দান ও মানত আল্লাহ জানেন

দান-খয়রাত ও সদকার সওয়াব এবং ফজিলতের কথা আগের আয়াতগুলোতে এসেছে; এখানেও এ বিষয়ে আল্লাহ তাআলা আমাদের আরও কিছু নসিহত করেছেন, উৎসাহিত করেছেন:

وَمَا أَنفَقْتُم مِّن نَّفَقَةٍ أَوْ نَذَرْتُم مِّن نَّذْرٍ فَإِنَّ اللَّهَ يَعْلَمُهُ ۗ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ

আর তোমরা যা কিছু খরচ করো, অথবা যে কোনো মানত করো, আল্লাহ নিশ্চয়ই তা জানেন। আর জালিমদের কোনো সাহায্যকারী নেই।

তোমরা যা কিছু খরচ করো, দান-খয়রাত করো, অথবা কোনো নযর করো; নযর মানে মানত, নযর-নিয়ায; কেউ কেউ একে মানসও বলেন; আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। আমরা কখন কী খরচ করি, তা তিনি জানেন। এখানে খরচ বলতে মূলত আল্লাহ তাআলার উদ্দেশ্যে নেক খাতে খরচ করা, দান-খয়রাত করা বোঝানো হয়েছে; যদিও কখনো কখনো সাংসারিক খরচের জন্যও আল্লাহ তাআলা অনেক পুরস্কার দান করবেন, সেটাও এর অন্তর্ভুক্ত হয়। কিন্তু যেখানেই ইনফাক ফী সাবীলিল্লাহর কথা এসেছে, সেখানে মূলত আল্লাহর রাস্তায় দান-খয়রাতের কথা, দ্বীনের কাজে, অথবা গরিব, মিসকিন, অসহায় মানুষদের সাহায্য করার কাজের কথাই বোঝানো হয়েছে।

দান ও মানতের পার্থক্য

এখানে দুটো জিনিস এসেছে: একটা দান-খয়রাত, আরেকটা নযর, মানত; দুটোর সওয়াব কিন্তু এক রকম নয়। দান-খয়রাতে কোনো শর্ত থাকে না; ফী সাবীলিল্লাহ, লিওয়াজহিল্লাহ দান করে দেওয়া হয়। আর আমরা যে নযর, মানত করি, তা শর্তসাপেক্ষ। কেমন? আমার অসুখ ভালো হয়ে গেলে আমি দশ রাকাত নফল নামাজ পড়ব; অথবা আমার সন্তানের অসুখ ভালো হয়ে গেলে আমি আল্লাহর রাস্তায় একটা ছাগল দিয়ে দেব; অথবা একটা উমরা করে আসব; আমরা এমন করি। উদ্দেশ্য পূরণ না হলে কিন্তু দিতে হবে না।

নযর হলো, যে উদ্দেশ্য করেছেন, যে নিয়ত করেছেন, আল্লাহ তাআলার কাছে যা চেয়েছেন, তা যদি পূরণ হয়ে যায়, তাহলে আপনার জন্য তা করা ওয়াজিব। বলেছিলেন অসুখ ভালো হলে, অসুখ ভালো হয়ে গেছে; এখন করতেই হবে, করা ওয়াজিব; না করলে অনেক বড় গুনাহ হয়ে যাবে। আর শর্ত ছাড়া দান-খয়রাত করলাম; করলে অনেক নেকি, না করলে তো গুনাহ হবে না। এজন্য আল্লাহ তাআলা শর্ত ছাড়া দান-খয়রাতটাই বেশি পছন্দ করেন। অসুখ ভালো হলে দেব, না হলে দেব না; আমি পেলে দেব, না পেলে দেব না; এর মধ্যে একটু অসঙ্গতি আছে।

এই অসঙ্গতির কারণেই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নযর-মানতের উসিলায় আল্লাহ তাআলা কৃপণের কাছ থেকে কিছু বের করে আনেন; এরা এমনিতে দান-খয়রাত করবে না, একটু বিপদে পড়ে গেলে শর্তসাপেক্ষে কিছু করতে চায়। বিপদে পড়ে দান-খয়রাত করলে আল্লাহ তাআলা পছন্দ করেন; নিঃশর্ত হলে বেশি কবুল হয়। অসুখ-বিসুখ হয়ে গেছে; দান-খয়রাত করলে বালা-মুসিবত দূর হবে, তাই দিয়ে দিই; এখানে বালা-মুসিবত দূর হওয়ার নিয়তও আছে, এটাও চলবে; কিন্তু শর্ত করেননি; এজন্য এর ফজিলত বেশি।

মানত হুবহু আদায় করতে হবে

তবে কেউ নযর করলে তা পূরণ করা ওয়াজিব; করতেই হবে, আর যে তরিকায় করেছেন, সেই তরিকায় আদায় করতে হবে। অনেক সময় লোকেরা জিজ্ঞেস করে: মানত করেছিলাম, অসুখ ভালো হয়ে গেলে একটা গরু জবাই করে গরিব-মিসকিনকে খাইয়ে দেব। গরু জবাই করলে এটা কিন্তু সদকা হয়ে গেল; এটা শুধু সেই গরিবরাই খেতে পারবে, যারা যাকাত-ফিতরা খাওয়ার উপযুক্ত; তখন আর গরু জবাই করে ধনী-গরিব সবাইকে ভাগ করে দিতে পারবেন না; এটা দিতে হবে শুধু গরিবদের।

লোকেরা অনেক সময় বলে: গরু দিতে চেয়েছিলাম; গরু না দিয়ে টাকা দিয়ে দিলে কেমন হয়, লোকদের বেশি উপকার হবে। হবে না; যে তরিকায় যে জিনিসের নযর করেছেন, তা হুবহু আদায় করতে হবে; অসম্ভব না হয়ে গেলে বিকল্প চিন্তা করা যাবে না।

অসম্ভব হলে কাছাকাছি বিকল্প

অসম্ভব কী রকম? কেউ আবার অনেক সময় চিন্তাভাবনা না করে বলে: আমার অসুখ ভালো হয়ে গেলে মক্কা শরীফে মসজিদুল হারামে কাবা ঘরের রক্ষণাবেক্ষণের জন্য বিশ পাউন্ড দেব। কাবা ঘরের রক্ষণাবেক্ষণের জন্য আপনার পয়সার জন্য তারা কি বসে আছে? তা দেওয়ার কোনো রাস্তাও খুঁজে পাবেন না। এখন কেউ এমন নযর করে ফেললে তা পূরণ করবে কীভাবে?

এর মাসআলা হলো, বিকল্প খুঁজবে; আল্লাহর যেকোনো ঘরে দিলে হয়ে যাবে। কিন্তু যদি কাবা ঘরে বাক্স থাকত, সরকার বলত, আপনারা কাবা ঘরের রক্ষণাবেক্ষণের জন্য, মসজিদুল হারামের কাজে লাগানোর জন্য আল্লাহর রাস্তায় যা পারেন দিন, তাহলে কিন্তু সেখানেই দিতে হতো; তখন অন্য মসজিদে দিলে হতো না। যেহেতু তা আদায় করা সম্ভব হচ্ছে না, এজন্য এর কাছাকাছি বিকল্প হলো: সেটাও আল্লাহর ঘর, আর অন্য মসজিদগুলোও আল্লাহ তাআলার ঘর; যদিও দুই ঘরের মধ্যে একটু পার্থক্য আছে, তবুও “আল-মাসাজিদু বুয়ূতুল্লাহ”, মসজিদগুলো আল্লাহর ঘর।

আল্লাহ তাআলা আসলে চান, আমরা বেশি করে দান-খয়রাত করি; এজন্যই পরপর অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন।

