জান্নাতের পথে পরীক্ষা

সূরা আল-বাকারার দুইশ চৌদ্দ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন:

أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُم ۖ مَّسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّىٰ يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَىٰ نَصْرُ اللَّهِ ۗ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ

তোমরা কি মনে করেছ তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের আগের লোকদের উপর যে পরিস্থিতি এসেছিল, তা এখনো তোমাদের উপর আসেনি? তাদের উপর অনেক কষ্ট এসেছিল, কঠিন পরিস্থিতি এসেছিল, এমনকি তাদের পা জমিনে কাঁপছিল, প্রকম্পিত হয়ে উঠেছিল, যেন তাদের জন্য পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হয়ে গিয়েছিল; এমনকি কষ্টের কারণে তাদের সঙ্গে থাকা রাসূল এবং তাঁর সঙ্গে যারা ঈমান এনেছিলেন, সবাই চিৎকার করে বলেছিলেন, কখন আসবে আল্লাহর সাহায্য? তখন আল্লাহ তাআলা বলেছিলেন, শোনো, আল্লাহর সাহায্য অতি নিকটে।

এই আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা অনেক মুসলমান চাই খুব সোজাসুজি কীভাবে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যাওয়ার কাজটা খুব সোজা নয়, একটু কষ্ট আছে। অনেক আয়াতে, অনেক হাদিসে এই বক্তব্য এসেছে। নবীজি ইরশাদ করেছেন:

أَلَا إِنَّ سِلْعَةَ اللَّهِ غَالِيَةٌ، أَلَا إِنَّ سِلْعَةَ اللَّهِ الْجَنَّةُ

শোনো, আল্লাহর পণ্য অনেক দামি; শোনো, আল্লাহর পণ্য হলো জান্নাত।

আল্লাহ তাআলার জান্নাত অনেক দামি; তিনবার করে বলেছেন। আল্লাহ তাআলার জান্নাত পেতে হলে অনেক বড় মূল্য দিতে হবে। দামটা শুধু পয়সা দিয়ে নয়; শারীরিক, অর্থনৈতিক, মানসিক অনেক রকম পরীক্ষা-নিরীক্ষা, কুরবানি, কষ্ট, ত্যাগ-তিতিক্ষা আছে; এসবের মোকাবেলায় পরীক্ষায় পাস করে করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে।

পরীক্ষা কত রকম

পরীক্ষা কত রকম হয়? এক তো নিজের নফসের সঙ্গে আরাম-আয়েশ, দুনিয়াদারি, লোভ-লালসা নিয়ে মোকাবেলা করতে হয়; এগুলো কম পরীক্ষা নয়। পরিবারের সঙ্গে পরীক্ষা: স্বামী-স্ত্রীর জীবনে একজন দ্বীনদার, আরেকজন দুনিয়াদার; এর মোকাবেলায় কষ্ট আছে। আত্মীয়স্বজনের চাপ আছে। সামাজিকভাবে অনেক রকম পরীক্ষা আছে। জালিম শাসকের পক্ষ থেকে অত্যাচার-নির্যাতনের স্টিমরোলার মানুষকে অনেক কষ্ট দিতে পারে; জেল, জুলুম, হত্যা অনেক কিছু আসতে পারে। এগুলো সব মূল্য দিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত কেনা যায়। আল্লাহ তাআলা বলেছেন:

وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ

অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়-ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, আর ধন-সম্পদ, জান ও ফল-ফসলের ক্ষতি দিয়ে; আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন।

অবশ্যই, অবশ্য অবশ্যই পরীক্ষা করব: ভয়-ভীতি দিয়ে; না খাইয়েও কষ্ট দেব; টাকা-পয়সা অনেক কিছু ক্ষতিগ্রস্ত হবে; এমনকি জানের উপরেও আঘাত আসতে পারে; ফসল, ফল-ফলাদির উপর আঘাত আসতে পারে। এসব পরীক্ষার মোকাবেলায় যারা সবর করে, হে নবী, তাদের সুসংবাদ দিন, জান্নাতের সুসংবাদ দিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন:

إِنَّ اللَّهَ اشْتَرَىٰ مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُم بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ

নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল কিনে নিয়েছেন, এর বিনিময়ে যে তাদের জন্য জান্নাত রয়েছে।

জান-মাল কিনে নিয়ে তারপর আল্লাহ তাআলা জান্নাত দেবেন।

মক্কার নির্যাতন

এখন আল্লাহ তাআলা বলছেন: হে মুমিনরা, তোমাদের জীবনেও পরীক্ষা আসবে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মক্কী জিন্দেগিতে পরীক্ষা এসেছে। কীভাবে নির্যাতন হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করা হয়েছে; সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করে দেওয়া হয়েছে; আম্মার রাদিয়াল্লাহু আনহুর পিতা ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে; আম্মার রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করা হয়েছে; বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করা হয়েছে। এরপর মদিনায় গিয়েছেন, সেখানেও শান্তি নেই; বারবার আক্রমণ করেছে, যুদ্ধ করেছে, আর সেখানে মুসলমানদের জিহাদ করতে হয়েছে।

এগুলো তোমাদের জীবনে আসবে, বিভিন্ন রকম পরীক্ষা আসবে। আগের জমানার নবীদের জীবনে এবং তাঁদের উম্মতের উপরেও পরীক্ষা এসেছে; সেরকম পরীক্ষা তোমাদের উপরেও আসবে। তাহলে ভালো ঈমানদারের জীবনে এমন পরীক্ষা আসবেই, কারো জীবনে হয়তো একটু কম, কারো জীবনে একটু বেশি, সকল যুগে আসবে। শুধু এই নবীর যুগে নয়; এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা বলছেন, আগের সব নবী ও তাঁদের উম্মতের মধ্যে যারা পাস করতে চেয়েছে, জান্নাত চেয়েছে, তারা সবাই পরীক্ষার মুখোমুখি হয়েছে; তোমাদের উপরেও আসবে; সাহাবায়ে কেরামের উপর এসেছে।

আমরা অনেকে মনে করি, সাহাবায়ে কেরামের উপর এসেছে, আমাদের উপর তো এত পরীক্ষা আসার কথা নয়; আমরা একটু সহজে, বিনা পরীক্ষায় জান্নাতে যেতে চাই; এটা আমাদের সবারই তামান্না। কিন্তু তা হবে না; আল্লাহ তাআলা পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন।

খাব্বাবের ফরিয়াদ

সাহাবাদের উপর কেমন কষ্ট এসেছিল? খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু আনহু বলেন: আমরা মক্কায় কাফেরদের অত্যাচার-নির্যাতনে কষ্ট করতে করতে আর টিকতে পারছিলাম না, খুব কষ্ট লাগছিল। কোনো কোনো রেওয়ায়েতে আছে, একদিন তাঁরা দেখলেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ক্লান্ত হয়ে কাবা শরীফের গায়ে হেলান দিয়ে বসে আছেন, আল্লাহ তাআলার সঙ্গে বোঝাপড়া করছেন, কীভাবে উম্মতকে সাহায্য করা যায়, দ্বীন ইসলামকে কীভাবে কায়েম করা যায়, কাফেরদের পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা যায়।

