পুনর্মিলনে বাধা দিয়ো না

وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْا بَيْنَهُم بِالْمَعْرُوفِ ۗ ذَٰلِكَ يُوعَظُ بِهِ مَن كَانَ مِنكُمْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۗ ذَٰلِكُمْ أَزْكَىٰ لَكُمْ وَأَطْهَرُ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ

আর যখন তোমরা নারীদের তালাক দাও, আর তারা তাদের ইদ্দতের শেষ সীমায় পৌঁছে যায়, তখন তারা যদি ন্যায়সঙ্গতভাবে পরস্পর সম্মত হয়ে তাদের স্বামীদের বিয়ে করতে চায়, তাহলে তাদের বাধা দিয়ো না। এর দ্বারা তাকে উপদেশ দেওয়া হচ্ছে, যে তোমাদের মধ্যে আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান রাখে। এটাই তোমাদের জন্য অধিক পরিশুদ্ধ ও অধিক পবিত্র। আর আল্লাহ জানেন, তোমরা জানো না।

যখন তোমরা নারীদের তালাক দাও, আর তাদের সময় শেষ হয়ে আসে, ইদ্দতের সময় পার হয়ে যাওয়ার উপক্রম হয়, তখন তারা যদি তাদের আগের স্বামীর কাছে ফিরে গিয়ে আবার সংসার করতে চায়, অথবা এক তালাক বা দুই তালাকের পর ইদ্দত পার হয়ে গেলে নতুন করে আবার বিয়ের ব্যবস্থা করতে চায়, তাহলে তোমরা তাদের নিষেধ করো না, বাধা দিয়ো না, আপত্তি করো না; যদি উভয়ে শেষ পর্যন্ত মা’রূফের সঙ্গে সম্পর্ক ভালো করে আবার একত্রিত হয়ে ঘর করতে চায়।

ঈমানদারকেই উপদেশ

এই উপদেশ দেওয়া হচ্ছে সেসব লোকের জন্য, যারা আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান রাখে। যাদের ঈমান নেই, তাদের উপদেশ দিয়ে লাভ আছে? এজন্য মাঝেমধ্যে লোকেরা যখন উল্টাপাল্টা করে, যতই বোঝানো হোক, তারা মোটেই কথা শোনে না; কোরআন-হাদিসের রেফারেন্স দিলেও শুনবে না। তার কি ঈমান আছে বলে মনে হয়? এ নিয়ে ফতোয়া দেওয়ার দরকার নেই; কিন্তু তার মনোভাব, কোরআন-হাদিসের কথা গ্রহণ না করার মানসিকতা প্রমাণ করে যে তার ঈমানের অবস্থা খুবই দুর্বল।

রাগের মাথায় হোক, জিদের কারণে হোক, মানুষ দাম্পত্য জীবনে দুনিয়াতে অনেক উল্টাপাল্টা করে। কিন্তু সত্যিকার দ্বীনদার লোককে যখন আল্লাহ তাআলার কোরআন থেকে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কোনো বিষয় বলা হয়, তখন তার তা গ্রহণ করা উচিত; গ্রহণ করলে বোঝা গেল তার ঈমান ভালো। আর যে গ্রহণ করে না, যতই বোঝানো হোক, জিদ নিয়েই থাকে, তার ঈমানের যেন কোনো প্রমাণই পাওয়া যায় না। আমাদের মধ্যে এমন অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু ঘটে।

এজন্য আল্লাহ তাআলা বলেন, যাদের আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান আছে। আখেরাতের বিশ্বাস যেন মানুষের মনে আর নেই; ঝগড়া-ফাসাদ, গণ্ডগোল লাগলে কথাবার্তার ধরন দেখে মনে হয়, কিসের আখেরাত, দুনিয়াতেই সব শেষ করে দিতে চায়, আখেরাতের জন্য যেন কিছু বাকি রাখার দরকার নেই; মানুষের ভাব এমনই। আল্লাহ তাআলা সেই কথা মনে করিয়ে দিচ্ছেন: দেখো, যদি আখেরাতে বিশ্বাস করো, তাহলে এখানে সব শেষ করে দিয়ো না। হ্যাঁ, ভালো তরিকায় শেষ করা তো ভালো; কিন্তু দুর্ব্যবহার করে দ্রুত সম্পর্কচ্ছেদের দিকে গিয়ে চূড়ান্ত খারাপ পরিণতিতে না পৌঁছানো পর্যন্ত থামে না, মানুষের মধ্যে এমন জিদ ওঠে।

“এটাই অধিক পবিত্র”

কোরআন-হাদিসের কথা মেনে আপস করা, সম্পর্ক ঠিক রাখা, একে অপরকে মাফ করে দেওয়া, দেন-দরবার মিটিয়ে ফেলা, এগুলো করলে কী হয়? তোমাদের পবিত্রতা অর্জনের অনেক কারণ হবে; নফস অনেক পরিচ্ছন্ন হয়ে যাবে, তাযকিয়াতুন নফস হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি জিদের অনুসরণ করে, মানে নফসের অনুসরণ করে, খারাপের দিকে যেতেই থাকে, তার নফস কি পবিত্র হয়, নাকি আরও অপবিত্র হয়? অপবিত্র হয়ে যায়।

আল্লাহ তাআলা ভালো জানেন, তোমরা জানো না। এজন্য আল্লাহ তাআলা যা বলেন, নসিহত করেন, কোরআন-হাদিসের যে কথাগুলো আসে, সেগুলোই ঠিক; নাকি আমার মনে যা আসে, তাই ঠিক? আমরা মনের অনুসরণ করি, জিদের অনুসরণ করি: আমার সিদ্ধান্ত, আমি বলেছি এটাই হতে হবে; মানুষের মধ্যে এমন হয়ে যায়; আর মনে করে, আমার কথা না হলে আমি বিশাল ঠকা ঠকে গেলাম। কিন্তু আল্লাহ এবং রাসূলুল্লাহর কথা শুনে আপস করে নেওয়া, মানুষকে মাফ করে দেওয়া যে কত ভালো, তা কি তোমরা জানো?

মা’কিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু

আমাদের মধ্যে যেমন সমস্যা হয়, সাহাবীদের মধ্যেও টুকটাক সমস্যা হয়েছে। যেমন এক সাহাবী, মা’কিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু; তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তাঁর বোনকে আরেকজন মুসলমানের সঙ্গে বিয়ে দিয়েছিলেন, তিনিও সাহাবী। এরপর দাম্পত্য জীবনে ওই স্বামী-স্ত্রীর মধ্যে একটু গণ্ডগোল হলো, দুই কথা হলো, দূরত্ব হলো; এই দূরত্বের কারণে স্বামী স্ত্রীকে তালাক দিলেন।

এক তালাক দিলে ফিরিয়ে নেওয়ার সময় থাকে; কতদিন? তিন মাসের কাছাকাছি; নারীর তিনটি মাসিক পার হওয়ার আগ পর্যন্ত ফিরিয়ে নেওয়া যায়। এখন সাহাবীর ক্ষেত্রে তিনটি মাসিক পার হয়ে গেছে, তিনি ফিরিয়ে নেননি; তাহলে কী হয়েছে? তালাক হয়ে গেছে, এক তালাক। এখন কী করা যাবে? চাইলে একে অপরকে আবার বিয়ে করতে পারবে, নতুন করে মোহর দিতে হবে। খবরদার, হিলা-টিলা করতে হবে? না। লানতের কাজ করতে হবে? না। এটা ভালো করে বুঝুন, এখানে মানুষ অনেক গণ্ডগোল করে।

এখন তারা আবার বিয়ে করার মনস্থ করেছে; প্রথম তালাক পার হয়ে গেছে, তিন মাসের ইদ্দত শেষ হয়ে গেছে; তারা চিন্তা করল, ঠিক আছে, যেহেতু নতুন করে করার সুযোগ আছে, আমরা আবার মত পাল্টাই; নারীও চাইলেন, পুরুষও চাইলেন, আবার ঘর করি। তখন যে সাহাবী তালাক দিয়েছিলেন, তিনি আরেকজনকে দিয়ে খবর পাঠালেন। মেয়ের অভিভাবক ছিলেন তার ভাই, কারণ বাবা মারা গেছেন; সেই ভাই হলেন সাহাবী মা’কিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু। তাঁকে বললেন, আমি তাকে আবার বিয়ে করতে চাই; আপনি মেহেরবানি করে একটু বিবেচনা করুন।

এখন এই ভাই খুব রেগে গেলেন: কেন তালাক দিয়ে ফিরিয়ে নাওনি? এখন পার হয়ে যাওয়ার পর তোমার খেয়াল হয়েছে? খুব রেগে গিয়ে বললেন:

يَا لُكَعُ بْنَ لُكَعٍ، أَكْرَمْتُكَ بِهَا وَزَوَّجْتُكَهَا فَطَلَّقْتَهَا

হে অথর্বের ছেলে অথর্ব! আমি তাকে দিয়ে তোমাকে সম্মানিত করেছিলাম, তাকে তোমার কাছে বিয়ে দিয়েছিলাম, আর তুমি তাকে তালাক দিলে!

লুকা’ ইবনে লুকা’ মানে অথর্বের ছেলে অথর্ব; লুকা’ মানে বোকা, অথর্ব, কোনো কাজের নয়। এর চেয়ে বড় গালি দেননি; আমাদের সমাজে গালি দিলে তো আরও বড় গালি দেয়; এতটুকুই বলেছেন, এর চেয়ে খারাপ বলেননি; সাহাবীর মানের চেয়ে নিচে নামেননি, আলহামদুলিল্লাহ। তারপর বললেন: তোমাকে আমি এত সম্মান করলাম, আমার বোনকে বিয়ে দিলাম, তারপর তুমি তালাক দিলে; আমি অপেক্ষা করলাম, তোমার বুঝ হয় কি না, তুমি তাকে রুজু’ করবে, ফিরিয়ে নেবে; তাও করলে না; এখন সব শেষ; আর এখন তুমি আবার প্রস্তাব নিয়ে এসেছ?