“আল্লাহ জানেন”: লোকে দেখল কি না

আমরা যা কিছু করি, আল্লাহ খুব ভালো করে জানেন; এখানে এই কথা বলার অর্থ কী? এটা তো আমরা জানি যে আমরা যা কিছু করি, যা কিছু বলি, এমনকি যা করিও না, বলিও না, শুধু মনের ভেতরে আছে, তাও আল্লাহ তাআলা জানেন। তাহলে এখানে কেন বললেন? কখনো কখনো শয়তান আমাদের মনে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়: আমি যে দান করলাম, কেউ তো দেখল না; সবাই একটু দেখলে, অনেককে জানাতে পারলে মনে হয় একটু বেশি খুশি লাগে। মানুষ একটু বেশি দেখাতে চায়; দুনিয়াতে যত দানশীল আছে, তাদের বেশিরভাগ মানুষকে দেখিয়ে দিতে চায়, নাকি লুকিয়ে দিতে চায়? দেখিয়ে দিতে চায়।

এজন্য আল্লাহ তাআলা বলেন: কেউ দেখুক আর না দেখুক, এটা চিন্তা করো না; আল্লাহ তাআলা জানেন, সব জানেন। তুমি তো আল্লাহর ওয়াস্তে দিচ্ছ, আল্লাহকে খুশি করার জন্য; এজন্য মানুষ দেখল কি না, কয়জন জানল, না জানল, তা জানানোর এত দরকার নেই। যদিও জানিয়ে দান করা যায়, না জানিয়েও দান করা যায়, সে কথা পরের আয়াতে আসছে; কিন্তু আল্লাহ তাআলা আগেই বলে দিচ্ছেন, মানুষ জানল কি না, এটা যেন তোমার প্রধান উদ্দেশ্য না হয়।

তোমার উদ্দেশ্য হওয়া দরকার, আল্লাহ তাআলা জেনে ফেলেছেন; তিনি অবশ্যই জানবেন। দেওয়ার সময় আল্লাহকে বলে দিতে হবে না যে আল্লাহ, আমি কিন্তু আপনার রাস্তায় পঞ্চাশ পাউন্ড দিলাম; আল্লাহ তাআলা জেনে ফেলেন তুমি কী করছ, কোথায় করছ। এজন্য তোমার মনের মধ্যে থাকবে: আল্লাহর রাস্তায় দিচ্ছি, আল্লাহ তাআলা জানেন, তিনি কবুল করবেন; তিনি যেন কবুল করেন, এই দরখাস্ত তোমার সবসময় থাকবে।

কৃপণ ধনীও এক ধরনের জালিম

তারপর আল্লাহ তাআলা বলছেন, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। এখানে দান-খয়রাতের সঙ্গে আবার জালিমদের প্রসঙ্গ এলো কেন? অনেক তাফসীর হতে পারে; এর মধ্যে অন্যতম সম্ভাব্য ব্যাখ্যা হলো: যারা মোটেই দান-খয়রাত করে না; আল্লাহ তাআলা তাদের অনেক সম্পদ দিয়েছেন, আর তারা শুধু নিজের জন্য কুক্ষিগত করে জমা করে রাখে। আল্লাহ তাআলা কি তাদের এই টাকা-পয়সা শুধু জমা করার জন্য দিয়েছিলেন? যত বড় ধনী হলাম, যত টাকা জমে গেল, আল্লাহ তাআলা কি এই টাকাগুলো আমাকে শুধু জমা করার জন্য দিয়েছেন? দিয়েছেন দান-খয়রাত করার জন্য।

কারণ অনেক মানুষকে আল্লাহ তাআলা দেননি; তাদের অংশটা আমার টাকার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন; আর দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখেন: তাকে দিলাম না, তোমাকে দিলাম; তুমি শুধু নিজের মনে করে রেখে দিচ্ছ, নাকি এদিক-সেদিক কিছু কিছু দিচ্ছ? আমি দেখতে চাই। আর আল্লাহ তাআলা মনে করিয়ে দিয়েছেন, তোমাদের মালের মধ্যে, সম্পদের মধ্যে, টাকা-পয়সার মধ্যে যারা বঞ্চিত, যারা অভাব-অনটনে আছে, তোমার কাছে হাত পাতে, চায়, তাদের হক রয়েছে।

তাহলে আমাদের টাকার মধ্যে গরিব-দুঃখীর হক আছে; এজন্য দেওয়ার অভ্যাস করতে হবে। একটা হক ফরজ, সেটা যাকাত; তাহলে শুধু যাকাত দিয়ে দিলেই কি হয়ে গেল? যাকাত দিলে ফরজ হক আদায় হলো, কিন্তু নফল হক এখনো রয়ে গেছে, কিছু দিতে হবে। যারা দেবে না: মানুষ এত অভাব-অনটনে কষ্টে আছে, না খেয়ে মরে যাচ্ছে, চিকিৎসার অভাবে এত কষ্ট পাচ্ছে, আর আমার আছে, আমি রেখে দিলাম, মোটেই দিলাম না; তাহলে এটা এক ধরনের জুলুম হয়ে গেল। আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন; যারা আমার কাছে প্রাপ্য, তাদের একটু দিই না, আমার মন গলে না; তাহলে এটাও এক ধরনের জালিম হওয়া।

যারা এমন সম্পদের পাহাড় জমা করে করে দুনিয়াতে রেখে চলে যায়, আখেরাতে তাদের জন্য কোনো সাহায্যকারী নেই; এরা জালিম। আর যারা বেশি করে দান-খয়রাত করে যাবে, আখেরাতে তাদের জন্য সাহায্যকারী আছেন; কে আছেন? আল্লাহ তাআলা আছেন তাদের জন্য। এজন্য যারা খুব কৃপণ, আর সম্পদ জমা করে, তারা এক ধরনের জালিম; অসহায় মানুষদের যখন তারা সাহায্য করে না, তখন আসলে এক ধরনের জুলুম হয়ে যায়; তারা তাদের হককে অস্বীকার করে ফেলল।

প্রকাশ্যে দান, গোপনে দান

إِن تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ ۖ وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ ۚ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّئَاتِكُمْ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

তোমরা যদি সদকা প্রকাশ্যে দাও, তবে তা উত্তম; আর যদি তা গোপন রাখো এবং অভাবীদের দিয়ে দাও, তবে তা তোমাদের জন্য আরও উত্তম; আর তিনি তোমাদের কিছু গুনাহ মুছে দেবেন। আর তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।

তোমরা যদি সদকা, দান-খয়রাত প্রকাশ্যে দাও, তাহলে সেটাও ভালো, খারাপ নয়; আর যদি লুকিয়ে দাও এবং গরিবদের হাতে পৌঁছে দাও, তাহলে তা তোমাদের জন্য অনেক ভালো। প্রকাশ্যে এবং গোপনে লুকিয়ে দেওয়া, দুটোই জায়েজ; কিন্তু দুটো কি সমান? একটার পুরস্কার একটু বেশি; গোপনে লুকিয়ে দান করলে তার সওয়াব বেশি।

কখনো কখনো আমাদের প্রকাশ্যে দিতে হয়, প্রয়োজন আছে; আর সবসময় লুকাতে গেলে তো দেওয়াই হবে না। এজন্য মনের মধ্যে যদি কোনো রিয়া না আসে, তাহলে এমনিতে কেউ জানলেও তা জায়েজ; আল্লাহ তাআলা তার নিন্দা করেননি, সেটাও ভালো। বিশেষ করে ফরজ যাকাত দেওয়ার ক্ষেত্রে লুকানো শর্ত নয়; জানিয়ে দিলে একটা ফায়দা আছে: অনেকে জানবে যে যাকাত দিতে হয়; আমি যাকাত দিয়েছি কি না, কেউ ভুলে গিয়ে থাকলে মনে পড়বে, তার নিজের জন্য স্মরণিকা হবে। এজন্য ফরজগুলো প্রকাশ্যে দেওয়ার ব্যাপারে বরং উৎসাহিত করা হয়, যাতে লোকেরা জানে; তবে যেন রিয়া না আসে; রিয়া এলে ফরজটাও লুকিয়ে দিতে হবে।