খাব্বাব বললেন: আমরা কয়েকজন সাহাবী এসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করলাম: আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন না? আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন না? আপনি দোয়া করলে তো আল্লাহ তাআলা কবুল করার কথা; আর কত কষ্ট করব? খুব আবেগের সঙ্গে তাঁরা এ কথা বললেন; তাঁরা তো মানুষ, আবেগ এসে গেছে। যদিও তাঁরা কখনো নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসন্তুষ্ট ছিলেন না; তাঁরা হকের উপর আছেন, এ ব্যাপারে তাঁদের কোনো সংশয় ছিল না; আল্লাহ তাআলার উপরও তাঁরা বিরক্ত হননি; কিন্তু মানুষের মন থেকে মাঝেমধ্যে এমন কষ্ট বেরিয়ে আসে; এভাবে দরখাস্ত করলেন।

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে ছিলেন, সোজা হয়ে বসলেন; বললেন, “কাদ কানা মান কাবলাকুম”: শোনো, আল্লাহ সব উম্মতকে এই পরীক্ষার মধ্য দিয়ে পার করাবেন। তোমাদের আগে যে উম্মতরা ছিল, অন্য নবীদের উম্মত, তাদের উপর কেমন কষ্ট গিয়েছে জানো? জালিমরা কোনো কোনো নবীর উম্মতকে ধরে এনে দাঁড় করিয়ে মাথার উপর দিয়ে করাত চালিয়েছে, গাছ যেভাবে চেরা হয় সেভাবে টেনে টেনে মানুষকে দুই টুকরো করে দিয়েছে। তাহলে আজ যে জুলুম দেখা যায়, জালিমদের নির্যাতন, এটা কি পৃথিবীতে নতুন? সব যুগে জালিমরা এগুলো করেছে; তাদের উত্তরসূরি আজও আছে, আর মুমিনদের উত্তরসূরিও আজও আছে। এত নির্যাতন তাকে দ্বীন থেকে একটুও সরায়নি; দ্বীনের ব্যাপারে তার ইয়াকীনে কোনো সংশয় সৃষ্টি হয়নি। আর কাউকে জালিমরা লোহার চিরুনি বানিয়ে এনে জ্যান্ত মানুষের শরীর থেকে আঁচড়ে গোশত-চামড়া খুলে ফেলেছে। জুলুম কাকে বলে, নির্যাতন কাকে বলে! এত অত্যাচার-নির্যাতন তাকে দ্বীন থেকে একটুও সরাতে পারেনি। এত মজবুতির সঙ্গে আল্লাহর বান্দারা দ্বীনের জন্য জান কুরবান করেছেন, ত্যাগের মোকাবেলা করেছেন, আর জান্নাত নিশ্চিত করেছেন।

এরপর তিনি আল্লাহর কসম করে বললেন: দেখো, আল্লাহর কসম, আল্লাহ তাআলা একসময় এই দ্বীনকে পূর্ণাঙ্গ করবেন, কায়েম করে দেবেন; এমনকি ইয়েমেনের সানআ থেকে হাদরামাউত, কয়েকশ মাইলের রাস্তা একজন মানুষ একা সফর করলেও তার কোনো ভয় থাকবে না; সেখানে সে তার ছাগল চরাবে, কোনো বাঘ আক্রমণ করবে না; আল্লাহ তাআলা এমন শান্তি ও নিরাপত্তা দান করবেন।

এই কুরবানির বিনিময়েই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামীন দ্বীনকে পুনরায় নতুন করে কায়েম করে দেন; “ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ”, প্রতিটি কারবালার পর ইসলাম জীবিত হয়ে ওঠে। পৃথিবীর যেখানেই দ্বীনের জন্য কুরবানি হয়েছে, দ্বীনের যে আলেম-ওলামা ও প্রেমিকরা জীবন দিয়েছেন, তাঁদের রক্তপাত কি বৃথা যাবে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে তাঁদের কামিয়াবি নিশ্চিত হয়ে গেছে।

কেন এই পরীক্ষা

অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন:

أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ ۝ وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ ۖ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ

মানুষ কি মনে করেছে, “আমরা ঈমান এনেছি” বললেই তাদের ছেড়ে দেওয়া হবে, আর তাদের পরীক্ষা করা হবে না? অথচ আমি তাদের পূর্ববর্তীদেরও পরীক্ষা করেছি; সুতরাং আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী, আর অবশ্যই জেনে নেবেন কারা মিথ্যাবাদী।

লোকেরা কি মনে করছে, আমরা ঈমান এনেছি বললেই আল্লাহ ছেড়ে দেবেন, আর দুনিয়ায় খুব শান্তিতে জীবন কাটবে, কখনো ফিতনা-ফাসাদের পরিস্থিতি মোকাবেলা করতে হবে না? কে বলেছে এ কথা? আগের জমানার সমস্ত নবী ও তাঁদের উম্মতকে আমি এভাবে পরীক্ষা করেছি; ফিতনার পরিস্থিতি তাদের মোকাবেলা করতে হয়েছে।

প্রশ্ন আসে: আল্লাহ তাআলা তো একটু ঈমান আনলে, নেক আমল করলেই জান্নাত দিতে পারেন; এত পরীক্ষা-নিরীক্ষা, জান-মালের উপর এত হামলা, কুরবানি, নির্যাতন, এত কষ্ট মুমিনকে কেন মোকাবেলা করতে হয়? না করলে কি হয় না? আল্লাহ তাআলা কি একটু সহজে জান্নাত দিয়ে দিতে পারেন না? আল্লাহ তাআলা এর উত্তর দিচ্ছেন: দেখো, আল্লাহ তাআলাকে জানতে হবে কারা সত্যবাদী ছিল, কারা পরীক্ষা আসা সত্ত্বেও আল্লাহর উপর, দ্বীনের উপর টিকে ছিল; আর কারা এমন বিপদ-আপদ দেখে সব উল্টে ফেলে, ভোল পাল্টে ফেলে, কথায় ঠিক থাকে না, মজবুতি নেই, পালিয়ে বেড়ায়। কারা সত্যবাদী আর কারা কাযিবীন, মিথ্যাবাদী, সরেজমিনে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তা নিশ্চিত হতে চান। পরীক্ষায় পাস করলে আল্লাহ তাআলার কাছে প্রমাণ হয়ে গেল যে এই লোক জান্নাত পাওয়ার উপযুক্ত। আর কেউ যদি শুধু বিনা পরীক্ষায় যেতে চায়, আল্লাহর কাছে এখনো প্রমাণিত হয়নি সে আসলে জান্নাতে যাওয়ার উপযুক্ত কি না।

পরীক্ষা চেয়ে নিয়ো না

তবে এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি করে পরীক্ষা চাওয়ার দরকার নেই; এটা আবার নিষেধ আছে যে, আল্লাহ, বেশি করে পরীক্ষা করে আমার জান্নাতটা নিশ্চিত করে দিন; এটা চাইতেও নিষেধ করা হয়েছে। তোমরা কখনো চেয়ো না যে আল্লাহ তাআলা পরীক্ষা করুন, এর তামান্না করো না; তবে আল্লাহ তাআলা যদি নিজের ফয়সালায় তোমাকে পরীক্ষায় ফেলে দেন, তাহলে মজবুত থেকে পাস করার চেষ্টা করো। নিজে কোনো পরীক্ষা ডেকে এনো না যে, পরীক্ষা না দিলে যেহেতু জান্নাত পাওয়া যায় না, তাই বড় পরীক্ষা ডেকে আনি; না।