وَاللَّهِ لَا تَرْجِعُ إِلَيْكَ أَبَدًا، آخِرُ مَا عَلَيْكَ

আল্লাহর কসম, সে আর কখনো তোমার কাছে ফিরে যাবে না; এটাই তোমার জন্য শেষ কথা।

আর কোনোদিন তার কাছে আমি তাকে ফেরত বিয়ে দেব না; ব্যস, যাও; আল্লাহর কসম করে ফেলেছি, দেব না।

ইমাম ইবনে কাসির বলেন:

فَعَلِمَ اللَّهُ حَاجَتَهُ إِلَيْهَا وَحَاجَتَهَا إِلَىٰ بَعْلِهَا

আল্লাহ জানলেন, স্ত্রীর প্রতি তার প্রয়োজন এবং স্বামীর প্রতি তার প্রয়োজন।

আল্লাহ তাআলা জানলেন যে ওই স্বামী-স্ত্রী দুজন মন থেকে একে অপরকে চাইছেন, কিন্তু ভাই বাধা হয়ে দাঁড়িয়েছেন। বোন চায় আবার বিয়ে হোক; আগের স্বামীও চায় আবার তার সঙ্গে বিয়ে হোক; কিন্তু মাঝখানে ভাই কোনোভাবেই রাজি নন। আমাদের সমাজে কি এমন ঘটনা ঘটে? আল্লাহ, কত ঘটে! কয়েকগুণ বেশি ঘটে।

এখন দুজনেই চায়, দুজনের মনে একত্রিত হওয়ার আকাঙ্ক্ষা আছে। এই নারী অন্য জায়গায়ও বিয়ে করতে পারবে, আবার এই স্বামীর কাছেও বিয়ে হতে পারবে; কিন্তু কার অধিকার বেশি? এই স্বামীর অধিকার বেশি; সে যদি চায়, নারীও চায়, তাহলে অভিভাবকের জন্য অন্য জায়গায় জোর করে বিয়ে দেওয়া ঠিক নয়, জুলুম হবে। আল্লাহ তাআলা দুজনের মনের অবস্থা বুঝলেন: তারাই একে অপরকে চায়, ভাই বাধা হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, “ওয়া ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাবালাগনা আজালাহুন্না”: যখন নারীদের তালাক দাও, আর তারা ইদ্দতের শেষ মাথায় পৌঁছে যায় বা ইদ্দত পার হয়ে যায়, তারপর তাদের খেয়াল হয়, তারা একে অপরকে বিয়ে করতে চায়, খুব অনুতপ্ত হয়েছে, সামনের দিকে ভালো করে চলবে, দুজনের ভেতরেই একটা চেতনা এসেছে, তাহলে তোমরা এখানে বাধা দিয়ো না।

“আমার রবের কথা শুনলাম, মানলাম”

এই আয়াত নাযিল হলো, আর এর খবর সাহাবী মা’কিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছল: তোমরা এমন করো না; আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান আনলে তাদের সাহায্য করো, তাদের আবার বিয়েশাদি হয়ে যাক। এই আয়াত শোনার পর সাহাবী মা’কিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বললেন:

سَمْعًا لِرَبِّي وَطَاعَةً

আমার রবের কথা শুনলাম এবং মানলাম।

আমার রবের কথা আমি শুনব, তাঁর কথা মেনে নেব। সূরা আল-বাকারায় কথাটা কীভাবে এসেছে? “সামি’না ওয়া আতা’না”, আমরা শুনলাম এবং মানলাম। এটাই মুমিনের, প্রকৃত ঈমানদারের লক্ষণ: কোরআন-হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলা হয়েছে, ব্যস, মেনে নেবে, আর কোনো কথা নেই। আর যাদের ঈমানে দুর্বলতা আছে, তারা বলে, জীবনেও এর সঙ্গে আর হবে না; এই যে জিদ ধরে বসেছে; কত লোককে ধরানো হয়, আহারে, আবার ওখানে এটা হোক; কোনোভাবেই না! পাথর গলে, কিন্তু এই পাষাণ হৃদয় গলে না; মানুষ এত কঠিন হয়ে যায়।

অথচ এই সাহাবী, যিনি কসম করেছিলেন কোনোদিন দেবেন না, যেই কোরআনের আয়াত নাযিল হয়ে তাঁর কাছে খবর এলো, বললেন, আমার রবের কথা শুনলাম, মানলাম।

ثُمَّ دَعَاهُ فَقَالَ: أُزَوِّجُكَ وَأُكْرِمُكَ

তারপর তিনি তাকে ডেকে বললেন: আমি তোমার কাছে বিয়ে দিচ্ছি এবং তোমাকে সম্মানিত করছি।

এসো, আমার বোনকে আবার তোমার কাছে বিয়ে দিলাম, তোমাকে আবার সম্মানের সঙ্গে গ্রহণ করলাম; আল্লাহু আকবার!

সাহাবীদের আর আমাদের মধ্যে পার্থক্য এখানেই। আমরা একবার ত্যাড়া হয়ে গেলে বোধহয় জীবনেও আর সোজা হব না। সাহাবীরাও মানুষ, তাঁদের জীবনেও উল্টাপাল্টা ঘটেছে; কিন্তু কেউ ধরিয়ে দিলে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যেতেন; এটাই ঈমানদারের লক্ষণ।

এজন্য আমাদের সমাজে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধবের মধ্যে যারা এমন উল্টাপাল্টা করে, তাদের বোঝাতে হবে। আহারে, এই লোকদের কত কষ্ট দেয়! তারা আবার একত্রিত হতে চায়, কিন্তু না, দেবে না; ভাই দেয় না, বোন দেয় না, মা দেয় না, বাবা দেয় না; একজন দিলে আরেকজন দেয় না; এভাবে কষ্ট দেয়, জোর করে ছিনিয়ে নিয়ে আরেক জায়গায় বিয়ে দিয়ে ফেলে; এটা ঠিক নয়।

দুধপানের মেয়াদ

এরপর তালাকের সঙ্গে সম্পর্কিত আরেকটি বিষয়ে আল্লাহ তাআলা আমাদের মাসআলা শেখাচ্ছেন:

وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ ۖ لِمَنْ أَرَادَ أَن يُتِمَّ الرَّضَاعَةَ ۚ وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ ۚ لَا تُكَلَّفُ نَفْسٌ إِلَّا وُسْعَهَا ۚ لَا تُضَارَّ وَالِدَةٌ بِوَلَدِهَا وَلَا مَوْلُودٌ لَّهُ بِوَلَدِهِ ۚ وَعَلَى الْوَارِثِ مِثْلُ ذَٰلِكَ ۗ فَإِنْ أَرَادَا فِصَالًا عَن تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا ۗ وَإِنْ أَرَدتُّمْ أَن تَسْتَرْضِعُوا أَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِذَا سَلَّمْتُم مَّا آتَيْتُم بِالْمَعْرُوفِ ۗ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দুই বছর দুধ পান করাবে, যে দুধপান পূর্ণ করতে চায় তার জন্য। আর সন্তানের পিতার উপর ন্যায়সঙ্গতভাবে তাদের খাবার ও পোশাকের দায়িত্ব। কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেওয়া হয় না। মাকে তার সন্তানের কারণে কষ্ট দেওয়া যাবে না, আর পিতাকেও তার সন্তানের কারণে কষ্ট দেওয়া যাবে না। আর ওয়ারিশের উপরও অনুরূপ দায়িত্ব। তারপর যদি তারা দুজন পারস্পরিক সম্মতি ও পরামর্শের ভিত্তিতে দুধ ছাড়াতে চায়, তাতে তাদের গুনাহ নেই। আর তোমরা যদি অন্য কাউকে দিয়ে তোমাদের সন্তানদের দুধ পান করাতে চাও, তাতেও তোমাদের গুনাহ নেই, যদি তোমরা যা দেওয়ার তা ন্যায়সঙ্গতভাবে দিয়ে দাও। আর আল্লাহকে ভয় করো, এবং জেনে রাখো, তোমরা যা করো, আল্লাহ তা দেখেন।

মায়ের কাছে বাচ্চা জন্মের পর দুধ খেতে খেতে বড় হয়; বাচ্চার কতদিন দুধ খাওয়ার হক আছে মায়ের কাছে? দুই বছর, নাকি আড়াই বছর? এতে ইখতেলাফ আছে: কোনো কোনো ইমাম বলেছেন দুই বছর, কোনো কোনো ইমাম বলেছেন আড়াই বছর। আসলে দুটোই কোরআন শরীফে আছে। এখানে এই আয়াতে পরিষ্কার আছে, মায়েরা বাচ্চাদের দুধ খাওয়াবে “হাওলাইনি কামিলাইন”, পূর্ণ দুই বছর, “লিমান আরাদা আই ইউতিম্মার রাদাআহ”, যে চায় দুধ খাওয়ানোর মেয়াদ পূর্ণ হোক; এখানে পরিষ্কারভাবে দুই বছরের কথা এসেছে।

ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নিয়েছেন, দুধ খাওয়ার মেয়াদ আড়াই বছর। ইমাম আবু হানিফার দলিল এই আয়াত নয়, অন্য আয়াত:

وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا

তাকে গর্ভে ধারণ ও দুধ ছাড়ানো ত্রিশ মাসের ব্যাপার।

অন্য আয়াতে এসেছে, এই বাচ্চাকে গর্ভে ধারণ আর দুধ ছাড়ানো ত্রিশ মাসের ব্যাপার; ত্রিশ মাস মানে কত বছর? আড়াই বছর। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতকে দলিল নিয়ে বলেছেন আড়াই বছর। আর সংখ্যাগরিষ্ঠ ইমাম এই আয়াতের ভিত্তিতে দুই বছর নিয়েছেন। দুই বছর ধরুন বা আড়াই বছর, মেয়াদ শেষ হয়ে গেলে বাচ্চার দুধ খাওয়া বন্ধ করে দিতে হবে।

দুধ-সম্পর্ক

এই দুই বছরের সময়কে বলে “রাদাআহ”, দুধ খাওয়ার মেয়াদ। এই সময়ের ভেতরে যদি কোনো বাচ্চা, যার বয়স দুই বছর বা ইমাম আবু হানিফার দৃষ্টিতে আড়াই বছরের মধ্যে, অন্য কোনো নারীর দুধ খায়, তাহলে এই নারীর সঙ্গে বাচ্চার সম্পর্ক কী হবে? মায়ের সম্পর্ক, দুধমায়ের সম্পর্ক; আর এই ঘরে যত ছেলেমেয়ে আছে, সবার সঙ্গে দুধ-ভাইবোনের সম্পর্ক। এই মেয়ে বড় হলে কোনোদিন এই নারীর কোনো ছেলের সঙ্গে তার বিয়ে দেওয়া জায়েজ হবে না, যেমন নিজের ভাইবোনের সঙ্গে বিয়ে জায়েজ নয়; তারা একে অপরের কাছাকাছি দেখা-সাক্ষাৎ করতে পারবে, মাহরাম হবে; আর মাহরামের সঙ্গে বিয়ে জায়েজ নয়।

কিন্তু কোনো নারী যদি তিন বছরের বাচ্চাকে দুধ খাওয়ায়, অথবা যে ইমামরা দুই বছরের হুকুম নিয়েছেন, তাঁদের মতে দুই বছরের পর দুধ খাওয়ায়, আর বাচ্চাও খেয়েছে, তাহলে দুধমায়ের সম্পর্ক স্থাপিত হবে না। দুধের সম্পর্ক, দুধ-ভাইবোন, দুধ-মা-বাবা, এটা ওই মেয়াদের ভেতরেই।

তালাকের পর শিশু কার কাছে

এখানে তালাকের কথা চলছে; এর মধ্যে দুধ খাওয়ানোর কথা কেন এলো? এর একটা যোগসূত্র আছে। ধরুন তালাক হয়ে গেছে, বিবাহবিচ্ছেদ হয়েছে, স্বামী-স্ত্রী আলাদা হয়ে গেছে; এখন বাচ্চা কোথায় যাবে? দুধ খাওয়া বাচ্চারা স্বাভাবিকভাবে মায়ের কাছেই যাবে। যদিও এক পর্যায়ে বড় হয়ে গেলে বাচ্চার বংশ কোনটা ধরা হবে, মায়ের না বাবার? বাবার বংশ; এজন্য বাবার সম্পত্তির ওয়ারিশ থেকে শুরু করে সবকিছু সে-ই পাবে; তাই বড় হলে বাবার কাছে যাওয়ার কথা; আর ছোট অবস্থায় মায়ের কাছে থাকার কথা।

