তালূত ও জালূতের ঘটনা

সূরা আল-বাকারার দুইশ ছেচল্লিশ নম্বর আয়াত থেকে একটি দীর্ঘ ঘটনা শুরু হয়েছে, আর ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ: তালূত ও জালূতের ঘটনা। এই ঘটনা ঘটে বনী ইসরাঈলের ইতিহাসে, হযরত দাউদ আলাইহিস সালামের আগমনের প্রাক্কালে।

أَلَمْ تَرَ إِلَى الْمَلَإِ مِن بَنِي إِسْرَائِيلَ مِن بَعْدِ مُوسَىٰ إِذْ قَالُوا لِنَبِيٍّ لَّهُمُ ابْعَثْ لَنَا مَلِكًا نُّقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ ۖ قَالَ هَلْ عَسَيْتُمْ إِن كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ أَلَّا تُقَاتِلُوا ۖ قَالُوا وَمَا لَنَا أَلَّا نُقَاتِلَ فِي سَبِيلِ اللَّهِ وَقَدْ أُخْرِجْنَا مِن دِيَارِنَا وَأَبْنَائِنَا ۖ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا إِلَّا قَلِيلًا مِّنْهُمْ ۗ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ

আপনি কি মূসার পরে বনী ইসরাঈলের নেতৃস্থানীয়দের দেখেননি, যখন তারা তাদের নবীকে বলল, আমাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করে দিন, আমরা আল্লাহর পথে লড়াই করব? তিনি বললেন, এমন তো হতে পারে যে তোমাদের উপর লড়াই ফরজ করা হলে তোমরা লড়াই করবে না? তারা বলল, আমাদের কী হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না, অথচ আমাদের ঘরবাড়ি ও সন্তানদের থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে? তারপর যখন তাদের উপর লড়াই ফরজ করা হলো, তখন তাদের অল্প কয়েকজন ছাড়া সবাই মুখ ফিরিয়ে নিল। আর আল্লাহ জালিমদের ভালো করেই জানেন।

আপনি কি দেখেননি, মূসা আলাইহিস সালামের পরে বনী ইসরাঈলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ থেকে শুরু করে তাদের লোকদের কী হয়েছিল? “ইয কালূ লিনাবিয়্যিল লাহুম”, যখন তারা তাদের সমসাময়িক নবীকে বলল, “ইবআস লানা মালিকান”, আমাদের জন্য একজন রাজা-বাদশাহ নিযুক্ত করে দিন, “নুকাতিল ফী সাবীলিল্লাহ”, আমরা তার নেতৃত্বে আল্লাহর রাস্তায় লড়াই করব।

তিনি তাদের স্মরণ করিয়ে দিলেন: দেখো, গুরুত্ব দিয়ে ভাবো; তোমরা এখন জিহাদের জন্য, লড়াইয়ের জন্য দাবি জানাচ্ছ; যদি আল্লাহ তাআলা তা ফরজ করে দেন, জিহাদ করতেই হবে, তখন যদি লড়াই না করো, জিহাদ না করো, তাহলে কী কঠিন পরিস্থিতি হতে পারে, তার শাস্তি কী হতে পারে? তারা বলল: কী কারণ থাকতে পারে যে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব না? অথচ আমাদের বাড়িঘর থেকে, সন্তান-সন্ততি থেকে বহিষ্কার করা হয়েছে, নির্বাসিত করা হয়েছে। কিন্তু যখন সত্যিই আল্লাহ তাআলা লড়াই ফরজ করে দিলেন, তখন অল্প কিছু লোক ছাড়া তাদের অনেকেই এই রাস্তা থেকে মুখ ফিরিয়ে নিল; আর এমন জালিম সম্প্রদায়ের লোকদের আল্লাহ ভালো করেই জানেন।

ওয়াহব ইবনে মুনাব্বিহের বর্ণনা

ওয়াহব ইবনে মুনাব্বিহ রহমাতুল্লাহি আলাইহি একজন তাবেঈ; তিনি আহলে কিতাব ইহুদি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন, পরে ইসলাম কবুল করেন; তিনি তাদের অনেক বড় আলেম পর্যায়ের লোক ছিলেন, তাওরাত এবং বনী ইসরাঈলের অনেক বিষয় সম্পর্কে তাঁর প্রচুর জ্ঞান ছিল। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে তিনি বলেছেন:

كَانَ بَنُو إِسْرَائِيلَ بَعْدَ مُوسَىٰ عَلَيْهِ السَّلَامُ عَلَىٰ طَرِيقِ الِاسْتِقَامَةِ مُدَّةً مِنَ الزَّمَانِ، ثُمَّ أَحْدَثُوا الْأَحْدَاثَ، وَعَبَدَ بَعْضُهُمُ الْأَصْنَامَ، وَلَمْ يَزَلْ بَيْنَ أَظْهُرِهِمْ مِنَ الْأَنْبِيَاءِ مَنْ يَأْمُرُهُمْ بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنْكَرِ، وَيُقِيمُهُمْ عَلَىٰ مَنْهَجِ التَّوْرَاةِ، إِلَىٰ أَنْ فَعَلُوا مَا فَعَلُوا، فَسَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ أَعْدَاءَهُمْ، فَقَتَلُوا مِنْهُمْ مَقْتَلَةً عَظِيمَةً، وَأَسَرُوا خَلْقًا كَثِيرًا، وَأَخَذُوا مِنْهُمْ بِلَادًا كَثِيرَةً

মূসা আলাইহিস সালামের পর বনী ইসরাঈল কিছুকাল সঠিক পথে ছিল; তারপর তারা নানা নতুন বিষয় উদ্ভাবন করল, আর তাদের কেউ কেউ মূর্তিপূজা শুরু করল। তাদের মধ্যে সবসময় এমন নবী থাকতেন, যিনি তাদের সৎকাজের আদেশ দিতেন, অসৎকাজ থেকে নিষেধ করতেন এবং তাওরাতের পথে প্রতিষ্ঠিত রাখতেন; অবশেষে তারা যা করার তা করল; তখন আল্লাহ তাদের উপর তাদের শত্রুদের চাপিয়ে দিলেন; তারা তাদের ব্যাপক হত্যা করল, বহু লোককে বন্দী করল এবং তাদের অনেক জনপদ দখল করে নিল।

মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পর বনী ইসরাঈল বেশ কিছুদিন মোটামুটি ইস্তিকামাতের উপর ছিল, সহিহ দ্বীনের উপর আমল করেছে, দ্বীনের উপর টিকে থাকার চেষ্টা করেছে। তারপর যা সচরাচর ঘটে: নবীদের ইন্তেকালের পর উম্মতের মধ্যে আস্তে আস্তে দুর্নীতি ঢোকে, অবনতি চলে আসে, কুসংস্কার অনুপ্রবেশ করে। তাদের মধ্যেও এমন বিকৃতি চলে এলো; তারা দ্বীনের রাস্তা থেকে আস্তে আস্তে সরে গেল, অন্য রাস্তায় যাওয়া শুরু করল; বনী ইসরাঈলের কেউ কেউ এমনকি মূর্তিপূজাও শুরু করে দিল।

তারপরও আল্লাহ তাআলা তাদের মধ্যে বারবার, কিছুদিন পরপর একজন নবী পাঠাতেন, আমর বিল মা’রূফ ও নাহি আনিল মুনকারের কাজ করার জন্য, সংস্কার করার জন্য, দ্বীন ও তাওহীদের দিকে ফিরিয়ে আনার জন্য; নবীরা প্রচেষ্টা চালাতে থাকতেন; তাওরাতের তরিকার উপর টিকে থাকার জন্য বারবার নবী এসে তাদের তাকিদ, সতর্ক, পথনির্দেশ ও সংশোধনের কাজ করেছেন। তারপরও তাদের বিকৃতি আর থামে না।

বিকৃতির চূড়ান্ত পর্যায়ে, অধঃপতন ঘটে গেলে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন তাদের একটু শাস্তি দিতে হবে। কীভাবে শাস্তি দেবেন? যখন কোনো উম্মত নবীর তরিকায় থাকে না, তখন শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা যে রাস্তা অবলম্বন করেন, তা হলো বিজাতীয় শক্তিকে তাদের উপর চড়াও করে দেন। আমালেকা নামে একটা গোষ্ঠী ছিল, মুশরিক সম্প্রদায়; তারা এদের দেশে হামলা করে; “ফাকাতালূ মিনহুম মাকতালাতান আযীমাহ”, ব্যাপক হত্যাযজ্ঞ চালায়, বনী ইসরাঈলের উপর চড়াও হয়ে ব্যাপক নির্যাতন করে, বহু লোককে নিধন করে; অনেক লোককে বন্দী করে নিয়ে যায়; অনেক দেশ, শহর, বন্দর, নগর, গ্রাম দখল করে নেয়।

