ষা নেবে।

কিছু লোক আছে, তারা কিছুতেই এই জমিনে শিক্ষা গ্রহণ করবে না; তাদের কপালে আল্লাহ তাআলা হেদায়েত রাখেননি; তারা এতটাই নির্দয় ও অপরাধপ্রবণ হয়ে গেছে যে আজীবন অন্যায় কাজে লিপ্ত থাকবে; শুধু যখন আল্লাহর কাছে যাবে, মৃত্যুর সময়ই ধরা পড়বে, আর তাদের কোনো জারিজুরি থাকবে না। তবে আসল ধরা হবে যেদিন, সেই দিনের নাম কী? হাশরের দিন।

হাশরের দৃশ্য

সেই দিনের কথা আল্লাহ তাআলা বলছেন, যেদিন এই সমস্ত পৃথিবী শেষ হয়ে যাবে; কেয়ামত হয়ে গেলে এই পৃথিবী শেষ হবে, সকল আসমান শেষ হবে; সবকিছু শেষ হয়ে নতুন করে যখন হাশরের ময়দানে আমাদের পুনরুত্থিত করা হবে, সেদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে আসবেন। মানুষ তাকিয়ে থাকবে, আর কোনো আকাশ দেখা যায় না, সব খোলা। এখন তো আকাশের একটা ছাদ আছে, এমন সাতটা ছাদ আছে; সেদিন আর কোনো ছাদ থাকবে না, সব খুলে যাবে। খোলার পর দেখতে কেমন হবে, সেই চিন্তা রাখুন; তার আগে আমলের অবস্থা কী হবে?

সেই দৃশ্যের কথা আল্লাহ তুলে ধরছেন: যেদিন ফেরেশতারা এমনভাবে আসবেন, যেন মেঘে ছেয়ে গেছে, “গামাম”, মেঘে আচ্ছাদিত হয়ে ফেরেশতারা চলে আসবেন। আল্লাহ তাআলা কোন হালতে আসবেন? কেউ কেউ তাফসীরে বলতে চান, আল্লাহ তাআলা যেন মেঘে ঢাকা অবস্থায় আসবেন; কিন্তু অনেক মুফাসসিরীনে কেরাম বলেছেন, মেঘে ঢাকা কথাটা শুধু ফেরেশতাদের জন্য; আল্লাহ তাআলাকে মেঘে ঢাকা বা কোনো সৃষ্টির সঙ্গে যুক্ত করা ঠিক নয়; আল্লাহ তাআলা কোন তরিকায় আসবেন, তা বলা হয়নি, বরং শুধু ফেরেশতাদের কথা বলা হয়েছে।

হত্যার হিসাব

সেদিন যখন আল্লাহ তাআলা সামনে আসবেন, সবাইকে হাজির করবেন, একজন লোককেও ছাড়বেন না। কে কাকে হত্যা করেছ, কে কার নির্দেশে কাকে খুন করেছ, কতজনকে হত্যা করেছ, সমস্ত হিসাব সেদিন নেওয়া হবে। কে কাকে মেরেছে, কে হুকুম দিয়েছে, সে হুকুমদাতা; কে কার্যকর করেছে, সে কার্যকরকারী; সবাইকে আল্লাহ একজন একজন করে জিজ্ঞেস করবেন, এত লোককে কেন মেরেছিলে?

সূরা তাকভীরে এসেছে:

وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ ۝ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ

আর যখন জীবন্ত পুঁতে ফেলা কন্যাকে জিজ্ঞেস করা হবে, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল?

আরবের লোকেরা কন্যাসন্তান জন্মালে মান থাকে না মনে করে ছোট্ট কন্যাদের হত্যা করে ফেলত; সেই কন্যাকে নিয়ে আসা হবে, আর আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাকে কেন হত্যা করা হয়েছিল; তার সামনে আসামি হাজির থাকবে। এই উদাহরণ থেকে বোঝা যায়, যেকোনো হত্যাকারীকে ধরে নিয়ে আসা হবে। অন্য হাদিসে এসেছে, যাকে খুন করা হয়েছে, সে খুনিকে মাথা ধরে আল্লাহর কাছে নিয়ে আসবে: আল্লাহ, একে জিজ্ঞেস করুন, আমাকে কেন হত্যা করেছিল; আর যে খুন হয়েছে, তার শরীর থেকে তখন তাজা রক্ত প্রবাহিত হতে থাকবে।

কেউ হয়তো ভাবে, নির্দেশ মেনে চাকরি ঠিক রাখলাম, পদোন্নতি পাব; সে জানে না কত বড় অন্যায় করেছে। “ওয়া কুদিয়াল আমর”: আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতা নিয়ে এসে ফয়সালা করবেন, একজন একজন করে ডাকবেন। কেউ যদি বলে, আমি তো কিছুই জানতাম না, আমাকে হুকুম দিয়েছে, আমি শুধু করেছি, তাতে হবে না; হুকুমদাতাকেও তার হুকুম অনুযায়ী ধরা হবে, আর যে কার্যকর করেছে তাকেও ধরা হবে; উভয়কেই আল্লাহ তাআলা শাস্তি দেবেন। নিচের লোকেরা, কর্মচারী ও অফিসাররা বলবে: আল্লাহ, এসব তো ওরাই করিয়েছিল। আল্লাহ এদেরও ছাড়বেন না, ওদেরও না। তখন শেষ পর্যন্ত কর্মচারীরা বলবে: আল্লাহ, যারা আমাদের দিয়ে এগুলো করিয়েছে, তাদেরও শাস্তি দিচ্ছেন, আমাদেরও; কিন্তু তাদের সমান শাস্তি দিলে হবে না, অন্তত আমাদের দ্বিগুণ শাস্তি দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, “লিকুল্লিন দি’ফ”, চিন্তা করো না, প্রত্যেকের জন্যই দ্বিগুণের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ!

এই দিন আসছে। যার ঈমান আছে, যে অন্যায় করেছে, সে তওবা করুক; কবরে যেতে হবে, আল্লাহর কাছে হাজিরা দিতে হবে; খবরদার, তা ভুলে যেয়ো না। “ওয়া ইলাল্লাহি তুরজাউল উমূর”, সব বিষয় আল্লাহর কাছে যাচ্ছে, সবকিছুর রিপোর্ট আল্লাহর কাছে যাচ্ছে, সবকিছুর রেকর্ড সংরক্ষিত হচ্ছে। আল্লাহর কাছে তোমাকে যেতে হবে; মজলুমকে যেতে হবে, জালিমকে যেতে হবে, হত্যাকারীকে যেতে হবে, নিহতকেও যেতে হবে; সবাইকে যেতে হবে; সেদিন হিসাব হবে। “লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান”: তোমার আর আল্লাহর মধ্যে যে হিসাব নেওয়া হবে, সেখানে কোনো মধ্যস্থতাকারী, কোনো দোভাষী থাকবে না; তুমি আল্লাহর কথা বুঝবে, আল্লাহ তোমার কথা বুঝবেন। এই দিন আসছে। যদি মুসলিম হও, তওবা করো, এই রাস্তা থেকে সরে আসো, কবরে যাওয়ার চিন্তা করো; তাহলেই তোমার উপায় আছে; নইলে তোমার সর্বনাশ হয়ে যাবে।