সেই এক যুবকের ঘটনা আছে: এক যুবক শুকাতে শুকাতে একেবারে কাঠ হয়ে গেছে, মনে হয় আর শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হলো; তিনি দেখতে গেলেন; দেখলেন একেবারে পাখির ছানার মতো হয়ে গেছে, এত শুকিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্দেহ হলো, বোধহয় কিছু একটা উল্টাপাল্টা করেছে। জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করেছিলে? হ্যাঁ, একটা দোয়া তো করেছিলাম। কী দোয়া করেছিলে? বলেছিলাম, আল্লাহ, কষ্ট দিতে হলে আমাকে দুনিয়াতেই কষ্ট দিয়ে দিন, আখেরাতে আর কোনো কষ্ট দিয়েন না; যা কষ্ট দেওয়ার, দুনিয়াতে দিয়ে দিন। নবীজি বললেন, “লা তুতীকুহু”, তুমি তা সইতে পারবে না! ইয়া আল্লাহ, কী করেছ? এমন পরীক্ষা ডেকে এনেছ কেন? আল্লাহ তাআলা আখেরাতের মোকাবেলায় দুনিয়াতে কষ্ট দিতে চাইলে দুনিয়ার কষ্ট তো চূড়ান্ত পর্যায়ে হয়ে যেতে পারে, তুমি সহ্য করতে পারবে না। কেন তুমি এই দোয়া করলে না: “রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার”?

আল্লাহ তাআলা পছন্দ করেন দুনিয়া-আখেরাত সব জায়গায় আল্লাহর কাছে আফিয়াত প্রার্থনা করা: আল্লাহ, আমাকে দুনিয়াতেও হেফাজত করুন, দুনিয়াতেও আফিয়াতে রাখুন, নিরাপত্তা দিন, আখেরাতেও। দুনিয়া ও আখেরাত, উভয় জায়গায় আমরা আল্লাহর কাছে শুধু ক্ষমা চাই, নিরাপত্তা চাই, শান্তি চাই; আল্লাহ যেন আমাদের পরীক্ষা থেকে বাঁচিয়ে দেন। কিন্তু আল্লাহ তাআলা যখন নিজের ফয়সালায় পরীক্ষা করবেন, তখন যেন আমরা টিকে থাকি; আর তখনো আল্লাহ তাআলা যেন এমন পরীক্ষা না করেন, যেখানে আমরা ফেল করে ফেলি:

رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ

হে আমাদের রব, আমাদের উপর এমন বোঝা চাপিয়ো না, যা বহন করার শক্তি আমাদের নেই।

আল্লাহ, যা আমাদের শক্তিতে কুলাবে না, এমন কঠিন পরীক্ষায় আমাদের ফেলে দিয়েন না। আল্লাহ সবকিছু সুন্দর করে একটা প্যাকেজ হিসেবে বলে দিয়েছেন; পুরোটা নিলে কোনো বিভ্রান্তি সৃষ্টি হবে না; কিন্তু মানুষ ভালো করে না বুঝলে উল্টো দোয়া করে বসবে। উল্টো দোয়া করা যাবে না।

খন্দকের পরীক্ষা

এই উম্মতের সবচেয়ে উত্তম যে দল, তাঁরা কারা? সাহাবায়ে কেরাম; উম্মতের সেরা মানুষ। আল্লাহ তাআলা তাঁদের কেমন পরীক্ষা করেছেন? খন্দকের যুদ্ধে কেমন পরীক্ষা করেছেন?

إِذْ جَاءُوكُم مِّن فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنكُمْ وَإِذْ زَاغَتِ الْأَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوبُ الْحَنَاجِرَ وَتَظُنُّونَ بِاللَّهِ الظُّنُونَا ۝ هُنَالِكَ ابْتُلِيَ الْمُؤْمِنُونَ وَزُلْزِلُوا زِلْزَالًا شَدِيدًا

যখন তারা তোমাদের উপর দিক থেকে ও নিচের দিক থেকে এসেছিল, যখন চোখ বিস্ফারিত হয়ে গিয়েছিল, প্রাণ কণ্ঠাগত হয়েছিল, আর তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকম ধারণা করছিলে; সেখানে মুমিনদের পরীক্ষা করা হয়েছিল এবং তাদের প্রচণ্ডভাবে প্রকম্পিত করা হয়েছিল।

তোমাদের উপর নিচ থেকে, উপর থেকে এমন পরীক্ষা এসেছিল; চোখগুলো একেবারে অপলক নেত্রে তাকিয়ে ছিল; অন্তরগুলো ভয়ে এখানে, গলা পর্যন্ত চলে এসেছিল, মনে হচ্ছিল অন্তর বের হয়ে যাবে; আর কিছু মুনাফিক ও দুর্বল ঈমানের লোক আল্লাহ তাআলার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করছিল: আল্লাহ সাহায্য করার কথা বলেছিলেন, কই, দেখা যায় না; এবার বোধহয় আমরা সব শেষ হয়ে যাব।

মাঝেমধ্যে লোকেরা এমন অভিযোগ করে: আল্লাহ তাআলা কী করছেন? এই জালিমদের আল্লাহ কতদিন সুযোগ দেবেন? এত বড় অন্যায়, এত অবিচার; আল্লাহর কোনো সাহায্যই তো আসছে না দেখা যায়; কবে আসবে? মানুষ এমন বলাবলি শুরু করে দেয়। আগের জমানার উম্মতরাও বলেছিল, “মাতা নাসরুল্লাহ”, কখন আসবে আল্লাহর সাহায্য?

আল্লাহর সাহায্য অতি নিকটে

কিন্তু আল্লাহ তাআলা বলে দেন: শোনো, বিপদ যখন চূড়ান্ত হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা মনে রেখো: “আলা ইন্না নাসরাল্লাহি কারীব”, জেনে রাখো, আল্লাহর সাহায্য অতি নিকটে; আরেকটু সবর করো।

মজলুমের উপর যখন নির্যাতন চলে, তার আর্তনাদ আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। সে যখন চিৎকার করে আল্লাহর কাছে বলে, তখন আল্লাহ তাআলা তার দোয়াকে লক্ষ্য করে কী বলেন? হাদিসে এসেছে, আল্লাহ বলেন: হে মজলুমের দোয়া, আমি অবশ্যই, অবশ্যই তোমাকে সাহায্য করব, একটু পরে হলেও, কিছুটা দেরিতে হলেও। আল্লাহ তাআলা কখন সাহায্য করবেন, সেই এখতিয়ার আল্লাহ তাআলার হাতে। আমরা চাইতে পারি, আল্লাহ, আমার কষ্ট দূর করে দিন; কিন্তু কখন দূর হবে, আজ, নাকি আরও কিছুদিন পরে, নাকি আরেকটু বড় পরীক্ষা হবে, তা কার এখতিয়ার? আল্লাহ তাআলার। কিন্তু নিশ্চয়ই আল্লাহ তাআলা সাহায্য করবেন, এতে কোনো সন্দেহ নেই; এ কথা ইয়াকীন করার জন্যই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন।