এই অবস্থায় বনী ইসরাঈলের দীর্ঘদিনের অধঃপতনের কাহিনি: তারা অনেক কষ্ট ভোগ করল, লাঞ্ছনার শিকার হয়ে গেল; আর এর ফাঁকে বেশ কিছুদিন কোনো নবীও এলেন না; আল্লাহ তাআলা তাদের শাস্তি দেওয়ার জন্য অন্য জাতিকে চড়াও করে দিলেন।

নবী শামঊন বা শামুইল

শেষ পর্যন্ত আল্লাহ তাআলা শামঊন, কোনো কোনো রেওয়ায়েতে শামুইল নামে আরেকজন নবী পাঠালেন। আল্লাহ তাঁকে ওহী দেওয়ার পর তিনি তাদের ডাকলেন: আবার এসো; আমরা তো আমাদের ইসলাম ছেড়ে, তাওরাত ছেড়ে, মূসা আলাইহিস সালামের তরিকা ছেড়ে একেবারে কুসংস্কারে নিমজ্জিত ছিলাম; এখন এসো, আমরা সবাই আল্লাহর তাওহীদের দিকে আসি, আবার দ্বীনের দিকে আসি।

তিনি তাদের ডেকে একত্রিত করলেন। তারা বলল: ঠিক আছে, আমরা আপনার কথা কিছু শুনব; তবে আমরা যে ছত্রভঙ্গ হয়ে ছিটিয়ে আছি, যেভাবে নির্যাতিত হয়ে আছি, অন্য জাতির হামলার শিকার হয়ে ঘরবাড়ি সব হারিয়ে বসেছি, আমাদের জন্য আল্লাহ তাআলাকে বলুন একজন বড় শক্তিশালী রাষ্ট্রনায়ক, একজন বাদশাহ জোগাড় করে দিতে, যিনি ভালো নেতৃত্ব দিয়ে আমাদের সম্পদ, দেশ ও জাতিকে উদ্ধারের জন্য যুদ্ধ-জিহাদে আমাদের নেতৃত্ব দেবেন।

এই উম্মতের সঙ্গে মিল

তাদের কথাবার্তা আর পরিস্থিতি অনেকটা এই উম্মতের অবস্থার মতো। এই উম্মতের প্রায়ই দেখা যায়, সহিহ দ্বীন ছেড়ে, তাওহীদ ছেড়ে শিরকের দিকে, কুসংস্কারের দিকে রওনা হয়ে যায়। কিন্তু এই উম্মতের জন্য তো আল্লাহ তাআলা আর নবী পাঠাবেন না; তাহলে এই কাজ কাদের করতে হবে? ওলামাদের করতে হবে; আর যারা এই দ্বীনের সক্রিয় সদস্য হবেন, সত্যিকার মুসলমান হবেন, তাদের সবাইকে দাঈ, দাঈ ইলাল্লাহ হতে হবে; সবাইকে ইসলাহের কাজ, দাওয়াতের কাজ, আমর বিল মা’রূফ ও নাহি আনিল মুনকারের কাজ করার চেষ্টা করতে হবে; আর আলেমদের দায়িত্ব সবার চেয়ে অনেক বেশি। বনী ইসরাঈলের জন্য নবী পাঠানো হয়েছে, এখানে নবী পাঠানো হবে না।

আরেকটা দিক দেখুন: উম্মত তো এখনো আছে, আলেম-ওলামাও কিছু আছে; কিন্তু উম্মতকে নেতৃত্ব দেওয়ার মতো লোক ঠিকমতো আছে? উম্মত দুর্দিনে পড়লে শুধু ভালো নেতা খোঁজে।

একসময় বাইতুল মাকদিস নিয়ে গিয়েছিল ক্রুসেডাররা। তখন তা উদ্ধারের জন্য আলেম-ওলামা অনেক উৎসাহিত করলেন। ছোটখাটো অনেক রাজা-বাদশাহ ছিল, কিন্তু এত বেশি রাজা-বাদশাহ, এত বেশি ছোট ছোট খণ্ডরাষ্ট্র যে কেউ কারো কথা শোনে না, ঐক্যবদ্ধ করার কেউ নেই। তখন আল্লাহ তাআলা বাইতুল মাকদিস উদ্ধারের জন্য এই মুসলিম উম্মাহর ভেতর থেকে আল্লাহর এক বান্দাকে নিয়ে এলেন; তাঁর নাম কী? সালাহউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ। তিনি ছোটখাটো সব শাসককে একত্রিত করলেন, বললেন, সবাই মিলে ঐক্যবদ্ধ হও। আল্লাহ তাআলা তাঁকে যথেষ্ট যোগ্যতা, ইখলাস, দ্বীনের মহব্বত, কুরবানির মানসিকতা দান করেছিলেন; তিনি জিহাদের ডাক দিলেন, আর আল্লাহ তাআলা বাইতুল মাকদিস উদ্ধার করে দিলেন।

বনী ইসরাঈল ওই অবস্থার দিকে চলে গিয়েছিল; এজন্য উদ্ধারের জন্য তাদের একজন শক্তিশালী রাষ্ট্রনায়ক লাগবে। এই উম্মতও অনেক সময় এমন অবস্থায় চলে আসে, আর সবাই খোঁজে সালাহউদ্দিন কবে পাওয়া যাবে। তাহলে কি সালাহউদ্দিন না আসা পর্যন্ত বসে থাকবেন? প্রত্যেকের নিজ নিজ জায়গায় নিজ দায়িত্ব আছে: দ্বীনের সহিহ তালীম, তাআল্লুম, আমল যদি অন্তত থাকে, আশা করা যায় আল্লাহ তাআলা এমন লোকের তৌফিক দেবেন, যে ইসলাহের কাজের মাধ্যমে এই উম্মতকে নেতৃত্ব দেবে, এগিয়ে নেবে। অথচ এখন এই মূল দ্বীনের কাজটাই ঠিকমতো চলছে না।

নবীর নাম কোথা থেকে

যাই হোক, বনী ইসরাঈল দাবি করল: আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আর আল্লাহকে বলে একজন রাষ্ট্রনায়ক ঠিক করে দিন; তিনি ডাক দিলে, আমাদের ঐক্যবদ্ধ করলে, নেতৃত্ব দিলে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব, জিহাদ করব।

এই নবী শামঊন বা শামুইলের নাম কি কোরআন শরীফে এসেছে? আসেনি। কোরআন শরীফে যে পঁচিশজন নবীর নাম এসেছে, সেই তালিকায় শামঊন বা শামুইল নেই। তাহলে নামটা পাওয়া গেল কোথায়? দুইশ ছিয়াত্তর [উৎসে যেমন বলা] নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা তাদের নবীকে বলল; এখানে নবীর ইঙ্গিত আছে, নবীর কথা আছে, কিন্তু নবীর নাম উল্লেখ করা হয়নি। নামটা পাওয়া গেল ইসরাঈলি ইতিহাসে: ওয়াহব ইবনে মুনাব্বিহ রহমাতুল্লাহি আলাইহি যেহেতু ইসরাঈলি ইতিহাসে বেশ অভিজ্ঞ, তিনি নামটা জোগাড় করেছেন; আর তিনি ইসলাম কবুল করেছেন, তাই তাঁর তথ্য নির্ভরযোগ্য হওয়ার সম্ভাবনা আছে।

এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলের সূত্র থেকে তোমাদের কাছে কোনো তথ্য এলে এর হুকুম হলো: সবগুলোকে সহিহ হিসেবে মানা জরুরি নয়, আবার সবগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়াও নয়; যা কোরআন-হাদিসের সঙ্গে সাংঘর্ষিক, উল্টাপাল্টা মনে হয়, তা ফেলে দিতে হবে; আর যা সাংঘর্ষিক নয়, তা গ্রহণ করার সুযোগ আছে। এখানে কোরআনে নবীর কথা তো আগেই আছে, একজন নবী আছেন, তাঁর নাম নেই; আর ইতিহাসে তাঁর নাম পাওয়া গেল শামঊন বা শামুইল; কাজেই এটা গ্রহণযোগ্য হতে পারে। এভাবে নবীর নাম কোরআন শরীফ থেকে নয়, ইতিহাস থেকে পাওয়া গেছে; কিন্তু কোরআন শরীফে নবীর কথা উল্লেখ আছে: “তাদের নবী”।