এজন্য মা যদি বলে, এই বাচ্চা তো পরে বাবার কাছে চলে যাবে, আমার এই বাচ্চার দরকারই নেই, আমি চলে যাই; না, তুমি দুই বছর বাচ্চার হক আদায় করে দুধ খাওয়ানোর চেষ্টা করো। অথবা স্বামী, বাচ্চার বাবা জোর করে নিয়ে আসবে, আর মা কাঁদছে; না, বাচ্চাকে তার কাছে রাখো, দুধ খেতে দাও; আস্তে আস্তে যখন অভ্যস্ত হয়ে যাবে, তখন ধীরে ধীরে তোমাদের কাছে আনবে।

কিন্তু “লিমান আরাদা আই ইউতিম্মার রাদাআহ”: দুই বছরই দুধ খাওয়াতে হবে, এটা কি শর্ত? কোনো কোনো বাচ্চা এর আগেই দুধ খাওয়া ছেড়ে দেয়, বা কোনো কারণে ছাড়াতে হয়; তাহলে একেবারে আপত্তিকর নয়; বিভিন্ন সময় অবস্থার কারণে এটা বিবেচনা করা হতেই পারে।

শিশু ও মায়ের ভরণপোষণ

এরপর বলা হচ্ছে, “ওয়া আলাল মাওলূদি লাহু রিযকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা’রূফ”। ধরুন তালাক হয়ে গেছে, স্বামী-স্ত্রী আলাদা, আর মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। দুধ খাওয়াতে গেলে বাচ্চার তো একটা খরচ আছে; এদেশে ন্যাপি কিনতে হয়, আগের জমানায় ন্যাপি কিনতে হতো না; কিন্তু বাচ্চার খরচ, বাচ্চার জন্য দুধ কিনতে হয়, কাপড়চোপড় কিনতে হয়; এগুলোর জন্য বাচ্চার একটা মাসোহারা, মাসিক বা বাৎসরিক দিতে হবে। এই সময়ের ভেতরে পুরো দায়িত্ব নিতে হবে, শুধু বাচ্চার নয়, বাচ্চার মায়েরও পুরো দায়িত্ব বাবাকে নিতে হবে, যদি ওই নারীর অন্য কোথাও বিয়ে না হয় আর তিনি এভাবে বাচ্চাকে দুধ খাওয়াতে থাকেন; দুধ খাওয়ানোর জন্য তাকে মাসোহারার মতো কিছু দিতে হবে; এই দায়িত্ব স্বামীর, বাচ্চার পিতার; তালাক হয়ে গেলেও সে এই দায়িত্ব পালন করবে।

এখানকার ইংরেজি আইনেও কিছু এমন আছে; ইংরেজি আইন অনেক কিছু ইসলাম থেকে নিয়েছে; এজন্য অনেক মিল দেখা যায়। আর এই সময়ে নারীর খাবার-দাবার, কাপড়চোপড়, বাচ্চার কাপড়চোপড়, খাবার-দাবার, তার বিয়ে না হলে আগের স্বামী দেবে; বিয়ে হয়ে গেলে নারীর খরচ আগের স্বামীর দিতে হবে না, পরের স্বামী দেবে; কিন্তু বাচ্চার খরচ এই লোকটা দিতে থাকবে; আর বিয়ে না হলে নারীর খরচও এই লোকটা দিতে থাকবে।

কেমন দেবে? নারী যদি বেশি দাবি করে, তাও ঠিক নয়: খরচ যদি হয় একশ পাউন্ড, আর দাবি করে বসে পাঁচশ পাউন্ড, এটা ঠিক নয়; অথবা পুরুষ যদি কৃপণতা শুরু করে দেয়, খরচ হবে পাঁচশ পাউন্ড, আর দিয়ে বসল একশ পাউন্ড, এটাও ঠিক নয়। “বিল মা’রূফ”, উত্তম তরিকায়, ভদ্রজনোচিতভাবে, নিজের মান অনুযায়ী; “লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উস’আহা”, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে অতিরিক্ত দিতে বলেন না। স্বামীর আয় যদি খুব কম থাকে, ভদ্রজনোচিতভাবেও দিতে পারে না, বেচারার নিজেরই খেতে কষ্ট হয়, তাহলে সেখানে কিছু কম দিলেও নারী তা মেনে নেবে।

কেউ কাউকে কষ্ট দেবে না

কেউ কাউকে কষ্ট দেবে না। তালাক হয়ে গেলে ছেলেমেয়ে, বাচ্চাকাচ্চা নিয়ে লেনদেনে পিতা বাচ্চার মাকে কষ্ট দেবে না, বাচ্চার মাও পিতাকে কষ্ট দেবে না; যতটুকু পারা যায় ভদ্রভাবে একে অপরের সঙ্গে চলবে। তালাক হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, আর হলো না; তারপরও ভদ্রতার পথ ছেড়ে দুশমনির পথে অগ্রসর হওয়া ঠিক হবে না।

আমাদের সমাজে এত ভদ্রভাবে থাকা যায় না; অভদ্র হতেই হবে, দুর্ব্যবহার করতেই হবে; দেখা হলে মনের যত রাগ-গোস্বা আছে, ঢেলে দিতে শুরু করবে, যাতে কোনোদিন আর বাড়ির কাছে না আসে; দেখা হলেও সালাম-কালামের ব্যবস্থাও যেন না থাকে, এমন দুশমনি শুরু করতে হবে। মানুষের মনে এসব খারাপ জিনিস, নাপাকি আছে; এগুলো দূর করে আল্লাহ তাআলা বলতে চান: দেখো, শত্রুতার দরকার কী? কেউ কাউকে কষ্ট দিয়ো না, কেউ কারো ক্ষতি করো না।

বদনাম রটানো

এরপর বদনাম শুরু করে। মাঝেমধ্যে আমাকে একটা কেস সামলাতে হয়: ধরুন তালাক হয়ে গেছে; এখন অভিযোগ আসে, যে নারীর তালাক হয়েছে, তার জ্ঞাতিগোষ্ঠী ওই ছেলের বিরুদ্ধে সারা দুনিয়ায় বদনাম করছে; আর ওই ছেলের জ্ঞাতিগোষ্ঠী এই মেয়ের ব্যাপারে সারা দুনিয়ায় বদনাম ছড়িয়ে দিচ্ছে; ক্ষতির বারোটা বাজাতে হবে; একটু করলে হবে না, চূড়ান্ত পর্যায়ে নিতে হবে, যাতে কোনো ভালো জায়গায় এরও বিয়ে না হয়, তারও বিয়ে না হয়। এই হলো মানুষের খারাপ দিক, খারাপ চারিত্রিক বিষয়।

উত্তম চরিত্র, ভালো আচার-ব্যবহার আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় আমল, বড় ওজনের আমল, বড় মহব্বতের আমল; এমন লোকেরা জান্নাতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে জায়গা পাবে। আর যারা অন্যকে হেয় করা, দুর্নাম করা, কষ্ট দেওয়া, সমাজে অপমানিত করার জন্য উঠেপড়ে লাগে, আর মনে করে তার বিরুদ্ধে যত বদনাম রটানো যায়, তত আমার লাভ, তারা অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেই রাস্তা থেকে সরে আসার জন্য আল্লাহ তাআলা আমাদের নসিহত করলেন।

ওয়ারিশের দায়িত্ব

“ওয়া আলাল ওয়ারিসি মিসলু যালিক”: শুধু স্বামী-স্ত্রী নয়; যদি এমন হয় যে কেউ হঠাৎ মারা গেছে, তাহলে যারা ওয়ারিশ আছে, তারাও এভাবে দায়িত্ব পালন করবে। বাবা হঠাৎ মারা গেছেন; বাবার সম্পদ থেকে এই ছেলের খরচ দিতে হবে, তার এখনো দুধ খাওয়ার মেয়াদ রয়ে গেছে। অথবা মা মারা গেছেন, নানি লালনপালন করছেন; তাহলে খরচ নানির কাছে বা খালার কাছে পাঠিয়ে দিতে হবে। ওয়ারিশরা এভাবে একে অপরের দায়িত্ব পালন করবে, ছোট বাচ্চা লালনপালনের দায়িত্ব নেবে; এমন যেন না হয় যে ছোট বাচ্চাটা অসহায়, তাকে লালনপালন করার আর কেউ নেই।

পারস্পরিক সম্মতিতে দুধ ছাড়ানো

এখন সম্পর্ক আলাদা হয়ে গেছে, তালাক হয়ে গেছে, বাচ্চার দুধ খাওয়ার মেয়াদের মধ্যেই খরচ দিচ্ছে; এখন দুই বছরের আগেই দুধ ছাড়াতে চায়। স্বামী চায়, বা বিশেষ করে স্ত্রী যদি মনে করে যে অন্য কোথাও তার বিয়ে হবে, আর বাচ্চা নিয়ে অন্য স্বামীর ঘরে গেলে সে তা মেনে নেবে না; তাই একটু আগে, এক বছর পরেই, দেড় বছর পরেই দুধ ছাড়িয়ে দেবে, আস্তে আস্তে বাইরের খাবারে অভ্যস্ত করছে। এটা যদি বোঝাপড়ার ভিত্তিতে হয়, স্বামী-স্ত্রী একমত হয় যে ঠিক আছে, একটু আগে ছাড়ানো যেতে পারে, তাহলে দুই বছর দুধ খাওয়ানোর মধ্যে কয়েকদিন আগে ছাড়িয়ে দিলে আল্লাহ তাআলা একটু বিবেচনা করে দিলেন, গুনাহ হবে না; উভয়ে যদি একমত হয় যে বাচ্চার এমন ক্ষতি হবে না, তাহলে ঠিক আছে, কিছু আগে ছাড়াতে পারো।

দুধমা নিয়োগ

আর যদি অন্য কোনো নারীকে দিয়ে দুধ পান করাতে চাও; যেমন বাচ্চার মা বলল, যেহেতু অন্য কোথাও আমার বিয়ে হবে, কোনো দাইমা, ধাত্রী পাওয়া গেলে; কোথাও কোথাও দুধমা পাওয়া যায়, পয়সা দিয়ে তাদের দেওয়া হয়; যেমন হালিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন। এমন কোনো ব্যবস্থা কোথাও থাকলে আপত্তি নেই; মাকেই খাওয়াতে হবে, বোঝাপড়ার ভিত্তিতে অন্য কাউকে দেওয়া যাবে না, এমন নয়।

যদি স্বামী আগে বেশি, অগ্রিম দিয়ে ফেলেছিল, আর এখন নারী বলছে আমি দুধ খাওয়াব না, আর স্বামী তাতে একমত, তাহলে স্বামীকে তা ফেরত দেওয়াই উচিত; আর স্বামী যদি খুশি হয়ে তাকে দিয়ে দেয়, তাতেও অসুবিধা নেই। মা’রূফের সঙ্গে, ভদ্র তরিকায় যে বোঝাপড়ায় তোমরা আসো, অসুবিধা নেই; শুধু অভদ্র হয়ো না, এটাই কথা; ভালো তরিকায় ব্যবস্থা করো, মীমাংসা করে ফেলো, বোঝাপড়া করে সিদ্ধান্ত নাও।