“ওয়া যুলযিলূ”: এত কষ্ট হয়েছে, মনে হয় যেন ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে, পায়ের নিচে আর মাটি থাকছে না। জমিনে ভূমিকম্প হয়নি, কিন্তু তার নিজের জীবনে যেন বিরাট ভূমিকম্প শুরু হয়ে গেছে; এত অত্যাচার, এত নির্যাতন তার উপর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন বলেন, আল্লাহর সাহায্য অতি নিকটে, আল্লাহর সময় অনুযায়ী খুবই নিকটে; যদিও আমাদের সবর কম, কষ্টের সময় আমরা মনে করি অনেক দেরি হয়ে গেল। আল্লাহ তাআলা সূরা আন-নাসরে [উৎসে যেমন বলা] বলেছেন:

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۝ إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি আছে; নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি আছে।

দেখো, কষ্টের সঙ্গেই আসে উপশম, সহজ হয়ে যাওয়ার সময়; কষ্ট এবং কষ্ট থেকে মুক্তি পাশাপাশি আসে। তোমার জীবনে যদি কষ্ট আসে, তাহলে কষ্ট একা আসে না। কষ্ট হলো “উসর”, আর “ইউসর” হলো সহজ হয়ে যাওয়া, কষ্ট দূর হয়ে যাওয়া। কষ্ট এসে থাকলে তা একা আসেনি; তার সঙ্গে আরেকটা আছে, তার জোড়া আছে; জোড়ার নাম কী? ইউসর; দুজন একসঙ্গে এসেছে। আমরা তো কষ্টটা দেখি, ওটা দেখি না; কিন্তু ওটার পেছনে এটাও আছে। আল্লাহ তাআলা এ কথা দুবার বলেছেন: কষ্ট একা আসে না, তার পেছনে তোমার উপশমের, সহজ হওয়ার, লাঘব হওয়ার ব্যবস্থাও আছে; দুটো একসঙ্গে জোড়া হিসেবে এসেছে, আলাদা আসেনি। তুমি হতাশ হয়ো না।

মুমিনদের সকল যুগে এমন পরীক্ষায় পড়তে হবে। আজ মুসলিম বিশ্বে কত ঈমানদার মানুষ জেলের প্রকোষ্ঠে নির্যাতিত হয়ে আছেন; কত আল্লাহর বান্দাকে ছোট্ট কুঠুরিতে এমনভাবে রাখা হয়েছে যে সারাদিন তিনি অন্ধকারে থাকেন, কোরআন শরীফও পড়তে পারেন না; জালিমরা তাঁকে কোরআন শরীফ পড়ার মতো আলোও দেবে না। আল্লাহ তাআলা কি এগুলো দেখেন না? আর এই যে কষ্টে তিনি দিন কাটাচ্ছেন, এর দাম কত জানেন? সুবহানাল্লাহ! আল্লাহ তাআলার কাছে তাঁর মর্যাদা কত উঁচু হয়ে যাচ্ছে; তিনি যদি সবর করতে পারেন, আল্লাহর দিকে মনোনিবেশ করে সময় কাটাতে পারেন, তাহলে তাঁর আখেরাত কত পরিষ্কার হয়ে যাবে! কাজেই মজলুম আসলে ঠকছে না; বড় ঠকা ঠকবে কে? জালিম।

এখন এই পরীক্ষাগুলোর কথা বলা হলো: নিজের জীবন থেকে, সমাজ থেকে, পরিবার থেকে আসে; আর সবচেয়ে বড় পরীক্ষা আসে ইসলামের দুশমনদের পক্ষ থেকে, আর সেই পরীক্ষায় টিকে থাকার কাজটা বড় কঠিন হয়ে যায়।

কী এবং কাকে দান করবে

এরপর আল্লাহ রাব্বুল আলামীন অন্য একটি বিষয় এনেছেন:

يَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ ۖ قُلْ مَا أَنفَقْتُم مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ ۗ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ

তারা আপনাকে জিজ্ঞেস করে, তারা কী ব্যয় করবে। বলুন, তোমরা যে কল্যাণই ব্যয় করো, তা পিতা-মাতা, নিকটাত্মীয়, এতিম, মিসকিন ও মুসাফিরের জন্য। আর তোমরা যে ভালো কাজই করো, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।

তারা আপনাকে জিজ্ঞেস করে, কী পরিমাণ খরচ করতে হবে। খরচ মানে ফী সাবীলিল্লাহ, আল্লাহর খাতে, কল্যাণের কাজে; নিজের একান্ত প্রয়োজনের বাইরে অন্যদের কী পরিমাণ দান-খয়রাত করতে হবে, ভালো কাজে কী পরিমাণ দান করতে হবে, পরিমাণ কত? এখানে নফল দান-খয়রাতের কথা এসেছে। ফরজের পরিমাণ আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন: শতকরা আড়াই, যাকাত। আর ওয়াজিব ফিতরার পরিমাণও আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। এর বাইরে নফল কী পরিমাণ দান করা উচিত, আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট হার দিয়ে দেননি, নির্দিষ্ট অংশ ঠিক করে দেননি।

সাহাবায়ে কেরাম তো দান-খয়রাত করতেন; আবার কোরআনের আয়াতে এসেছে, যা মহব্বত করো, তা দান না করা পর্যন্ত আসল কামিয়াবি, আসল নেকি অর্জিত হবে না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কী পরিমাণ দিলে আল্লাহ তাআলা খুশি হবেন, তা জানতে পারলে ভালো হতো, যাতে বোঝা যায় যতটুকু দান করলে আল্লাহ খুশি হন, ততটুকু করে ফেলেছি। তখন আল্লাহ তাআলা বলে দিলেন, “কুল”, আপনি বলে দিন: তোমরা যে ভালো কাজ করো, কল্যাণমূলক কাজে খরচ করতে চাও, সাহায্য করতে চাও, তাহলে প্রথমে পিতা-মাতার দিকে খেয়াল করো; তাঁরা কষ্টে থাকলে আগে তাঁদের দাও। এরপর অন্যান্য আত্মীয়স্বজন; যারা এতিম হয়ে কষ্টের হালতে আছে; যারা গরিব, দারিদ্র্যের মধ্যে আছে, তাদেরও কিছু সাহায্য-সহযোগিতা করো; আর মুসাফির, যার পকেট খালি হয়ে গেছে, হঠাৎ কপর্দকহীন হয়ে পড়েছে, এমন অসহায় মুসাফিরকেও সাহায্য করো। এভাবে যে খাতে যখন যে ভালো কাজ করো, আল্লাহ তাআলা তার খবর রাখেন, জানেন, সবকিছু লক্ষ করেন।