আর নফলটা লুকিয়ে দেওয়ার মধ্যে অতিরিক্ত সওয়াব আছে, সে হাদিস আসছে। কারণ গোপনে দিলে একটা সুবিধা হলো, রিয়া আসার কোনো সম্ভাবনা নেই; আর প্রকাশ্যে দিলে রিয়া আসতেও পারে, নাও আসতে পারে; আসার সম্ভাবনা বেশ থাকে। আর গোপনে দিলে একদম নিশ্চিত হয়ে গেল যে রিয়ার আর কোনো সুযোগ নেই, নিরাপদ।

আরশের ছায়ায় সাত শ্রেণির মানুষ

একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস: সাত ধরনের লোককে আল্লাহ তাআলা কেয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না।

ন্যায়পরায়ণ শাসক

প্রথম, “ইমামুন আদিল”, ন্যায়পরায়ণ শাসক অথবা ন্যায়পরায়ণ বিচারক।

ইবাদতে বেড়ে ওঠা যুবক

দ্বিতীয়, সেই যুবক, যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে অতিক্রম করেছে। কত সৌভাগ্যের অধিকারী সেই তরুণ প্রজন্ম, সেই যুবকরা, যারা যৌবন বয়সে আল্লাহর দিকে ঝুঁকে গেছে! আমাদের অনেকে হয়তো শেষ বয়সে এসেছি, যৌবনকাল এদিক-সেদিক ঘোরাঘুরি করে কাটিয়েছি। যারা যৌবন এদিকে লাগিয়েছে, তাদের তুলনায় আমাদের ত্রুটি হয়ে গেছে, গাফলতি হয়ে গেছে, এমন যদি মনে করি, তাহলে আমাদের ছেলেপেলেদের যদি এদিকে নিয়ে আসতে পারি, সেই চেষ্টা যেন অন্তত না হারাই।

আল্লাহর জন্য ভালোবাসা

তৃতীয়, দুজন লোক, যারা একে অপরকে মহব্বত করেছিল; কেন? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দিকে তাকিয়ে: তার দ্বীনদারি, তার চরিত্র, তার সত্যবাদিতা, তার আখলাক, তার ইলম, তার তাকওয়া, এগুলোর কারণে তাকে মহব্বত করি। আর এই মহব্বত যতদিন একসঙ্গে ছিল, ছিল; যখন আলাদা হয়ে গেছে, তখনও মহব্বতটা বাকি ছিল। মহব্বত এমন হবে না যে ওঠানামা করে: প্রথম দিকে খুব বেশি মহব্বত; তারপর কিছু একটা নিয়ে একটু লেগে গেল; এখন এমন দুশমনি হয়ে গেছে যে আর মহব্বত নেই। এমন হয়: বহুদিন খুব খাতির, মাশাআল্লাহ, একেবারে একসঙ্গে ওঠাবসা; তারপর কী একটা ঘটে গেল, আর দেখতে পারে না, মহব্বত শেষ।

এই মহব্বতের কি আল্লাহ তাআলার কাছে কোনো দাম আছে? এমন মহব্বত অনেকদিন হলো, আবার পরে আর নেই; বোঝা গেল, এটা আল্লাহর উদ্দেশ্যে হয়নি, লিওয়াজহিল্লাহ হয়নি; কোনো কারণে খাতির হয়ে গেছে। কত রকমের বন্ধুত্ব হয়, কী কারণে হয়, কেন ভালো লাগে, তার কোনো ব্যাখ্যা থাকতেও পারে, নাও থাকতে পারে; সাময়িকভাবে হয়ে গেছে। কিন্তু আল্লাহর উদ্দেশ্যে দ্বীনদারি, তাকওয়া, পরহেজগারি, চরিত্র, এগুলো দেখে যে মহব্বত হয়, তা লিওয়াজহিল্লাহ হয়; এই মহব্বত খাঁটি, আর এই মহব্বত দীর্ঘস্থায়ী হয়। এই মহব্বত থাকলে কোনোদিন একটু কথা কাটাকাটি হয়ে গেলেও আর দুশমনি হয় না; আবার একে অপরকে উপলব্ধি করি, মাফ করে দিই; আমাদের মহব্বত অটুট থাকে। এমন লিওয়াজহিল্লাহ মহব্বতকারী লোকদের আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন।

আমাদের অনেকেরই মহব্বতের লোকজন আছে; চিন্তা করুন, কী কারণে মহব্বত করি? আমি যখন যা বলি, তিনি শুধু জিন্দাবাদ বলেন, এই কারণে? বা গল্পগুজবে খুব হাসাতে পারেন, এই কারণে? না; দ্বীনি কারণে যদি মহব্বত করে থাকি, তাহলে তার দাম আছে; আর বাকিগুলোর কোনো দাম নেই।

মসজিদে ঝুলে থাকা অন্তর

চতুর্থ, যাদের অন্তর মসজিদের সঙ্গে ঝুলে থাকে, মসজিদের সঙ্গে বাঁধা থাকে। এক ওয়াক্ত নামাজ পড়ে চলে যায়, ফজর পড়ে চলে যায়, আর চিন্তা করে, যোহরের জন্য আবার কখন মসজিদে যাব; তার কাজকর্ম আছে, ব্যবসা-বাণিজ্য আছে, কিন্তু তার মন পড়ে থাকে মসজিদে; এত মহব্বত! যোহর পড়ে চলে গেল; আবার কখন মসজিদে আসবে, এই ব্যাপারটা তার জীবনের এক নম্বর, বাকি সব দুই নম্বর।

মানুষ যখন কাউকে মহব্বত করে, অন্তরে যদি কারো ভালোবাসা জায়গা করে নেয়, তা কি সহজে সরানো যায়? মানুষ যখন প্রেম করে; প্রেম তো দুই রকম: একটা হালাল প্রেম, আরেকটা হারাম প্রেম; বিয়ের আগে প্রেম করলে তো হারাম হয়ে যায়, বিয়ের পরে প্রেম করলে হালাল। সত্যিই যদি কারো প্রতি এমন মহব্বত হয়ে যায়, তাহলে সে কাজেকর্মে গেলেও, বাইরে গেলেও মনটা কোন দিকে থাকে? সেই জায়গায় থাকে; ভুলতে পারে না, আবার কখন দেখা হবে।

ঠিক তেমনি, মানুষ যদি সত্যিই নামাজকে মহব্বত করে, আল্লাহ তাআলাকে মহব্বত করে, তাহলে মসজিদে আসবে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে; জামাত ছাড়া সে চিন্তাই করতে পারে না, ঘরে নামাজ পড়ার কথা চিন্তাই করতে পারে না। আল্লাহ তাআলা যাদের সত্যিই এই মহব্বত দান করেছেন, তারা ঘরে নামাজ পড়ে কোনোদিন তৃপ্তি পাবে না; কোনো কারণে হয়তো ঘুম থেকে উঠতে পারেনি, বা কোনো ওজর এসে গেছে, ঘরে নামাজ পড়েছে, কিন্তু কেমন যেন আফসোস লাগে। মসজিদে নামাজ পড়ার মজা তার অন্তরে এমনভাবে জায়গা করে নিয়েছে যে তা সে কিছুতেই হারাতে পারে না; কীভাবে, কখন মসজিদে চলে আসবে, এটাই তার পেরেশানি।