অভিযোগ সাজাতে আল্লাহকে ভয় করো

আর তোমরা আল্লাহকে ভয় করো; মনে রেখো, তোমরা যা কিছু করো, আল্লাহ তাআলা সব দেখেন: পিতা অন্যায় করছে, নাকি মা অন্যায় করছে; তালাকের ক্ষেত্রে স্বামী বাড়াবাড়ি করছে, নাকি স্ত্রী বাড়াবাড়ি করল; কে কাকে কষ্ট দিল। যখন দরবারে বসে, তখন মনে হয় যেন শুধু স্বামী স্ত্রীকে কষ্ট দেয়, অথবা শুধু স্ত্রী স্বামীকে কষ্ট দিচ্ছে; এমন অভিযোগ আসে। আল্লাহ তাআলা বলেন, কে কাকে কতদূর কষ্ট দিচ্ছ, আল্লাহ তা দেখেন; আল্লাহকে ভয় করো; শুধু কেস জেতার জন্য নিজের কেস সুন্দর করে সাজিয়ো না, তার বিরুদ্ধে লম্বা-চওড়া তালিকা বানিয়ো না; অভিযোগ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো; আল্লাহ কিন্তু সব দেখেন।

যখন আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়, দেন-দরবার শুরু হয়, বিচার শুরু হয়, আমরা কোর্টে যাই, তখন কি আমরা আল্লাহকে ভয় করি? শুধু তালিকা বানাই, তার বিরুদ্ধে কত অভিযোগ জোগাড় করা যায়; সত্য তো আছেই, মিথ্যার আশ্রয় নিতেও একটু দ্বিধা করি না। তাহলে আল্লাহ যে সবকিছু দেখেন, জানেন, এ কথাকে যেন কোনো গুরুত্বই দিলাম না; সেই কথা আল্লাহ তাআলা আমাদের স্মরণ করিয়ে দিলেন।

বিধবার ইদ্দত

এরপর আল্লাহ তাআলা বলছেন:

وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ۖ فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنفُسِهِنَّ بِالْمَعْرُوفِ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

তোমাদের মধ্যে যারা মারা যায় এবং স্ত্রী রেখে যায়, তাদের স্ত্রীরা চার মাস দশ দিন নিজেদের অপেক্ষায় রাখবে। তারপর যখন তারা তাদের মেয়াদের শেষে পৌঁছায়, তখন তারা নিজেদের ব্যাপারে ন্যায়সঙ্গতভাবে যা করে, তাতে তোমাদের কোনো গুনাহ নেই। আর তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।

যাদের স্বামী মারা যায়, তারা অপেক্ষা করবে, ইদ্দত পালন করবে; কতদিন? স্বামী মারা গেলে নারীর ইদ্দত চার মাস দশ দিন; আর মারা যায়নি, তালাক দিয়েছে, তার ইদ্দত তিন মাসিক। অনেকের এগুলো মনে থাকে না, উল্টাপাল্টা হয়ে যায়: চার মাস দশ দিনেরটাকে তিন মাস ধরে, আর তিন মাসেরটাকে চার মাস দশ দিন বানিয়ে ফেলে।

ইদ্দত মানে যে কয়দিন বিয়ে হবে না, অপেক্ষা করবে; এর ভেতরে কোনো বিয়ের প্রস্তাব গ্রহণ করতে পারবে না, প্রস্তাব আসতেও পারবে না, জায়েজ নেই; এই সময়কে বলে ইদ্দতের সময়, “ইদ্দাহ”। তাহলে স্বামী মারা গেলে নারী ইদ্দত পালন করবে চার মাস দশ দিন।

গর্ভবতীর ইদ্দত

এখানে দুই রকম ইদ্দত হলো: একটা তিন মাসিক, আরেকটা চার মাস দশ দিন। ইদ্দতের আরেকটা তরিকা আছে: নারী যদি সন্তানসম্ভবা, গর্ভবতী হন, তার ইদ্দত আলাদা। আল্লাহ তাআলা আরেক জায়গায় আয়াতে বলেছেন, যারা গর্ভবতী, তাদের ইদ্দত সন্তান প্রসব পর্যন্ত; বিশেষ করে স্বামী মারা গেলে, সন্তানসম্ভবা নারীর ইদ্দত সন্তান প্রসবের সঙ্গে সঙ্গে শেষ। এখানে নিফাস পার হওয়ার অপেক্ষার প্রশ্ন নেই; নিফাস লাগবে না; “ওয়াদউল হামল”, সন্তান প্রসব হয়ে গেলেই, প্রসবের সঙ্গে সঙ্গেই তার ইদ্দত পার হয়ে গেছে।

তা কয়দিন লাগতে পারে? এর কোনো ঠিক নেই। কোনো নারীর যদি স্বামীর ইন্তেকালের পরদিনই বাচ্চা হয়ে যায়, ব্যস, তার ইদ্দত শেষ হয়ে গেছে; আর কোনো নারীর যদি আট-নয়-দশ মাস অপেক্ষা করতে হয়, তার ইদ্দত লম্বা হয়ে আট-নয়-দশ মাস হয়ে যাচ্ছে। এটা ইদ্দতের তৃতীয় তরিকা: যে নারী সন্তানসম্ভবা, গর্ভবতী, তার স্বামী মৃত্যুবরণ করলে তার ইদ্দত চার মাস দশ দিন নয়, সন্তান প্রসব পর্যন্ত।

সুবাইআ আল-আসলামিয়্যাহর ঘটনা

এ ক্ষেত্রে একটি হাদিস আছে। সুবাইআ আল-আসলামিয়্যাহ রাদিয়াল্লাহু আনহা [ট্রান্সক্রিপ্টে “সাবিয়া আল আসলামিয়া”]; তাঁর স্বামীর নাম সা’দ ইবনে খাওলা [ট্রান্সক্রিপ্টে “সাঈদ ইবনে খাওলা”]। সা’দ ইবনে খাওলা ইন্তেকাল করলেন, তাঁর স্ত্রী তখন সন্তানসম্ভবা; ইন্তেকালের খুব অল্প পরেই তিনি সন্তান প্রসব করলেন, আর প্রসবজনিত রক্তপাত শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করলেন। তারপর ভালো করে সাজগোজ করলেন, কারণ তাঁর ইদ্দত পার হয়ে গেছে।

শোক পালন: হিদাদ

স্বামী মারা গেলে ইদ্দতের ভেতরে, চার মাস দশ দিন হোক, অথবা সন্তান প্রসবের আগ পর্যন্ত, ইদ্দতের বাইরে আরেকটা মাসআলা আছে, একে বলে হিদাদ। হিদাদ মানে শোক পালন করা। শোক পালনের অর্থ কী? নারী সাজগোজ করবেন না; স্বাভাবিক ক্ষেত্রে চার মাস দশ দিন তিনি সাদামাটা কাপড় পরে থাকবেন, সাজগোজ করবেন না। স্বামী মারা গেলে নারীর অলংকার পরা, দামি দামি শাড়ি-কাপড় পরে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এগুলো চার মাস দশ দিন নিষেধ। এর অর্থ এই নয় যে একেবারে সাদা কাপড় পরতে হবে, আর কোনো রং হওয়াই যাবে না; সাদামাটা অর্থ সাধারণ কাপড়।

আমাদের দেশে লোকেরা মাসআলাটা বুঝতে গিয়ে একটু বেশি বুঝে ফেলেছে: কারো স্বামী মারা গেলে তাকে দেখতে আসে সাদা কাপড় নিয়ে, যেন আর কোনো রঙের কাপড় পরা যাবে না, শুধু সাদা কাপড়ই পরতে হবে; এটা ভুল ধারণা। যেকোনো রঙের কাপড় পরতে পারবে। কথা হলো: একটা সাধারণ ব্যবহারের কাপড়চোপড়, আরেকটা পার্টিতে যাওয়ার জন্য বাড়তি দামি কাপড়, সাজগোজের জন্য; দুটোর মধ্যে পার্থক্য আছে, আমরা জানি: এই শাড়িটা নারীর সাধারণ ব্যবহারের, নাকি বাড়তি সাজগোজের, শুধু এটা দেখতে হবে। সাধারণ কাপড়টা সাদা না হয়ে অন্য যেকোনো রঙের হলে কোনো সমস্যা নেই; শুধু তার অলংকার, আর চুল খুব সুন্দর করে বেণি করে একদম সাজিয়ে-গুছিয়ে চলা, এগুলো তার জন্য নিষিদ্ধ; ঘরের ভেতরেও সে এগুলো করবে না; মোটামুটি সাদামাটা জীবন চালাবে চার মাস দশ দিন। একে বলে শোক পালন।

ইদ্দত পালনের অর্থ, এর ভেতরে কোনো বিবাহের প্রস্তাব গ্রহণ করতে পারবে না; আর শোক পালনের অর্থ, সাজগোজ করতে পারবে না; এতটুকুই, এর চেয়ে বেশি বাড়াবাড়ির দরকার নেই।

শোকার্তকে সময় দাও

আবার, সোনা-অলংকার পরতে পারবে না, এর মানে এই নয় যে ইন্তেকালের সঙ্গে সঙ্গেই, নারী এখনো কান্নাকাটি শেষ করতে পারেননি, শোকের মধ্যে আছেন, আর তাড়াহুড়ো করে সব খোলা শুরু করে দিল; না, এমন নয়, এটা বাড়াবাড়ি। তাকে শান্ত হতে দিন, শোক সামলাতে দিন; আস্তে-ধীরে; তুমি শান্ত হও, শরীয়তের কিছু আমল পরে আছে; দু-এক ঘণ্টা যাক, দু-চার ঘণ্টা যাক, বেচারি একটু স্বাভাবিক হোক; তারপর আস্তে আস্তে বলা যে শরীয়তের একটা মাসআলা আছে, আল্লাহর হুকুম, তোমাকে চার মাস দশ দিন শোক পালন করতে হবে, এতটুকু; এর চেয়ে বেশি নয়।

শোকের নামে বাড়াবাড়ির প্রথা

এর চেয়ে বেশি করলে আমাদের অঞ্চলে প্রচলিত কিছু প্রথার মতো হয়ে যাবে। ছোটবেলায় দেখেছি, আমাদের এলাকায় কিছু নারী আসতেন; এখনো মনে আছে, আমি খুব ছোট ছিলাম; সুস্বাস্থ্যের, বলতে গেলে যুবতী নারী, অথচ সারা বছর মাথা ন্যাড়া করে রাখতেন; তারা একটু গরিব ছিলেন, জেলে পরিবারের, আমাদের এদিকে মাছ বিক্রি করতে আসতেন। তখন বুঝতে পারিনি, অন্য নারীদের চুল আছে, এই নারীর চুল ছোট কেন, মাথা ন্যাড়া কেন; পরে জেনেছি, তিনি বিধবা হয়ে গেছেন, আর চুল লম্বা রাখতে পারবেন না। ইসলামে শোকের একটা নিয়ম আছে, কিন্তু তার সীমা আছে; এর বাইরে যেন আমরা না যাই; শোক পালন করুক, কিন্তু আস্তে-ধীরে করতে দেওয়া হোক।

কারো মৃত্যুর সংবাদ পেলে ওই নারীকে দেখতে গিয়ে সাদা কাপড় নিতে হবে, সাবান নিয়ে যেতে হবে; আমাদের দেশে দেখেছি এমন করে; কোথাও শুধু সাদা কাপড়, সাবান নেয় না। এভাবে কতগুলো প্রথা শুরু হয়েছে; এই প্রথাগুলো পালন করা ঠিক নয়; শরীয়তে যতটুকু আছে, ততটুকুই, এর বেশি নয়।

নবীজির ফয়সালা

যাই হোক, এই নারী, সুবাইআ আল-আসলামিয়্যাহ, তিনি সন্তানসম্ভবা ছিলেন, মাসআলা মোটামুটি ভালোই জানতেন: বাচ্চা প্রসবের পর তিনি আগের স্বামী থেকে মুক্ত। তিনি একটু যুবতীও ছিলেন। প্রসবজনিত রক্তপাত পার হয়ে গেছে; তখন তিনি কী করলেন? সাজগোজ করে বসলেন, আর মানসিকভাবে প্রস্তুত যে কোনো বিয়ের প্রস্তাব এলে তিনি রাজি।