নিকটতম থেকে শুরু

এক হাদিসে এসেছে, এক সাহাবী বললেন: ইয়া রাসূলাল্লাহ, আমার পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা করতে হলে, অর্থনৈতিকভাবে খেয়াল রাখতে হলে কাকে দিয়ে শুরু করব, কার হক বেশি? তিনি বললেন, “উম্মুকা, উম্মুকা”: তোমার মা আগে, তারপর তোমার বাবা, তারপর তোমার ভাইবোন, এরপর তারপর যারা, তারপর যারা। তাহলে ঘনিষ্ঠতার দিক থেকে আগে পিতা-মাতা, তারপর ভাইবোন, এরপর চাচা, তারপর ফুফু থেকে শুরু করে, এরপর চাচাতো-মামাতো ভাইবোন, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে; যত বেশি কাছের, তার হক তত বেশি। আর ছেলেমেয়ের জন্য খরচ তো নিজের জন্য খরচের মতোই; সেটা নফলের মধ্যে ফেলবেন না, যদিও তার জন্যও আল্লাহর কাছে অনেক সওয়াব পাবেন। কিন্তু ছেলেমেয়ের বাইরে যাদের দান করবেন, তারা কারা, আল্লাহ তাআলা এখানে তা বলে দিলেন।

তোমরা কাকে কতটুকু করলে, আল্লাহ তাআলা সবকিছু দেখেন, জানেন, শোনেন, খবর রাখেন। যখন বেশি করে দান করেন, আল্লাহ তাআলা দেখেন কি না? দেখেন। আল্লাহ খুশি হন কি না? খুশি হন। কীভাবে খুশি হন? তুমি দিলে আল্লাহ ডান হাত দিয়ে তা কবুল করেন। আমরা কি দেখি আল্লাহ ডান হাত দিয়ে কবুল করছেন? না; আমরা ইয়াকীন করি, আল্লাহ তাঁর গায়েবি হাত দিয়ে কবুল করে ফেলেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কিলতা ইয়াদাইহি ইয়ামীন”, আল্লাহর দুই হাতই ডান; আল্লাহর বাম হাত নেই, কারণ বাম হাত দুর্বলতার লক্ষণ, ত্রুটির লক্ষণ; আল্লাহর দুই হাতই ডান; এটা সহিহ হাদিস। তাই কেউ যেন মনে না করে আল্লাহর একটা ডান হাত, একটা বাম হাত আছে; বিষয়টা তা নয়। তাহলে দুই হাতই যদি সমান, তাহলে ডান হাতে নেওয়ার কথা বলার দরকার কী? এর অর্থ, আল্লাহ তাআলা অনেক আগ্রহ ও সম্মানের সঙ্গে তোমার দান কবুল করেন।

কবুল করে আল্লাহ তোমার দানকে কী করেন জানো? আল্লাহ তা বাড়ান, বিনিয়োগ করেন, বাড়াতে থাকেন। বাড়াতে বাড়াতে তোমার দানের আকার এত বড় করে ফেলেন: কেউ যদি ছোট্ট একটা ঘোড়ার বাচ্চা বা বাছুর পালতে শুরু করে, পালতে পালতে তা বড় হয়ে একটা বড় গাভী বা ঘোড়ায় পরিণত হয়; কিন্তু আল্লাহ এই ছোট্ট দানকে পালতে পালতে তা শুধু গরু বা ঘোড়ার আকার হয় না, উহুদ পাহাড়ের আকার হয়ে যায়; এত বড় করে আল্লাহ তাআলা তোমার দান বাড়াতে থাকেন। কেয়ামতের দিন তোমার আমলনামায় এই ছোট দান আসবে না, আসবে সেই বিশাল আকারে, আর তা তোমার নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। কারা আত্মীয়স্বজনকে, অসহায় মানুষকে, এতিম-মিসকিনকে, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন খাতে বেশি দান-খয়রাত করে, আল্লাহ তাআলা সব জানেন। যাদের আল্লাহ তাআলা দান করার মতো বড় মন দিয়েছেন, তারা বড়ই সৌভাগ্যবান।

কিতাল: অপছন্দনীয় অথচ কল্যাণকর

এরপর এলো আরেকটি বিষয়। এই যে পরীক্ষা-নিরীক্ষা আসে, বাতিল শক্তি দ্বীনের কারণে তোমাদের সাংঘাতিকভাবে নির্যাতিত করে, কঠিন পরিস্থিতিতে ঠেলে দেয়, তোমাদের উপর অত্যাচার-নির্যাতন করে; কোনো কোনো সময় আল্লাহ রাব্বুল আলামীন যুদ্ধকেও ফরজ করে দিয়েছেন। পরিস্থিতি অনুযায়ী আল্লাহ উম্মতের উপর সেই জিহাদ ফরজ করেছেন; তাই বলে এই দেশে এখন অস্ত্র নিয়ে জিহাদ করার কোনো সুযোগ নেই।

كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ

তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর; আর হতে পারে তোমরা কোনো কিছু পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন, তোমরা জানো না।

আল্লাহ তাআলা বলেন: উম্মত, পরিস্থিতি অনুযায়ী আল্লাহ তাআলা যখন তোমাদের উপর জিহাদ-কিতাল ফরজ করে দেন, তখন তা অনেকের কাছে কষ্টের কারণ হয়, একটু অপছন্দনীয় মনে হয়, কারণ তোমরা সবাই আরামের জিন্দেগি যাপন করতে চাও, এত ঝুঁকিতে যেতে চাও না। কিন্তু তোমরা জানো না, যে জিনিসকে তোমরা খারাপ মনে করো, তা তোমাদের জন্য অনেক কল্যাণের কারণ হয়ে যেতে পারে।

শহীদের মর্যাদা

কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, খবরটা শুনে আমাদের মনে হয়, আহা, এই লোকটাকে মেরে ফেলল! কিন্তু যিনি শহীদ হয়েছেন, তিনি কী মনে করেন? তাঁর জীবনটা শেষ হয়ে গেছে, তিনি এখন কবরে গিয়ে আফসোস করছেন? না; তিনি তো এত খুশি! সূরা ইয়াসীনে আল্লাহ তাআলা বলেন, যখন তারা একজন লোককে ধরে শহীদ করে দিল, তিনি বললেন:

يَا لَيْتَ قَوْمِي يَعْلَمُونَ ۝ بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ الْمُكْرَمِينَ

হায়, আমার কওম যদি জানত, আমার রব আমাকে কীভাবে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন!

হায় আফসোস, আমার কওম যদি জানত, তারা আমাকে অত্যাচার করে মেরে ফেলেছে, আর এই হত্যার কারণেই আল্লাহ তাআলা আমাকে কী শান দান করেছেন, আমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আমাকে অতি সম্মানের আসনে বসিয়ে দিয়েছেন! আমার কওম যদি জানতে পারত তারা আমার কী উপকার করেছে, আর নিজেরা কী ক্ষতিগ্রস্ত হয়েছে!