অঙ্গীকার ও প্রত্যাখ্যান

নবী শামঊন বা শামুইল বললেন: ঠিক আছে, এই আবদার তো করছ; কিন্তু আল্লাহ তাআলা কাউকে বাদশাহ ঠিক করে দিলে তোমরা সবাই যদি ঠিকমতো তার আনুগত্য না করো, তার নেতৃত্বে ঐক্যবদ্ধ না হও, আর যে কাজের জন্য চেয়েছ, যুদ্ধ-জিহাদের সেই ডাক দিলে সাড়া না দাও, তাহলে জানো পরিস্থিতি কী হতে পারে? আল্লাহ তাআলার গজব ও অভিশাপ তোমাদের উপর নেমে আসবে; ঠিকমতো বুঝে-শুনে এই আবদার করো; আল্লাহ তাআলা তোমাদের কথা কবুল করে দাবি পূরণ করলে তোমাদের আল্লাহর দাবি পূরণ করতে হবে, কথা ঠিক রাখতে হবে। তিনি তাদের প্রতিশ্রুতিবদ্ধ করছেন, অঙ্গীকার নিচ্ছেন, যাতে তারা পিছিয়ে না যায়।

তারা উত্তর দিল: কেন আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব না? আমাদের ঘরবাড়ি, পরিবার-পরিজন, ছেলেমেয়ে সবকিছু থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, উৎখাত করা হয়েছে, বাড়িঘর দখল হয়ে গেছে; এত নির্যাতিত হওয়ার পরও যদি জিহাদ না করি, তাহলে কী কল্যাণের আশা করতে পারি? আমরা এত অপদার্থ হয়ে যাব, তা তো আমরা চিন্তাও করতে পারি না। তারা খুব আত্মবিশ্বাস দেখাল, প্রতিজ্ঞাবদ্ধ হলো, আল্লাহর নবীকে অঙ্গীকার দিল।

তারপর আল্লাহ তাআলা তাদের দরখাস্ত কবুল করলেন। বাদশাহ পাঠানোর কাজ সম্পন্ন হলে আল্লাহ তাআলা বললেন: বাদশাহর আনুগত্য করো, লড়াই করো, জিহাদ করো, প্রস্তুত হও। তখন দেখা গেল সংখ্যাগরিষ্ঠ বলছে: না, এই কাজের জন্য আমরা উপযুক্ত নই। তাদের পূর্বপুরুষরা যেভাবে মূসা আলাইহিস সালামকে বলেছিল, আপনি আর আপনার রব গিয়ে লড়াই করুন, আমরা এখানে বসে থাকি; জিতলে পরে দেখা যাবে; ঠিক সেই রকম কারবার। সংখ্যাগরিষ্ঠ বলল: আমালেকার এই শক্তি, যারা তখন তাদের উপর চেপে বসেছিল, এত বড় শক্তিশালী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ-জিহাদ করার শক্তি আমাদের নেই। সংখ্যাগরিষ্ঠ জিহাদ ছেড়ে দিল; এই উম্মতের মধ্যেও এমন দুর্বলতা দেখা যায়। আল্লাহ তাআলা বলেন, যারা কথা দিয়ে কথা উল্টে ফেলল, এই জালিমদের সম্পর্কে আল্লাহ তাআলা যথেষ্ট অবগত আছেন।

তালূতের নিয়োগ

وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ اللَّهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا ۚ قَالُوا أَنَّىٰ يَكُونُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ أَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِّنَ الْمَالِ ۚ قَالَ إِنَّ اللَّهَ اصْطَفَاهُ عَلَيْكُمْ وَزَادَهُ بَسْطَةً فِي الْعِلْمِ وَالْجِسْمِ ۖ وَاللَّهُ يُؤْتِي مُلْكَهُ مَن يَشَاءُ ۚ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

আর তাদের নবী তাদের বললেন, আল্লাহ তোমাদের জন্য তালূতকে বাদশাহ নিযুক্ত করেছেন। তারা বলল, আমাদের উপর তার রাজত্ব কীভাবে হতে পারে, অথচ রাজত্বের ব্যাপারে আমরা তার চেয়ে বেশি হকদার, আর তাকে প্রচুর সম্পদও দেওয়া হয়নি? তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তাকে তোমাদের উপর মনোনীত করেছেন, আর তাকে জ্ঞানে ও দেহে প্রাচুর্য দান করেছেন; আর আল্লাহ যাকে চান, তাঁর রাজত্ব দান করেন; আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।

তাদের নবী তাদের বললেন, আল্লাহ তাআলা তোমাদের দরখাস্ত কবুল করে তোমাদের নেতৃত্ব দেওয়ার জন্য তালূতকে বাদশাহ হিসেবে নিযুক্ত করেছেন। বাদশাহ হিসেবে তালূতের নাম এলো। বাদশাহ যদি তারা ভোট দিয়ে ঠিক করত, তাহলে কেমন হতো? এখানে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। যখন নবী থাকেন, আল্লাহ তাআলা অনেক কিছুই নবীর মাধ্যমে সরাসরি ওহী দিয়ে পরিচালনা করেন, তখন আর ভোটাভুটির দরকার হয় না; নবীর পরে ভোটাভুটি চলতে পারে, কে তাদের নেতা হবে।

এজন্য নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মুসলমানদের একত্রিত করলেন, তিনি কি বললেন, এবার বসে দেখো তোমাদের নেতা কে হবে, ঠিক করে এসো? অথবা মদিনার মুসলমানরা কি বললেন, কে আমাদের নেতা হবে, আমরা ঠিক করি? নেতা ঠিক করার কি দরকার ছিল? আল্লাহ তাআলা নিয়োগ দিয়ে দিয়েছেন যে নবীই নেতা। এখানেও নবীর কাছে আবদার করেছে, আল্লাহর পক্ষ থেকে একজন বাদশাহ ঠিক করে দিন; আল্লাহ তালূতকে ঠিক করে দিয়েছেন; বাদশাহর ব্যাপারে এখন আর তোমাদের এখানে কোনো ভোটাভুটি চলবে না, আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন।

“আমরা তার চেয়ে বেশি হকদার”

তালূতের ঘোষণা যখন এলো, তালূত হয়তো খুশি; কিন্তু বাকিদের অনেকেই মনে মনে আশা করছিল, আমার নামটা উঠবে কি না; তাদের সমাজে খুব নামকরা এমন বহু লোক ছিল, যারা মনে মনে আশা করছিল, কি জানি বাদশাহর দায়িত্ব আমার কাছে আসে কি না; তারা সবাই বাদ পড়ে গেল, তালূতের কাছে চলে গেল।

তালূত কিন্তু এমন বড়, উঁচু তবকার কোনো লোক ছিলেন না; বড় টাকা-পয়সাওয়ালাও নন; বংশের দিক থেকেও যারা কৌলীন্যের দাবি করে, তিনি তাদের অন্তর্ভুক্ত নন; তিনি একজন অতি সাদামাটা পর্যায়ের লোক; কোনো কোনো রেওয়ায়েতে এসেছে, তিনি চামড়া পরিষ্কারের কাজ করতেন, অতি নগণ্য কর্মচারীর মতো একজন ব্যক্তি। তারা তখন বলল: তালূতের জন্য এই রাজত্বের খবর কীভাবে আসে, তাকে এই আসনে কীভাবে বসানো হয়? অথচ আমাদের অনেকে তার চেয়ে বেশি হকদার, বেশি উপযুক্ত; আর সে বেচারা তো একেবারে গরিব, তার কোনো সম্পদই নেই। রাজা-বাদশাহ হবে, দুনিয়ার সম্পদের মালিক হবে, তার কত জৌলুস, জাঁকজমক থাকবে, বিরাট প্রাসাদের মালিক হবে; এমন না হলে কি বাদশাহ মানায় নাকি? তাদের মধ্যে, বিশেষ করে তাদের বড়লোকদের মধ্যে এমন একটা ভাব।