আজান হলে যেন কাউকে চেনেন না

যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো: নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, আপনাদের সঙ্গে কেমন আচার-ব্যবহার করতেন, তাঁর ঘরের জীবন কেমন কাটত? কারণ বাইরেরটা আমরা দেখি, ঘরেরটা তো আর আমরা জানি না, দেখি না।

তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন: ঘরে যখন থাকতেন, তোমাদের আর দশজন যেমন থাকে, তেমনই থাকতেন; তিনি ঘরে বসে বসে নবীগিরি করতেন না; পরিবারের সদস্য যেভাবে থাকতে হয়, সেভাবেই থাকতেন; এমন নয় যে তিনি নবী হিসেবে আমরা সবাই তাঁর খেদমতে অস্থির হয়ে যাব, আর তিনি চেয়ারে বসে থাকবেন। এমনকি তাঁর নিজের ছাগল নিজের হাতে দোহন করতেন; কোথাও একটু বোতাম লাগাতে হলে, সেলাই খুলে গেলে সুইটা নিয়ে নিজেই সেলাই করে ফেলতেন।

আমাদের জমানায় কোনো শাশুড়ি যদি দেখেন, তার ছেলে নিজের হাতে জামা সেলাই করছে, বোতাম লাগাচ্ছে, আর পুত্রবধূ একটুও সাহায্য করল না, তাহলে সর্বনাশ হয়ে গেছে, তুলকালাম কাণ্ড হয়ে যাবে! একটু হাত দিলেই কি সম্মান চলে গেল নাকি? না।

তারপর তিনি বললেন: এমনকি রান্নাবান্নার কাজে এসে আমাদের সাহায্য করতেন; আর যেই আজান হয়ে গেল, মনে হতো তিনি আর কাউকে চেনেন না। সুবহানাল্লাহ! এতক্ষণ স্ত্রীদের মহব্বতে তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা, সবকিছুতে মনোযোগ দিলেন; কিন্তু এর চেয়ে বড় মহব্বত কোথায়? মসজিদের সঙ্গে; এটাই মুমিনের প্রকৃত পরিচয়। তাহলে এরা চতুর্থ পর্যায়ের লোক, যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন; মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক, আল্লাহ তাআলা তাদের আরশের নিচে ছায়া দেবেন।

মসজিদের আদব

তবে মসজিদের সঙ্গে সম্পর্ক হতে হলে আবার সেই মান বজায় রাখতে হবে। মসজিদে সারাদিন পড়ে থাকি, আর গল্পগুজব, আড্ডা যা আছে, সব মসজিদের ভেতরে ঢুকাই; তারপর প্রথম কাতারে জায়গা নিয়ে মারামারি করি। কেউ একটু পেছন থেকে আসে, খেয়াল করে না, মনে করে জায়গা হবে, জোর করে ঢুকতে চায়। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ঠিক আছে, বেচারা চলে এসেছে, একটু জায়গা দাও; যে ব্যক্তি তার ভাইয়ের জন্য নরম হয়ে যায়; কেউ ঢুকে পড়লে তার জন্য নরম হয়ে যাও। কিন্তু অনেক সময় লোকেরা নরম হয় না, শক্ত হয়ে থাকে, আর এমনভাবে তাকায়: জায়গা তো নেই, বোকার মতো কীভাবে ঢুকল? এমন করা ঠিক নয়; পারলে তাকে ঢুকিয়ে দাও; আর না পারা গেলে, সে যদি নাছোড়বান্দা হয়, তাহলে তুমি পেছনে চলে যাও। এমন যারা আদব রক্ষা করবে, তারা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পেয়ে যাবেন।

কিন্তু মসজিদে আছি ঠিকই, অথচ কথাবার্তা, গল্পগুজব, আড্ডার আসর জমানো থেকে শুরু করে আমাদের কথাবার্তার কারণে লোকেরা নামাজ পড়তে পারে না, কোরআন তিলাওয়াত করতে পারে না; তাহলে আরশের নিচে জায়গা পাওয়া তো দূরের কথা, উল্টো শাস্তি পেতে হবে; কারণ অন্য নামাজি, যে দোয়ার হালতে আছে, কোরআন তিলাওয়াতের হালতে আছে, তার জন্য বাধা সৃষ্টি করল।

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইতিকাফে ছিলেন; তিনি দেখলেন, কিছু লোক জোরে জোরে কোরআন শরীফ পড়ছেন; তাঁরাও রমাদানে ইতিকাফে আছেন বা ইবাদত করছেন; কিছু লোক নামাজ পড়ছেন, আর কিছু লোক কোরআন তিলাওয়াত করছেন। কোরআন তিলাওয়াতের আওয়াজ একটু জোরে হওয়ার কারণে তিনি মসজিদে তাঁবুর মতো যে ছোট কক্ষ বানানো ছিল, তার পর্দা সরিয়ে বললেন: তোমরা যে জোরে জোরে কোরআন শরীফ পড়ছ, যে লোকেরা নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে মুনাজাত করছে, কথা বলছে, কোরআন দিয়ে তাদের বাধা দিচ্ছ কেন? জোরে কোরআন তিলাওয়াত করে তাদের বাধা দিচ্ছ কেন? তাহলে যারা কথা বলে নামাজিদের বাধা দেয়, কষ্ট দেয়, তাদের গুনাহ কী পরিমাণ হতে পারে?

নির্জনে আল্লাহকে স্মরণ করে কান্না

পঞ্চম, সেই লোক, যার নিরিবিলি একা একা আপন মনে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, আর চোখ দিয়ে পানি চলে এলো। আল্লাহর কথা স্মরণ হলে চোখ দিয়ে পানি আসে কী কারণে? আল্লাহর আযাবের ভয়ে, আর মহব্বতের কারণে। আল্লাহ তাআলার আযাবের ভয়ে চোখের পানি আসতে পারে, এটা তো বোঝা গেল; মহব্বতের কারণে কীভাবে আসে?

একটা জিনিস চিন্তা করি: আমরা যখন একা থাকি, ঘরে হোক, বাইরে হোক; রাস্তায় হাঁটছি, বাজার করতে যাচ্ছি, অফিসে যাচ্ছি, গাড়ি চালাচ্ছি, বাসে বসে আছি; যখন কোনো কাজ নেই, হয়তো বসে আছি বা হাঁটছি, কিন্তু মাথা মোটামুটি খালি আছে; তখন যদি মনে পড়ে: আল্লাহ, আমি তো তোমার মুসলিম হতে পেরেছি; আমার আশেপাশে এত লোক, একজনও মুসলিম নয়; আমি ঈমান চিনেছি, তারা ঈমান চেনেনি; আল্লাহ, আমি তোমার সামনে সিজদা করি, তারা করে না; আমি রোজা রাখি, তারা একদিনও রাখেনি; আর তারা এভাবে না রেখে যদি চলে যায়, কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে! আর আল্লাহ, তুমি আমাকে এত বড় নেয়ামত থেকে বঞ্চিত করোনি।

আমি যখন দুনিয়াতে আসতে চেয়েছিলাম, আল্লাহ তাআলার সঙ্গে কি কোনো কথাবার্তা হয়েছিল যে আল্লাহ আমাকে মুসলমান হিসেবে পাঠাবেন? সিদ্ধান্ত কে নিয়েছেন? আল্লাহ তাআলা। কিসের ভিত্তিতে নিলেন, কেন নিলেন? কেন আল্লাহ তাআলা আমার এত বড় উপকার করলেন? আর ওই বেচারা কেন বঞ্চিত হয়ে গেল? তাহলে আল্লাহ তাআলার প্রতি কী পরিমাণ কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার! এমন কথা মনে পড়ে আল্লাহর প্রতি শুকর, মহব্বত মন উজাড় করে চলে আসে, আর টপটপ করে চোখের পানি যদি চলে আসে, এই চোখের পানির আল্লাহ তাআলার কাছে অনেক দাম। আল্লাহ তাআলার কত ইহসান!