এজন্য আল্লাহ তাআলা শহীদদের অনেক দরখাস্ত পূরণ করবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, শহীদরা, তোমরা আর কী চাও? তারা বলবে: আল্লাহ, কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই; একবার শহীদ হয়ে এসে এত মর্যাদা পেয়েছি, মেহেরবানি করে আবার দুনিয়াতে পাঠান, আবার শহীদ হয়ে আসতে চাই। আল্লাহ তাআলা বলবেন: এই আবদার পূরণ করতে পারব না; আমার ফয়সালা, আমি সিদ্ধান্ত করে ফেলেছি, পৃথিবীতে মাত্র একবারই পাঠাব, কাউকে দুবার পাঠাব না। তাহলে বোঝা গেল, তারা কি আফসোস করে? না।

তোমরা হয়তো মনে করতে পারো খারাপ কিছু ঘটে গেছে; অথচ তোমাদের জন্য এতে অনেক কল্যাণ আছে; কত মানুষের জান্নাতের ব্যবস্থা হয়ে গেল।

وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ

আর যারা আল্লাহর পথে নিহত হয়, তাদের মৃত বলো না।

আল্লাহর রাস্তায় যারা এভাবে শহীদ হয়েছেন, তাদের মরে গেছে বলো না। মরে গেছে বললে তো সাধারণ কথা হয়ে গেল, সবাই মরে যায়; তাঁরা কি সেভাবে মারা গেছেন? তাঁরা তো শাহাদাত অর্জন করেছেন, তাঁদের শান অনেক বড়; মরে গেছে বললে তাঁদের শানের অবমাননা হয়; এই শব্দ তাঁদের জন্য মানানসই নয়।

যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন

তোমরা যখন যুদ্ধ ফরজ হয় তখনও তা পছন্দ করো না; দুনিয়ায় বেঁচে থাকাকে তোমরা খুব পছন্দ করো, অথচ জানো না, তা তোমার জন্য খারাপ হয়ে যেতে পারে। তোমার জীবনে পরীক্ষা আসেনি, বাতিল তোমাকে কিছুই করে না, তোমার সঙ্গে খুব সালাম-আদাব করে; আর তুমি মনে করো, আমি তো বড় নিরাপদে আছি, অন্যরা বিভিন্ন পরীক্ষায় আছে, আমার কোনো অসুবিধা নেই; কিন্তু এটা তোমার জন্য ভালো নয়। আল্লাহ তাআলা যখন চান তোমাকে দায়িত্ব নিতে হবে, আর তুমি তা থেকে সরে থাকো, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে; তোমার মধ্যে নিফাক চলে আসতে পারে।

যে ব্যক্তি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসে, এটা একটা কবিরা গুনাহ। কোথাও যদি শরীয়তসম্মত জিহাদ চলে, আর সেখান থেকে কেউ পালিয়ে আসে, তাহলে তা অনেক বড় কবিরা গুনাহ; সে জান বাঁচিয়ে চলে এলো, কিন্তু বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। যারা দুশমনের মোকাবেলায় টিকে থাকে, আল্লাহ তাআলা তাদের দুনিয়ায় বিজয় দেন, আখেরাতে তাদের কামিয়াবি নিশ্চিত হয়ে যায়; আর যারা পালিয়ে বেড়ায়, তারা দুনিয়াতেও লাঞ্ছিত হয়, আখেরাতেও কিছু পায় না।

হারাম মাসে যুদ্ধ: নাখলার ঘটনা

এরপর আল্লাহ তাআলা যুদ্ধ-সংক্রান্ত আরেকটি আয়াতে ইরশাদ করেছেন:

يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِيهِ ۖ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ ۖ وَصَدٌّ عَن سَبِيلِ اللَّهِ وَكُفْرٌ بِهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ وَإِخْرَاجُ أَهْلِهِ مِنْهُ أَكْبَرُ عِندَ اللَّهِ ۚ وَالْفِتْنَةُ أَكْبَرُ مِنَ الْقَتْلِ ۗ وَلَا يَزَالُونَ يُقَاتِلُونَكُمْ حَتَّىٰ يَرُدُّوكُمْ عَن دِينِكُمْ إِنِ اسْتَطَاعُوا ۚ وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَٰئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ۖ وَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ

তারা আপনাকে হারাম মাসে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞেস করে। বলুন, তাতে যুদ্ধ করা গুরুতর অপরাধ; কিন্তু আল্লাহর পথে বাধা দেওয়া, তাঁর সঙ্গে কুফরি করা, মসজিদুল হারামে বাধা দেওয়া এবং সেখান থেকে তার অধিবাসীদের বের করে দেওয়া আল্লাহর কাছে আরও গুরুতর; আর ফিতনা হত্যার চেয়েও গুরুতর। তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে থাকবে, যতক্ষণ না পারলে তোমাদের দ্বীন থেকে ফিরিয়ে দেয়। আর তোমাদের মধ্যে যে নিজের দ্বীন থেকে ফিরে যায় এবং কাফির অবস্থায় মারা যায়, তাদের আমল দুনিয়া ও আখেরাতে বরবাদ হয়ে যায়; তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে।

এই আয়াতের শানে নুযূল এসেছে: সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে কাফেরদের একটা ছোট দলের মোকাবেলা করতে পাঠিয়েছিলেন। তখন ছিল জুমাদাল উখরা মাস; জুমাদাল উখরার পরে কোন মাস? রজব; আর রজব হলো হারাম মাস।

হারাম মাস অর্থ কী? যে মাস অতি সম্মানিত: যিলকদ, যিলহজ্জ, মুহাররম, আর এদিকে রজব; এই চারটি মাস হারাম মাস, অতি সম্মানিত মাস। আরবরা বেশি বেশি যুদ্ধবিগ্রহ করত, প্রায়ই তাদের মধ্যে মারামারি হতো; কিন্তু জাহেলি জমানাতেও তারা অন্তত এই চারটি মাসকে সম্মান করত, এই মাসগুলোতে যুদ্ধ করত না।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পাঠালেন যে তারা সেই দুশমন কাফেলার মোকাবেলা করবে; তখন মাস ছিল জুমাদাল উখরা, রজব আসেনি। সেখানে হঠাৎ সেই ছোট দলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়, এবং মুমিনরা অতর্কিতে আক্রমণ করে তাদের কয়েকজনকে হত্যা করতে সক্ষম হন। এ ব্যাপারে তাফসীরে বিভিন্ন রেওয়ায়েত এসেছে; একটি রেওয়ায়েতে পাওয়া যায়, সাহাবীরা মনে করেছিলেন সেদিন বোধহয় জুমাদাল উখরার শেষ দিন; কিন্তু আসলে সেদিন রজব মাসের পয়লা দিন হয়ে গিয়েছিল, তাঁরা খবর পাননি; হয়তো চাঁদ দেখেননি; মাস ছিল উনত্রিশ দিনের, তাঁরা ত্রিশ দিন হিসাব করেছিলেন। তাহলে কাজটা ঘটে গেছে রজব মাসে, হারাম মাসে, যে মাসে যুদ্ধবিগ্রহ করা, কাউকে আক্রমণ করা জায়েজ নয়।