সব সমাজে একই মানসিকতা

ঠিক যেমন মক্কায় আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুওয়াত দান করলে কুরাইশদের বড় বড় নেতা, ধনী লোকেরা বলল: এমন একজন গরিব লোক আমাদের মধ্যে নবী হয়ে বসবে, অথচ অমুক, অমুক ধনী লোক আছে; নবী হতে হলে তো এমন কেউ হওয়া দরকার ছিল। সমাজের যারা ধনশালী, ধনাঢ্য ব্যক্তিত্ব, সমাজের নেতৃত্বের বড় অংশ তারাই দেবে, এটাই তাদের বিশ্বাস।

এজন্য পৃথিবীর সব সমাজেই যারা তথাকথিত বড়লোক, যারা সমাজের বড় বড় পদ দখল করে থাকে; সাধারণ পরিবার থেকে, গরিব-দুঃখী থেকে হয়তো কখনো ঘটনাক্রমে কেউ একটু উঁচু পদে যেতে পারে; নইলে বেশিরভাগ জিনিস কাদের নিয়ন্ত্রণে থাকে? বড়লোকদের নিয়ন্ত্রণে। এখানকার সমাজে যারা দেশ চালায়, তাদের ছেলেপেলেরা কি সাধারণ স্কুলে পড়ে? তারা গ্রামার স্কুল, প্রাইভেট স্কুলে লেখাপড়া করে সেই লাইনে তৈরি হয়; একেবারে সাধারণ জায়গা থেকে উঠে আসা খুব কমই আছে; মাঝেমধ্যে ঘটনাক্রমে কিছু ঘটে। আমাদের দেশেও তাই। এভাবে সমাজের সুবিধাবাদী শ্রেণি সমাজকে এমনভাবে নিয়ন্ত্রণ করে রাখে যে বড় বড় পদগুলো ঘুরেফিরে তাদের মধ্যেই থাকতে হবে, অন্য কেউ যেন সুযোগ না পায়।

তাদেরও এমন একটা পরিকল্পনা ছিল যে বাদশাহির দাবি করলে ফরমান এলে কোনো এক বড়লোকই তা পেয়ে যাবে; কিন্তু যেই একজন সাধারণ লোক পেয়ে গেল, তা আর বরদাশত করা গেল না; সব সমাজে একই অবস্থা। কিন্তু বনী ইসরাঈলের সেখানে যেহেতু নবী আছেন, তারা বেশি সুবিধা করতে পারল না।

জ্ঞানে ও দেহে প্রাচুর্য

আপত্তি করার পর শেষ পর্যন্ত তারা বলল: তার কোনো সম্পদও নেই, সে কীভাবে রাজা হয়, বাদশাহ হয়? এটা মানায় না। তখন নবী আবার জবাব দিলেন, “কালা ইন্নাল্লাহাসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম”: আল্লাহ তাআলা তোমাদের জন্য তাকে বাছাই করে নিয়েছেন; এই মনোনয়ন আল্লাহ তাআলা দিয়েছেন। কিসের ভিত্তিতে? আল্লাহ তাআলা তাকে জ্ঞানে ও দেহে প্রাচুর্য দিয়েছেন: সে ইলমের দিক থেকে বেশ শক্তিশালী, আর শারীরিকভাবেও; শারীরিকভাবে তালূত মোটামুটি মানানসই, একেবারে ছোটখাটো নয়, একেবারে হ্যাংলা-পাতলা নয়, একেবারে দুর্বল নয়, মোটামুটি শক্তিশালী; আর জ্ঞানের দিক থেকেও ভালো। অর্থনৈতিকভাবে তার অবস্থা তত ভালো না হলেও তার লেখাপড়া ভালো, আর তার শারীরিক গঠন নেতৃত্ব দেওয়ার উপযুক্ত।

ইমাম আল-কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরে বলেন, এজন্য যারা সমাজের নেতৃত্ব দেবে, নেতৃত্বের পর্যায়ে পৌঁছাবে, তাদের যেমন জ্ঞানের দিক থেকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকা দরকার, তেমনি দ্বিতীয়ত দেখতে-শুনতে একটু মানানসই হওয়া দরকার; একদম বেমানান হলে লোকেরা গ্রহণ করবে না; গৌণ হলেও এটাও একটা শর্ত যে খলিফা বা নেতা যে হবে, সে সামাজিকভাবে একটু মানানসই হতে হয়। আর বিশেষ করে লড়াই-জিহাদের প্রসঙ্গ এলে তাকে ভালো শক্তিশালী হতে হবে; সে যদি এত দুর্বল হয় যে দুজনের কাঁধে ভর দিয়ে চলতে হয়, তাহলে এমন কমান্ডারের পেছনে কে জিহাদ করবে, যুদ্ধ করবে? সে শক্তিশালী হলে তার হুংকার, তার বক্তব্য লোকদের অনুপ্রাণিত করবে; বাস্তবে এগুলো কিছু ফ্যাক্টর। আল্লাহর নবী বললেন, যা দরকার, তা দেখেশুনেই আল্লাহ তাআলা তাকে বেছে নিয়েছেন।

“বাসতাহ” মানে যথেষ্ট পরিমাণ, প্রাচুর্য। আগে আমি খেয়াল করিনি; মাওলানা কামারাজ উদ্দিন সাহেব বললেন, বাংলাদেশে আমরা যে “বস্তা” বলি, এটা কিন্তু আরবি শব্দ; তিনি বলার সঙ্গে সঙ্গে আমার মাথায় এলো, আরে, এটা তো এখানে আছে! বাংলায় বস্তা অর্থ কী? থলে; থলের আকার কত? অনেক বড়, যার ভেতরে দুই মণ আঁটে; অনেক বড়টাকেই বস্তা বলি। সোজা তর্জমা করলে, আল্লাহ তালূতকে বেছে নিলেন, সে জ্ঞানের বস্তা আর শক্তির বস্তা; মানে সে তোমাদের জন্য একেবারে উপযুক্ত।

রাজত্ব আল্লাহ যাকে চান দেন

আল্লাহ তাআলার এই বস্তার খবর শুনে তারা থ হয়ে গেল। পরে নবী তাদের আরও বললেন, “ওয়াল্লাহু ইউতী মুলকাহু মাই ইয়াশাউ, ওয়াল্লাহু ওয়াসিউন আলীম”: আল্লাহ তাআলা রাজত্ব দেওয়ার ক্ষেত্রে, ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে যাকে চান মনোনীত করেন। আল্লাহ তাআলার জ্ঞানের পরিধি অনেক বিস্তৃত, তিনি অনেক জানেন; তোমরা মাঝেমধ্যে নিজেদের জ্ঞান খাটিয়ে কাকে বেছে নেবে, তোমাদের চিন্তা তো খুব সীমাবদ্ধ; কিন্তু আল্লাহ তাআলার চিন্তার পরিধি অনেক বিস্তৃত; তিনি সঠিক ব্যক্তিকে বেছে নিয়েছেন, তোমরা তা মেনে নাও। যাকে আল্লাহ পছন্দ করেন, তাকে এই ক্ষমতা দান করেন।

এখন এই আয়াত পড়ে বর্তমান জমানার কোনো ক্ষমতাসীন যদি মনে করে, দেখুন তো, আল্লাহ পছন্দ করেছেন বলেই আমরা ক্ষমতায় আছি; তাহলে কি আল্লাহ তাআলা তাদের এভাবে নবীর মাধ্যমে মনোনয়ন দিয়ে নিয়ে এসেছেন? না। আর যারা জোর করে ক্ষমতায় যায় বা জোর করে থাকে, ক্ষমতার অপব্যবহার করে, মানুষকে নির্যাতন করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কী বলেছেন? আল্লাহ তাআলা যাকে চান কিছুদিন ক্ষমতা দান করেন; “চাওয়া”র অর্থ এই নয় যে তাকে পছন্দ করে ফেলেছেন; তার পরীক্ষা হচ্ছে; সে যদি এই পরীক্ষায় না টেকে, ধরাকে সরা জ্ঞান করা শুরু করে, নির্যাতনের জন্য এই ক্ষমতা ব্যবহার করে, তাহলে তাকে লাঞ্ছিত করতে আল্লাহর সময় লাগবে না, আর আল্লাহ তাআলা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেবেন, সময় লাগবে না। এমন বহু ক্ষমতাধরের হাত থেকে আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন: ফিরআউনের হাত থেকে, নমরূদের হাত থেকে, এত বড় শক্তিশালী ক্ষমতাধরদের কাছ থেকেও আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন।