এটা হলো দ্বীন-ঈমানের কথা। এরপর দুনিয়াবি দিক থেকেও আল্লাহ তাআলা আমাদের অনেককে অনেক ভালো অবস্থানে রেখেছেন, অর্থনৈতিকভাবে ভালো অবস্থায় রেখেছেন। আমাদের অনেক নিকটাত্মীয় আছে, যারা অনেক কষ্টে আছে; আল্লাহ তাআলা চাইলে আমাকেও তাদের মতো রাখতে পারতেন; সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে অন্য জায়গায় নিয়ে এসেছেন; আমার রিজিকের দরজা খুলে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন; আমাকে কারো কাছে হাত পাততে হয় না; আল্লাহর ফজলে আমি দিতে পারি। এসব কথা মনে করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার।

অনেককে আল্লাহ তাআলা সন্তান দান করেননি, সারাজীবন পেলেন না; আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এমন যত দ্বীনি ও দুনিয়াবি নেয়ামত আছে, সেগুলোর কথা স্মরণ করে, যখনই একা থাকি, কারো সঙ্গে কথা বলতে হচ্ছে না, সেই সময় আল্লাহর ধ্যানে একটু থাকা, আল্লাহর কথা মনে করে যিকির করা, দোয়া পড়া; আর সেই সময় যদি শুধু আল্লাহ তাআলার এই শানগুলো মনে করে কৃতজ্ঞতায় চোখে পানি চলে আসে, এটাও অনেক দামি জিনিস। এই লোকেরা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে।

“আমি আল্লাহকে ভয় করি”

ষষ্ঠ, সেই পুরুষ, যাকে উঁচু স্তরের কোনো সুন্দরী নারী অন্যায় কাজের প্রস্তাব দিয়ে বসল। নারী যদি সুন্দরী হয়, তার মর্যাদা যদি উঁচু হয়, আর সে নিজেই প্রস্তাব দিয়ে ফেলে, সেই সময় লোকটি যদি আল্লাহর ভয়ে বলে, “ইন্নী আখাফুল্লাহ”, আমি আল্লাহকে ভয় করি, আমি গুনাহে লিপ্ত হতে পারব না, আর ইউসুফ আলাইহিস সালামের মতো সেখান থেকে সরে পড়ে; তাহলে এমন সৎ চরিত্রবান লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন।

কারণ মানুষের জীবনে যত ফিতনা আসে, তার মধ্যে নারী-সংক্রান্ত ফিতনা অনেক বড়। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি; আমার উম্মতের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা রেখে গেলাম না। কোনো কোনো হাদিসে আবার সম্পদের কথা এসেছে; দুটোর কথাই এসেছে, সম্পদ আর নারী; আর কোনো কোনো হাদিসে শুধু নারীর কথা এসেছে। নারী-সংক্রান্ত ফিতনা উম্মতের জন্য অনেক বড় ফিতনা; আজকের পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলার নাফরমানির দিকে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যে কারণ কাজ করছে, তা হলো এই ফিতনা।

এই ফিতনা অনেক সমাজকে ধ্বংস করে দিয়েছে; সেখানে বিয়েশাদি প্রায় উঠে গেছে, থাকলেও নামকাওয়াস্তে; অবৈধ সম্পর্ক ছড়িয়ে পড়েছে। এখন কিন্তু মুসলিম কমিউনিটিতেও এই ফিতনা অনেক ছড়িয়ে গেছে, আল্লাহ মাফ করুন; যিনা-ব্যভিচার ছড়িয়ে গেছে। তা বন্ধ করার সবচেয়ে উত্তম তরিকা হলো, ছেলেমেয়েদের যত তাড়াতাড়ি সম্ভব বিয়েশাদি হয়ে যাওয়া; দেরি করার কারণে এই ফিতনা অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। এই ফিতনা থেকে যে নিজেকে হেফাজত করবে, পরীক্ষায় পড়ার পরও যদি আল্লাহর ভয়ে সরে আসে, অগ্রসর না হয়, আল্লাহ তাআলা তাকেও আরশের নিচে ছায়া দান করবেন।

ডান হাতের দান বাম হাত জানে না

সপ্তম, সেই ব্যক্তি, যে এমন গোপনে দান-খয়রাত করল যে তার বাম হাতও জানতে পারেনি ডান হাত কত টাকা দান করেছে। এক হাত কতটুকু দিল, আরেক হাত তা জানবে না, এটা তো জানার কথাই নয়; এটা বোঝানোর জন্য একটা চূড়ান্ত উদাহরণ দেওয়া হয়েছে: তোমার ডানে-বামে পাশে কেউ থাকলেও সে যেন না জানে। কেউ যদি আল্লাহর ভয়ে ইখলাসের সঙ্গে, ইখলাসকে ধরে রাখার জন্য, রিয়া থেকে পাহারা দেওয়ার জন্য এমন বেশি করে গোপনে দান করে, তাহলে তার সওয়াব এত বেশি যে আল্লাহ তাআলা তাকে শুধু সদকা-খয়রাতের অতিরিক্ত সওয়াবই দেবেন না, বরং আরশের নিচে ছায়া দান করবেন।

এজন্য ইমাম ইবনে কাসির এই হাদিস এই তাফসীরে এনেছেন: এই সদকা যদি তোমরা গোপনে দান করো এবং গরিবদের কাছে পৌঁছে দাও, তাহলে তা তোমাদের জন্য অনেক বড় কল্যাণের কারণ হয়ে যাবে, আর আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। তাহলে গোপনে বেশি করে সদকা করলে গুনাহ বেশি মাফ হবে।

আবু বকরের সর্বস্ব দান

এরপর একটি হাদিস এসেছে: তাবূকের যুদ্ধের সময় সাহাবীরা অনেক কিছু নিয়ে এলেন। উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক নিয়ে এলেন, আর মনে মনে ভাবলেন: এবার ইনশাআল্লাহ আমি সবচেয়ে বেশি নিয়ে এসেছি; আশা করি আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে বড় স্থানটা দান করবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন নিয়ে এলেন, খুব গোপনে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম কাছে গিয়ে দিলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন: কী নিয়ে এলেন? দেখছি, যা আছে সবই নিয়ে এসেছেন; আপনার পরিবারের জন্য কী রেখে এলেন? তিনি বললেন: আল্লাহ ও তাঁর রাসূলের সঙ্গে এই যে সম্পর্ক, মায়া, মমতা, মহব্বত, এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে।

এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন, আর বললেন: হায় আবু বকর, নেকির প্রতিযোগিতায় তোমার সঙ্গে কোনোদিন পারলাম না! হিংসা করে বলেননি, মহব্বত করে বলেছেন: আবু বকর, আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দান করেছেন যে আমাদের কারো পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। কোনো কোনো শানে নুযূলে এসেছে, এই উপলক্ষে এই আয়াত নাযিল হয়েছে।

“আলীম” ও “খাবীর”

এরপর আল্লাহ তাআলা আয়াত শেষ করছেন: তোমরা যে কাজগুলো করো, আল্লাহর রাস্তায় দান-খয়রাত করো, আল্লাহ তাআলা তোমাদের আমলগুলো সম্পর্কে ভালো খবর রাখেন। এর আগের আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা জানেন; আর এখানে বলছেন, আল্লাহ তাআলা সবকিছুর খবর রাখেন: দান-খয়রাত থেকে শুরু করে যত রকমের আমলে তোমরা লিপ্ত থাকো, নেক আমল, গুনাহের আমল, সবগুলোর তিনি খবর রাখেন।