কাণ্ডটা ঘটে যাওয়ার পর মক্কার কাফেররা চারদিকে ছড়িয়ে দিল: দেখো, মুহাম্মদ আল্লাহর অনেক কথা বলে; আল্লাহ তো চারটা মাস হারাম করে দিয়েছেন, আমরা ইবরাহীমের জমানা থেকে তা পালন করে আসছি; অথচ এই মুহাম্মদ তার বাহিনী পাঠিয়ে এই মাসে যুদ্ধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পেয়ে সাহাবীদের জিজ্ঞেস করলেন, তাঁদের কিছু তিরস্কার করলেন, তাঁরা খেয়াল করেননি, বোঝেননি। যাই হোক, এ নিয়ে সেই সাহাবীদেরও মন খারাপ, আর অন্যরাও তাঁদের খুব খোঁচা দিয়ে কথা বলছে: তোমরা কী কাজ করলে, এই হারাম মাসে এটা করলে! এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কাজটা যাঁরা করেছিলেন তাঁদের মন খারাপ, আর কাফেররা খুব সুযোগ পেয়ে মুসলমানদের বিরুদ্ধে খুব প্রোপাগান্ডা চালাচ্ছে।

তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন: তারা আপনাকে হারাম মাসে যুদ্ধবিগ্রহের ব্যাপারে প্রশ্ন করে, এটা কি ঠিক হলো? আপনি বলে দিন, হ্যাঁ, এটা ঠিক নয়, এটা একটা বেঠিক কাজ হয়ে গেছে; বেচারারা ভুল করে ফেলেছে, ঠিক আছে। কিন্তু তোমরা যে এই বেঠিক কাজ নিয়ে এত মাতামাতি করছ, আল্লাহর যে ঘর আল্লাহর ইবাদতের জন্য ইবরাহীম আলাইহিস সালাম বানালেন, সেই ঘরে তোমরা কী করছ? সেই ঘরে লোকদের আল্লাহর ইবাদত করতে দাও না; সেখানে কী চলে? মূর্তিপূজা চলে। আর যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, যে আল্লাহর মাসের দোহাই দিচ্ছ, হারাম মাসের দোহাই দিচ্ছ, সেই আল্লাহর সঙ্গে তো তোমরা কুফরি করছ; সেই আল্লাহকে কি তোমরা মানো? আর এই মসজিদুল হারাম, এই ঘরের দিকে যারা আল্লাহর ইবাদত করতে আসবে, তাদের আসতেও দাও না; বের করে দিয়েছ; এই মক্কার জমিনে তাদের থাকতে দাওনি, হিজরত করতে বাধ্য করেছ। তোমরা যা কিছু করেছ, তার তুলনায় তাঁরা ভুলবশত রজব মাসে একটু যুদ্ধ করে ফেললে, তোমাদের অপরাধ কয়েক গুণ বড়; কাজেই এ নিয়ে এত প্রোপাগান্ডা করার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা মুসলমানদের একটু স্বস্তি দিলেন, তাঁদের ভুল ক্ষমা করে দিলেন; আর কাফেরদের দাঁতভাঙা জবাব দিলেন।

ফিতনা হত্যার চেয়েও বড়

এরপর আল্লাহ তাআলা বললেন: একটা দুর্ঘটনা ঘটে গেছে, হতাহতের ঘটনা ঘটে গেছে; কিন্তু তোমরা যে ফিতনা করেছ, তা আরও বড়। এই ফিতনার অর্থ কী? অনেক তাফসীরে এসেছে, ফিতনা অর্থ শিরক; সবচেয়ে বড় ফিতনা হলো শিরক; “ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম”। তোমরা যে শিরক করে যাচ্ছ, আল্লাহর কাছে তা ওই হতাহতের ঘটনা, রক্তপাতের চেয়েও মারাত্মক; কারণ যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তাঁকে বাদ দিয়ে মূর্তির পূজা করো; নিজেদের অপরাধ তোমরা দেখো না। শিরক করা আল্লাহ তাআলার কাছে আরও বড় অপরাধ।

এছাড়া যেকোনো ফিতনা-ফাসাদ, রক্তারক্তি: নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন, তিনি কি কোনো যুদ্ধের ডাক দিয়েছিলেন? মদিনায় যাওয়ার পরও তিনি যুদ্ধের চিন্তা করেননি; যুদ্ধের চিন্তা তারাই করেছে। বদরে কারা আক্রমণ করতে এসেছিল? উহুদে কারা আক্রমণ করেছে? খন্দকে? প্রতিবারই তারাই আক্রমণ করেছে। আল্লাহ তাআলা বলেন, ফিতনা সৃষ্টি করা এমন একবারের হতাহতের ঘটনার চেয়েও খারাপ। ইসলাম এটাই বোঝাতে চায়: কখনো যদি মুসলমানদের অস্ত্র হাতে নিতে হয়, তখন তারা আসলে ফিতনা করতে চায় না; ফিতনা থামানোর জন্যই অস্ত্র হাতে নিতে বাধ্য হয়। পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা মুমিনের কাজ নয়।

আজ প্রচার করা হয়, মুসলমানরা ফিতনা সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে। অথচ ঠান্ডা মাথায় দিনদুপুরে নিরীহ মানুষের উপর হামলা করা, এমন কাজ কোনো কোরআন-হাদিস বলে না; আল্লাহ তাআলা কি মুসলমানকে এমন কাজ করতে বলেছেন? কোনো ঈমানদার মানুষ কি এমন কাজ করতে পারে? না। আর এর দায় চাপিয়ে দেওয়া হয় সব মুসলমানের উপর। সেই জমানা আর এই জমানা যেন একই হয়ে গেল, সুবহানাল্লাহ; সকল জমানাতেই। আল্লাহ তাআলা যে বলছেন, আগের জমানার দৃষ্টান্তগুলো তোমাদের উপরেও আসবে, তোমাদের উপরেও একই দৃষ্টান্ত হচ্ছে।

তারা দ্বীন থেকে ফেরাতে চেষ্টা করবে

এরপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন: হে মুমিনরা, এভাবেই তারা তোমাদের বিরুদ্ধে শুধু প্রচার-প্রোপাগান্ডা নয়, দুশমনি, লড়াই শেষ মুহূর্ত পর্যন্ত চালিয়ে যেতে থাকবে; তোমাদের দ্বীন থেকে সরিয়ে আনার জন্য যতদূর পারে চেষ্টা অব্যাহত রাখবে; এমনভাবে ষড়যন্ত্র, প্রোপাগান্ডা, লড়াই করবে, যাতে পারলে তোমাদের দ্বীন থেকে সরিয়ে দেওয়া যায়। এ কারণেই ইসলামের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে; কোথাও লড়াই অস্ত্র দিয়ে হচ্ছে, কোথাও মিডিয়া দিয়ে; কোথাও রক্ত ঝরিয়ে দুশমনি, কোথাও মিডিয়ার মাধ্যমে দুশমনি। এটা কবে থামবে? কেয়ামত পর্যন্ত চলবে; “আল-জিহাদু মাদিন ইলা ইয়াওমিল কিয়ামাহ”, জিহাদ কেয়ামত পর্যন্ত চলমান থাকবে।