তাবূতের নিদর্শন

وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ آيَةَ مُلْكِهِ أَن يَأْتِيَكُمُ التَّابُوتُ فِيهِ سَكِينَةٌ مِّن رَّبِّكُمْ وَبَقِيَّةٌ مِّمَّا تَرَكَ آلُ مُوسَىٰ وَآلُ هَارُونَ تَحْمِلُهُ الْمَلَائِكَةُ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ

আর তাদের নবী তাদের বললেন, তার রাজত্বের নিদর্শন এই যে তোমাদের কাছে সেই তাবূত আসবে, যাতে রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি, আর মূসার পরিবার ও হারূনের পরিবারের রেখে যাওয়া কিছু অবশিষ্টাংশ; ফেরেশতারা তা বহন করে আনবে। নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা মুমিন হও।

তাদের নবী শামঊন বা শামুইল আলাইহিস সালাম তাঁর উম্মতকে ডেকে বলছেন: হে উম্মত, তোমরা জেনে রাখো, আল্লাহ তালূতকে তোমাদের বাদশাহ হিসেবে পছন্দ করেছেন; এটা আল্লাহর পছন্দের ব্যাপার, আমি নিজে কাউকে বেছে নিইনি; এটা আমার কোনো পক্ষপাতিত্ব নয়; আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের বলছি। তাঁর বক্তব্যের পরও তারা সন্তুষ্ট নয়; তাদের ভেতরে এখনো দ্বিধাদ্বন্দ্ব আর আপত্তির একটা ধারা রয়ে গেছে, তিনি তা টের পেলেন। তিনি বললেন: দেখো, সে যে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত, তার প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা এখন একটা মুজিযা দেখাবেন: তার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের কাছে তাবূত ফিরিয়ে আনবেন।

বনী ইসরাঈলের মধ্যে একটা তাবূত ছিল; এটা আল্লাহ তাআলার একটা মুজিযার বিষয়। এই তাবূত একটা বাক্সের মতো, সিন্দুকের মতো, অত্যন্ত মজবুত কাঠ দিয়ে তৈরি, লোহার মতো শক্ত কাঠ। এই তাবূতের ভেতরে আল্লাহ তাআলা কিছু জিনিস রেখেছিলেন: “আলু মূসা” ও “আলু হারূন”, মূসা ও হারূন, এই দুই নবীর পরিবারের অনেক কিছু; কোনো কোনো রেওয়ায়েতে মূসা আলাইহিস সালামের লাঠি এবং হারূনের কিছু জিনিস, তাদের পরিবারের কিছু চিহ্ন সেখানে রাখা ছিল। আল্লাহ তাআলা মুজিযা হিসেবে একে বরকতের কারণ বানিয়ে দিয়েছিলেন। যতদিন এই তাবূত তাদের কাছে ছিল, তারা যুদ্ধ-জিহাদের ময়দানে সব জায়গায় এই সিন্দুক নিয়ে যেত, সামনে রাখত; এটা থাকলে আল্লাহ তাআলা তাদের কখনো পরাজিত করতেন না; এর ভেতরে এত কল্যাণ ও বরকত ছিল।

কিন্তু যখন তারা দ্বীন থেকে বিচ্যুত হয়ে গেল, কুসংস্কারের দিকে ঝাঁপিয়ে পড়ল, শিরক-বিদআতে ঢুকে গেল, তখন আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সেই তাবূত নিয়ে গেলেন: এই জালিম শক্তি তাদের আক্রমণ করে তাদের শক্তির কেন্দ্র এই তাবূত ছিনিয়ে নিয়ে গেল; তারা মনে করল, এই তাবূতের বাক্স নিজেদের কাছে রাখলে এই জাতিকে তারা পরাজিত করতে সক্ষম হবে; তারা তা ছিনিয়ে নিয়ে গেল, আর এই জাতি পরাজিত হয়ে গেল। এখন আল্লাহ তাআলা এই তাবূত তার কাছে ফিরিয়ে আনছেন। ফলে এই জাতির মধ্যে আবার উৎসাহ এলো: আলহামদুলিল্লাহ, আমরা তালূতের নেতৃত্বে যুদ্ধ করব; আল্লাহ তাআলা আমাদের তাবূত ফিরিয়ে দিয়েছেন; তাদের মধ্যে জিহাদের সাড়া পড়ে গেল।

তাবূতের মধ্যে কী আছে? আল্লাহ তাআলা নবীর ভাষায় বলে দিচ্ছেন: এই তাবূতের মধ্যে এমন বরকত আছে যে এটা এলেই তোমাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাকীনা, শান্তি, প্রশান্তি আসবে, তোমাদের অস্থিরতা দূর হয়ে যাবে; আর “বাকিয়্যাহ”, কিছু অবশিষ্টাংশ, কিছু চিহ্ন, কিছু জিনিসপত্র আছে, যা মূসা আলাইহিস সালামের পরিবার আর হারূন আলাইহিস সালামের পরিবারের পক্ষ থেকে পাওয়া গেছে। আর এই তাবূত তাদের কাছ থেকে কে আনবে? ফেরেশতারা বহন করে নিয়ে আসবেন, এনে তালূতের কাছে রাখবেন; তোমরা দেখতে পাবে। আর কী আলামত চাও? আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বাদশাহ এমন মুজিযাসহ আসছেন; এরপরও কি তোমাদের দ্বিধাদ্বন্দ্ব কাটবে না, মেনে নেবে না? তাবূত আসার মধ্যে তোমাদের জন্য রয়েছে বিশাল আয়াত, অনেক বড় মুজিযা, বড় চিহ্ন, বড় আলামত, যদি তোমরা সত্যিকার মুমিন হও।

এরপর তাদের আর দ্বিধাদ্বন্দ্ব থাকল না; স্বাভাবিকভাবেই তারা মেনে নিতে বাধ্য হলো। এখন তালূত দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হচ্ছেন: দায়িত্ব গ্রহণ করলেন, তাদের জিহাদে যাওয়ার ডাক দিলেন, প্রশিক্ষণ দিলেন, প্রস্তুতি নিতে বললেন; তারপর আগ্রাসী জালিম শক্তির মোকাবেলায়, লড়াই করতে দেশ থেকে রওনা হয়ে গেলেন।

নদীর পরীক্ষা

فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُم بِنَهَرٍ فَمَن شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي وَمَن لَّمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ ۚ فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ ۚ فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ قَالُوا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِ ۚ قَالَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَاقُو اللَّهِ كَم مِّن فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ ۗ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ

তারপর তালূত যখন সৈন্যবাহিনী নিয়ে রওনা হলেন, তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ একটি নদী দিয়ে তোমাদের পরীক্ষা করবেন; যে তা থেকে পান করবে, সে আমার দলভুক্ত নয়; আর যে তা আস্বাদন করবে না, সে আমার দলভুক্ত, তবে যে নিজের হাতে এক আঁজলা তুলে নেয়, তার কথা আলাদা। কিন্তু তাদের অল্প কয়েকজন ছাড়া সবাই তা থেকে পান করল। তারপর যখন তিনি এবং তাঁর সঙ্গে যারা ঈমান এনেছিল তারা নদী পার হলেন, তখন তারা বলল, আজ জালূত ও তার বাহিনীর মোকাবেলা করার শক্তি আমাদের নেই। যারা বিশ্বাস করত যে তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, তারা বলল, কত ছোট দল আল্লাহর হুকুমে বড় দলের উপর বিজয়ী হয়েছে! আর আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।

ফিলিস্তিন ও জর্ডানের মাঝখানে একটা নদী আছে; ইমাম ইবনে কাসির এই নদীর নাম বলেছেন “নাহরুশ শারীআহ”, শারীআহ নদী। শরীয়তের কোনো কারণে এই নাম দেওয়া হয়েছে কি না, নাকি যেমন আমাদের দেশে শরীয়তপুর আছে, এমন কোনো কারণে নাম হয়ে গেছে, আল্লাহই ভালো জানেন।

এখানে সামনে নদী পড়ল। এখানে আল্লাহ তাআলা বাছাই করার জন্য পরীক্ষা করবেন, কারা জিহাদের ময়দানে গিয়ে টিকবে; বাছাই করা লোকদের নিতে হবে। কারণ তিনি যখন রওনা দিলেন, তাঁর সঙ্গে বিশাল বাহিনী ছিল; তারা উৎসাহিত হয়ে গেল: তাবূত পাশে এসেছে, যুদ্ধ করলে তো অনেক গনিমতের মাল পাওয়া যাবে, বিজয় তো নিশ্চিত; তারা আগেই বিজয়ের আনন্দে আত্মহারা হয়ে গেল। তাদের ইখলাস আর থাকবে না, আল্লাহর উপর তাওয়াক্কুলও কমে যাবে; এমন দুর্বলমনা মুজাহিদদের নিয়ে গেলে তালূতের সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করলেন: পরীক্ষা করে বাছাই করতে হবে; যারা ফেল করবে, তাদের নেওয়া যাবে না; যারা পাস করবে, তাদের নিতে হবে।