“খাবীর” মানে যিনি খবর রাখেন; আর “আলীম” মানে যিনি জানেন। জানলেন; তার চেয়েও বেশি হলো, যিনি খবর রাখেন। খবর রাখার কি কারণ আছে? এই অনুযায়ী কেয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের পুরস্কার দেবেন, অথবা, আল্লাহ মাফ করুন, আমরা শাস্তি পেয়ে যাব। এই “খাবীর” কথাটা আরও বেশি গুরুতর; আল্লাহ তাআলা সবকিছুর খবর রাখেন, সবকিছু সম্পর্কে ওয়াকিবহাল থাকেন।

হেদায়েত আপনার দায়িত্বে নয়

দান-খয়রাতের প্রসঙ্গে পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন:

لَّيْسَ عَلَيْكَ هُدَاهُمْ وَلَٰكِنَّ اللَّهَ يَهْدِي مَن يَشَاءُ ۗ وَمَا تُنفِقُوا مِنْ خَيْرٍ فَلِأَنفُسِكُمْ ۚ وَمَا تُنفِقُونَ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ ۚ وَمَا تُنفِقُوا مِنْ خَيْرٍ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ

তাদের হেদায়েতের দায়িত্ব আপনার উপর নয়; বরং আল্লাহ যাকে চান হেদায়েত দেন। আর তোমরা যে কল্যাণকর কিছু খরচ করো, তা তোমাদের নিজেদের জন্যই; আর তোমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই খরচ করো। আর তোমরা যে কল্যাণকর কিছু খরচ করো, তা তোমাদের পূর্ণরূপে ফিরিয়ে দেওয়া হবে, আর তোমাদের প্রতি জুলুম করা হবে না।

এটা আপনার উপর নয়, আপনার দায়িত্বে নয়; আল্লাহ যাকে চান, হেদায়েত দান করেন; আর তোমরা যা কিছু দান-খয়রাত করো, তা তোমাদের নিজেদের জন্যই। এই আয়াতের তাফসীরে কেউ কেউ বলেছেন: অনেক সময় মুসলমানরা যখন দান-খয়রাত করতেন, তখন অমুসলিম গরিব-দুঃখীরাও আসত; তাঁরা অমুসলিমদের দিতে চাইতেন না; বলতেন, ইসলাম কবুল না করলে দেব না। তখন আল্লাহ তাআলা বললেন, তাদের হেদায়েতের দায়িত্ব আপনার হাতে নয়; তাঁর মাধ্যমে বলা মানে সমস্ত উম্মতকে বলা; হেদায়েত দেবেন আল্লাহ তাআলা; তুমি এভাবে সদকার উসিলায় হেদায়েত আনতে পারবে না; তুমি যা কিছু করো, তা তোমার নিজের জন্যই করো; সেই বেচারা যদি ঈমান কবুল না করে, সে তো আল্লাহর কাছে আটকে যাবে; কিন্তু তোমার সওয়াবে কমতি হবে না, তুমি ঠিকই পেয়ে যাবে।

অমুসলিম গরিবকে নফল সদকা

তাহলে এখান থেকে বোঝা গেল: হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ যদি একান্ত গরিব হয়, পাড়ার প্রতিবেশী, আশেপাশের কেউ, বা কারো আত্মীয় যদি কোনো কারণে এমন হয়ে যায়, তাহলে তাদের সাহায্য করা জায়েজ। শুধু যাকাত ও ফিতরা তাদের দেওয়া যাবে না; কিন্তু নফল সদকা-খয়রাত তাদের দেওয়া যাবে।

যাকাতের ব্যাপারে আটটি খাত আছে; সেখানে অমুসলিমদের জন্যও একটা খাতের কথা আছে: যাদের অন্তর জয় করার জন্য দান করা; নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করেছেন, মাঝেমধ্যে কিছু অমুসলিমকে বেশি করে দিয়েছেন। দেওয়ার কারণে কী হয়েছে? তিনি গোত্রপ্রধানকে খুব বেশি করে দিয়েছেন; এত দিয়েছেন যে সে সেগুলো পেয়ে খুশি হয়ে নিজের গোত্রে, নিজের গ্রামে, নিজের শহরে চলে গেছে; গিয়ে বলেছে: শোনো, আমি ইসলাম কবুল করেছি; নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এত দিয়েছেন; তিনি এমনভাবে দেন যে কী পরিমাণ দিলেন, তার কোনো চিন্তা থাকে না; সবাই এসো, ইসলাম কবুল করো। তারপর তার গোত্রের সবাই ইসলাম কবুল করে ফেলেছে।

তিনি এমন করেছেন; এখন এই জমানায় এটা জায়েজ আছে কি না, এ নিয়ে ওলামাদের মধ্যে দ্বিমত আছে; সংখ্যাগরিষ্ঠ ওলামা মনে করেন, এই জমানায় এখন আর তা নেই; তখন প্রথম দিকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছিলেন; এখন ইসলাম কবুলে উৎসাহিত করার জন্য, বিশেষ করে যাকাত থেকে, টাকা-পয়সা দেওয়া আর জায়েজ নয়। আর ফিতরার ব্যাপারে এসেছে, মুসলমানদের ধনীদের কাছ থেকে নিয়ে মুসলমানদের গরিবদের মধ্যে ফিতরা বণ্টন করে দিতে হবে। যাকাত আর ফিতরা ছাড়া বাকি সমস্ত সদকা-খয়রাত আমরা মুসলিম-অমুসলিম সব গরিবকে দিতে পারব; আল্লাহ তাআলা এখানে সবাইকে দেওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন।

যে চায়, সে আসলে উপকার করে

আসল কথা হলো, দেওয়াটা আসলে তোমাদের নিজেদের ফায়দার জন্যই হয়। আমরা যখন দান করে দিই, তাকে দিলাম; তার কিছু সাময়িক ফায়দা হলো; কিন্তু আসলে নিজের ফায়দা হলো। দুনিয়াতে তার যে ফায়দা হয়েছে, এখন পেট ভরে খেল, খুব ভালো লাগল; সে যে ফায়দা পেল, তার চেয়ে আমার ফায়দা কত বেশি হবে! কেয়ামতের দিন অনেক বেশি ফায়দা হবে। আসলে প্রকারান্তরে আমারই ফায়দা হচ্ছে; বরং সে গরিব হিসেবে আমার কাছে হাত পেতে আমার আখেরাতের বিরাট উপকারের রাস্তা খুলে দিল। সেই বেচারা যদি গরিব না থাকত, বা না আসত, আমার কাছে না চাইত, হয়তো দিতামও না।

এজন্য লোকেরা যখন আমাদের কাছে চায়, আমরা মাঝেমধ্যে বিরক্ত হয়ে যাই; অথচ না চাইলে তো অনেক সময় আমরা দিই না। যখন গরিব-মিসকিন বলে, আমি বিপদে পড়েছি, হাত পাতে, তখন আমাদের দেওয়ার একটা উসিলা হয়; নইলে খুব কম লোকই আছি, যে কেউ চাইল না, তবুও খুঁজে খুঁজে বের করে দিচ্ছি। তাহলে চাওয়ার মধ্যে আমাদের বিরক্ত হওয়ার কিছু নেই; বিরক্তি এসে যায়, কিন্তু মনকে বোঝাতে হবে: সে যদি আমার কাছ থেকে কিছু বের করার জন্য চায়, ফায়দাটা আসলে আমারই হবে; সে চেয়ে আমার উপকার করেছে, আমাকে কষ্ট দেয়নি, আমাকে লাভবান করেছে। কিন্তু সেই সময় তা বুঝে আসে না; বুঝে আসে কোনটা? শুধু চায়, এত চায় কেন, এত লোক আসে কেন; বিরক্ত লাগে। আল্লাহ তাআলা আমাদের বোঝাচ্ছেন: শোনো, দাও, দাও; তোমরা যে কল্যাণের কাজ, দান-খয়রাত করো, তা আসলে তোমাদের নিজেদের জন্যই করো।