হ্যাঁ, তবে যদি সবাই দ্বীন থেকে সরে যায়, তাহলে আর কোনো অসুবিধা নেই, আর লড়াই করবে না; পারলে তারা তোমাদের মুরতাদ বানিয়ে ফেলবে, দ্বীন থেকে সরিয়ে ফেলবে; এটা তাদের অন্যতম উদ্দেশ্য। আমরা অনেক সময় মনে করি, হায়রে, মিডিয়া যদি এমন উল্টাপাল্টা না করত, কত শান্তিতে দুনিয়ায় থাকতে পারতাম! আমরা স্বপ্ন দেখতে চাই; কিন্তু এই পরিস্থিতি থেকে পুরোপুরি বাঁচা যাবে, এমন আশা করা মুশকিল, কারণ তারা তাদের এই চেষ্টা অব্যাহত রাখবে। কাজেই মানসিকভাবে এত দুর্বল হওয়ার কোনো কারণ নেই।

কোনো ঘটনার পর এমন চাপ তৈরি হয় যে মুসলমানরা যেন ভয় পেয়ে দ্বীন ছেড়ে দেয়: মসজিদেও আর আসবে না, দাড়িও রাখবে না, ইসলামি পোশাকও পরবে না; একেবারে সব পাল্টে এমন হয়ে যাবে যে চেনাও যাবে না, বোঝাও যাবে না সে মুসলমান কি না; আমাদের মহিলাদেরও যেন মুসলিম বলে বোঝা না যায়। এমন পরিবেশ তৈরি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামীন সব কথা আগাম বলে দিচ্ছেন; আমাদের সময়ে কী ঘটবে, তার কথা কোরআন শরীফে আগাম আছে। আল্লাহ তাআলা আগেই আমাদের সতর্ক করে দিয়েছেন: এসব পরিস্থিতি তোমাদের জীবনে আসবে, তোমাদের পা সরিয়ে দেবে, পায়ের নিচে মাটি কাঁপতে থাকবে; এরপরও পরীক্ষায় টিকতে হবে, ঈমানের পথে টিকে থাকতে হবে; এই মজবুতি রাখবে।

পৃথিবীতে বড় কোনো বিপদ ঘটলে অনেক মুসলমান নামের আগের মুহাম্মদ কেটে ফেলে; ছেলেমেয়ের নামও এমন রাখতে শুরু করে যে তা মুসলমানের নাম কি না, বোঝাই যায় না; এক ধরনের সেক্যুলার নাম রাখা শুরু করে দেয়। আমাদের দেশে এমন নাম অনেক আগেই প্রচলিত হয়ে গেছে, কত রকম নাম, যাতে ইসলামি নামের আর কোনো পরিচয় নেই।

মুরতাদের পরিণতি

এরপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন: তাদের প্রোপাগান্ডা, যুদ্ধবিগ্রহ ও দুশমনির কারণে কোনো দুর্বল ঈমানের মুসলমান যদি মুরতাদ হয়ে যায়, আর ঈমানহারা অবস্থায় মারা যায়, তাহলে সে কাফির হয়ে মরল; ঈমান নিয়ে মরল না। কাফির হয়ে কেউ যদি মারা যায়, তার দুনিয়া ও আখেরাতের সকল আমল বরবাদ হয়ে গেল; তারা জাহান্নামের সাথী, জাহান্নামের বাসিন্দা; দোজখ তাদের ঠিকানা, সেখানে তারা চিরকাল থাকবে।

হিজরত ও জিহাদকারীদের আশা

তাদের মোকাবেলায় যারা টিকে থাকে, তাদের পুরস্কার:

إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ أُولَٰئِكَ يَرْجُونَ رَحْمَتَ اللَّهِ ۚ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

নিশ্চয়ই যারা ঈমান এনেছে, এবং যারা হিজরত করেছে ও আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই আল্লাহর রহমতের আশা করে; আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ঈমানের পথে টিকে থেকেছে; যারা মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, ইসলামের কারণে যাদের অনেক কুরবানি করতে হয়েছে; আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছিলেন, লড়াই করেছিলেন। জিহাদ তো অনেক তরিকায় আছে। এই দেশে অস্ত্র নিয়ে জিহাদ করার কোনো সুযোগ নেই; কিন্তু এই দেশেও কলমের জিহাদ আছে, মিডিয়ার জিহাদ আছে; বক্তব্য দিয়ে উল্টাপাল্টা প্রচারের খণ্ডন করা, এটাও এক ধরনের জিহাদ। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ইসলামের পক্ষে কাজ করতে পারে; এগুলোও এক ধরনের জিহাদ।

যারা এভাবে দ্বীনের জন্য মজবুত হয়ে টিকে থাকে, হিজরত করেছে, বিভিন্ন তরিকায় দ্বীনের জন্য সংগ্রাম করেছে, আল্লাহ তাআলা তাদের রহমতের আশা করার সুসংবাদ দিচ্ছেন; আল্লাহর কাছে রহমত আশা করার হক তাদের রয়েছে, অধিকার রয়েছে; আল্লাহ তাআলা অনেক ক্ষমা করেন, অনেক দয়া করেন। এরা যদি কোনো গুনাহ-খাতা করে থাকে, তাহলে আল্লাহর রহমতের আশা করতে পারে, গুনাহ মাফের আশাও করতে পারে; তাদের জন্য সুসংবাদ, আল্লাহ তাআলা তাদের মাফ করে দেন, তাদের প্রতি দয়া করেন।

সূরা ইয়াসীনের সেই লোক বলেছিল: আফসোস, আমার কওম যদি জানত, আমার আল্লাহ আমাকে সব ক্ষমা করে দিয়েছেন; তারা আমাকে শহীদ করে দেওয়ার কারণে আল্লাহ আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তাহলে শহীদের মর্যাদা কী? আল্লাহ তাঁর সমস্ত গুনাহ ক্ষমা করে দেন; শুধু মানুষের হক বাকি থাকে। এজন্য কখনো মানুষের হক আত্মসাৎ করা ঠিক নয়; টাকা-পয়সার লেনদেনে কোনো হুকূকুল ইবাদ যেন নষ্ট না হয়; বাকি সব গুনাহ আল্লাহ শহীদদের মাফ করে দেবেন।

দ্বীনের কারণে মানুষের জীবনে পরীক্ষা-নিরীক্ষা আসে; দ্বীনের কারণে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষকে মালের কুরবানি করতে হয়; দ্বীনের কারণে দ্বীনের দুশমনদের মোকাবেলায় ঈমানহারা হয়ে যাওয়ার ফিতনা সৃষ্টি হতে পারে; সেখানে মুসলমানরা জান-মাল দিয়ে সংগ্রাম করলে তাদের কী পুরস্কার হবে, এসব আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামীন আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করলেন; আর পরীক্ষার মোকাবেলায় মজবুত হয়ে টিকে থেকে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত পাওয়ার সুসংবাদ দিলেন।

এজন্য সুন্দর সুন্দর দোয়া আছে: আল্লাহ, যিনি অন্তরকে পরিবর্তন করেন, দ্বীনের উপর আমাদের কদমকে অটল করে দিন, আমাদের অন্তরকে মজবুত করে দিন; হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে গোমরাহ করে দিয়ো না। এমন অনেক দোয়া আছে; এগুলো আমাদের বেশি করে করা দরকার।