তখন তাঁর এক আত্মীয়, যাঁর নাম আবুস সানাবিল ইবনে বা’কাক [ট্রান্সক্রিপ্টে “আবু সানাম ইবনে বাক”], তাঁকে বললেন: তোমাকে দেখি সাজগোজ করে ফেলেছ; তোমার স্বামী তো কেবল মারা গেল। তাঁর ধারণা ছিল চার মাস দশ দিন অপেক্ষা করার কথা; তুমি দেখি এখনই সাজগোজ করে ফেলেছ, ব্যাপার কী? এখনই কি বিয়ের প্রস্তাব নিতে চাও? এখন তো তোমার বিয়ের প্রস্তাব নেওয়া যাবে না; চার মাস দশ দিন অপেক্ষা করতে হবে; এর আগে বিয়ের প্রস্তাবের চিন্তা করতে পারবে না; খবরদার, তোমার ইদ্দত পূর্ণ করতে হবে।

তিনি বলেন: আমার আত্মীয় এ কথা বললেন, কিন্তু আমার মনে হলো মাসআলাটা বোধহয় এমন নয়, উল্টো; তবুও নিশ্চিত হওয়ার জন্য আমি হিজাবের কাপড়চোপড় পরলাম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মাসআলা জিজ্ঞেস করলাম। তিনি আমাকে বলে দিলেন: যখন তোমার বাচ্চা প্রসব হয়ে গেছে, তোমার ইদ্দত সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে; তোমার জন্য কোনো প্রস্তাব এলে খুশি থাকো, তুমি বিয়েও করতে পারবে; তোমার চার মাস দশ দিন অপেক্ষা করতে হবে না।

তাহলে এখান থেকে বোঝা গেল, গর্ভবতী অবস্থায় স্বামী মারা গেলে নারীর ইদ্দত কখন শেষ হবে? বাচ্চা প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে; তা যত তাড়াতাড়ি হয়, তত তাড়াতাড়ি সে মুক্ত; আর তা যদি দেরিতে হয়, তাহলে নারীর ইদ্দত লম্বা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

চার মাস দশ দিনের হিকমত

ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, সাধারণ ক্ষেত্রে যে চার মাস দশ দিন অপেক্ষা করতে হয়, এর কারণ কী, এর মধ্যে হিকমত কী? হিকমত হলো, এই চার মাস দশ দিনে বোঝা যাবে, এই নারী আগের স্বামীর পক্ষ থেকে গর্ভবতী আছেন কি না। গর্ভবতী থাকলে তাকে আরেকজনের কাছে এখন বিয়ে দেওয়া যাবে না; গর্ভবতী অবস্থায় আরেকজনের কাছে কেন বিয়ে দেওয়া যায় না, অসুবিধা কী? বাচ্চা কার হবে, এ নিয়ে টানাটানি হবে: আগের স্বামী বলবে আমার; পরের স্বামী বলবে, না, আমার বিয়ে থাকা অবস্থায় বাচ্চা হয়েছে, তুমি পাবে কীভাবে? আল্লাহ তাআলা চান এই ঝগড়ায় যাওয়ার দরকার নেই; নারী অপেক্ষা করুক, বাচ্চা প্রসব হয়ে যাক, আর এতে আগের স্বামীর বাচ্চার বংশ চূড়ান্ত হয়ে গেল; তারপর বিয়েশাদি হবে।

গর্ভবতী হয়েছে কি না, অনেক সময় নারীরা আগেভাগে টের পান, কিন্তু কখনো কখনো সহজে টের পাওয়া যায় না; চার মাস পার হয়ে গেলে মোটামুটি টের পাওয়া যায়। মাসিক বন্ধ থাকলে বোঝা যায় গর্ভবতী হয়েছে; কিন্তু গর্ভবতী হওয়া ছাড়াও অনেক সময় মাসিক বন্ধ থাকে; কোনো কোনো নারীর অযথা এক মাস, দুই মাস, তিন মাস, চার মাস, ছয় মাসেও অনেক সময় মাসিক আসে না; মাসিক না এলেই নিশ্চিত হওয়া যায় না যে প্রেগন্যান্ট হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা দিলেন চার মাস দশ দিন; এই সময়ে বাচ্চার শরীরের সমস্ত গঠন হয়ে যায়, আর তার ভেতরে রুহ চলে আসে; চার মাস হয়ে গেলে রুহ আসে; চার মাস দশ দিনে রুহ মোটামুটি এসে গেছে। রুহ এলে বাচ্চা পেটের ভেতরে কী করে? নড়াচড়া করে; এর আগে পেটে কোনো নড়াচড়া থাকে না।

এখন তো স্ক্যানিংয়ের ব্যবস্থা আছে, আল্ট্রাসনোগ্রাফি আছে, তা দিয়ে চট করে ধরে ফেলে; ইউরিন টেস্ট করেও ধরে ফেলে। কিন্তু আগের জমানায় এগুলো ছিল না; তখন নিশ্চিত হওয়ার যে তরিকা ছিল, বা কখনো যদি দুনিয়ার প্রযুক্তি ব্যর্থ হয়, তাহলে স্বাভাবিক অবস্থা কী? চার মাস দশ দিনে পেটের ভেতরে বাচ্চা এলে একটু নড়াচড়া করবে; এটা আর লুকানো যাবে না, বা ভুল হবে না, পরিষ্কার হয়ে যাবে।

আল্লাহ তাআলা চান না যে গর্ভবতী অবস্থায় বিয়েশাদি হয়ে যাক। খোদা না করুন, কোথাও অবৈধ সম্পর্ক ছিল, গর্ভবতী হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে, এমন ঘটনাও ঘটে; এটা নাজায়েজ; খবরদার, বড় গুনাহ হবে। যাই হোক, এটাই এখানে হিকমত।

শোক পালনের দলিল

এখন যে শোক পালন করতে হয়, এর কোনো ভিত্তি আছে কি না, কেউ কেউ প্রশ্ন করেন; শোক পালন করতে গিয়ে চার মাস দশ দিন নারীদের সাজগোজ ইত্যাদি করতে দেওয়া হয় না, আর কিছু বাড়াবাড়ি থাকার কারণে অনেকে মনে করেন, এর কোনোটাই বোধহয় ঠিক নয়। না, কিছু ঠিক, কিছু বেঠিক; আমাদের সমাজে একটু বেশি হয়ে গেছে; কিন্তু মূল শোক পালনের একটা বিধান ইসলামে আছে।

এর দলিল বুখারী-মুসলিমের একটি হাদিস: কোনো নারীর জন্য তার কোনো নিকটাত্মীয় মারা গেলে তিন দিনের বেশি শোক পালন করা ঠিক নয়। কয়দিন শোক পালন জায়েজ? তিন দিন। নারীর বাবা মারা গেছেন, ভাই মারা গেছেন; এই অবস্থায় নারীর শোকের একটা নিয়ম: সাজগোজ করা, স্বামীর সঙ্গে সম্পর্ক, এগুলো কোনোটা তার এখন ভালো লাগবে না; তিন দিনের শোক তার অধিকার। একজন নারীর নিকটাত্মীয় ইন্তেকাল করেছেন, সে স্বামীর সঙ্গে সংসার করছে; স্বামী তার সঙ্গে শারীরিক মিলন করতে চায়, কারণ তার তো কেউ মারা যায়নি, হয়তো তার মন চায়; কিন্তু নারী এখন শোকের হালতে আছে, তার মন এসবে নেই; কমপক্ষে তিন দিন তাকে এই সুযোগ দিতে হবে; স্বামীর তখন তাকে বিরক্ত করা ঠিক হবে না।

কিন্তু এর চেয়ে বেশি যেন শোক পালন না করে, কারণ তাতে স্বামীর হক নষ্ট হয়ে যাবে। অত্যন্ত জরুরি মাসআলা; সমাজে না জানার কারণে অনেক সমস্যা হয়ে যায়; আল্লাহ তাআলা সবকিছু বলে দিচ্ছেন, আর বাকিটা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন: তিন দিনের বেশি নারী শোকের হালতে থাকবে না; ভাই, বাবা, মা মারা গেলেও স্বাভাবিক কাজগুলো করবে; স্বামী যদি সম্পর্ক চায়, সে ব্যাপারে সহযোগিতা করবে; এমন একটা ইতিবাচক মানসিকতা নিজের ভেতরে আনতে হবে। অবশ্য তিন দিনের মাথায়ও অনেক সময় কষ্ট থাকে; সেক্ষেত্রে স্বামী যদি বিবেচনা করে, আরও ভালো; কিন্তু একটা সীমা আছে; তিন দিন নারীর অধিকার, এটা তাকে দিতে হবে।

তবে ব্যতিক্রম তার স্বামী: স্বামী মারা গেলে এই শোকের হালত কতদিন চলবে? চার মাস দশ দিন। তাহলে চার মাস দশ দিন শোক পালন শরীয়তসম্মত একটা বিধান, একটা ফরজ ইবাদত। এই সময় নারীর কয়টা কাজ? এক নম্বর, সাজগোজ করবে না; দুই নম্বর, কোনো বিবাহের প্রস্তাব তাকে দেওয়া যাবে না, নেওয়া যাবে না; তিন নম্বর, সাধারণ ও স্বাভাবিক অবস্থায় স্বামীর ঘরেই বসবাস করবে। এই তিনটা কাজ নারীর করণীয়, এটা তার একটা ইবাদত; এই তিনটা সে লঙ্ঘন করবে না।

সুরমার মাসআলা

শোকের ব্যাপারে আরেকটি বর্ণনা এসেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, একজন নারী মাসআলা জিজ্ঞেস করতে এলেন: ইয়া রাসূলাল্লাহ, আমার এই মেয়ের স্বামী মারা গেছে, সে এখন চার মাস দশ দিনের শোকের হালতে আছে; তার চোখে একটু সমস্যা হচ্ছে। চোখের সমস্যা দূর করতে আগের জমানায় খাঁটি সুরমা পাওয়া যেত; সুরমা দিলে চোখের চুলকানি হোক বা ব্যথা, কমে যেত। এখনকার জমানায় এত খাঁটি সুরমা পাওয়া যায় না; এজন্য সরকারও বন্ধ করে দিয়েছে, উপকার করতে গিয়ে অযথা চোখের ক্ষতি করে ফেলবে। কিন্তু ওই জমানায় সুরমা চোখের জন্য বড় ফায়দার কারণ ছিল: জ্যোতি বাড়ায়, চোখের হেফাজত করে, ছোটখাটো চুলকানি বা ব্যথা-বেদনা দূর করে।

আবার চোখে সুরমা দিলে মানুষের সৌন্দর্য বাড়ে। এখন এই জমানায় সুরমা নেই; সুরমার জায়গায় আরেকটা বের হয়েছে, যার নাম কাজল; এর মধ্যে কোনো ফজিলত নেই; যাই হোক, স্বামীর সামনে দিলে ঠিক আছে; কিন্তু বাইরে যদি বেশি করে কাজল লাগিয়ে যায়, তাহলে পর্দার খেলাফ হয়ে যাবে।