যা দিয়েছ, তা-ই থাকল

আগের অধ্যায়ে মা আয়েশার যে হাদিস এসেছে: গোশত দিতে দিতে সব শেষ হয়ে গেল; শুধু কাঁধের অংশটা রেখে দিয়েছিলেন, যা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন; তিনি বললেন, আরও দাও; তিনি বললেন, আর কোথা থেকে দেব, সব দিয়ে দিয়েছি, শুধু এই অংশটা আছে। তিনি বললেন: সবটাই আমাদের আছে, শুধু এই অংশটাই আমাদের নেই; বাকি সব আমাদের জন্য নিশ্চিত হয়ে গেল, কিন্তু এটা নিশ্চিত হলো না। আমাদের নফস যা বোঝে, আসল ব্যাপার ঠিক তার উল্টো: দেওয়ার মাধ্যমেই তা আমাদের মালিকানায় নিশ্চিত হয়ে গেল।

শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য

আর মনে রেখো, যখনই দেবে, শুধু আল্লাহকে খুশি করার জন্য দেবে; অন্য কোনো উদ্দেশ্য যেন এখানে কাজ না করে; আল্লাহ তাআলার জন্যই দেবে।

ব্যভিচারিণী, ধনী ও চোরকে দান

মুসলিম-অমুসলিমকে দেওয়ার এই প্রসঙ্গে আরও সুন্দর একটি হাদিস এসেছে; ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তা উল্লেখ করেছেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা উদাহরণ দিয়ে বোঝালেন: একটি লোক নিয়ত করল, আজ রাতে আমি সদকা করব। তার উদ্দেশ্য হয়তো গরিব-মিসকিনকেই দেওয়া; ধনী লোককে দেওয়া তার উদ্দেশ্য নয়; নেককার লোককে দেবে; যারা ফাসেক-ফাজের, তাদের দেওয়াও তার উদ্দেশ্য নয়। রাতের অন্ধকারে সে দেওয়ার জন্য গেল। একজন নারী তাকে বলল, আমার একটু দরকার, আমাকে একটু দিন, আমি একটু ঠেকে গেছি; সে সেই নারীকে দিয়ে দিল। নারীটি ছিল ব্যভিচারিণী, যিনা-ব্যভিচারে লিপ্ত; তাহলে তো নেককার নয়।

সকালবেলা লোকেরা বলাবলি করল: দেখো, এই লোকটা দিতে চায়, আর রাতের বেলা একজন ব্যভিচারিণীর হাতে দিয়ে এসেছে; সদকা দিবি তো ভালো জায়গায় দে! তার সমালোচনা শুরু হয়ে গেল। সেই বেচারা লোকদের সমালোচনা শুনে বলল:

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَىٰ زَانِيَةٍ

হে আল্লাহ, ব্যভিচারিণীকে দেওয়ার পরও আপনারই প্রশংসা।

আল্লাহ, তবুও আমি আপনার শুকর আদায় করি; আমি তো আল্লাহর ওয়াস্তে দিতে গিয়েছিলাম; আমি তো জানতাম না যে সে যিনা-ব্যভিচার করে; আমি মনে করেছি, হয়তো তার দরকার, গরিব-দরিদ্র হবে; আল্লাহ, আমি তো আপনাকে খুশি করার জন্য দিয়েছি; তবুও আমি আপনার শুকর আদায় করি যে আপনি আমাকে দেওয়ার তৌফিক দিয়েছেন। তারপর বলল: দেখি, আগামীকাল রাতে আল্লাহ তাআলা কোনো ভালো লোকের কিসমতে আমার দান ফেলেন কি না।

পরের রাতে আবার কিছু খয়রাত নিয়ে গেল; সেখানে এক ধনী লোক হাত পেতে বসে আছে; দান গিয়ে পড়ল তার হাতে। এই বেচারা রাতের অন্ধকারে লুকিয়ে দিতে চায়, জানাজানি করেনি, পরিচয় দেয়নি, তাকে চেনেনি; দিয়ে দিল; ধনী লোকটা সেই রাতে নিয়ে গেল। পরদিন সকালে লোকেরা সমালোচনা করল: দেখো, দান করবে, আর ধনী লোকের হাতে দিয়ে দিল! দেশজুড়ে কত গরিব আছে, সেগুলো চোখে দেখল না? এই বেচারার কানে কথাটা এলো; সে একই কথা বলল:

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَىٰ غَنِيٍّ

হে আল্লাহ, ধনীকে দেওয়ার পরও আপনারই প্রশংসা।

আল্লাহ, আমি তো দিয়েছি, আপনি আমার নিয়ত জানেন; এই ধনী লোক যে ধোঁকা দিয়ে নিয়ে গেল, তা কি আমি জানতাম? আমি তো আপনার উদ্দেশ্যেই দিয়েছি, আল্লাহ; তবুও আলহামদুলিল্লাহ, আপনি আমাকে তৌফিক দিয়েছেন।

পরের রাতে আবার: আল্লাহ, আজ রাতেও তোমার উদ্দেশ্যে কিছু দান-খয়রাত করব। সেই রাতে যাকে দিল, সে একজন বড় চোর। লোকেরা বলল: দেখো, আজ রাতে চোরকে দিতে এসেছে, দুনিয়াতে আর মানুষ দেখল না! তিন রাত যাওয়ার পর সে বলল:

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَىٰ زَانِيَةٍ، وَعَلَىٰ غَنِيٍّ، وَعَلَىٰ سَارِقٍ

হে আল্লাহ, ব্যভিচারিণী, ধনী ও চোরকে দেওয়ার পরও আপনারই প্রশংসা।

আল্লাহ, আমি তো আপনার রাস্তায় দান করলাম; কিন্তু একজন হয়ে গেল ব্যভিচারিণী, একজন ধনী, একজন চোর। তারপর রাতে দোয়া-টোয়া করে শুয়ে পড়ল। এরপর হতে পারে স্বপ্নে, অথবা মৃত্যুর পরে আখেরাতে আল্লাহ তাআলার সঙ্গে তার দেখা হলো; হাদিসে তার স্পষ্ট ব্যাখ্যা আসেনি; তার কাছে খবর এলো, তাকে বলা হলো:

أَمَّا صَدَقَتُكَ فَقَدْ قُبِلَتْ

তোমার সদকা তো কবুল হয়ে গেছে।

দেখো, তোমার নেক নিয়তের সদকা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কীভাবে কবুল হলো? ব্যভিচারিণী নারী হয়তো পতিতা হতে পারে; তোমার এই ভালো সম্পদ পেয়ে, তুমি অবশ্যই ভালো পরিমাণ দিয়েছিলে, তোমার এই ভালো পরিমাণ দান হয়তো তাকে পতিতাবৃত্তি থেকে সরিয়ে আনতে পারে। ধনী লোকটা যখন তোমার পয়সা নিয়ে বাড়ি চলে গেল, আল্লাহ তাআলা হয়তো তাকে চিন্তা দিতে পারেন: দেখো, এই লোকটা দান করল; লোকটা তো ধনী, দান করল; আমিও তো ধনী, অথচ আমি মানুষকে দান করি না, নিতে গিয়েছি; তার বিবেক তাকে দংশন করতে পারে, তোমার এই দানের কারণে তার মধ্যে পরিবর্তন চলে আসতে পারে। আর চোর যখন মোটামুটি ভালো পরিমাণ পেয়ে গেল, সে চিন্তা করল: আল্লাহ, রাতের অন্ধকারে কাকে এনে আমার হাতে একটা বড় পোঁটলা ঢুকিয়ে দিলে! আল্লাহ, তুমি তো মেহেরবানি করেছ; থাক, আমার আর চুরি-টুরির দরকার নেই, তওবা করে ফেলি; হয়তো চোর ভালো হয়ে যেতে পারে। কাজেই তুমি ক্ষতিগ্রস্ত হওনি, তোমার সদকা কবুল হয়ে গেছে।