পরীক্ষা কী? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো: সামনে একটা নদী আছে; গরমের দিন, প্রচণ্ড পিপাসা লাগবে; তাদের সঙ্গে বোধহয় পানির সংকট ছিল। বলা হলো, এই নদী পার হয়ে যেতে হবে; পার হওয়ার সময় তোমরা পানি পান করতে পারবে না; যারা পানি খেয়ে ফেলবে, লোভ সামলাতে পারবে না, আল্লাহর হুকুম মানবে না, তারা অযোগ্য; আর যারা পানি খাবে না, তারাই পার হয়ে যেতে পারবে। তবে পিপাসায় অতিষ্ঠ হয়ে গলা একদম শুকিয়ে গেলে মাত্র এক আঁজলা পানি মুখে দিয়ে গলাটা ভেজাতে পারবে, এর বেশি নয়; ঢোক ঢোক করে গিলে খেতে পারবে না।

খুব গরমের মধ্যে আপনি হেঁটে যাচ্ছেন, লম্বা-চওড়া সফর করছেন, শরীর ঘেমে গেছে, পিপাসা লেগেছে, পানি তেমন নেই, পানির সংকট; আর আপনি নদীতে গিয়ে পড়লেন, পরিষ্কার স্বচ্ছ পানি; তখন কতগুলো পানি খেতে মন চাইবে? এই পরীক্ষা হচ্ছে। রোজার সময় যেমন আমাদের সামনে পানির সমাহার থাকলেও আমরা পানি খাব না; পানি খেলে কি রোজা হবে? হবে না; পানি না খেয়ে সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে; এটাই পরীক্ষা; রোজার পরীক্ষায় আমরা পাস করার চেষ্টা করি। আর তাদের মধ্যে অনেককে এই পরীক্ষায় আল্লাহ ফেল দেখালেন।

আল্লাহ তাআলা নির্দেশ দিলেন: সামনে যে নদী আসছে, এই নদী দিয়ে আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন; যে এই নদীর পানি বেধড়ক পান করবে, আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই; সে আমাদের দল থেকে খারিজ হয়ে যাক, আমাদের সঙ্গে যেন না চলে; সে আমাদের সঙ্গে চলার অযোগ্য, তার মধ্যে কল্যাণ ও বরকত নেই; এমন লোক আমাদের সঙ্গে থাকলে আমাদের পতন অনিবার্য হয়ে যাবে। আর যে এই পানি খাবে না, পান করবে না, সে আমার দলভুক্ত থাকবে।

“শারিবা” ও “ইয়াত’আম”

যারা আরবি ভাষা বোঝেন, তারা দেখবেন: আরবিতে পানি সাধারণত “খাওয়া” হয় না, “পান করা” হয়। এজন্য প্রথম শব্দ এসেছে, যে পান করবে, সে আমার দলভুক্ত নয়; আর যে খাবে না, সে আমার দলভুক্ত হবে। একবার বলা হলো পান করবে না, আরেকবার বলা হলো খাবে না; পান করা থেকে খাওয়ার দিকে গেল কেন? এর মানে হলো, যে একটু পান করার অনুমতি দেওয়া হয়েছে, “ইল্লা গুরফাতান”, গুরফাহ মানে এক হাতে যতটুকু ওঠে, হাতের এক আঁজলা পরিমাণ; এক আঁজলা পান করা অতি সামান্য, এটা তেমন কিছু নয়; কিন্তু কেউ যদি ঢোক ঢোক করে গেলা শুরু করে, তাহলে একেবারে খাওয়ার মতো হয়ে গেল; যারা এই কাজ করেছে, তারা অযোগ্য। এজন্য এখানে “ইয়াত’আমহু” শব্দটা এসেছে।

আশি হাজার থেকে চার হাজার

এই সতর্কবাণী দেওয়া হলো, পরীক্ষার খবর বলা হলো। এখন তারা সামনের দিকে যাচ্ছে; নদী এসে গেল; সবাই নদীতে নামল, পার হয়ে ওপারে যুদ্ধ করতে যেতে হবে। নামার পর সংখ্যাগরিষ্ঠ পান করে ফেলল। তাঁর সঙ্গে আশি হাজার এসেছিল, আশি হাজার অনুসারী; বিপুল সংখ্যাগরিষ্ঠ পানি খেয়ে ফেলল, তারা আর পার হতে পারল না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আশি হাজারের মধ্যে ছিয়াত্তর হাজার লোক পানি খেয়ে ফেলল, একেবারে পেট ভরে ফেলল; মাত্র চার হাজার বাকি থাকল, যারা মোটেই পান করেনি অথবা এক আঁজলা পরিমাণ খেয়েছে; আল্লাহ সর্বনিম্ন যতটুকু অনুমতি দিয়েছেন, এর বাইরে একটুও নেয়নি। ছিয়াত্তর হাজার ফেল করল; চার হাজারকে নিয়ে তিনি যুদ্ধ-জিহাদের দিকে রওনা হয়ে গেলেন।

এই চার হাজারকে নিয়ে তিনি যখন নদী পার হয়ে গেলেন, দুশমন সামনে আসছে, তারা দুশমনের কাছাকাছি এসে গেলেন; ছিয়াত্তর হাজারকে অযোগ্য ঘোষণা করে পেছনে পাঠিয়ে দিলেন। এখন চার হাজারের মধ্যে একটু ভয় চলে এলো: ইন্না লিল্লাহ! আশি হাজার থেকে এখন চার হাজারে এসেছি; এখন কীভাবে লড়াই করব? এটা তো বড় খবর; কোথায় আশি হাজার, আর কোথায় চার হাজারে দাঁড়িয়েছি! এই বেচারাদের অনেকের মধ্যে এখন একটু দুশ্চিন্তা, কিছুটা ভয় চলে এলো; মানুষ তো, তারা তো সবাই নবী নন।

এই দুশ্চিন্তায় তারা পড়ে গেল; তাদের কেউ কেউ বলাবলি করল: আজ এই চার হাজার নিয়ে যুদ্ধে নামলে আমরা কীভাবে জালূতের মোকাবেলা করব? বিপরীত জালিম শক্তির নেতৃত্বে কে? জালূত; আর ইসলামী শক্তির পক্ষে কে? তালূত। জালূত আর তার বাহিনী, বিশাল, বিরাট বাহিনী; চার হাজারের সঙ্গে কোনো তুলনাই হয় না।

ঈমানের স্তরভেদ

সাধারণ সৈন্যদের মধ্যে যারা একটু দুর্বলমনা; সবার ঈমান তো এক স্তরে থাকে না; চার হাজার ভালো, বোঝা গেল, তারা পানি খায়নি, বা এক আঁজলা পরিমাণ খেয়েছে; কিন্তু সব ভালো ঈমানদারের ঈমানের স্তর কি এক রকম? আকাশ-পাতাল পার্থক্য আছে। আমাদের মধ্যেও, যদিও আলহামদুলিল্লাহ আমরা অন্তত সবাই ঈমানদার, তবুও ব্যবধান অনেক।

এজন্য তাদের দুর্বল লোকেরা বলা শুরু করল; আর দুর্বল লোকদের কথায় মাঝামাঝি যারা আছে, তারাও আরও দুর্বল হয়ে যাবে। তখন যারা একটু শক্তিশালী, আহলে ইলম, ওলামায়ে কেরাম, বুঝ-জ্ঞানসম্পন্ন লোক, যাদের আল্লাহ ঈমানী মজবুতি দান করেছেন, তারা এবার কথা বলা শুরু করলেন। তাদের মধ্যে যারা আল্লাহর সঙ্গে দেখা করার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে আছেন, শাহাদাতের জন্য তৈরি হয়ে গেছেন, যাদের এই জযবা এসে গেছে, তারা বাকিদের, যারা ভীরু ও দুর্বলমনা হয়ে গেছে, বোঝানোর চেষ্টা করলেন: ভাইয়েরা, তোমরা ভুলে গেছ; পৃথিবীর ইতিহাসে কত ছোট দল আল্লাহ তাআলার হুকুমে অনেক বড় দলের উপর বিজয় লাভ করেছে; পৃথিবীতে এর বহু ইতিহাস আছে; আমাদের নবীর ইতিহাসে বদরের যুদ্ধে আমরা দেখেছি, এমন অনেক যুদ্ধে দেখেছি; এর আগে প্রত্যেক নবীর জীবনে এমনই হয়েছে: বাতিলপন্থীরা সবসময় সংখ্যায় বেশি ছিল, হকপন্থীরা সংখ্যায় কম ছিল; কিন্তু সংঘাতের পর আল্লাহ তাআলা অল্প সংখ্যক লোককে বড় সংখ্যক লোকের উপর বিজয় দান করেছেন; আল্লাহর হুকুমে তা হতে পারে; তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো।