তাহলে চোখে সুরমা দেওয়া ওই জমানায় সাজগোজের একটা অংশ ছিল, যদিও এর কিছু চিকিৎসাগত ফায়দা আছে। নারী দেখলেন, আমার মেয়ের এখন সাজগোজের জন্য সুরমা দেওয়া জায়েজ হবে না, কিন্তু চিকিৎসার কারণে একটু ফায়দা হতে পারে; দেখি আল্লাহর নবীর কাছে মাসআলাটা জেনে আসি। তিনি জিজ্ঞেস করলেন: ইয়া রাসূলাল্লাহ, তাকে কি সুরমা লাগিয়ে দেব, জায়েজ হবে? তিনি বললেন, না, এখন লাগাবে না। তাহলে চার মাস দশ দিন শোক পালন, সাজগোজ করা যাবে না, এর দলিল পাওয়া গেল; এটা হাদিসভিত্তিক কথা।

জাহেলি এক বছর থেকে চার মাস দশ দিন

এখন কেউ বলবে, চার মাস দশ দিন বেশি হয়ে গেল কি না, একটু আগে করে দিলে কেমন হতো? এর কারণ একটু আগে বলা হলো, সাধারণ নীতি দেওয়া হয়েছে। এছাড়াও ইসলাম অনেক উপকার করেছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে বললেন: চার মাস দশ দিন কষ্ট করে অপেক্ষা করো; আল্লাহ তো তোমাদের জন্য চার মাস দশ দিনের আয়াত নাযিল করে কমিয়ে দিয়েছেন; তোমার মনে আছে, এই আয়াত নাযিল হওয়ার আগে জাহেলি জমানায় মক্কার জমিনে কারো স্বামী মারা গেলে এক বছর শোক পালন করতে হতো; এক বছরের ভেতরে তার সাজগোজ, ভালো কাপড় পরা, চুল একটু ভালো করে আঁচড়ানো, বিয়ের প্রস্তাব, কোনো কিছুই জায়েজ হতো না। এক বছর থেকে কমিয়ে আল্লাহ চার মাস দশ দিনে নিয়ে এসেছেন; সবর করো। তাহলে ইসলাম নারীদের কষ্ট কমিয়ে দিয়েছে; এতটুকু আমাদের মানা উচিত; আবার মানতে গিয়ে যেন বাড়াবাড়ি না করি।

ইদ্দতের পর নারীর অধিকার

এরপর আরেকটা মাসআলা: চার মাস দশ দিন পার হয়ে গেলে নারীরা মা’রূফের সঙ্গে যা করতে চায়, সে ব্যাপারে তোমাদের কোনো দায় নেই। নারীর যারা অভিভাবক আছেন, তারা এই সময় খেয়াল রাখবেন, চার মাস দশ দিন সে ঠিকমতো ইদ্দত পালন করছে কি না, শোক পালন করছে কি না, তা নিশ্চিত হবেন। চার মাস দশ দিন পার হয়ে গেলে শোক পালনের ক্ষেত্রে আর কোনো জোরজবরদস্তির দরকার নেই: তারা সাজতে চায়, প্রস্তাব আসুক চায়, বিয়েশাদির কথা চিন্তা করতে চায়, তখন তোমরা তাদের অনুমতি দাও।

কিন্তু আমাদের সমাজে চার মাস দশ দিনের পর হয়তো স্বাভাবিক কাপড়, কোথাও বেড়াতে গেলে দামি কাপড়চোপড়, এগুলোর অনুমতি দেবে ঠিকই; কিন্তু এই সময় বিয়েশাদির কথা বললে সহজে কি অনুমতি দেবে? বলবে, দেখেছ, কী ডাকাত মহিলা! স্বামী মারা গেছে ছয় মাসও হয়নি, এখন বিয়ের কথা বলছে! তার অধিকার আছে; তার অধিকার প্রয়োগ করতে দাও। “বিল মা’রূফ”, সহিহ তরিকায়, ইসলামসম্মত পন্থায় বিয়ের প্রস্তাব হতে পারে; এতে কোনো অসুবিধা নেই; একে নিন্দা করা ঠিক নয়।

আমাদের সমাজে অনেক যুবতী নারীও এমন অবস্থায় পড়েন: স্বামী মারা গেছে, একটা-দুইটা বাচ্চা হয়েছে, অথবা হয়নি, অথবা দুই-তিন-চারটাও হয়েছে; কিন্তু নারী এখনো যথেষ্ট তরুণ। এই নারীরা অন্য কোথাও বিয়ে করলে সবাই ছি ছি করবে; এটা ঠিক নয়।

বিধবার পুনর্বিবাহে কুসংস্কার

বিধবা হয়ে গেলে আর বিয়ে করা যাবে না, এমন ধারণা আমাদের অঞ্চলে কিছু প্রথা থেকে এসেছে। উপমহাদেশে একসময় এমন প্রথাও ছিল যে স্বামীর চিতায় স্ত্রীকে নিজেকে আহুতি দিতে হবে; ধারণা ছিল, নারী স্বামীর চিতায় পুড়ে আত্মাহুতি দিলে সে স্বর্গে যাবে; আর না দিলে সেই নারীকে সারাজীবন অশুভ মনে করা হতো; বিধবা কোনো নারী বাড়িতে এলে সবাই একটু অস্বস্তি বোধ করত, এমন কুসংস্কার; এবং শেষ পর্যন্ত জোর করে নারীদের সেখানে ঠেলে দেওয়া হতো, এই ধারণায় যে নারী চিতায় পুড়ে মরলে স্বামীর স্বর্গে যাওয়া নিশ্চিত হবে, আর নারী বেঁচে থেকে আরেক জায়গায় বিয়ে করলে স্বামী স্বর্গে যেতে পারবে না। একে বলা হতো সতীদাহ প্রথা: সতী স্ত্রীকে দাহ করা; যে স্ত্রী নিজেকে দাহন করবে, সে সতী, নইলে অসতী হয়ে যেতে পারে। এভাবে শত শত, হাজার হাজার জীবন্ত নারীকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে।

এই সতীদাহ প্রথা সরকারিভাবে উচ্ছেদ করেছে কারা? ব্রিটিশরা; একটা ভালো কাজ তারা করেছে, সেখানে গিয়ে নারীদের কিছু জীবন রক্ষা করেছে; ভারতে যখন ইংরেজ উপনিবেশ ছিল, তখন সরকারি আইন পাস করেছিল যে সতীদাহ প্রথা অন্যায়, কেউ তা করতে পারবে না। তারপরও বেশ কিছুদিন আগে পত্রিকায় খবর আসত, কোনো কোনো পল্লী অঞ্চলে জোর করে নারীকে এই প্রথার মধ্যে ফেলে দেওয়া হয়েছে; এই আধুনিক যুগেও, আমাদের জীবদ্দশাতেও এটা ঘটেছে।

এমন বাড়াবাড়ি করা, বা নারী বিয়ে করতে চাইলে এভাবে নিষেধ করা, আটকে রাখা ঠিক নয়; বরং আত্মীয়স্বজনের ইতিবাচকভাবে সাহায্য করা উচিত। ছেলেমেয়ের কিসমত আল্লাহর হাতে; ছেলেমেয়ের জন্য একজন নারীর জীবনকে কষ্ট দেওয়ার অধিকার কারো নেই; আল্লাহ তাআলা তাকে আরেকটা বিয়ের অধিকার দিয়েছেন। ছেলেমেয়ের দিকে তাকিয়ে সেই নারী যদি নিজের ইচ্ছায় বিয়ে না করেন, তা তার ত্যাগ, আল্লাহ তাআলার সঙ্গে তার ব্যাপার, অসুবিধা নেই। কিন্তু অন্যরা তাকে জোর করে বিয়েশাদির রাস্তা থেকে সরিয়ে রাখা, সে বিয়ে করতে চাইলে তাকে খারাপ চোখে দেখা অনেক বড় গুনাহের কারণ হয়ে যাবে; যারা এমন করবে, তারা জালিম হবে; তারা বেচারির হক আদায়ে বাধা দিল।

ইদ্দতকালে বাসস্থান

চার মাস দশ দিনের ভেতরে আরেকটা মাসআলা আছে: নারীরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন না। কোথায় বসবাস করবেন? স্বাভাবিকভাবে স্বামীর ঘরে থাকবেন; আরেক জায়গায় বেড়াতে যাবেন না, আরেক শহরে যাবেন না; লন্ডনে থাকলে ম্যানচেস্টারে যাবেন না; ছেলের বাড়ি, মেয়ের বাড়ি, ভাইয়ের বাড়ি যাবেন না; এই সময়টা এখানেই কাটাবেন; চার মাস দশ দিনের পর যাওয়া-আসা করবেন।

অনেক সময় সমস্যা হয়: এদেশে এক বাড়ি আছে, বাংলাদেশে আরেক বাড়ি আছে। এমন বহু কেস আমাদের কাছে এসেছে: স্বামী-স্ত্রী দেশে বেড়াতে গেছেন, সেখানে গিয়ে স্বামীর ইন্তেকাল হয়ে গেছে; এখন স্ত্রী কোথায় ইদ্দত পালন করবেন, বাংলাদেশের ওই বাড়িতে, নাকি এখানে এসে? স্বাভাবিকভাবে যেখানে মারা গেছেন, সেখানে করাই উত্তম হবে। কিন্তু যদি এমন হয় যে নারীর ছেলেমেয়ে, লেখাপড়া, চাকরিবাকরি সবকিছু এদেশে, বেচারি একা সেখানে থাকবেন, তাহলে তিনি এখানে চলে আসতে পারবেন; কারণ স্বামীর দুটো বাড়ি আছে, এখানেও একটা, ওখানেও একটা; যেহেতু স্বামী এখানে থাকতেন, আসা-যাওয়া করতেন, ঘটনাক্রমে দেশে গিয়ে মারা গেছেন, কাজেই এখানে চলে এলে এটাও স্বামীর ঘর ধরা হবে, অসুবিধা নেই; চার মাস দশ দিন কষ্ট করে এখানে থাকবেন, এর বাইরে যাবেন না।

কিন্তু যদি মারাত্মক কোনো অসুবিধা হয়; যেমন স্বামী বাংলাদেশেই থাকতেন, এখানে বাড়িঘর নেই, কিন্তু নারীর সব ছেলেমেয়ে এখানে; সেখানে থাকলে যদি নিরাপত্তার অভাব হয়, জান-মাল-ইজ্জতের নিরাপত্তার অভাব হয়, তাহলে প্রয়োজনের কারণে তার জন্য জায়েজ হবে।

স্বামীর বাড়িতে রাতে ঘুমাবেন; দিনের বেলা কোনো কারণে ডাক্তারের কাছে যেতে পারবেন, বা মেয়ের বাসায় যেতে পারবেন; কিন্তু রাতে শোয়ার জন্য আবার নিজের বাড়িতে চলে আসবেন। জরুরি কারণে বা একান্ত আত্মীয়স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাতের জন্য স্থানীয় এলাকায় একটু যেতে পারেন; সাধারণভাবে পার্কে যাওয়া, ঘুরে বেড়ানো, এগুলো করবেন না। এটাও মাসআলার অংশ হিসেবে পালন করতে হয়।

ইদ্দতকালে বিয়ের প্রস্তাব

وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا عَرَّضْتُم بِهِ مِنْ خِطْبَةِ النِّسَاءِ أَوْ أَكْنَنتُمْ فِي أَنفُسِكُمْ ۚ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ سَتَذْكُرُونَهُنَّ وَلَٰكِن لَّا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّا أَن تَقُولُوا قَوْلًا مَّعْرُوفًا ۚ وَلَا تَعْزِمُوا عُقْدَةَ النِّكَاحِ حَتَّىٰ يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي أَنفُسِكُمْ فَاحْذَرُوهُ ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ

আর নারীদের বিয়ের প্রস্তাবের ব্যাপারে তোমরা যা ইঙ্গিতে বলো, অথবা মনে গোপন রাখো, তাতে তোমাদের কোনো গুনাহ নেই। আল্লাহ জানেন যে তোমরা তাদের কথা উল্লেখ করবে; কিন্তু তাদের সঙ্গে গোপনে কোনো অঙ্গীকার করো না, তবে ভদ্রভাবে কোনো কথা বলতে পারো। আর নির্ধারিত মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ের বন্ধনের সংকল্প করো না। আর জেনে রাখো, তোমাদের মনে যা আছে, আল্লাহ তা জানেন; সুতরাং তাঁকে ভয় করো; আর জেনে রাখো, আল্লাহ ক্ষমাশীল, সহনশীল।

স্বামী মারা গেছে, চার মাস দশ দিন পার হয়নি; এখন কারো খেয়াল হলো, নারীকে বিয়ে করবে। আমাদের সমাজে এমন আছে: যেমন ভাই ইন্তেকাল করেছেন, ভাইয়ের ইন্তেকালের পর পরিবারের সবাই চিন্তা করল, ছোট ভাইকে দিয়ে বিয়েটা করিয়ে দেবে। এমন হয়। এখন বিয়ের প্রস্তাব কবে আনবে, চার মাস দশ দিনের ভেতরে? জায়েজ নেই; চার মাস দশ দিন পার হওয়ার পর বিয়ের প্রস্তাবের কথা আলোচনা করবে, তার আগে নয়; এর আগে কোনো অবস্থাতেই জায়েজ নেই।

কিন্তু কারো মনে মনে ধারণা আছে, চার মাস দশ দিনের পর আমি ওই জায়গায় বিয়ের প্রস্তাব দেব; কিন্তু চার মাস দশ দিনের পর দিতে দেরি হলে যদি অন্য কেউ প্রস্তাব দিয়ে ফেলে, তাহলে তো আমি সুযোগটা হারাব; আগে একটু অগ্রিম প্রস্তাব দেওয়া যায় কি না; এমন খেয়াল এলে কী করা যায়? আল্লাহ তাআলা বললেন: খবরদার, সরাসরি কোনো প্রস্তাব দিয়ো না; তবে যদি একটু পরোক্ষভাবে, ইশারা-ইঙ্গিতে কিছু বলতে চাও, সরাসরি নয়, অথবা কেউ মুখে বলে না, কিন্তু ভেতরে ভেতরে খুব আশা আছে, ধরে রাখতে চায়, তাতেও আপত্তি নেই; আর ইশারা-ইঙ্গিতে একটা ইঙ্গিত দিলে তা জায়েজ।

কোনটা জায়েজ, কোনটা নয়, ইঙ্গিত কতদূর? কতটুকু স্পষ্ট হলে জায়েজ নয়, কতটুকু অস্পষ্ট ইঙ্গিত দিলে, আবার বুঝতে পারবে কি না, এটাও মুশকিল; এ ব্যাপারে কিছু পরামর্শ আসছে। আল্লাহ তাআলা টের পেয়েছেন যে তোমাদের কেউ কেউ এ নিয়ে চিন্তা করবে, কারো কারো বিয়ের প্রস্তাব দেওয়ার খেয়াল আছে; কোন দিক দিয়ে গুনাহ করে বসবে, সরাসরি প্রস্তাব দিয়ে ফেলবে; আল্লাহ তাআলা সব বুঝতে পেরেছেন যে তোমাদের মধ্যে এমন কিছু ঘটতে পারে। তাই আল্লাহ তাআলা তোমাদের একটু পরোক্ষভাবে বলার অনুমতি দিয়েছেন।

আবার গোপনে বলো না যে সরাসরি প্রস্তাব দেওয়া তো জায়েজ নেই, কিন্তু আমি কাছে এসে চুপিচুপি বলে গেলাম; এমন বলো না; গোপনে কোনো ওয়াদা, পাকা কথা, এগুলো কিছুই করবে না; তবে ভালো কথার মাধ্যমে ইঙ্গিত দিতে পারো।

ভদ্র ইঙ্গিতের ধরন

ভালো কথার ইঙ্গিত কীভাবে হতে পারে? যেমন কেউ নারীর সঙ্গে বা নারীর আত্মীয়স্বজনের সঙ্গে আলাপ করল: আসলে আমি একটা পাত্রী খুঁজছি; এমন এমন একটা পাত্রী হলে আমি একটু চিন্তাভাবনা করার কথা ভাবছি; এমন এমন কিছু এর মধ্যে আছে; কিন্তু বলল না যে আপনার মেয়েকে আমি আগেই প্রস্তাব দিয়ে রাখলাম, অন্য কোনো প্রস্তাবের আগে আমি দিয়েছিলাম; না; এমন এমন পাত্রী হলে আমার একটু বিয়ে করার খেয়াল আছে; ব্যস, এভাবে বলে রাখো।

আর এমনও না বলে আরেকটু পরোক্ষ হলে আরও ভালো: আসলে আমি তো বিয়ে করতে চাই, একটু নেককার নারী খুঁজছি আর কি, যদি আল্লাহ কিসমতে মিলান; একটু দ্বীনদার নারী খুঁজছি, যদি আল্লাহ কিসমতে মিলান। এখানে এ কথা বলার কারণ কী? কিছু একটা আছে; নারী এখানে একটু টের পেয়ে গেল, কিন্তু তাকে বলা হলো না যে আপনার ব্যাপারে প্রস্তাব দেওয়ার চিন্তা আছে; কথাটা সরাসরি বলা হলো না। আল্লাহ তাআলা এতটুকু অনুমতি দিয়েছেন; এর বাইরে গোপনে কিছু করো না, গোপনে কোনো কথা দিয়ে রেখো না। খবরদার, এখন তো চার মাস দশ দিনের ভেতরে প্রস্তাব দিতে পারব না, পার হওয়া মাত্রই কিন্তু আমরা চলে আসব, এ কথা বলো না; এমন পাকাপোক্ত কিছু সরাসরি বলতে পারবে না; এটা গুনাহ হবে।

এরপর আল্লাহ তাআলা বলছেন: খবরদার, বিয়ের আকদের সংকল্প, সিদ্ধান্ত বা পাকাপোক্ত কথাবার্তা, কোনো লেনদেন, কিছুই হবে না, যতক্ষণ না “কিতাব”, আল্লাহর লিখে দেওয়া ফরমান পূর্ণ হয়; চার মাস দশ দিন শেষ না হওয়া পর্যন্ত কোনো আকদের কথাবার্তা চলবে না, কোনো ধরনের সুস্পষ্ট কথাবার্তা আসতে পারবে না। মনে রেখো, তোমাদের অন্তরে কী আছে, তা আল্লাহ জানেন; কাজেই কথাটা সরাসরি বলে ফেললে আল্লাহ তোমাদের ধরে ফেলবেন, গুনাহ হয়ে গেছে; আর মনে মনে যে খেয়াল এসেছে, পরোক্ষভাবে যে একটু ইশারা দিয়েছ, তা আল্লাহ তাআলা মাফ করে দেবেন; তিনি গাফূর, তিনি হালীম; তিনি অনেক কিছু সহ্য করেন, অনেক কিছু লক্ষ করেন।

স্পর্শের আগে তালাক ও মুত’আ

দাম্পত্য জীবনে, বিবাহের মধ্যে আরও দু-একটা মাসআলা আছে, যেহেতু এই বিষয়টা চলছে।

لَّا جُنَاحَ عَلَيْكُمْ إِن طَلَّقْتُمُ النِّسَاءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ أَوْ تَفْرِضُوا لَهُنَّ فَرِيضَةً ۚ وَمَتِّعُوهُنَّ عَلَى الْمُوسِعِ قَدَرُهُ وَعَلَى الْمُقْتِرِ قَدَرُهُ مَتَاعًا بِالْمَعْرُوفِ ۖ حَقًّا عَلَى الْمُحْسِنِينَ

তোমাদের কোনো গুনাহ নেই, যদি তোমরা নারীদের তালাক দাও তাদের স্পর্শ করার আগে, অথবা তাদের জন্য মোহর নির্ধারণ করার আগে। আর তাদের কিছু সামগ্রী দাও: সচ্ছল ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী, আর অসচ্ছল ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী, ন্যায়সঙ্গতভাবে; এটা নেককারদের উপর একটা কর্তব্য।

তোমরা যদি কোনো নারীকে তালাক দিয়ে ফেলো, এমনকি কেবল আকদ হয়েছে, এখনো ঘরে তোলা হয়নি, কোনো শারীরিক সম্পর্কও হয়নি, সেই অবস্থায় যদি এমন কিছু ঘটে যায় যে তালাক দিতে হচ্ছে, মারাত্মক কোনো ব্যাপার আছে বা ঘটে গেছে, তাহলে এমন নয় যে এটা একেবারে বড় অপরাধ হয়ে গেছে; আল্লাহ তাআলা এটাও অনুমতি দিয়েছেন, যদি একান্ত এমন মারাত্মক কিছু তোমাদের সামনে এসে যায়।

নারীদের তালাক দিলে তোমাদের তাদের “মাতা'” দিতে হবে। তাঁর ব্যাখ্যায়: ইদ্দত যতদিন আছে, তিন মাসিক বা চার মাস দশ দিন, এই সময়ে নারীর যত খোরপোশ আছে, একে বলে মাতা’; এই খোরপোশের দায়িত্ব তোমরা পালন করো। তাহলে তালাক দেওয়ার পর নারীর তিন মাসিক বা চার মাস দশ দিনের যা খরচ আছে, বাড়িভাড়া, কাপড়চোপড় কিছু লাগলে, খাওয়া-দাওয়া, তার হাতখরচ থেকে শুরু করে পুরো দায়িত্ব স্বামীর পালন করা উচিত। এটা কি সমাজে ঠিকমতো পালন হয়? অনেক জায়গায় হয় না।

এই খরচও হবে “বিল মা’রূফ”, ভদ্রজনোচিত পন্থায়: নারী বেশি দাবি করবে না, আর তোমরাও কমিয়ে দেবে না; তোমাদের মান অনুযায়ী তা বজায় রাখবে। নেককারদের উপর এটা একটা হক; যদি ঠিকমতো না দাও, তাহলে তুমি তার হক নষ্ট করলে; আর জোর করে বেশি আদায় করলে নারী স্বামীর হক নষ্ট করল; এভাবে ইনসাফের সঙ্গে চলো।

অর্ধেক মোহর

وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّا أَن يَعْفُونَ أَوْ يَعْفُوَ الَّذِي بِيَدِهِ عُقْدَةُ النِّكَاحِ ۚ وَأَن تَعْفُوا أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۚ وَلَا تَنسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ ۚ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

আর যদি তোমরা তাদের স্পর্শ করার আগে তালাক দাও, অথচ তাদের জন্য মোহর নির্ধারণ করে থাকো, তাহলে যা নির্ধারণ করেছ তার অর্ধেক; তবে যদি নারীরা ছেড়ে দেয়, অথবা যার হাতে বিয়ের বন্ধন, সে ছেড়ে দেয়। আর তোমাদের ছেড়ে দেওয়াই তাকওয়ার অধিক নিকটবর্তী। আর পরস্পরের প্রতি অনুগ্রহের কথা ভুলে যেয়ো না। নিশ্চয়ই তোমরা যা করো, আল্লাহ তা দেখেন।