গুনাহে সহযোগিতা নয়

ইমাম ইবনে কাসির এই হাদিস এজন্য এনেছেন যে অনেক সময় মুসলিম-অমুসলিম, বা এমন যেকোনো জায়গায় দান-সদকা হলেও তা কাজে লেগে যেতে পারে। অবশ্য যদি জেনেশুনে এমন কোনো লোককে দেওয়া হয় যে পয়সা দিলেই সে গিয়ে এখন মাদক খাবে, পয়সা দিলেই গিয়ে মদ খাবে, তাহলে সেখানে নিষেধাজ্ঞা আছে: নেক কাজে একে অপরকে সহযোগিতা করো, আর গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করো না। এখানে আরেকটা মূলনীতি আছে; কোরআন-হাদিসের সবগুলো সামনে রাখতে হয়; একটা শুনে যদি আরেকটা বাদ দিই, তাহলে উল্টো দিকে চলে যেতে পারি; এজন্য মাঝেমধ্যে ভারসাম্য করতে হয়। যাই হোক, সোজা কথা হলো, সেই বেচারা হয়তো জানতেন না; নেক নিয়তে দিয়েছেন, আর আল্লাহ তাআলা তা কবুল করে ফেলেছেন।

নাম-যশের জন্য দান

এরপর আল্লাহ তাআলা বলছেন, এটাই মূল কথা: তোমরা যা কিছু করবে, সবকিছুর নিয়ত থাকবে আল্লাহ তাআলার সন্তুষ্টি; এর মধ্যে যেন কোনো আপস না হয়ে যায়। অনেক সময় লোকেরা আল্লাহর সন্তুষ্টির জন্য করে না; কী জন্য করে? নিজের মান, নাম, যশ, খ্যাতির জন্য। অনেকে দেশে নির্বাচন করবে; এখন থেকে পাঁচ বছর আগে কত রাস্তাঘাট বানিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় মসজিদ, মাদ্রাসা, স্কুলে গিয়ে দান-খয়রাত করে এসেছে; উদ্দেশ্য কী? এবার নির্বাচন আসছে, এখন নির্বাচন করবে। এটা কি ফী সাবীলিল্লাহ হলো? কয়েক বছর ধরে নিজের এলাকায় এভাবে দিয়ে দিয়ে বিনিয়োগ করেছে, নিজেকে দানবীর সাজানোর চেষ্টা করেছে; কেয়ামতের দিন এমন লোকেরা অনেক আফসোস করবে: আল্লাহ, এত কিছু দিলাম, এখন দেখি কিছুই পাওয়া যাচ্ছে না। এটা কাউকে নির্দিষ্ট করে বলা নয়; আমাদের সবার নফসের জন্য এখানে শিক্ষা আছে, এটা একটা উদাহরণ।

তিন ব্যক্তির হাদিস

সেই তিন ব্যক্তির হাদিস: তাদের একজন, যাকে আল্লাহ তাআলা অনেক ধন-সম্পদ, টাকা-পয়সা দিয়েছেন। আল্লাহ তাআলা বলবেন: তোমাকে এত টাকা-পয়সা দিলাম, টাকা-পয়সা দিয়ে কী করলে? সে বলবে: আল্লাহ, এমন কোনো খাত ছিল না, যেখানে দিইনি; সব খাতে আমি দিয়েছি। তখন আল্লাহ তাআলা কী উত্তর দেবেন? তুমি দিয়েছ ঠিকই, কিন্তু দিয়েছ নাম, যশ, খ্যাতি কুড়ানোর জন্য; যাদের কাছ থেকে নাম, যশ, খ্যাতি অর্জন করতে চেয়েছ, তাদের কাছে গিয়ে দেখো কিছু পাওয়া যায় কি না; আমার কাছে তোমার কিছু নেই। বরং তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে; আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাই।

এজন্য আল্লাহ তাআলার উদ্দেশ্যেই দিতে হবে: “ওয়া মা তুনফিকূনা ইল্লাবতিগাআ ওয়াজহিল্লাহ”, তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্যে দান-খয়রাত করো না; অন্য কোনো উদ্দেশ্যের দরকার নেই, তা কোনো কাজে লাগবে না।

পূর্ণ প্রতিদান, কোনো জুলুম নয়

“ওয়া মা তুনফিকূ মিন খাইরিন ইউওয়াফফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামূন”: আর তোমরা যা কিছু দান করবে, সবকিছু তোমাদের পূর্ণ করে ফেরত দেওয়া হবে; আর তোমাদের প্রতি একটুও জুলুম করা হবে না, একটুও কম দেওয়া হবে না। তুমি দান করলে তার পুরস্কার পাবে না, এমন জুলুম আল্লাহ তাআলা করবেন না। তুমি দান করেছিলে, আর ফেরেশতারা হিসাব রাখতে ভুলে গেছেন, তাই তুমি পেলে না, তা হবে না; “ইউওয়াফফা ইলাইকুম”, পূর্ণাঙ্গভাবে, পরিপূর্ণভাবে তোমাকে দেওয়া হবে, একটুও জুলুম করা হবে না।

তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের দুটো জিনিস চাওয়া দরকার: এক, আল্লাহ তাআলা যেন আমাদের বেশি করে দান-খয়রাতের তৌফিক দেন, কৃপণতা থেকে বাঁচিয়ে দেন। দুই, যে দান-খয়রাত করব, তা যেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে, লিওয়াজহিল্লাহ হয়, আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন দান করতে পারি।

শর্ত আর সংবর্ধনার দান

নাম, যশ, খ্যাতি: আমার নামে কলেজ করে দেবে, আমার নামে ওই এলাকার নাম রাখবে, আমার নামে বা বাবার নামে কিছু করে দেবে; এমন শর্ত-শারায়েত করে দেওয়া এখন অনেক বেশি। অথচ মুমিনের কথা হলো, আমি এগুলো কিছুই চাই না। অন্য আয়াতে এসেছে:

إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا

আমরা তো তোমাদের খাওয়াই শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য; আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও চাই না।

এই দান-খয়রাতের বিনিময়ে তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতা, আমাকে ধন্যবাদ বলতে হবে, এমন কোনো দাবি-দাওয়া আমার নেই; আমাকে সংবর্ধনা দিতে হবে, এমনও নয়; লোকেরা যেমন সংবর্ধনার জন্য অনুষ্ঠান করে: এত বড় দানবীর এসেছেন, তাঁর জন্য সংবর্ধনার আয়োজন করি; না করলে আর দেবে না, করলে মোটামুটি আগামী বছরও কিছু দেবে; এমন নয়। “ইন্নামা নুত’ইমুকুম লিওয়াজহিল্লাহ”, আমরা শুধু আল্লাহর উদ্দেশ্যেই তোমাদের খাওয়াই, দান করি, যা কিছু দিই; “লা নুরীদু মিনকুম জাযাআন ওয়ালা শুকূরা”, তোমাদের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা, এগুলো কিছুই চাই না; একদম লিওয়াজহিল্লাহ।

এই জিনিসটা অনেক বড় নেয়ামত। আল্লাহ তাআলা যাদের এই ইখলাস দান করেছেন, সহিহ নিয়ত দান করেছেন, রিয়ার মতো একটা খারাপ জিনিস থেকে দূরে রেখেছেন, তারা বড়ই সৌভাগ্যবান।