তারা আরও বললেন: আর একটু সবর করো; চ্যালেঞ্জের মোকাবেলায় ধৈর্যের সঙ্গে টিকে থাকো; মনে রেখো, যারা ধৈর্যের সঙ্গে মজবুত হয়ে টিকে থাকে, আল্লাহ তাদের সঙ্গে আছেন; আমরা যদি ঘাবড়ে যাই, সবর হারিয়ে ফেলি, তাহলে আল্লাহ আমাদের সঙ্গে থাকবেন না; আর টিকে থাকলে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন; আল্লাহ সঙ্গে থাকলে মুসলমানের আর কোনো চিন্তা থাকে না। আলহামদুলিল্লাহ, এরপর বাকিরা তাদের উৎসাহিত করে, দুর্বলমনা লোকদের সঙ্গে নিয়ে মোটামুটি প্রস্তুত করে লড়াইয়ের ময়দানে এগিয়ে গেলেন।

যুদ্ধের আগে দোয়া

وَلَمَّا بَرَزُوا لِجَالُوتَ وَجُنُودِهِ قَالُوا رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

আর যখন তারা জালূত ও তার বাহিনীর মুখোমুখি হলো, তখন বলল, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দাও, আমাদের পা অবিচল রাখো, আর কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করো।

যখন তারা যুদ্ধক্ষেত্রে জালূত ও তার বাহিনীর সামনাসামনি দাঁড়িয়ে গেল, তখন কী করল? আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিল। মর্দে মুজাহিদ মুমিন লড়াইয়ের আগে আল্লাহর কাছে দরখাস্ত দেবে, কারণ সে নিজের শক্তির উপর, নিজের অস্ত্রের উপর নির্ভর করে না। বাতিল শক্তি অস্ত্রের উপর, সৈন্যবাহিনীর উপর নির্ভর করে; কিন্তু মুসলমান কার উপর নির্ভর করে? আল্লাহর উপর নির্ভর করে, তাঁর সাহায্য চায়। আল্লাহ তাআলা এই উম্মতকে সেই তরিকা বয়ান করে শিখিয়ে দিচ্ছেন।

তারা দোয়া করল: হে আল্লাহ, এই চ্যালেঞ্জের মোকাবেলায় টিকে থাকার জন্য আমাদের সবর দান করো, বেশি করে সবর দান করো, ঈমানী মজবুতি দান করো; আমাদের পাগুলো মজবুত করে ধরে রাখো, যেন আমাদের পা নড়বড়ে না হয়ে যায়; যেন ভয়ে আমরা কাঁপতে শুরু না করি, অথবা দুশমনের মোকাবেলায় মজবুতভাবে সামনে এগিয়ে না গিয়ে পেছনের দিকে পালাতে না শুরু করি; আমাদের এমন মজবুতি দাও, আমাদের পা অবিচল করে দাও; আর কাফির সম্প্রদায়ের উপর আমাদের বিজয় দান করো।

দোয়া মুমিনের অস্ত্র

এই দোয়াই মুসলমানদের সম্বল: “আদ-দুআউ সিলাহুল মু’মিন”, মুমিনের অস্ত্র হলো দোয়া। অন্য অস্ত্রও থাকবে, কিন্তু দোয়ার অস্ত্র বাদ দেওয়া যাবে না। অনেক সময় অন্য অস্ত্রের ক্ষেত্রে দেখা যায়, খুব দামিটা পাওয়া গেল না, এত অত্যাধুনিক অস্ত্র পাওয়া গেল না; কিন্তু দোয়ার ক্ষেত্রে দুর্বলতা নিয়ে যাওয়া যাবে না; দোয়া যেন অনেক মজবুত হয়।

ইমাম ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, দোয়া মুমিনের অস্ত্র; কিন্তু শুধু দোয়া পড়লেই কাজ হয়ে যাবে, তা নয়, মাঝেমধ্যে দেখা যায় হয় না; শুধু অস্ত্রটা হাতে থাকলেই হয় না। তিনি অস্ত্রের সঙ্গে তুলনা করলেন: দেখো, অস্ত্র খুব ভালো হলেই যথেষ্ট নয়; যে অস্ত্র চালায়, তার মজবুতি কেমন, তার আন্তরিকতা কেমন, সে ঠিকমতো অবস্থান নিল কি না, তার প্রশিক্ষণ ঠিকমতো হয়েছে কি না; নাকি সে অন্যমনস্ক, অলস, ঘুমে গাফেল হয়ে গেছে? এমন লোক অস্ত্র চালালে কী লাভ হবে? অস্ত্র চালানোর সময় তার অবস্থান কী, তার আন্তরিকতা কতটুকু, এর উপরই অস্ত্রের শক্তি নির্ভর করবে।

তেমনি দোয়া তো অস্ত্র; কিন্তু যে দোয়া ব্যবহার করে, তার মনোযোগ নেই, কার কাছে বলছে তাও বোঝে না, কী বলছে সেটাও বোঝে না, অমনোযোগী হয়ে দোয়া করে; আল্লাহ তাআলা কি এমন “কালবিন গাফিলিন লাহিন”, গাফেল অন্তরের দোয়া কবুল করেন? সে অস্ত্র ছাড়ল, কিন্তু অস্ত্রটা কাজ করল না। এজন্য দোয়া করতে হলে অত্যন্ত মনোযোগ, ইখলাস ও আন্তরিকতার সঙ্গে, আল্লাহর কাছে কাকুতি-মিনতি করে, একেবারে ফকিরের মতো, নাছোড়বান্দার মতো চাইতে হবে। কেউ যদি এই লাইনটা শুধু পড়েই গেল, বুঝল কি না; আর কেউ বুঝে-শুনে পড়ল, চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইল, আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী, এটা বিশ্বাস করে চাইল; তার চাওয়া, তার দোয়া আল্লাহ কবুল করে ফেলবেন।

বিজয় ও দাউদের আবির্ভাব

فَهَزَمُوهُم بِإِذْنِ اللَّهِ وَقَتَلَ دَاوُودُ جَالُوتَ وَآتَاهُ اللَّهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهُ مِمَّا يَشَاءُ ۗ وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَّفَسَدَتِ الْأَرْضُ وَلَٰكِنَّ اللَّهَ ذُو فَضْلٍ عَلَى الْعَالَمِينَ

তারপর তারা আল্লাহর হুকুমে তাদের পরাজিত করল, আর দাউদ জালূতকে হত্যা করলেন; আর আল্লাহ তাঁকে রাজত্ব ও প্রজ্ঞা দান করলেন, এবং যা চাইলেন তা শিখিয়ে দিলেন। আর আল্লাহ যদি মানুষের এক দলকে দিয়ে আরেক দলকে প্রতিহত না করতেন, তাহলে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত; কিন্তু আল্লাহ বিশ্ববাসীর প্রতি অনুগ্রহশীল।

তারা দোয়া করে ময়দানে নামলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, ভীষণ যুদ্ধ হলো; শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই অল্প সংখ্যক মুসলমানকে বিজয় দান করলেন, সুবহানাল্লাহ; তালূতের অনুসারীরা বিজয় লাভ করল। কীভাবে বিজয় লাভ করল? “বিইযনিল্লাহ”, আল্লাহর হুকুমে।

বিজয়ে বিনয়

কোনো কোনো মুসলমান বিজয় লাভের পর খুব উৎসব করে, খুব ফুর্তি করে, আমোদ করে; যারা এমন করে, তারা বোকা। কোনো মুসলমান ভালো কিছু অর্জন করলে, বিজয় লাভ করলে, সুখবর এলে কি গান-বাজনার আসর বসাবে, আনন্দ-ফুর্তি করবে, উৎসব করবে, আমি এই করেছি, সেই করেছি, এসব বলবে? না; তার মাথা আল্লাহর কাছে নত হয়ে যাবে যে আল্লাহ আমাদের বিজয় ভিক্ষা দিয়েছেন।