যে নারীকে তালাক দিয়েছ, বিয়ের আকদ হয়েছে, কিন্তু তার সঙ্গে তোমার ঘর-সংসার একদিনের জন্য, এক ঘণ্টার জন্যও করা হয়নি, স্বামী-স্ত্রীর কোনো মেলামেশা হয়নি; এ অবস্থায় তালাক দিলে, অথচ মোহরানা দিয়ে ফেলেছে, আর নারীর সঙ্গে তার সম্পর্ক হলো না। বিয়ে হলে মোহরানা বাকি থাকার কথা, না নগদ থাকার কথা? নগদ।

আল্লাহ তাআলা বলছেন: বিয়ে হয়ে গেছে, মোহর দিয়ে ফেলেছ, কিন্তু তার সঙ্গে তোমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি; এ অবস্থায় তালাক দিলে নারী তো মোহর পেয়ে গেছে, আর তুমি তো তাকে ব্যবহার করোনি। এখানে আল্লাহ তাআলা আপসের হুকুম দিলেন: তার মোহরানার অর্ধেক তুমি তার কাছ থেকে নিতে পারো, অর্ধেক সে তোমাকে ফেরত দিক। একটু ইনসাফ হলো না? উভয়ের আপস হলো: নারী কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আঘাত পেয়েছে, তার একবার বিয়ে তো হয়ে গেছে, এতে তার জীবনে একটা ঘাটতি হয়ে গেল; আর তোমার টাকাও তুমি দিয়ে ফেললে, খরচ করে ফেললে, মোহর দিয়ে ফেললে, অথচ তাকে নিয়ে ঘর করতেই পারলে না; তাই দুজনেরই কিছু আপস হয়ে অর্ধেক দাও, অর্ধেক ফেরত নিয়ে নাও।

তবে কেউ যদি চায়, না, আমি পুরোটাই দিয়ে দেব, ফেরত চাই না, এটাও জায়েজ; অথবা স্বামী যদি বলে, না, আমি দিয়ে দিয়েছি, এটা আর নেবই না; স্বেচ্ছায় কেউ এভাবে ত্যাগ করলে অসুবিধা নেই। “ওয়া আন তা’ফূ আকরাবু লিত্তাকওয়া”: আর যদি কেউ এই আপস করে, বা নিজের হক ছেড়ে দেয়, থাক, সে নিয়ে যাক, বা থাক, তাকে ফেরত দিয়ে দেব, যারা এই ত্যাগ করে, তাদের তাকওয়া অনেক কাছাকাছি হয়ে যাবে, সুবহানাল্লাহ; তাদের তাকওয়া অর্জিত হবে।

দু-একটা কেস সামলাতে গিয়ে দেখি, সুবহানাল্লাহ, তালাক হয়ে গেছে, তারপর জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে এটা দেবে না, সেটা দেবে না, এটা নিতে হবে, সেটা নিতে হবে, এই টানাটানি চলছে। মানুষ দুনিয়া নিয়ে এত চিন্তা করে; ভদ্রতার মান রক্ষা করলে যে আল্লাহর কাছে তাকওয়া পাওয়া যায়, তা বিশ্বাস করে না; শুধু দুনিয়াটা দরকার, নগদটা দরকার। আল্লাহ তাআলা বলছেন, এভাবে যদি মাফ করে দাও, ত্যাগ করো, নিজেরটা ছেড়ে দাও, তাহলে তা তাকওয়ার অনেক কাছাকাছি।

“পরস্পরের প্রতি অনুগ্রহ ভুলে যেয়ো না”

“ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম”: আর তোমাদের মধ্যে আল্লাহ তাআলা একে অপরকে যে মর্যাদা দান করেছেন, তা ভুলে যেয়ো না। যার অবস্থা ভালো আছে, ধনী, সে বেশি ত্যাগ করবে, নাকি গরিবই বেশি ত্যাগ করবে? ধনী। তোমাকে যদি আমি ধনী বানিয়ে থাকি, তুমি মাফ করে দাও, তুমি দিয়ে দাও, আর নিয়ো না; কিংবা অপরজন গরিব হলে তুমি তাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা চান ধনীরা বেশি ত্যাগ করুক, গরিবদের বেশি দিয়ে দিক। তোমরা যা কিছু করো, আল্লাহ তাআলা সব দেখেন: লেনদেনের ক্ষেত্রে কে একটু বেশি দিয়ে দেয়, আর কে একটু ঠকানোর চেষ্টা করে, এগুলো সব আল্লাহ তাআলা দেখেন।

কামড়ে ধরার জমানা

এজন্য একটা হাদিস এসেছে:

يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ عَضُوضٌ، يَعَضُّ الْمُوسِرُ عَلَىٰ مَا فِي يَدَيْهِ، وَلَمْ يُؤْمَرْ بِذَٰلِكَ، قَالَ اللَّهُ تَعَالَىٰ: وَلَا تَنسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ

মানুষের উপর এমন এক কামড়ে ধরার জমানা আসবে, যখন সচ্ছল ব্যক্তি নিজের হাতে যা আছে তা কামড়ে ধরে রাখবে, অথচ তাকে এর নির্দেশ দেওয়া হয়নি; আল্লাহ তাআলা বলেছেন: পরস্পরের প্রতি অনুগ্রহের কথা ভুলে যেয়ো না।

আখেরি জমানা আসবে, মানুষ বেশি কৃপণ হবে, হিসাবি হবে; আরেকজনের সঙ্গে লেনদেনে শুধু নিজেরটা ষোলো আনা পাওয়া, তার চেয়ে আঠারো আনা পাওয়া যায় কি না, আরেকজনেরটা কত আনা কমানো যায়, শুধু এই চিন্তা করবে; এমনকি মুসলমানও তার হাতে যা আছে, তা দাঁত দিয়ে কামড়ে ধরে রাখতে চাইবে; দান-খয়রাত করা, লেনদেনের ক্ষেত্রে একটু বেশি দিয়ে দেওয়া, এগুলো করবে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন: তোমরা যখন লেনদেন করো, যে ব্যক্তি একটু বাড়তি দিয়ে দেয়, অতিরিক্ত দেয়, নিজের হক কিছুটা কমিয়ে নেয়, আল্লাহ তাআলা তা খুব পছন্দ করেন।

বিপদগ্রস্তের কাছ থেকে কেনা

ওই হাদিসেই এসেছে, বিশেষ করে মানুষ যখন বিপদগ্রস্ত হয়, বিপদে পড়ে জিনিসপত্র বিক্রি করে, সেই সময়: একজন এমন ঠেকায় পড়ে গেছে, এই মুহূর্তে তার টাকার খুব দরকার, কেউ ধার দিচ্ছে না; এখন সে নিজের ঘর বিক্রি করে দেবে, কারণ কালকে চিকিৎসার জন্য অপারেশন হবে, পাঁচ লাখ টাকা দরকার; হয়তো বাবার জান বাঁচানোর জন্য ছেলে ঘর-ভিটা বিক্রি করে দিচ্ছে। এখন কালকের মধ্যে পাঁচ লাখ টাকা তো কারো হাতে নেই; পাশে এক ধনী আছে, সে সুযোগ পেয়ে গেছে; জায়গার দাম সাত লাখ, আর সে এই সুযোগে পাঁচ লাখ দিয়ে কিনে ফেলল। কাজটা কেমন হলো? আহা, অনেক বড় অন্যায় করেছে; সে এমনিতেই বিপদে পড়েছে, আর তুমি কিনতে গিয়ে তাকে আরও বড় ঠকিয়ে দিলে।

وَنَهَىٰ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الْمُضْطَرِّ، وَبَيْعِ الْغَرَرِ

আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বিপদগ্রস্তের কাছ থেকে কেনাবেচা এবং প্রতারণাপূর্ণ কেনাবেচা।

যে ব্যক্তি এমন বিপদগ্রস্ত লোককে সুযোগ পেয়ে, তার ঠেকায় পড়ার সুযোগ নিয়ে আরও ঠকায়, এমন কেনাবেচা আল্লাহ হারাম করে দিয়েছেন; আর এমন কেনাবেচা, যার মধ্যে ধোঁকা থাকতে পারে।

অজানার কেনাবেচা

ধোঁকার কেনাবেচা কেমন? আমাদের দেশে পুকুরের মাছ বিক্রি করে: এই পুকুরে যত মাছ আছে, তুমি পানি সেচে নিয়ে যাবে, দশ হাজার টাকা। কত টাকার মাছ আছে, কোনো ধারণা আছে? যে কিনল, সেও কোনো ধারণা দিতে পারবে না, যত বুদ্ধিমানই হোক। কখনো দেখা যায়, দশ হাজার টাকা দিয়ে কিনেছে, বিশ হাজার টাকার মাছ পাওয়া গেছে; তখন যে বিক্রি করল, সে আফসোস করে, আহারে, ঠকে গেলাম। আর কখনো দেখা গেল, পাঁচ হাজার টাকার মাছও নেই; বেচারা কিনে ঠকল, মাথায় হাত দিয়ে বসল, সর্বনাশ হয়ে গেল, লোকসান হয়ে গেল। একে বলে “বাইউল গারার”: যে কেনাবেচার মধ্যে ধোঁকা হতে পারে, জিনিসটা কী, কতদূর আছে, জানা নেই। এমন বিক্রি করা নাজায়েজ; কিন্তু আমাদের দেশে অহরহ ঘটছে। কেনাবেচার মধ্যে কী হালাল, কী হারাম, এই মাসআলা কি আমরা শিখেছি? না।

কিন্তু আম গাছ, কাঁঠাল গাছ বিক্রি করতে পারবেন: এই গাছে যত কাঁঠাল আছে, বিক্রি করতে পারবেন; যত আম আছে, বিক্রি করতে পারবেন। গুনেছেন, এক হাজার আম আছে না পাঁচশ? না গুনেও বিক্রি করতে পারবেন; কাঁঠাল একশ আছে না দুইশ, না গুনেও বিক্রি করতে পারবেন। কারণ কী? পানির নিচের মাছ না গুনে বিক্রি করা জায়েজ হলো না, অথচ এটা না গুনে বিক্রি জায়েজ; কারণ এখানে দেখা যায়, মোটামুটি একটা আনুমানিক হিসাব করা যায়; দেখা যাচ্ছে; এখানে গারার নেই। কিন্তু যেখানে গারার আছে, তা নাজায়েজ।

এজন্য বিপদগ্রস্ত মানুষের কাছ থেকে যারা এভাবে কেনে; এমন অনেক ক্রেতা আছে: জরুরি দরকার, এই সময় তাকে নির্দয়ভাবে ঠকিয়ে অর্ধেক দামে কিনে ফেলল, আর মনে করল আমি বিরাট লাভবান হয়ে গেছি; আসলে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এজন্য বিপদগ্রস্ত লোকের কাছ থেকে কিছু কিনতে হলে যতদূর সম্ভব বাজারদর দেওয়ার চেষ্টা করা উচিত।

তালাকের এই মাসআলাগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদের কত কিছু শেখালেন, সুবহানাল্লাহ: ভালো মানুষ হওয়ার জন্য, ভালো গুণ শেখার জন্য, লেনদেনে কীভাবে আমরা একে অপরের সঙ্গে সৎ থাকতে পারি।