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, তিনি আল্লাহর যিকির করতে করতে, আল্লাহর শুকর আদায় করতে করতে মক্কায় প্রবেশ করলেন; আল্লাহর কাছে শুকরিয়া জানাতে জানাতে মাথা এভাবে নত করে ফেললেন, মাথা নত করে প্রবেশ করেছেন। আর আমাদের কেউ যখন দেখা যায় চেয়ারম্যান পাস করেছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ এমপি হয়েছে, কী ফুর্তি! ঢাকঢোল পিটিয়ে কী ফুর্তি করে! এগুলো মুসলমানদের তরিকা বর্জন করে অন্য তরিকায় যাওয়া। এজন্য মুসলমানদের এমন উৎসব করা ঠিক নয়, যাতে নিজের গৌরবগাথা, গর্ব, অহংকার, কৃতিত্ব প্রকাশ পায়।

ইবরাহীম আলাইহিস সালামের উদাহরণ আমাদের সবার জন্য: তিনি আল্লাহর ঘর বানালেন, তখন কী দোয়া করলেন?

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ … وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন; নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ… আর আমাদের তওবা কবুল করুন; নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, পরম দয়ালু।

আর কোনো ভালো কিছু অর্জন করলে, কোনো সুখবর পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দোয়া শিখিয়েছেন:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ

সমস্ত প্রশংসা আল্লাহর, যাঁর অনুগ্রহে ভালো কাজগুলো সম্পন্ন হয়।

আল্লাহ তাআলার নেয়ামতের বদৌলতেই ভালো কাজগুলো সম্পন্ন হয়ে যায়; আমার বাহাদুরির কারণে নয়, আমার ক্ষমতার কারণে নয়, আমার নেতৃত্বের কারণে নয়, আমাদের যোগ্যতার কারণে নয়; এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের দান করা হয়েছে; এই অনুভূতি লাগবে। “ফাহাযামূহুম বিইযনিল্লাহ”, আল্লাহর হুকুমে তারা তাদের পরাজিত করল, বিজয় লাভ করল।

দাউদ আলাইহিস সালাম

“ওয়া কাতালা দাউদু জালূত”: দাউদ নামে এক যুবক ছিলেন, তালূতের অধীনে একজন বড় শক্তিশালী যুবক; সেই দাউদ কী করলেন? জালূতকে খতম করার কাজটা তিনি করলেন। কোনো কোনো রেওয়ায়েতে এসেছে, তিনি তালূতকে বললেন, আপনার দুশমন জালূতকে আমি খতম করব, তবে আপনি আমাকে আপনার সঙ্গে অংশীদার করবেন; শেষ পর্যন্ত তাঁর হাতেই জালূতের পতন হলো।

আসলে এই যুবক দাউদ আল্লাহর বাছাই করা আরেক বান্দা; তিনি কে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আস্তে আস্তে তাঁকে নেতৃত্বে নিয়ে আসছেন, নবুওয়াত দান করছেন; এই জিহাদ থেকেই আস্তে আস্তে তাঁর পরিচয় প্রকাশ পেতে শুরু করল, তাঁর উন্নতির খবর এলো, তিনি উপরে উঠছেন। পর্যায়ক্রমে তালূতের পর নেতৃত্ব কার কাছে চলে এলো? দাউদ আলাইহিস সালামের কাছে; আল্লাহ তাআলা তাঁকে এই ক্ষমতা দান করলেন; তালূতের পর তিনি বনী ইসরাঈলের নেতৃত্ব গ্রহণ করলেন। আর আল্লাহ তাঁকে শুধু “মুলক”, বাদশাহিই দিলেন না, “ওয়াল হিকমাহ”, হিকমতও দান করলেন; আর হিকমতের অর্থ এখানে নবুওয়াত; নবুওয়াত দান করলেন। এজন্য দাউদ আলাইহিস সালাম একসঙ্গে কী ছিলেন? নবী এবং বাদশাহ, দুটোই তাঁর ছিল। আর “ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশাউ”, আল্লাহ তাআলা তাঁকে অনেক কিছু শিখিয়েছেন; নবীদের আল্লাহ অনেক কিছু শেখান; কোনো কোনো নবীকে আল্লাহ অনেক বিশেষ কিছুও দান করেন।

এক দলকে দিয়ে আরেক দলকে প্রতিহত করা

এই ঘটনার সমাপ্তিতে এসে আল্লাহ তাআলা বলছেন: আল্লাহ তাআলা যদি দুনিয়াতে এক গোষ্ঠীকে দিয়ে আরেক গোষ্ঠীকে, কিছু লোককে দিয়ে কিছু লোককে শায়েস্তা না করাতেন, তাহলে দুনিয়াটা ফাসাদে ভরে যেত। এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা কখনো ভালো লোকদের দিয়ে মন্দ লোকদের শায়েস্তা করার কাজ করেন। আবার কখনো এমন হয় যে ভালো লোকের এমন অভাব, মন্দ লোককে শায়েস্তা করার মতো ভালো লোক পাওয়াই যায় না; তখন আল্লাহ তাআলা কী করেন? জালিম তৈরি করে জালিমকে দিয়ে জালিমকে শায়েস্তা করেন; এমন বহু ঘটনা আছে।

মাঝেমধ্যে পত্রিকা পড়লে দেখবেন: এক গডফাদার, তার ত্রাস; তাকে শেষ করানো হচ্ছে একসময় তারই সহকারী ছিল, এমন কাউকে দিয়ে; তাকে শেষ করা হচ্ছে আরেকজনকে দিয়ে। এমন না হলে এখনো যে মানুষ খেয়ে-পরে বাঁচে, হাটে-বাজারে যেতে পারে, তাও বন্ধ হয়ে যেত। এজন্য কিছু লোককে দিয়ে আল্লাহ কিছু লোককে থামান। এজন্য মাঝেমধ্যে খুতবায় দোয়া করতে হয়: আল্লাহ, জালিমদের উপর জালিমদের চাপিয়ে দাও, জালিমদের দিয়েই জালিমদের নিপাত করো; কী করব, ভালো মানুষের তো আকাল পড়ে গেছে।

আল্লাহ তাআলা মূলনীতি বলে দিচ্ছেন: আল্লাহ তাআলা যদি এমন না করতেন, কিছু লোককে দিয়ে কিছু লোককে শায়েস্তা না করতেন, তাহলে জমিন ফাসাদে ভর্তি হয়ে যেত; কিন্তু বিশ্ববাসীর প্রতি, সৃষ্টির প্রতি আল্লাহ অনেক দয়াবান; তাদের অনেক ক্ষতি থেকে আল্লাহ বাঁচাতে চান; এজন্য আল্লাহ তাআলা মাঝেমধ্যে হস্তক্ষেপ করেন, যারা সীমালঙ্ঘন শুরু করে দিয়েছে, এক কওমকে উঠিয়ে এনে তাদের দিয়ে তাদের ধ্বংস করেন।

“আপনিও রাসূলদের একজন”

تِلْكَ آيَاتُ اللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِالْحَقِّ ۚ وَإِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ

এগুলো আল্লাহর আয়াত, যা আমি আপনার কাছে যথাযথভাবে তিলাওয়াত করছি; আর নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত।

এতক্ষণ যে আয়াতগুলো বলা হলো, এখন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন: এই সবগুলো আমি আপনাকে তিলাওয়াত করে শোনালাম; সবগুলো কথা হক, সব সত্য কাহিনি, কোনো বানোয়াট কিসসা-কাহিনি নয়। এখানে অনেক নবীর কাহিনি এসেছে, আল্লাহর পক্ষ থেকে ওহীর কথা এসেছে, রহমতের কথা এসেছে, নবুওয়াতের কথাগুলো এসেছে; আর নিশ্চয়ই আপনিও নবীদের একজন। আল্লাহ তাআলা তাঁকে নবীদের সঙ্গে মিলিয়ে দিলেন: নবীদের আল্লাহ তাআলা এভাবে সাহায্য করেছেন, বিজয় দান করেছেন, নবীর দুশমনদের কীভাবে খতম করেছেন; আপনাকেও যখন নবী বানিয়েছি, আপনাকেও আমি সাহায্য করব, আপনার দুশমনকে আমি নিপাত করব।